Yukio Mishima's Confessions of a Mask: Search of Identity | Robbar
Robbar
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩
  • শুক্রবার
  • ২৭ নভেম্বর ২০২৬

মুখোশ বনাম মুখশ্রী

মুখোশহীন কোনও মানুষের অস্তিত্ব সত্যিই এই পৃথিবীতে নেই। কারও মুখোশ আবছা, কারও জমকালো। কারওরটা আঁটসাট, কারও ঢিলেঢালা। মুখোশ সকলেরই রয়েছে। সমস্যা সেখানে নয়। সমস্যা হল, কোনটা মুখোশ আর কোনটা মুখ তা আলাদা করে বুঝতে না-পারা। অন্তরে আমি কে? কী চাই?

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৬, ২১:০৪   
Facebook WhatsApp Messenger
Yukio Mishima's Confessions of a Mask: Search of Identity | Robbar

‘Man is least himself when he talks in his own person. Give him a mask, and he will tell you the truth.’

অস্কার ওয়াইল্ডের ‘দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে’ উপন্যাসের এই বিখ্যাত উক্তির সঙ্গে পাঠক নিশ্চয়ই পরিচিত। ওয়াইল্ড মনে করেছেন, যে কোনও মানুষকে একটা মুখোশ দিলে, তবে সে নির্দ্বিধায় সত্যি কথা বলতে পারে। কিন্তু মানুষ কি কোনও সময় মুখোশহীন থাকে? কখন? কোথায়? ‘In his own person’ কথাটির যথার্থতা নিয়ে বারবারই প্রশ্ন ওঠে। এরকম বলা যেতে পারে যে, মানুষ একেবারে একান্তে, নির্জনে যা যা ভাবনাচিন্তা করে, তা-ই তার মুখোশবিহীন, নিজস্ব চিন্তাস্রোত। কিন্তু মানুষ একান্তে, অন্য মানুষের চোখের আড়ালে থেকেও কি নিজের কাছে সম্পূর্ণ মুখোশহীন? আমরা কি প্রতিদিন নানা বিষয়ে নিজেদের মনকে ক্রমাগত ভুল বুঝিয়ে চলি না? আমরা কি নিজেদের অনেক অন্যায় এবং তার পরিণতি অনুধাবন করেও আমাদের কৃতকর্মের ন্যায্যতা কোনও না কোনও উপায়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করি না? তাহলে প্রশ্ন উঠছে ‘In his own person’ কথাটি কখন, কোন ক্ষেত্রে কার্যকরী? মুখোশ ঢেকে রাখে প্রকৃত মুখ। তৈরি করে ভ্রান্তি, ইলিউশন। আড়াল করে মানুষের একমুখী পরিচয়কে। আমি যদি ‘আমি’ না-হই, যদি অন্য কোনও মুখ আমার মুখকে আড়াল করে, তাহলে তো আর নিজের চিন্তাপ্রকাশে কোনও বাধা থাকে না।পরিচয় আড়ালে রেখে নিজের কথাগুলো বলা অনেক সহজ হয়ে যায়। কিন্তু এই মুখোশ আসলে কী? সময়বিশেষে মানুষের নিজের মুখই হয়ে ওঠে তার মুখোশ। এই প্রসঙ্গে মনে পড়ে যায় জর্জ অরওয়েলের কথা–

“He wears a mask, and his face grows to fit it.” (George Orwell, Shooting an Elephant)

zoom
জর্জ অরওয়েল ও তাঁর বিখ্যাত বই

প্রতি বছর স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের এই প্রবন্ধটি পড়াতে পড়াতে বুঝতে পারি, কীভাবে অনিচ্ছা সত্ত্বেও মানুষের মুখোশই কখনও কখনও হয়ে ওঠে তার মুখ। শঙ্খ ঘোষের ‘শবের উপর শামিয়ানা’ কাব্যগ্রন্থের ‘মুখোশ’ কবিতা এই বিষয়টির উপরই আলো ফেলেছে অতি সন্তর্পণে–

‘আছে তবু নেই, নেই তবু আছে’

