Binodebehari & Dhiren DevBurman: Defying Kalabhavana | Robbar
Robbar
  • ২৫ কার্তিক ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১২ নভেম্বর ২০২৬

নির্জনে স্বজনে

সেই নির্জন দুপুরে হেঁটে এসে ক্লান্ত ক্ষুধার্ত শরীরে কোপাইয়ের স্বচ্ছ অগভীর জল দেখে বিনোদবিহারী ও ধীরেন্দ্রনাথ দু’ জনেরই ইচ্ছে হল স্নান করে নিতে। কিন্তু গামছা না হোক, সঙ্গে তো আলাদা এক টুকরো কাপড়ও নেই, এদিকে ভিজে পোশাকে তো আশ্রমে ফেরা যাবে না– এখন উপায়! ক্রমে উভয়ে ঠিক করলেন, ধুতি আর জামা শুকনো রাখতেই হবে, ফলে গায়ের গেঞ্জিখানা খুলে তাই কোমরে জড়িয়ে কোনও প্রকারে লজ্জা নিবারণ করে তাঁরা ঝুপ করে কোপাইয়ের জলে নেমে পড়লেন।

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৬, ১৯:৫৪   
Facebook WhatsApp Messenger

 ১৬.

কলাভবনের একেবারে গোড়ার দিকে ধীরেন্দ্রকৃষ্ণ আর বিনোদবিহারী, শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয় থেকে সেখানে যোগ দিয়েছিলেন। দু’জনেই একসঙ্গে হস্টেলে থাকতেন, ক্লাসে যাওয়া, গল্পগাছা– সবেতেই এই দুই বন্ধু একেবারে অভিন্ন। আসলে বিনোদবিহারীর ক্ষীণদৃষ্টির সমস্যাকে ধীরেন যেন কিছুটা আগলে রাখতে চাইতেন। সেকালের উপকরণের আতিশয্যহীন কলাভবনে সারাক্ষণ তাঁরা কাজের মধ্যে ডুবে থাকেন, গল্প করতে গেলেও সেখানে আর্টের প্রসঙ্গই চলে আসে। সেই পর্বে দু’ভাগে ক্লাসের রেওয়াজ। সকালের ক্লাস সেরে, দুপুরে খাওয়াদাওয়া করে এসে আবার ক্লাস। ধীরেন আর বিনোদ দুপুরে খাবার পরেও একচিলতে সময় নষ্ট করতে চাইতেন না, সোজা চলে আসতেন ক্লাসে। ওঁদের ছবি আঁকার জায়গাও ছিল পাশাপাশি দুটো জানলার ধারে। আর সবাই যখন ধীরেসুস্থে স্নান-খাওয়ায় ব্যস্ত, তখন এই দুই ছাত্র ক্লাসে পৌঁছে কাঠের ড্রয়িংবোর্ডকে জানলার ধারে ঠেস দিয়ে তাতে মাথা রেখে আধশোয়া ভঙ্গিতে শরীরটা এলিয়ে দিয়ে শিল্পালোচনায় মশগুল।

