Jagaddhatri Puja in Kolkata: Celebration of Art and Culture। Robbar
Robbar
  • ৩০ কার্তিক ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৭ নভেম্বর ২০২৬

কলকাত্তাইয়া জগদ্ধাত্রী

কলকাতার জগদ্ধাত্রী পুজোর ইতিহাস এ শহরের বিবর্তন, সমাজে পুঁজির প্রবাহ, ভদ্রলোক শ্রেণির উত্থান এবং শিল্প-সংস্কৃতির গতিবিধির সঙ্গে জড়িত। সম্ভবত, ১৭৫২ সালে কলকাতায় প্রথম জগদ্ধাত্রী পুজো আয়োজিত হয় বাবু দুর্গাচরণ মিত্রের বাড়িতে। প্রায় ২৭৪ বছর আগে। অতঃপর ১৭৮০ সালে উত্তর কলকাতার বিডন স্ট্রিট অঞ্চলের বিখ্যাত বাবু রামদুলাল দে (সরকার) তাঁর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন, যে বাড়ি আজ ‘রামদুলাল নিবাস’ বা ‘ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি’ নামে জনপ্রিয়। শোনা যায়, ২৫০ বছর আগে শুরু হওয়া চোরবাগানের মৈত্র বাড়ির জগদ্ধাত্রী পুজোর সঙ্গে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওতপ্রোত জড়িত ছিলেন।

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২৬, ২১:০৭   
Facebook WhatsApp Messenger

‘আনন্দমঠ’-এর প্রথম খণ্ড। ব্রহ্মচারী মহেন্দ্রকে দেবালয়ের ভিতরে নিয়ে গেলেন। মহেন্দ্র সেখানে মায়ের তিনটি রূপ দেখেন। প্রথম রূপ বঙ্কিমের ভাষায় ‘সর্ব্বাঙ্গসম্পন্না সর্ব্বাভরণভূষিতা জগদ্ধাত্রী মূর্ত্তি’। ব্রহ্মচারী জানান, এই রূপ মা ‘যা ছিলেন’ তার প্রতীক। অতীতে বন্য পশুদের পরাস্ত করে অরণ্যের গভীরে তিনি আপন পদ্মাসন স্থাপন করেছিলেন। অপর দুই রূপ হল– কালী, অর্থাৎ মা ‘যা হইয়াছেন’, এবং দুর্গা, অর্থাৎ মা ‘যা হবেন’।

বঙ্কিম এই উপন্যাসে জগদ্ধাত্রীকে অতীত সমৃদ্ধির প্রকাশরূপে দেখেছেন, যা আমরা হারিয়ে ফেলেছি। তিনি মাতৃভূমির জন্মলগ্নের ঐশ্বর্যের বার্তা বহন করেন। তাঁর প্রকাশ রাজকীয়। অরণ্যের অদম্য শক্তিকে তিনি নিয়ন্ত্রণে এনেছেন, যা মানুষের সভ্যতা প্রতিষ্ঠার আদি চিহ্ন।

এভাবেই উনিশ শতকের জাতীয়তাবাদী আবহে দেবী জগদ্ধাত্রী জাতির পরিচয়, সভ্যতার স্মৃতি এবং সমবেত রাজনৈতিক চেতনার সঙ্গে সম্পৃক্ত এক সাংস্কৃতিক সত্তারূপে আত্মপ্রকাশ করেন। অতঃপর সাহিত্যের পাশাপাশি বাংলার আদি তৈলচিত্র, কালীঘাট পট এবং প্রিন্টের বিষয়রূপে দেবী জগদ্ধাত্রী জনপ্রিয়তা লাভ করেন।