মুখোশ পরা ‘আমি’-কে বাইরে থেকে তো দেখা যাচ্ছে না, কিন্তু আছি ঠিকই। আবার যেহেতু অন্য মুখের আড়ালে রয়েছি, তাই সম্পূর্ণভাবে যে রয়েছি তাও তো বলা চলে না! এই থাকা আর না-থাকার মাঝেই রয়েছে মুখোশ। এই কবিতা শেষ হচ্ছে মুখোশ এবং মুখের দ্বিস্তরীয় অস্তিত্বের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার কথা দিয়ে–

‘জলদর্পণে ছায়া ফেলে ফেলে দেখে
মুখোশই কখন মুখ হয়ে গেছে তার।’

এবার, মুখোশ নামক যে বস্তু আবিষ্কৃত হয়েছে, তাও কিন্তু হয়েছে মানুষের নিজের মুখ, আপন সত্তাকে আড়াল করার স্বার্থে এবং অন্য মানুষের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার প্রচেষ্টা থেকেই। বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আদিবাসী সম্প্রদায়ের আচার-অনুষ্ঠান ইত্যাদি থেকে বোঝা যায় যে, অতি প্রাচীনকাল থেকেই মানুষ নিজের মুখের উপর অন্য মুখ বসিয়ে হয়ে উঠতে চেয়েছে নিজেকে অতিক্রম করে যাওয়া কোনও ভিন্ন সত্তা। সে পরিধান করেছে দেবতার মুখোশ, দৈত্যের মুখোশ, পশুর মুখোশ এবং এই মুখোশ পরে মানুষ পার করে যেতে পেরেছে নিজের নির্দিষ্ট পরিচয়ের সীমানাকে, তার নিজস্বতার রূপান্তর ঘটেছে, তার সত্তার মধ্যে ধরা দিয়েছে অন্য জীবনের আলো ও অন্ধকার। আবার সমাজের বদ্ধ বাতাবরণে নিজের প্রকৃত সত্তা, আকাঙ্ক্ষা, চাহিদাকে আড়াল করতেও প্রায়শই মানুষকে পরতে হয়েছে মুখোশ। এমন মুখোশ যা নিজের মুখাবয়ব-সদৃশ!

zoom
শঙ্খ ঘোষের কাব্যগ্রন্থ

এই বিষয়টি সবথেকে প্রকটভাবে বোঝা যায় প্রান্তিক যৌনতার মানুষদের ক্ষেত্রে। অধিকাংশ সমকামী, রূপান্তরকামী, উভকামী মানুষেরাই তাদের যৌন পরিচয় গোপন করতে বাধ্য হন, সামাজিক গ্রহণযোগ্যতার অভাবে। ভিন্ন যৌনতার মানুষদের অধিকার নিয়ে সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময়ে নানা আন্দোলন, প্রতিবাদ মিছিল ইত্যাদি সংঘটিত হলেও, অনেক ক্ষেত্রে সমকামী, রূপান্তরকামী মানুষের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়া হলেও, একথা নতমস্তকে মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই যে, এখনও সমাজ তাদের জন্য খুলে দিতে পারেনি কোনও দরাজ দরজা। খাতায় কলমে পাওয়া আইনি স্বীকৃতির সঙ্গে, দৈনন্দিন জীবনে প্রান্তিক যৌনতার মানুষদের প্রতি সাধারণ মানুষের ব্যবহারে বিস্তর ফারাক রয়েছে। সমকামী, উভকামী সম্পর্ক আইনস্বীকৃত হলেও, মানুষ এইরকম সম্পর্কে থাকা মানুষদের খুব একটা সুনজরে কোনও দিনই দেখেনি। বরং ছুড়ে দিয়েছে অপমান, অবজ্ঞা এবং ইচ্ছাকৃত দুর্বব্যবহার। তাই ভিন্ন যৌনতার মানুষদের সর্বদাই প্রয়োজন পড়ে মুখোশের।

নিজের প্রকৃত যৌন আকাঙ্ক্ষা যাতে অন্যদের সামনে প্রকাশ না-হয়ে পড়ে, যাতে সমাজে তারা একঘরে না হয়ে পড়ে, যাতে তারা সুস্থ, স্বাভাবিক জীবন যাপন করতে পারে– তাই এই মুখোশ হয়ে ওঠে অত্যন্ত জরুরি, অনস্বীকার্য। এবার ধরা যাক যদি মুখকে নয়, মুখোশকে তার জীবনের গল্প বলতে বলা হয়, তবে সে কার কথা বলবে? তার নিজের কথা, না কি যে মুখকে সে আড়াল করে রেখেছে তার কথা? একটি মুখোশ যখন স্বীকারোক্তি করবে, সেই বক্তব্য কতখানি বিশ্বাসযোগ্য হতে পারে? সেই স্বীকারোক্তি কি শুধুমাত্র মুখোশের স্বীকারোক্তি হবে, না কি হবে মুখোশের নিচে লুকিয়ে থাকা মুখেরও আত্মকথন?

