Aranyak: Human Relationships and Forest Conservation | Robbar
Robbar
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • শনিবার
  • ২১ নভেম্বর ২০২৬

বনভূমির মনোভূমি

‘আরণ্যক’ শেষ পর্যন্ত অরণ্যের গল্প নয়, ভারতের আত্মপরিচয়ের গল্প। এ এমন এক ভারত, যার শিকড় মাটির গভীরে, যার প্রাণ প্রকৃতির স্পন্দনে, যার ইতিহাস প্রান্তিক মানুষের নীরব জীবনসংগ্রামে। সেই ভারতকে চিনতে পারাই এই নাটকের সবচেয়ে বড় প্রাপ্তি।

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২৬, ১৮:৪২   
Facebook WhatsApp Messenger

অরণ্য কেবল প্রকৃতির এক বিস্তীর্ণ প্রান্তর নয়– বরং এক জীবনদর্শন, এক সভ্যতার ইতিহাস এবং মানুষের আত্ম-অনুসন্ধানের এক গভীর পরিসর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’ বাঙালিকে এ দর্শন উপহার দিয়েছে অনেককাল হল। সম্প্রতি দেবাশিস রায় নির্দেশিত নাটকে, তা যখন নাট্যমঞ্চে ফিরে আসে, তখন একই সঙ্গে ফিরে আসে একাধিক প্রশ্ন। সবথেকে জরুরি প্রশ্ন– এ কোন ভারত?

নাটকটিকে কেবল একটি সাহিত্যকর্মের ‘মঞ্চরূপ’ হিসেবে দেখলে, তার অন্তর্নিহিত তাৎপর্য সম্পূর্ণ উপলব্ধি করা সম্ভব নয়। এই নাটকের কেন্দ্রে রয়েছে মানুষ, প্রকৃতি, সভ্যতা এবং অস্তিত্বের দ্বন্দ্ব। রয়েছে এমন এক ভারতের ছবি, যে ভারতের কথা আমাদের তথাকথিত উন্নয়নের ইতিহাসে খুব বেশি উচ্চারিত হয় না।

zoom
‘আরণ্যক’ নাটকে মেঘনাদ ভট্টাচার্য

সত্যচরণ যখন কর্মসূত্রে অরণ্যে এসে পৌঁছয়, তখন তার চোখে অরণ্য প্রথমে অপরিচিত জগৎ। কিন্তু ক্রমশ সেই অরণ্যই তার কাছে হয়ে ওঠে আপনজন। অরণ্যের মানুষ, তাদের জীবনযাপন, বিশ্বাস, অভাব, আনন্দ, দুঃখ এবং বেঁচে-থাকার নিরন্তর সংগ্রাম তাকে নতুন করে চিনতে শেখায় এই ভারতকে। এই ভারত শহরের আলোয় দৃশ্যমান নয়। সভ্যতার প্রচলিত সংজ্ঞায় বন্দি নয়। এর রয়েছে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব জীবনবোধ এবং প্রকৃতির সঙ্গে এক নিবিড় সহাবস্থান।

কিন্তু এই সহাবস্থানের মধ্যেই লুকিয়ে রয়েছে নির্মম বাস্তবতা। সভ্যতার অগ্রগতি, ভূমির অর্থনৈতিক ব্যবহার এবং মানুষের তথাকথিত উন্নয়নের আকাঙ্ক্ষা ক্রমশ গ্রাস করছে অরণ্যকে। অরণ্য উজাড় হচ্ছে, হারিয়ে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য। বিপন্ন হচ্ছে অরণ্যের আদি অধিবাসীদের জীবন ও সংস্কৃতি। যারা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতিকে আশ্রয় করে বেঁচে আছে, তাদের অস্তিত্বই আজ উন্নয়নের অভিধানে প্রশ্নচিহ্নের মুখে।

zoom
সত্যচরণের ভূমিকায় মেঘনাদ ভট্টাচার্য

তাই ‘আরণ্যক’ আমাদের কাছে শুধু অরণ্যের হারিয়ে যাওয়ার কাহিনি নয়, মানুষের হারিয়ে যাওয়ারও কাহিনি। এই নাটক আমাদের ভাবায়– যে-উন্নয়ন প্রকৃতিকে ধ্বংস করে, মানুষের শিকড় উপড়ে দেয়, জীবনের স্বাভাবিক ছন্দ বিনষ্ট করে, সেই উন্নয়নের প্রকৃত অর্থ কী? এই আখ্যানের নাট্যভাষা আমাদের সেই প্রশ্নগুলির মুখোমুখি দাঁড় করানোর একটি সুযোগ তৈরি করে। এখানে অতীতের অরণ্য যেন বর্তমানের দিকে তাকিয়ে থাকে। জানতে চায়, ঠিক কী কারণে, নিজেদের অস্তিত্বের ভিত্তিটুকুই ধ্বংস করে চলেছি অনবরত? প্রিয় সবুজ থেকে আমাদের বিচ্ছিন্নতাগুলো কি জরুরি ছিল খুব সভ্যতার স্বার্থে? না কি তা না হলেও ‘সভ্যতা’ শব্দটার কিছু যায় আসত না? উন্নয়নের পাঠ্যক্রমে শিকড়ের সঙ্গে
শত্রুতা শেখানো হয় কি?  