zoom
বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের প্রচ্ছদ

সাধারণভাবে বঙ্গে জগদ্ধাত্রী পুজোর প্রচলন বিষয়ে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কথা শোনা যায়। কিন্তু তারও আগে বঙ্গদেশে জগদ্ধাত্রী পুজো প্রচলিত ছিল। আজ থেকে প্রায় ৬০০ বছর পূর্বে পনেরো শতকে স্মার্ত পণ্ডিত মহামহোপাধ্যায় শূলপাণি রচিত ‘ব্রতকালবিবেক’-এ বঙ্গের জগদ্ধাত্রী পুজোর রীতিনীতি বিষয়ে উল্লেখ পাওয়া যায়। এর পাশাপাশি একই সময়ে বৃহস্পতি রায়মুকুটের ‘স্মৃতিরত্নহার’ও এ-বিষয়ে আলোকপাত করে। মধ্য বাংলার অপর এক গুরুত্বপূর্ণ রচনা স্মৃতিকার শ্রীনাথ আচার্য চূড়ামণির ‘কৃত্যতত্ত্বার্ণব’ও জগদ্ধাত্রী পুজোর আচার-অনুষ্ঠানের শাস্ত্রীয় নিয়মাবলি লিপিবদ্ধ করেছে। সম্ভবত আঠেরো শতকে জগদ্ধাত্রী পুজোকে প্রথম রাজকীয় ধর্মীয় অনুষ্ঠানে পরিণত করেন রাজা কৃষ্ণচন্দ্র। লোকবিশ্বাস অনুযায়ী, আলিবর্দি খাঁ-র কাছে বন্দি কৃষ্ণচন্দ্র দুর্গাপুজো করতে না পারায় মহামায়া জগদ্ধাত্রীরূপে কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ দেন কার্তিক মাসে তাঁর পুজো প্রচলনের। আনুমানিক ১৭৬২ খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের রাজবাড়িতে প্রথম এই পুজোর আয়োজন করা হয়। তবে অনেকের মতে, কৃষ্ণচন্দ্র নয়, তাঁর পুত্র রাজা গিরিশচন্দ্রের (১৮০২-১৮৪১) সময় জগদ্ধাত্রী পুজো জনপ্রিয়তা লাভ করে।

অন্যদিকে, ফরাসি উপনিবেশ চন্দননগরে ইন্দ্রনারায়ণ রায়চৌধুরীর তত্ত্বাবধানে আঠেরো শতকে জগদ্ধাত্রী পুজো জনপরিসরের উৎসবে পরিণত নয়। মনে করা হয়, ইন্দ্রনারায়ণ কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখে উৎফুল্লিত হয়ে সেই আদলে চন্দননগরে জাঁকজমকপূর্ণ জগদ্ধাত্রী আরাধনা আরম্ভ করেন। এছাড়াও, সুপ্রতিম কর্মকার তাঁর গবেষণা গ্রন্থ ‘জগদ্ধাত্রীর উৎস সন্ধানে’-তে উল্লেখ করেছেন ভদ্রেশ্বরের কথা। কৃষ্ণচন্দ্রের রাজসভার দেওয়ান দাতারাম সুর ভদ্রেশ্বরের গৌরহাটি অঞ্চলে বাংলার অন্যতম প্রাচীন জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন, যা আজও তেঁতুলতলার ‘বুড়িমার পুজো’ নামে পরিচিত।