জাপানি সাহিত্যিক ইউকিও মিশিমার (প্রকৃত নাম: কিমিতাকে হিরাওকা) ১৯৪৯ সালে প্রকাশিত উপন্যাস ‘কনফেশনস্ অফ আ মাস্ক’ মুখোশ এবং মুখের এই দ্বন্দ্বকেই পাঠকদের সামনে এনেছে। এই উপন্যাসের মূল চরিত্র একজন জাপানি তরুণ। ইচ্ছে করেই মিশিমা তাঁর উপন্যাসের মুখ্য চরিত্রের কোনও নামকরণ করেননি,  কারণ এই কাহিনীর কথক তাঁরই মতো লক্ষ লক্ষ সমকামী তরুণের প্রতিনিধিত্ব করেছে। বইয়ের শুরুতেই পাঠক দেখবেন এই তরুণ শৈশবের স্মৃতিচারণায় মগ্ন।

zoom
‘কনফেশনস্ অফ আ মাস্ক’ বইয়ের প্রচ্ছদ

কথকের দৃষ্টি দিয়েই পাঠক স্পর্শ করবেন এক বিরল শিশুমনকে, যা কৈশোরে পৌঁছে বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ধীরে ধীরে তৈরি করবে তার নিজস্ব জীবনদর্শন৷ ছোটবেলা থেকেই কথক বুঝতে পারেন, তাঁর অনুভূতি, উপলব্ধি সমস্ত কিছুই আশেপাশের সকলের থেকে একেবারে আলাদা। ছোটবেলা থেকেই পুরুষশরীর তার কাছে আকর্ষণীয়। ছবির বইয়ে একজন সুদর্শন নাইটের ছবি তাকে এমন আকর্ষণ করত যে, তার ইচ্ছে হত সারাদিন ওই ছবির দিকে তাকিয়ে বসে থাকতে। কিন্তু একদিন তার পরিচারিকা তাকে বলে, ওই ছবির নাইট আসলে পুরুষের যুদ্ধপোশাক পরিহিতা এক নারী! নাম ‘জোন অফ আর্ক’! এই কথা শোনার পরই কথক ভীষণ হতাশ হয়ে পড়ে। যে পুরুষের প্রতি সে এক অদম্য আকর্ষণ এতদিন অনুভব করে এসেছে, তিনি প্রকৃতপক্ষে একজন নারী, এই সত্য জানতে পারা যেন তার কাছে হয়ে ওঠে একরকম প্রতারণা! কথকের বাল্য বয়সের সেই হতাশা স্পষ্টভাবে ফুটে উঠেছে তাঁর ওই স্মৃতিবর্ণনের মধ্যে দিয়ে–

‘I felt as though I had been knocked off. The person I had thought a he was a she. If this beautiful knight was a woman and not a man, what was their left?’

পাঠক বুঝতে পারবেন নিশ্চয়ই যে, ছবির ওই নাইটের প্রতি কথকের তীব্র আকর্ষণের একটি মূল কারণ ছিল এই যে, সে একজন পুরুষ। তাই ওই নাইটের নারীত্বের সত্য প্রকাশিত হওয়ামাত্র ওই বালকের মনে যে অনুভূতির উদ্রেক ঘটল, তা হল ‘revenge by reality’! কিন্তু প্রতিশোধ কীসের হয়? কারও ওপর কোনও অন্যায় করা হলে, সেই ব্যক্তি বা তাঁর পরিচিত অন্য কোনও ব্যক্তি অন্যায়কারীর উপর প্রতিশোধ নিতে পারে। কথক যখন লিখছেন: বাস্তব জীবন তাঁর ওপর প্রতিশোধ নিয়েছে, তার মানে কথক নিজে কোনও অন্যায় নিশ্চয়ই করেছেন। এই অন্যায়ের ধারণা কিন্তু কথকের মনে জন্মেছে সামাজিক নিয়ন্ত্রণ বা সোশ্যাল কন্ডিশনিং থেকে। যেহেতু একজন পুরুষের অন্য পুরুষের প্রতি আকর্ষণ তৈরি হওয়া সামাজিক দৃষ্টিভঙ্গিতে অস্বাভাবিক এবং অবৈধ, তাই কথক নিজের মনে মনেই ভেবে নিয়েছে যে, সে এই কাজ করে আসলে অন্যায় করেছে। সেই অন্যায়েরই প্রতিশোধ নিয়েছে কঠোর, কঠিন বাস্তব।