zoom
সেকালের কলাভবন। ছবি: ই. হোপ

কেবল শিল্পের আলোচনা নয়, সাহিত্য-সংগীত সবকিছু নিয়েই কথা হত। ধীরেনকৃষ্ণের জবানিতে, ‘এই নবীন বয়সে যে-সব মধুর স্বপ্ন মাথায় আসতো’, আলোচনার ফাঁকে চুপিচুপি এসে হাজির হত তা-ও। গল্প করতে করতে উভয়ে কখনও হেসে গড়িয়ে পড়েছেন, আবার কখনও কোনও ব্যাপারে হয়তো হা-হুতাশ ফুটে উঠেছে। সেই নিস্তব্ধ দ্বিপ্রহরে জানলার বাইরে আমলকী আর শাল গাছের যে সারি, তারাই ছিল দুই বন্ধুর গল্পের নীরব সাক্ষী, নিঃশব্দ শ্রোতা। অলস দুপুরে গল্পের প্রবাহে ঘুঘুর উদাসী ডাক শুনতে শুনতে কখন অজান্তে ঘুমিয়ে পড়েছেন– আবার ঘুম ভেঙে জেগে উঠে ডুব দিয়েছেন রং-তুলি-ছবির জগতে। কিছু পরে নির্দিষ্ট সময়ে শিক্ষক ও অন্যান্য ছাত্রছাত্রী এলে ভরে ওঠে বিকেলের ক্লাস। তবে ধীরেন আর বিনোদের ডেরা যেন এই চত্বরেই। বিকেলের দিকে একটু বেড়িয়ে, সন্ধ্যায় ফিরে আর্টের বইপত্তর নিয়ে খানিক নাড়াচাড়া করে রাত্রে কিচেনে গিয়ে খাওয়া। তারপর আবার ক্লাসের বাইরে বারান্দায় বিছানা পেতে শুয়ে ছবির কথা, শিল্পীদের কথা। সেইসব আলোচনা করতে করতেই ঘুমিয়ে পড়া। অর্থাৎ, এঁদের সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত্রি কেটেছে ছবির মধ্যেই।

zoom
অবনীন্দ্রনাথের আঁকায় ধীরেন্দ্রকৃষ্ণ দেববর্মা

গুটিকয় ছাত্র একদিন ঠিক করলেন, নিজেরা রান্না করলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। সেই স্বপাকের দলে যোগ দিলেন বিনায়ক মাসোজী, রমেন চক্রবর্তী, বীরভদ্র রাও, চিত্রা প্রমুখ। সম্ভবত কিচেনের রান্না ঠিকঠাক হচ্ছিল না– অগত্যা এমন সিদ্ধান্ত। অবশেষে নীচু বাংলোর ধারে খড়ের চালার একটা ছোট ঘরে প্রত্যেকে একটা করে প্রাইমাস স্টোভ আর কয়েকটা থালাবাটি-সহ রান্নার সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়েছেন। নতুন উৎসাহে সে বেশ চলতে লাগল। এ তল্লাটে দোকানপাট নেই, মাঝেমাঝে বোলপুরের বাজারে গিয়ে চাল-ডাল-আনাজপাতি কিনে আনা ইত্যাদি কাজও যুক্ত হল ছবি আঁকার সঙ্গে। সব মিলিয়ে সে অবশ্য মন্দ নয়।