zoom
কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো

কলকাতার জগদ্ধাত্রী পুজোর ইতিহাস এ শহরের বিবর্তন, সমাজে পুঁজির প্রবাহ, ভদ্রলোক শ্রেণির উত্থান এবং শিল্প-সংস্কৃতির গতিবিধির সঙ্গে জড়িত। সম্ভবত, ১৭৫২ সালে কলকাতায় প্রথম জগদ্ধাত্রী পুজো আয়োজিত হয় বাবু দুর্গাচরণ মিত্রের বাড়িতে। প্রায় ২৭৪ বছর আগে। অতঃপর ১৭৮০ সালে উত্তর কলকাতার বিডন স্ট্রিট অঞ্চলের বিখ্যাত বাবু রামদুলাল দে (সরকার) তাঁর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন, যে বাড়ি আজ ‘রামদুলাল নিবাস’ বা ‘ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি’ নামে জনপ্রিয়। শোনা যায়, ২৫০ বছর আগে শুরু হওয়া চোরবাগানের মৈত্র বাড়ির জগদ্ধাত্রী পুজোর সঙ্গে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওতপ্রোত জড়িত ছিলেন। এছাড়াও, কলেজ স্ট্রিটের মদন গোপাল দে-র পরিবার, ঠনঠনিয়ার দে পরিবার, বেনিয়াটোলার বি. কে. পালের পরিবারও উনিশ শতকের কলকাতায় জাঁকজমকের সঙ্গে জগদ্ধাত্রী আরাধনার প্রচলন করেন।

zoom
শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল; জে.বি. ট্যাসিন

তবে, এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল, উত্তর কলকাতার নারকেলডাঙ্গা অঞ্চলে স্যর গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়িতে শুরু হওয়া জগদ্ধাত্রী পুজো। ১৮৭২ সালে প্রথম এই পুজোর আয়োজন করা হয়, এবং বিগত ১৫৪ বছর ধরে একইভাবে শাস্ত্রীয় বিধিমতে এই পুজো হয়ে আসছে। স্যর গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন তৎকালীন ব্রিটিশ আমলে কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং ১৮৯০ সালে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যরূপে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর বাড়ির জগদ্ধাত্রী পুজো আমাদের উত্তর কলকাতার তৎকালীন সামাজিক পরিবর্তনের দিকে দৃষ্টি আকর্ষণ করে। প্রথম প্রজন্মের জমিদারবাড়ি ও বাবুদের আয়েশি উৎসব পালনের হিড়িক পেরিয়ে এসে উনিশ শতকের শেষের দিকে কলকাতার নতুন ইংরেজি শিক্ষিত, বুদ্ধিজীবী ভদ্রলোকরাও ধীরে ধীরে জগদ্ধাত্রী আরাধনার পৃষ্ঠপোষকরূপে উঠে আসছিলেন। এর ফলে জগদ্ধাত্রী পুজো আর আগের মতো কেবল জমিদার পরিবারের আমোদ আহ্লাদের উৎসবে সীমাবদ্ধ থাকল না। নতুন প্রজন্মের শিক্ষিত ভদ্রলোকদের পৃষ্ঠপোষকতায় এটি জনপরিসরের বুদ্ধিজীবী জীবনের অঙ্গ হয়ে উঠতে শুরু করে। সাহিত্য কিংবা বাংলার আদি তৈলচিত্র, পট ও প্রিন্টের মতো বিভিন্ন শিল্পমাধ্যমের জনপ্রিয় মোটিফরূপে দুর্গা, কালীর পাশাপাশি জগদ্ধাত্রীর উঠে আসার নেপথ্যে এই উদীয়মান বুদ্ধিজীবী শ্রেণির পৃষ্ঠপোষকতার একটি উল্লেখযোগ্য ভূমিকা আছে। এঁরাই একের পর এক শিল্পীকে দেবী জগদ্ধাত্রীর তৈলচিত্র অঙ্কনের বরাত দিয়েছিলেন। এঁদের কল্যাণেই জগদ্ধাত্রী শহর কলকাতার অন্যতম পরিচিত দেবী হয়ে উঠেছেন।