zoom
জোন অফ আর্ক

সময় যত এগতে থাকে কথক বুঝতে পারে, সে নারীদের প্রতি তীব্র কোনও বিকর্ষণ অনুভব না করলেও, তার যৌন ইচ্ছে বা আকাঙ্ক্ষা প্রকৃতপক্ষে ধাবিত হয় পুরুষদের প্রতিই। কিন্তু যে কোনও পুরুষের প্রতি আবার তার এই অপার মুগ্ধতা তৈরি হয় না। কথক বুঝতে পারে, সে এমন পুরুষদের প্রতি টান অনুভব করে, যারা বীরত্বের ধ্বজাধারী অথচ প্রতারিত বা অত্যাচারিত। রক্তাক্ত, ক্ষতবিক্ষত, যন্ত্রণাক্লিষ্ট পুরুষদের প্রতি তার মুগ্ধতা বৃদ্ধি পেতে থাকে উত্তরোত্তর। ব্যথাবিদ্ধ, ব্যথাকাতর পুরুষশরীর তাকে সম্মোহিত করে তুলতে থাকে। মৃত্যু, রক্ত, যন্ত্রণা এবং পুরুষত্বের সঙ্গে এসবের সংযোগ তাকে করে তোলে আবেগাসক্ত, বিমুগ্ধতায় বিমূঢ়।

“Visions of ‘princes slain’ pursued me tenaciously. Who could have explained for me why I was so delighted with fancies in which those body-revealing tights worn by the princes were associated with their cruel deaths?”

শৈশবে কথক গুইডো রেনি চিত্রিত সেইন্ট সেবাস্টিয়ানের ছবি দেখে বিহ্বল হয়ে পড়েন। খ্রিষ্টীয় তৃতীয় শতকের রোমান সেনা সেইন্ট সেবাস্টিয়ানকে খ্রিষ্ট ধর্মে আমরণ বিশ্বাস রাখার অপরাধে তীরবিদ্ধ করে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রাজা ডায়োক্লেশিয়ান। ধর্মের জন্য শহীদ হওয়া সেবাস্টিয়ানের ক্ষতবিক্ষত, অস্ত্রবিদ্ধ, নগ্ন পুরুষদেহ এবং সেই দেহে ফুটে ওঠা যন্ত্রণার অনুভূতি, এক অপরূপ সৌন্দর্য নিয়ে ধরা দেয় কথকের চোখে। এই ছবি যেন তার মুখের সামনে আয়না ধরে দেখায় আসলে ঠিক কী সে আকাঙ্ক্ষা করে মনে মনে! সুঠাম অথচ কমনীয় পুরুষ ও সেই বলশালী শরীরের ক্ষত এবং যন্ত্রনা কথকের মনে এক অদ্ভুত প্রেমানুভূতি এবং পবিত্রতার জন্ম দেয়। একজন পুরুষের দ্বারা পুরুষদেহের এই অনাদরের সঙ্গে সে নিজের অনাদৃত শরীর এবং অপূর্ণ যৌন অভিজ্ঞতার মিল খুঁজে পায়।

“There was no flowing blood, nor yet the host of arrows seen in other pictures of Sebastian’s martyrdom. Instead two lone arrows cast their tranquil and graceful shadows upon the smoothness of his skin, like the shadows of a bough falling upon a marble stairway. Shadows of a bough falle stairway.”