zoom
শেষ বয়সে বিনোদবিহারী মুখোপাধ্যায়

ক’দিন ভালোই কাটছিল। একদিন রাত্রে খাওয়াদাওয়ার শেষে বিছানায় শুয়ে আর্টের গল্প হচ্ছে, এমন সময় ধীরেনকৃষ্ণ হঠাৎ বিনোদবিহারীকে জিজ্ঞাসা করে বসলেন, ‘আচ্ছা বিনোদ, এখন আলুর দাম কত?’ তারপর খানিক নিস্তব্ধতা, উভয়েই চুপ। আর্টের আলোচনার মধ্যে তাল কেটে এ যে ভয়ানক রসভঙ্গ! এইটে মনে করে বিছানায় লুটিয়ে পড়ে দু’জনের হাসি আর থামে না। শিল্পকলার এ হেন আলোচনার মাঝখানে কি না আলুপটলের দরদাম– কী কাণ্ড! কিন্তু তাকেই বা বাদ দেওয়া যায় কী করে? হাটবাজার, দোকানপাট– সে-ও তো শিল্পীর বিষয় হয়ে উঠেছে। না-হয় অবন ঠাকুরকে কোনও দিন থলে হাতে বাজারের পথে যেতে হয়নি, তাঁদের কথা বা সেই যুগ, আলাদা। কিন্তু রবি ঠাকুরের আশ্রমে তো নিজের কাজ প্রত্যেকে নিজেরাই সামলেছেন। তিনি তো একাধারে কবিতা লিখেছেন, আবার শিলাইদহের জমিদারিও সামলেছেন। আর শিল্পীরা কি তবে অন্যগ্রহের বাসিন্দা, তারা কি দোকানবাজার করে না, কেবল ভাবনার ঊর্ধ্বজগতে বিচরণ করে? বোধহয় এইসব ভাবতে ভাবতে দু’জনেই সেই রাত্রে ঘুমিয়ে পড়েছেন। মাঝরাত্তিরে ধীরেনের ঘুম ভেঙে গেল, মাথায় ঘাড়ের কাছে ভিজে ঠান্ডা অনুভূতি! লাফিয়ে উঠে দেখেন, বারান্দার থামের পাশে ছাদ থেকে জল নেমে আসার যে পাইপ– তা গিয়েছে ভেঙে! এদিকে কখন বৃষ্টি শুরু হয়েছে কেউ জানে না, সেই ফাটা পাইপ দিয়ে বৃষ্টির জল গড়িয়ে বিছানা-বালিশ-বারান্দা ভেসে যাচ্ছে। তখন ধড়মড় করে উঠে ক্লাসের ভিতরে গিয়ে, শতরঞ্চিতে শুয়ে বাকি রাত কাটল। সেকালের কলাভবনের গল্প এমনই সাধাসিধে, আটপৌরে নির্ভার জীবনের গল্প।

zoom
শিল্পী: বিনোদবিহারী মুখোপাধ্যায়

আউটডোর স্টাডির জন্য মাঝেমাঝে সকালে ক্লাসে যাওয়ার পরিবর্তে খাতা-পেনসিল নিয়ে দু’-একজন ছাত্র বাইরে বেরিয়ে পড়তেন। ঘড়ির কাঁটা মিলিয়ে ধরাবাঁধা নিয়ম মেনে ক্লাস কলাভবনে কোনও দিনই ছিল না, ছাত্ররা চাইলে আউটডোরে গিয়ে স্কেচ করত। এ বিষয়ে নন্দলালের কোনও নিষেধ ছিল না, তিনি চাইতেন ছবির বিষয় অনুসারে স্কেচ-স্টাডি করে আনা জরুরি। একদিন সকালের দিকে ধীরেন আর বিনোদ রাঙামাটির রাস্তা ধরে এগিয়ে চলেছেন গোয়ালপাড়ার দিকে। সেখানে পৌঁছে গাছপালা, মানুষজন, গরু-বাছুর, মাটির চালা স্কেচ করতে করতে দুপুর গড়িয়ে গেল। এদিকে শান্তিনিকেতনে ফিরে খাওয়ার মতো অবস্থা নেই, অথচ দু’জনেরই প্রচণ্ড খিদে পেয়েছে। পকেটে যে দু’-চার আনা ছিল, তা দিয়ে গ্রামের ছোটখাটো দোকান থেকে ছোলাভাজা কিনে খেতে খেতে দু’জনে এগিয়ে চললেন কোপাই নদীর দিকে।