কালীঘাট পটে বিভিন্ন সামাজিক কেচ্ছা-কাহিনি, পৌরাণিক দেবদেবী, বিশেষত কালীমূর্তির পাশাপাশি জগদ্ধাত্রী প্রতিমাও নিজের জায়গা খুঁজে পেয়েছে। সাধারণ মানুষ রীতিমতো সস্তা দামে পটুয়াদের কাছ থেকে সেই ছবি কিনছিলেন। এমনকী প্রিন্টিং আসার পর, বটতলার প্রিন্টেও উঠে আসছে জগদ্ধাত্রীর অবয়ব ও পৌরাণিক কাহিনি। গোটা শহর কলকাতার সর্বস্তরে ছেয়ে যাচ্ছে সেসব সস্তা প্রিন্ট ও ক্যালেন্ডার আর্ট।

zoom
কালীঘাট পটের জগদ্ধাত্রী। মধ্য উনিশ শতক। শিল্পী অজ্ঞাত

বাংলার আদি তৈলচিত্রে জগদ্ধাত্রীর আগমন লক্ষ করা যায় মূলত কলকাতা, চন্দননগর এবং চুঁচুড়ার চিত্রশিল্পীদের হাত ধরে। উচ্চবিত্ত জমিদার কিংবা কলকাতার বাবুরা তৎকালীন শিল্পীদের এইসব তৈলচিত্র আঁকার জন্য কমিশন করতেন। এই ছবিগুলি কিন্তু বাড়িতে পুজো করা হত না। বাবুদের বসার ঘরে কিংবা যেসব দালানে নাচ-গানের আসর বসত, সেখানে শোভা পেত। বাড়িতে আসা অতিথিদের সামনে এই ছবিগুলি বাবুদের পারিবারিক যশ ও সম্পত্তি প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। যাঁর যত সম্পত্তি, তাঁর তৈলচিত্রে ফুটে ওঠা জগদ্ধাত্রী মূর্তি তত বেশি অলংকারে ভূষিতা। এমনকী এই অলংকারগুলির চিত্রণে বহুক্ষেত্রে আসল সোনা (গোল্ড লিফিং পদ্ধতিতে) ব্যবহার করা হত। যেহেতু জমিদাররা নিজেরাই এই তৈলচিত্র কমিশন করতেন, তাঁরা নিজেদের উপস্থিতিকেও ছবির বিষয়বস্তুর সঙ্গে জুড়ে দিতেন। এটি এক প্রকার সামাজিক প্রভাব ও পরিচিতি নির্মাণের প্রয়াস। যেমন নিচের তৈলচিত্রে বহু অলংকারে সজ্জিতা জগদ্ধাত্রী তিনজন পূজারি দ্বারা বেষ্টিত। তার পাশে, ডানদিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির নীল পোশাক ও উষ্ণীষ দেখে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে, তিনিই সেই বাবু, যিনি এই ছবির বরাত দিয়েছিলেন। পূজারিরা প্রতিমার দিকে তাকিয়ে থাকলেও কেবল জগদ্ধাত্রীর মূর্তি এবং বাবু তাকিয়ে রয়েছেন দর্শকদের দিকে। এর থেকে বোঝা যায়, এ-ছবির মূল বিষয় আসলে কারা!