zoom
সেইন্ট সেবাস্টিয়ান; শিল্পী: গুইডো রেনি

স্পষ্ট বোঝা যায়, বীরপুরুষদের প্রতি কথকের আকাঙ্ক্ষার অভিমুখ সাধারণ সমকামী যৌন চাহিদার তুলনায় একেবারেই ভিন্ন। কিন্তু এই চাহিদা বা আকাঙ্ক্ষার কথা যেহেতু সমাজে প্রকাশ করা অসম্ভব, তাই অবশ্যম্ভাবীভাবে কথককে নিজের মুখের উপর বসাতে হয় মুখোশ। এমন মুখোশ যা আর পাঁচটা সাধারণ মানুষের মুখের ভিড়ে মিশে যেতে পারে। এমন মুখোশ যা একটি সমাজস্বীকৃত নারী-পুরুষের সম্পর্ক গড়ে তুলতে পারে, পারে নিজের অন্তরের গভীরতম যৌন চাহিদাগুলিকে সকলের কাছ থেকে লুকিয়ে রাখতে। বাল্যবন্ধু ওমির প্রতি কথক একসময় ভীষণভাবে আকর্ষিত হয়। সে মনে করে ওমি তার নিজের তুলনায় শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী– ঠিক যেমন পুরুষ, সমাজের চোখে কাঙ্ক্ষিত। কিন্তু ওমিকে ভালোবাসার পরিবর্তে একইরকম ভালোবাসা ফেরত পাওয়ার কোনও তীব্র বাসনা সে অনুভব করে না। বরং ওমিকে দেখে সে নিজে হয়ে উঠতে চায় আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। ওমির প্রতি আকর্ষণ অনুভব করার মধ্যে দিয়ে সে আসলে কামনা করে ওমির মত পুরুষত্ব, যা সমাজে আদৃত।

এই সূত্রে ভীষণভাবে প্রাসঙ্গিক মিশেল ফুকোর নর্মালাইজেশনের ধারণা। ফুকোর মতে, একজন মানুষের সামাজিক গ্রহণযোগ্যতার মাপকাঠি তৈরি হয় যেসব বিষয়ের উপর ভিত্তি করে, সেগুলি আসলে সেই ব্যক্তির নিজের চোখেও নিজেকে বিচার করার মানদণ্ড হয়ে ওঠে। কোনটা ঠিক এবং কোনটা ভুল, তার ধারণা একজন মানুষের ভিতরে তৈরি হয়, সমাজ কাকে গ্রহণ করছে এবং কাকে করছে না সেই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। সমাজতাত্ত্বিক আরভিং গফম্যান ১৯৫৬ সালে প্রকাশিত ‘দ্য প্রেজেন্টেশন অফ সেলফ ইন এভরিডে লাইফ’ বইতে ‘ড্রামাটার্জিকাল থিওরি’র ধারণা দেন। তিনি মানুষের দৈনন্দিন জীবনকে একটি নাটকের মঞ্চে অভিনয় করার সঙ্গে তুলনা করেছেন৷ এই ধারণার দু’টি গুরুত্বপূর্ণ অংশ হল মঞ্চের ফ্রন্ট স্টেজ এবং ব্যাক স্টেজ। একজন মানুষকে সামাজিক গ্রহণযোগ্যতা অর্জন করার জন্য সমস্ত দর্শকের সামনে ফ্রন্ট স্টেজে অভিনয় করে চলতে হয়। এখানে মানুষ মুখোশ পরে নীতিবান, সামাজিক দায়িত্বপালনে মনোযোগী, আশেপাশের মানুষদের কাছে গ্রহণীয় একজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিপন্ন করে। ব্যাকস্টেজ অর্থাৎ মঞ্চের পিছনে, যেখানে বিপুলসংখ্যক দর্শকের চোখ তাকে সামাজিকভাবে বিচার করছে না, সেখানে একজন ব্যক্তি নিজের গোপন এবং একান্ত নিজস্ব সত্তার মুখোমুখি দাঁড়াতে পারে।