zoom

আজকের ভারতে দাঁড়িয়ে ‘আরণ্যক’ আরও বেশি প্রাসঙ্গিক। একদিকে প্রযুক্তি, নগরায়ণ, শিল্পায়ন এবং অর্থনৈতিক অগ্রগতির জয়ধ্বনি; অন্যদিকে বনভূমি সংকুচিত হওয়া, আদিবাসী মানুষের বাস্তুচ্যুতি এবং প্রকৃতির ক্রমাগত বিপন্নতা। এই দুই বিপরীত বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে ‘আরণ্যক’ যেন আধুনিকতার এক গভীর আত্মজিজ্ঞাসা।

zoom
‘আরণ্যক’ নাটকের একটি দৃশ্য

নাটকের শেষে অরণ্য আর আগের মতো সরব থাকে না, কিন্তু তার স্মৃতি থেকে যায়। সত্যচরণের মতো ফিরে তাকাই আমরাও। মনে হয়, আমরা কী এমন ভারত নির্মাণ করছি, যেখানে প্রকৃতির জন্য, অরণ্যের মানুষের জন্য, এমনকী, মানুষের নিজস্ব বিকল্প পরিসরও অবশিষ্ট থাকবে না?

‘আরণ্যক’ তাই শেষ পর্যন্ত অরণ্যের গল্প নয়, ভারতের আত্মপরিচয়ের গল্প। এমন ভারত, যার শিকড় মাটির গভীরে, যার প্রাণ প্রকৃতির স্পন্দনে, যার ইতিহাস প্রান্তিক মানুষের নীরব জীবনসংগ্রামে। সেই ভারতকে চিনতে পারাই এই নাটকের সবচেয়ে বড় প্রাপ্তি। আর সেই কারণেই নাটকটি দেখে আমাদের মনে একটি প্রশ্ন অনিবার্য হয়ে ওঠে– এ কোন ভারত? যে ভারত অরণ্যকে ভালোবেসে বাঁচতে জানে, নাকি যে ভারত নিজের উন্নয়নের জন্য অরণ্যকেই বিসর্জন দিতে প্রস্তুত?

zoom
‘আরণ্যক’ অরণ্যের গল্প নয়, ভারতবর্ষের আত্মপরিচয়ের গল্প

‘চাকদহ নাট্যজন’ প্রযোজিত এই নাট্যের সত্যচরণের ভূমিকায় মেঘনাদ ভট্টাচার্য তাঁর অপলক শান্ত স্থিতধী অভিনয়ে বিস্মিত করেছেন, ধ্রুব মুখোপাধ্যায় হয়েছেন তাঁরই আর একটি অংশ– এখানেই নির্দেশক দেবাশিসের ভাবনা এক গভীর প্রত্যয় জারিত করেছে। ধ্রুব গান গেয়েছেন অপূর্ব– যেন মুহূর্ত হয়ে উঠেছে অরণ্যের চরিত্রগুলির আশ্রয়। মুগ্ধ করেছেন ধাতুরিয়া চরিত্রে অক্ষয়নারায়ণ ঝা। ছৌ রায়বেঁশের নৃত্যশৈলী আর অভিনয় দিয়ে প্রকৃতিকে বাঙ্ময় করেছেন– সেখানে ক্ষুধা না শিল্প, কোনটা আমাদের জীবনের অঙ্গ, এ প্রশ্ন তোলে এই নাটক। আদৃতা পাল (মানচি), বরিষণ চট্টোপাধ্যায় (আদিবাসী রাজা), সুমন পাল (নন্দলাল ও নকছিবি), উজান গঙ্গোপাধ্যায় (যুগলপ্রসাদ), সুধৃতি রায় (ভানুমতি)– এরকম অজস্র চরিত্রের চমৎকার অভিনয় আর শুভঙ্কর দে’র আলোয় ঝলমল করে ‘আরণ্যক’।

কিন্তু সত্যিই কি ঝলমল করে আজকে, ২০২৬ সালের ভারতে দাঁড়িয়ে মঞ্চনাটক ‘আরণ্যক’? শেষে, সত্যচরণ যখন লবটুলিয়া ছেড়ে চলে যায়, তাঁর চলে যাওয়ার পথে জেগে থাকে হারানো গাছেদের স্মৃতিবাষ্প। যে ছায়াগুলি ছেড়ে গিয়েছে লবটুলিয়াকে, সেই ছায়া কি ছেড়ে যায়নি আজকের ভারতকেও? সত্যচরণ কে? আপনিও কি নন, হে পাঠক?

……………..

রোববার.ইন-এ পড়ুন সৌমিত্র মিত্র-র অন্যান্য লেখা

……………..

Aranyak bengali theatre Bibhutibhushan Bandyopadhyay Debasish Roy Drama Meghnad Bhattacharya Sangbad Pratidin Sangbad Pratidin Robbar

Share this article on