zoom
বাংলার আদি তৈলচিত্রে জগদ্ধাত্রী, মধ্য উনিশ শতক। শিল্পী অজ্ঞাত

প্রাথমিকভাবে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা, চন্দননগর কিংবা চুঁচুড়ার মতো ঔপনিবেশিক শহরে চলে আসা শিল্পীরাই এই তৈলচিত্রগুলি আঁকতেন। তেল রঙের ব্যবহারে বাস্তবধর্মী ছবি আঁকতে তারা জানতেন না। এটি মূলত একটি ইউরোপীয় শিল্পমাধ্যম, যা আঠেরো শতকের শেষদিকে ভারতে আসে। তার আগে বঙ্গদেশে পট আঁকার প্রচলন ছিল, যা শিল্পমাধ্যম হিসেবে ইউরোপীয় তৈলচিত্র ও অ্যাকাডেমিক রিয়ালিজমের থেকে স্বতন্ত্র একটি প্রকাশভঙ্গি। দেশজ চিত্রশিল্পীরা ধীরে ধীরে এই নতুন ইউরোপীয় শিল্প কৌশলে ধাতস্থ হতে থাকেন। বাস্তবিক ত্রিমাত্রিক মানবদেহের ছবি আঁকতে শেখেন, আলো-আঁধারির কিয়েরোস্কুরো (Chiaroscuro) শৈলীর সঙ্গে পরিচিত হন, যার ফলে ছবিতে পার্সপেক্টিভ রচনা সম্ভব হয়। স্বাভাবিকভাবেই তৎকালীন অন্যান্য তৈলচিত্রের মতো জগদ্ধাত্রীর ছবিতেও এই নতুন শেখা মাধ্যমের প্রাথমিক ভুলভ্রান্তিগুলি চোখে পড়ে। উপরের ছবিতে পার্সপেক্টিভ নির্মাণের চেষ্টা স্পষ্টতই বোঝা যায়। পূজারি ও বাবুর অবয়বের সামনে দেবীমূর্তি বিরাজমান। পটচিত্রে যে দ্বিমাত্রিক দেবদেবী অঙ্কনের রীতি ছিল, তার বদলে নিখুঁত না হলেও একভাবে ত্রিমাত্রিক বাস্তবতাবাদী ছবির মানবদেহের গড়নে জগদ্ধাত্রীর অবয়ব আঁকা হয়েছে। তার সঙ্গে জুড়েছে কাঁচা হাতের আলো-আঁধারির খেলা। অর্থাৎ, জগদ্ধাত্রীর আইকনোগ্রাফি উনিশ শতকে শৈল্পিক পরীক্ষা-নিরীক্ষার এক আদর্শ বিষয় হয়ে ওঠে। একদিকে ইউরোপ থেকে আগত নতুন শিল্পকৌশল, অন্যদিকে বাংলার লোকায়ত দেবদেবীর পুরাণকথা, উভয়ের যৌথ প্রকাশরূপে উঠে আসে বাংলার আদি তৈলচিত্র। বিশেষত, দুর্গা বা কালীর থেকেও জগদ্ধাত্রীর আইকনোগ্রাফি একজন শিল্পীকে এই পরীক্ষা-নিরীক্ষার অধিক সুযোগ দিত। দুর্গা ও কালীর চিত্র অঙ্কনে পরীক্ষার-নিরীক্ষার সুযোগ কম, কারণ জনপরিসরে ইতিমধ্যে তাদের লোককথা ও ছবি প্রতিষ্ঠিত। কিন্তু জগদ্ধাত্রী বিষয়ক লোককথা ও চিত্রের প্রচলন তখনও অবধি কলকাতার জনপরিসরে ততটা ছিল না। নিচে হাতি, তার ওপরে সিংহ ও সবার উপরে দেবী জগদ্ধাত্রীর অধিষ্ঠান– এই ত্রিস্তরীয় উপস্থাপনা একজন শিল্পীকে পার্সপেক্টিভ, আলো-আঁধারি নির্মাণ ও বিভিন্ন প্রকার শারীরিক অবয়বের বাস্তবধর্মী চিত্র অঙ্কনে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ করে দেয়। তবে এহেন শৈল্পিক গবেষণা কেবল তৈলচিত্রে সীমিত ছিল না। পট ও প্রিন্টের জগদ্ধাত্রী বিষয়ক ছবিগুলিতেও সমান পরীক্ষা-নিরীক্ষার ছাপ চোখে পড়ে।