zoom
সমাজতাত্ত্বিক আরভিং গফম্যানের বই

‘কনফেশনস অফ আ মাস্ক’ উপন্যাসে কথক সোনোকো নামের এক নারীর সঙ্গে সমাজ-স্বীকৃত নারী-পুরুষের সম্পর্কে লিপ্ত হয়। নিজের সমকামী সত্তা আড়ালে রাখতে কথক নিজের বিষমকামী পরিচয় বজায় রেখে, একজন প্রকৃত পুরুষ হিসেবে সাধারণ মানুষদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করার চেষ্টা করে। কিন্তু এই আদর্শ পুরুষের পরিচয়ই আসলে কথকের মুখের উপর চাপিয়ে দেওয়া মুখোশ। এই মুখোশ পরে ক্রমাগত অভিনয় করে চলতে হয় তাকে। কথকের অন্তর্জগতের ইচ্ছে বা আকাঙ্ক্ষা কোনওটাই এই মুখোশের ইচ্ছে বা আকাঙ্ক্ষার সঙ্গে মেলে না। কিন্তু একথা ভাবতে হবে যে, কথক কি শুধুমাত্র লোকচক্ষু থেকে নিজের প্রকৃত পরিচয়কে গোপন করছে? নাকি সে নিজে, একেবারে একান্ত মুহূর্তেও নিজের সমকামী সত্তাটিকে সম্পূর্ণরূপে স্বীকার করতে পারছে না? সেই পরিচয় গোপন করছে নিজের কাছেও?

জাপানে ‘গেইশা’ নামে এক বিশেষ সম্প্রদায়ের নারী শিল্পীরা পুরুষদের মনোরঞ্জন করতে সাধনা করতেন বিভিন্ন শিল্পরীতির, যেমন– পরিশীলিত কথোপকথন, গান, নাচ, শামিশেন নামক জাপানি বাদ্যযন্ত্র বাজানোর চর্চা ইত্যাদি। গেইশারা অতি যত্নে নিজেদের মুখের উপর বিভিন্ন প্রসাধনীর জিনিসপত্র ব্যবহার করে মুখোশের মতো একরকম প্রলেপ তৈরি করতেন। পরতেন অতি জটিল ঐতিহ্যবাহী পোশাক কিমোনো। গেইশারা এমনভাবে মুখের উপর সাদা প্রলেপ দিতেন যাতে কপালের কাছে কিছুটা অংশ অনাবৃত থাকে এবং প্রকৃত ত্বকের রং বাইরে থেকে দেখা যায়। ত্বকের এই দু’রকম রংয়ের স্তর মুখের উপর মুখোশের উপস্থিতিকে নিশ্চিত করত। গেইশারা তাঁদের ঠোঁট আঁকতেন টুকটুকে লাল রং দিয়ে এবং এমন পদ্ধতিতে, যাতে তাঁদের বন্ধ ঠোঁটকে ফুলের কুঁড়ির মত মনে হয়। পিঠের দিকে ঘাড়ের কাছেও কিছুটা অংশে সাদা প্রলেপ ব্যবহার করতেন না তাঁরা। ইংরেজি ‘W’ অক্ষরের আদলে গেইশাদের প্রকৃত গায়ের রং ঘাড়ের কাছের সাদা প্রলেপের মধ্যে থেকে উঁকি দিত। এই নকশাকে বলা হত ‘এরিয়াশি’। অর্থাৎ গেইশারা এমনভাবে প্রসাধন করতেন, যাতে স্পষ্টভাবে বোঝা যায় যে– তাঁরা যখন পুরুষদের সঙ্গে কথোপকথনে লিপ্ত হন, বা বিভিন্ন শিল্প পরিবেশনের মাধ্যমে যখন তাঁদের মনোরঞ্জন করেন, তখনকার সেই সাজসজ্জাধারী শিল্পী এবং সাজসজ্জাবিহীন যে ভিতরের নারী, তাঁরা পৃথক মানুষ! দু’টি সত্তাকে মেলালে চলবে না। সুতরাং মুখোশ এবং মুখ পৃথক না-হলেও দুয়ের মাঝের সীমারেখা এখানে ঘোষিত।

এই সূত্রে বলা যায়, জাপানের নোহ থিয়েটারের কথা। যেখানে নাটকের কুশীলবরা ব্যবহার করেন এক ধরনের কাঠের মুখোশ৷ এই মুখোশগুলি এমন এক ভাবলেশহীন এবং প্রাণহীন অভিব্যক্তি প্রকাশ করে, যা মানুষের স্বাভাবিক এবং প্রাকৃতিক অনুভূতি প্রকাশের ধরনকে সরাসরি চ্যালেঞ্জ করে। দক্ষিণ কোরিয়ায় এক ধরনের মুখোশ-নৃত্যনাট্য পরিবেশনের চল রয়েছে, যাকে বলা হয় তালচুম। এই ধরনের পরিবেশনায় মুখোশ অভিনেতাকে দেয় বাকস্বাধীনতা এবং সমাজের ক্ষমতাবান ও দুর্নীতিপরায়ণ মানুষদের নির্দ্বিধায় সমালোচনা করার সাহস। অর্থাৎ মুখোশ ব্যক্তিকে দেয় নিজের পরিচয় অতিক্রম করে বিবেকের ভূমিকায় অবতরণ করার সুযোগ। এই একই সংস্কৃতি দেখা যায় ইন্দোনেশিয়ায় টোপেং মুখোশ-নাট্য উৎসবে।