zoom
শিল্পী: ধীরেন্দ্রকৃষ্ণ দেববর্মা

নদীর অপর পারে এক বিরাট অশ্বত্থ গাছ, তারই নিচে গিয়ে বসলেন দু’জনে। সেই অশ্বত্থ গাছ ছাড়া আশপাশে তেমন কোনও বড় গাছ নেই। কেবল ভাঁটফুলের ঘন জঙ্গল, নানা বুনোফুল আর জংলি লতাগুল্মে ছেয়ে আছে জায়গাটা। আশপাশে জনমনিষ্যির চিহ্ন নেই, তাঁরা যেন পৃথিবীর অপর প্রান্তে এসে পড়েছেন। ঝিরঝিরে হালকা হাওয়ায় অশ্বত্থ গাছের পাতা তিরতির করে নড়ছে, পাশ দিয়ে আপনমনে বয়ে চলেছে কোপাই– সে এক মন উদাস-করা সময়। সেই নির্জন দুপুরে এত দূর হেঁটে এসে ক্লান্ত ক্ষুধার্ত শরীরে কোপাইয়ের স্বচ্ছ অগভীর জল দেখে দু’জনেরই ইচ্ছে হল স্নান করে নিতে। কিন্তু গামছা না হোক, সঙ্গে তো আলাদা এক টুকরো কাপড়ও নেই, এদিকে ভিজে পোশাকে তো আশ্রমে ফেরা যাবে না– এখন উপায়? বুদ্ধিটা বোধহয় ধীরেনের মাথাতেই এল। ক্রমে উভয়ে ঠিক করলেন, ধুতি আর জামা শুকনো রাখতেই হবে, ফলে গায়ের গেঞ্জিখানা খুলে তাই কোমরে জড়িয়ে কোনও প্রকারে লজ্জা নিবারণ করে, তাঁরা ঝুপ করে কোপাইয়ের জলে নেমে পড়লেন। যদিও নির্জন দুপুরে আগামিদিনের দুই বিখ্যাত শিল্পীর অর্ধনগ্ন শরীরের জলক্রীড়া দেখার জন্য কোনও দর্শক উপস্থিত ছিল না। 

zoom
শিল্পী: পল গগ্যাঁ

সেদিন কলাভবনের দুই নবীন ছাত্র ধীরেনকৃষ্ণ এবং বিনোদবিহারী হয়তো কিছুটা সময়ের জন্য চলে গিয়েছিলেন সুদূর অতীতে– ফরাসি শিল্পী গগ্যাঁ যে ভাবে নগরসভ্যতার বিরুদ্ধে বিদ্রোহ করে তাহিতি দ্বীপের আদিম জীবনে চলে গিয়েছিলেন। শুধু তা-ই নয়, ইতিহাসের পাতা ওল্টালে দেখা যাবে, কলাভবন তৈরির প্রায় একই সময়ে জার্মানির হ্বাইমার শহরে গড়ে উঠেছে ‘বাউহাউস’ নামের এক আশ্চর্য শিল্প-প্রতিষ্ঠান। সেখানকার ছাত্রদের কেউ কেউ এমনই আদিম জীবন বেছে নিতে চেয়েছিল। তাদের অনেকেই চাঁদনি রাতে পাশে নদীর জলে নগ্ন-স্নানে মত্ত হয়ে উঠেছে– এমন কথা শোনা যায়। ভেবে দেখলে, আধুনিক নগরসভ্যতার বিরুদ্ধে শিল্পীদের এ-ও এক তীব্র প্রতিবাদ। এবারে খোঁজ নেওয়া যাক, সেদিন কলাভবনের ছাত্র দু’টির কী হল। স্নান সেরে কোনওরকমে পোশাক-আশাক বদল করে ঠোঙার অবশিষ্ট ছোলাভাজা নিয়ে, তাঁরা অশ্বত্থ গাছের ছায়ায় গিয়ে বসলেন। তারপর দুপুর আরও গড়িয়ে এলে, ধীর গুটিগুটি পায়ে মাঠ-ঘাট পেরিয়ে গোয়ালপাড়ার লালকাঁকড়ের পথ ধরে তাঁরা ফিরে এসেছেন রবি ঠাকুরের আশ্রমে। তবে ফিরে এসে বন্ধুদের কাছে তাঁদের সেই দুপুরবেলার নির্জন-স্নানের রূপকথার গল্প শুনিয়েছিলেন কি না, সে খবর আমাদের জানা নেই। 

………………………

রোববার.ইন-এ পড়ুন গল্পকলা-র অন্যান্য পর্ব

………………………

Bauhaus Binodebehari Mukherjee Dhirendra Krishna Deb Barman Kala Bhavana Kopai River Paul Gauguin Rabindranath Tagore Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Shantiniketan Sketch Book

Share this article on