কালীঘাট পটের বিষয় হিসেবে জগদ্ধাত্রীর প্রতিকৃতি উঠে আসা আসলে এক প্রকার সামাজিক বিবর্তনের নজির। সমকালীন কলকাতার যেসব বনেদিবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু হয়, তার সংলগ্ন লোকালয়ের মানুষ সেসব পুজোয় অংশগ্রহণ করতেন। বনেদিবাড়ির ঐশ্বর্যের আশ্চর্য প্রদর্শন তাদের কাছে পুজোর অন্যতম মূল আকর্ষণ ছিল। ক্রমে বাড়ির বাইরে পাড়ায় পাড়ায় সাধারণ মানুষ বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর আয়োজন শুরু করে। আমরা যদি কলকাতার বারোয়ারি জগদ্ধাত্রী পুজোগুলির অবস্থান লক্ষ করি, তাহলে দেখব, তার অধিকাংশই এই বনেদিবাড়িগুলির আশেপাশের অঞ্চলে শুরু হয়েছিল। এমনকী এখনও শহর কলকাতার সবচেয়ে বেশি বারোয়ারি জগদ্ধাত্রী পুজো আয়োজিত হয় উত্তর কলকাতার নারকেলডাঙ্গা, মানিকতলা, কলেজ স্ট্রিট, কিংবা বিডন স্ট্রিট অঞ্চলে, যেখানে প্রথম বনেদি পুজোগুলি শুরু হয়। দুর্গাপুজোর মতো না হলেও, বারোয়ারি পুজোগুলির হাত ধরে জগদ্ধাত্রী পুজো নাগরিক জনপরিসরের উৎসবে পরিণত হয়। ফলত, মধ্য উনিশ শতকে সামাজিক ও ধর্মীয় পরিসরের এই পরিবর্তন লক্ষ করা যায় আর্ট বাজারেও। চাহিদার উত্তরোত্তর বৃদ্ধির দরুন জগদ্ধাত্রী বিষয়ক সস্তা কালিঘাট পট ও বটতলার প্রিন্ট শহর কলকাতার আর্ট বাজার দখল করে।

zoom
‘দুর্গা ও জগদ্ধাত্রী’ (১৮৩০)। কালীঘাট পট, শিল্পী অজ্ঞাত

ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামের সংগ্রহে এরকম একাধিক জগদ্ধাত্রী বিষয়ক কালীঘাট পট লক্ষ করা যায়। এছাড়াও লন্ডনের ইউস্টন রোডে অবস্থিত ওয়েলকাম কালেকশনের আর্কাইভেও এই ধরনের পট চোখে পড়ে। ভারতের ডিএজির সংগ্রহে একাধিক জগদ্ধাত্রী পট রয়েছে। তৈলচিত্রের জগদ্ধাত্রীর সঙ্গে এর প্রধান পার্থক্য হল অঙ্কনশৈলী ও অর্থনীতির। বাবুরা তৈলচিত্রের জন্য বরাত দিতেন, ফলত সেখানে শিল্পীর পারিশ্রমিক ও সময় কালীঘাটের পটুয়াদের থেকে অনেক বেশি। তৈলচিত্রের শিল্পীরা নতুন ইউরোপীয় শৈলী নিয়ে চর্চা ও ব্যবহারিক গবেষণার সময় পেতেন, কিন্তু পটুয়াদের সে-সময় কিংবা সংস্থান কোনওটাই ছিল না। পটুয়ারা বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কালীঘাট চত্বরে এসে খুব কম সময়ে বিক্রির উপযোগী জগদ্ধাত্রী পট আঁকতেন। জগদ্ধাত্রীর অবয়ব সেক্ষেত্রে দ্বিমাত্রিক। খুবই সাধারণ কাগজের ওপর জলরঙের ব্যবহারে এই পটগুলি আঁকা। কখনও বিশেষ ছোঁয়া হিসেবে তারা দেবীর অলংকার চিত্রণে রুপোর জল ব্যবহার করতেন। যেমন লক্ষ করা যায় উল্লেখিত ‘দুর্গা ও জগদ্ধাত্রী’ (১৮৩০) নামক পটে। এখানে ইউরোপীয় অ্যাকাডেমিক রিয়ালিজম কিংবা কিয়েরাস্কুরো রীতির কোনও ছোঁয়া নেই। সিংহের মুখ কখনও মানুষের মতো, কখনও-বা বেড়াল কিংবা ঘোড়ার মতো। এই কালীঘাট পটগুলি কীভাবে উনিশ শতকের কালীঘাটের বাজার থেকে বর্তমানে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন মিউজিয়ামের সংগ্রহে স্থান পেল, শিল্পের সেই ‘সারকুলেশন’ এবং ‘আফটার লাইফ’ নিয়ে বিস্তারে অন্য একদিন আলোচনা করা যাবে।