zoom
জাপানের গেইশা নামে এক বিশেষ সম্প্রদায়ের নারী শিল্পী

ভারতের কথাকলি নাচের জন্য শিল্পীদের মুখ এঁকে তৈরি করা হয় মুখোশ-সদৃশ মুখাবয়ব। পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ছৌ নাচের ক্ষেত্রেও নৃত্যশিল্পীরা দেবতা, অসুর সহ বিভিন্ন দৈত্যের মুখোশ পরেন। এই মুখোশ মানুষকে তার নিজের অতি সাধারণ মানবসত্তা অতিক্রম করে নিজের ভিতরে এক অলৌকিক সত্তার জন্মসুখ অনুভব করতে সাহায্য করে। মুখোশ পরামাত্রই সে আর সাধারণ থাকে না, নিজের শরীরের পরিচয় ডিঙিয়ে সেই মানুষের উত্তরণ ঘটে এক নতুন জীবনে, এক উদ্দীপনাময় বাঁচার মধ্যে। ভেনিস কার্নিভালের মুখোশ উৎসবে মানুষ নিজেদের পছন্দমত মুখোশ পরে কিছু সময়ের জন্য হয়ে ওঠে এমন কেউ, যা তারা সামাজিক গ্রহণযোগ্যতার কথা ভেবে বাস্তবে হয়ে উঠতে পারে না! কিন্তু তাহলে কি এই মুখোশ উল্টো কাজ করছে না? পরিচয় আড়াল করার বদলে সে মানুষকে দিচ্ছে তার প্রকৃত পরিচয় নিয়ে বাঁচার স্বাধীনতা!

তাহলে সেই একই প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে– আমরা মুখের কথা শুনব না মুখোশের? মুখোশটুকুই দেখব নাকি উঁকি দেব মুখোশে আড়ালের অন্ধকার মুখেও? এই উপন্যাসের কথক নিজেও হয়তো এই প্রশ্নের সদুত্তর শেষ পর্যন্ত খুঁজে পাননি। মুখোশ বহুক্ষেত্রেই তুলে ধরেছে মুখের স্বীকারোক্তি। হয়তো তা স্বাভাবিকও। মুখোশ যেই মুখকে বহির্জগত থেকে আড়াল করে রেখেছে, স্বীকারোক্তি করতে গিয়ে তার কথা তো উঠে আসবেই! এই আলোচনায় অবশ্য-উল্লেখ্য উইলিয়াম বাটলার ইয়েটসের ‘দ্য মাস্ক’ কবিতাটি-

“PUT off that mask of burning gold
With emerald eyes.”
“O no, my dear, you make so bold
To find if hearts be wild and wise,
And yet not cold.”
“I would but find what’s there to find,
Love or deceit.”
“It was the mask engaged your mind,
And after set your heart to beat,
Not what’s behind.”

zoom
উইলিয়াম বাটলার ইয়েটস

সত্যিই ‘love’ না কি ‘deceit’? ভালোবাসা নাকি প্রতারণা? কথক যে সমাজে গ্রহণযোগ্য এক পুরুষের মুখোশ পরে রয়েছে,  তা কি আড়াল করছে না তার আত্মপ্রেমকে? প্রতারিত করছে না নিজের প্রকৃত আত্মপরিচয়কে? এমনকী, উপন্যাসের শেষ দৃশ্যেও সোনোকোর সঙ্গে সময় কাটানোর মুহূর্তে সে আকর্ষিত হচ্ছে এক পুরুষের প্রতি। এই আত্মপ্রতারণা সর্বাংশে ক্ষতিকর, যা যে কোনও মানুষের ক্ষেত্রেই যে কোনও সময় খুলে দিতে পারে নিজেকে ধ্বংসের পথে চালিত করার দরজা।