zoom
হেমচন্দ্র দাসের প্রিন্ট ‘কালী ও জগদ্ধাত্রী’, আনুমানিক ১৮৫০–১৮৭০ সাল

আঠেরো শতকের শেষভাগে কলকাতায় প্রিন্টিং প্রেসের আগমন ঘটে। উনিশ শতকের একেবারে শুরুর দিকে শোভাবাজার ও চিৎপুর অঞ্চলে বাঙালিদের উদ্যোগে একাধিক ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। ১৮২০-এর দশক থেকে এখানে সস্তা দামের বই ও কাঠখোদাই (Woodcut) চিত্রের ছাপার কাজ পুরোদমে শুরু হয়ে যায়, যা পরবর্তীকালে বটতলার প্রিন্টিং ইকোসিস্টেম-রূপে আত্মপ্রকাশ করে। অন্যান্য বিভিন্ন দেবদেবীর মতো জগদ্ধাত্রীর ছবিও বটতলার প্রিন্টিং প্রেসগুলি থেকে ছাপা হতে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, হেমচন্দ্র দাস প্রণীত ‘কালী ও জগদ্ধাত্রী’ (আনুমানিক ১৮৫০–১৮৭০ সাল) ছবিটি। একটি বড় কাগজের ওপর দু’টি ধাতব পাত বসিয়ে ছবিটি ছাপা হয়েছে। কালো কালির রিলিফ প্রিন্টের ওপর জলরঙের ব্যবহার সহজেই লক্ষ করা যায়। এখানে কালী (বিনাশ) ও জগদ্ধাত্রী (ধারণ) একে অপরের পরিপূরক শক্তিরূপে প্রতিভাত। উভয় দেবী মূর্তির নেপথ্যে চালচিত্রকে কল্পনা করা হয়েছে তৎকালীন ব্রিটিশ কলকাতার কাস্ট আয়রনের স্থাপত্যসজ্জার আদলে। ভিক্টোরিয়ান ধাঁচের খাঁজকাটা খিলানগুলি সরু, কারুকাজ করা স্তম্ভের ওপর স্থাপিত। এই প্রিন্টটি বর্তমানে ‘দ্য মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট’-এর (নিউ ইয়র্ক) সংগ্রহে রয়েছে।

zoom
‘ক্যালকাটা আর্ট স্টুডিও’তে মুদ্রিত দু’টি লিথোগ্রাফ; প্রকাশকাল ১৮৭৮ থেকে ১৮৮৩ সাল