এই আত্মবিনাশের পথে মিশিমা সত্যিই চালিত হয়েছিলেন। তাঁর জীবনাবসান, জাপানের ইতিহাসে এক বিরল আত্মহননের ঘটনা হয়ে থেকে গিয়েছে। ১৯৭০ সালের ২৫ নভেম্বর মিশিমা একটি সামরিক অভ্যুত্থানের আহ্বান জানান জাপানি আত্মরক্ষা বাহিনীর সদর দপ্তরে। সেখানে তিনি ২৫ মিনিটের একটি ভাষণ দেন যাতে জাপানের তৎকালীন সরকারের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ একজোট হন। কিন্তু দুঃখজনকভাবে তাঁর ভাষণে কেউ সাড়া দেয় না। উল্টে তাঁকে মাত্রাহীন ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হয়। এরপর তিনি জেনারেলের দপ্তরে ফিরে এসে জাপানের ঐতিহ্যবাহী সামুরাই আত্মবিনাশের পদ্ধতি সেপ্পুকু ( জাপানি ভাষায় ‘হারাকিরি’ ) অবলম্বন করেন। এই পদ্ধতিতে আত্মহননকারী নিজের পেট কেটে মৃত্যুবরণ করেন। জাপানি সংস্কৃতিতে মনে করা হয় যে, কোনও মানুষের বুদ্ধিমত্তা, জীবনী শক্তি, আত্মিক সংকল্পের কেন্দ্রবিন্দু হল পেট। তাই পেটে আঘাত করলে মানুষ সবথেকে বেশি শারীরিক কষ্ট পায়।

zoom
নিজের পেট কেটে মৃত্যুবরণ করেন মিশিমা

মিশিমা যোদ্ধাদের নৈতিক আদর্শের প্রতি আকৃষ্ট ছিলেন।যন্ত্রণাক্লিষ্ট পুরুষ শরীর তিনি কামনা করতেন। সৌন্দর্যের সঙ্গে পুরুষের রক্তাক্ত শরীরের এক অদ্ভুত সংযোগ তিনি অনুভব করতে পারতেন। তাই এই সেপ্পুকু পদ্ধতিকেই তিনি মৃত্যুর উপায় হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় ধরে রক্তপাতের যন্ত্রণা যাতে সহ্য না-করতে হয় তাই সেপ্পুকুর সময় একজন সহকারী থাকেন, যাকে বলা হয় ‘কাইশাকুনিন’। তিনি পেট কাটার কিছুক্ষণ পর তরবারির আঘাতে আত্মহননকারীর মৃত্যুকে নিশ্চিত করতেন। মিশিমার ঘনিষ্ঠ বন্ধু মাসাকাতসু মোরিতা এই দায়িত্ব নেন। কিন্তু এই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন না-করতে পারায়, এই কাজ সম্পন্ন করেন হিরোয়াসু কোগা। এরপর মোরিতাও সেপ্পুকুতে প্রাণ দেন এবং কোগা তাকে সহায়তা করেন।

মুখোশহীন কোনও মানুষের অস্তিত্ব সত্যিই এই পৃথিবীতে নেই। কারও মুখোশ আবছা, কারও জমকালো। কারওরটা আঁটসাট, কারও ঢিলেঢালা। মুখোশ সকলেরই রয়েছে। সমস্যা সেখানে নয়। সমস্যা হল, কোনটা মুখোশ আর কোনটা মুখ তা আলাদা করে বুঝতে না-পারা। অন্তরে আমি কে? কী চাই? তার ধারণা না-থাকলে অনেক সময়ই মুখোশ মুখকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। টেনে নিয়ে চলে আত্মধ্বংসের রাস্তায়। তাই কথকের চিন্তাস্রোত যে এই খাতে চলবে তা অস্বাভাবিক নয় একেবারেই–

‘I somehow looked forward to death impatiently, with a sweet expectation. As i have remarked several times, the future was a heavy burden for me. From the very beginning, life has oppressed me with a heavy sense of duty. Even though i was clearly incapable of performing this duty, life still nagged at me for my dereliction. Thus I longed for the great sense of relief that death would surely bring if only, like a wrestler, I could wrench the heavy weight of life from my shoulders.’

Confessions of a Mask Homosexuality human psychology Japanese LGBTQ Movement Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Sexuality suicide Yukio Mishima

Share this article on