উনিশ শতকের মধ্যভাগ থেকে নতুন উদ্যোগপতিরা চিৎপুর অঞ্চলের অদূরে উত্তর কলকাতার কলেজ স্ট্রিটে ছাপাখানা স্থাপন করতে শুরু করেন। এর মধ্যে অন্যতম হল তৎকালীন ১৮৫, বউবাজার স্ট্রিটে অবস্থিত ক্যালকাটা আর্ট স্টুডিও। ১৮৭৮ সালে অন্নদাপ্রসাদ বাগচী তাঁর চারজন ছাত্র নবকুমার বিশ্বাস, ফণীভূষণ সেন, কৃষ্ণচন্দ্র পাল ও যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নিয়ে এই লিথোগ্রাফিক প্রেস স্থাপন করেন। জগদ্ধাত্রী বিষয়ক যে সমস্ত মুদ্রিত ছবি আজও দেশ-বিদেশের বিভিন্ন মিউজিয়ামের সংগ্রহে রয়েছে, তার অধিকাংশই এই ক্যালকাটা আর্ট স্টুডিও থেকে ছাপা। লোকায়ত পরিসরে জগদ্ধাত্রী বিষয়ে অনেকগুলি মিথ জনপ্রিয়। একটিতে দেবী হস্তিরূপী করিন্দ্রাসুরের (মহাগজাসুরের) বধ করেন, অন্যটিতে অসুর বধে তাদের সাফল্যের দরুণ স্বর্গের দেবতাদের মধ্যে যে অহং বোধের জন্ম হয়েছিল, তাকে পরাস্ত করার জন্য মহামায়া জগদ্ধাত্রীরূপে আবির্ভূত হন। বাংলার আপন শৈল্পিক ছোঁয়ায় দেবতাদের সেই অহংকার মস্তকছিন্ন হস্তিরূপে দেবীর পায়ের কাছে স্থান পায়। ক্যালকাটা আর্ট স্টুডিও থেকে মুদ্রিত ছবিগুলিতে এই সমস্ত গল্পই লক্ষ করা যায়। উপরের প্রথম ছবিতে দেবীর পদতলে একটি রাজকীয় হস্তি বিরাজমান, যা দেবতাদের অহংকারের পরাজয় ঘোষণা করে। তবে দ্বিতীয় ছবিটি সম্পূর্ণ অন্য কাহিনি বলে।

অন্য একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী, কালীর গায়ের রং নীল হওয়া নিয়ে শিব পরিহাস করলে, কালী এক উজ্জ্বল গৌরবর্ণা তরুণীর রূপ ধারণ করেন। তখন নতুনরূপে দেবীকে চিনতে ব্যর্থ শিব স্ত্রীর বিরহে কাতর। উমা সে-সময় জগদ্ধাত্রীরূপে শিবের গলায় একটি সাপ জড়িয়ে দেন, যা থেকে শিব জগদ্ধাত্রীকে চিনতে পারেন। এবার ক্যালকাটা আর্ট স্টুডিওর দ্বিতীয় ছবিটি লক্ষ করা যাক। এখানে জগদ্ধাত্রীর বাম কাঁধের ওপর সে-কারণে একটি সাপ দৃশ্যমান। দেবী ও শিবের পারস্পরিক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় ছবির পটভূমিতেও। এই ছবিতে জগদ্ধাত্রীকে মণ্ডপে নয়, বরং শিবের আবাস কৈলাস পর্বতে স্থাপন করা হয়েছে। ছবিতে ছাপার হরফে বাংলা, ইংরেজি ও হিন্দি তিনটি ভাষায় জগদ্ধাত্রী লেখা হয়েছে, যা আমাদের তৎকালীন কলকাতার বহুভাষিক জনপরিসরের একটি আভাস দেয়। এর থেকে এ-ও বোঝা যায় যে, ঠিক কোন ভাষাভাষীর মানুষ এই লিথোগ্রাফগুলি সে-সময় কিনছিলেন। নিচে রয়েছে ছাপাখানার নাম ও ঠিকানা, এবং তার পাশাপাশি কপিরাইটের সতর্কবার্তা, যা পূর্বতন তৈলচিত্র বা পটগুলিতে চোখে পড়ে না।

zoom
জগদ্ধাত্রী, অফসেট প্রিন্ট, উনিশ শতকের শেষভাগ। শিল্পী অজ্ঞাত

এই আলোচনা শেষ করব উনিশ শতকের মধ্যভাগের আরেকটি প্রিন্ট দিয়ে। উপরের ছবিটি একটি জগদ্ধাত্রী বিষয়ক অফসেট প্রিন্ট, যার ওপর জলরং ব্যবহার করা হয়েছে। ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে, দেবী জগদ্ধাত্রী এখানে প্রচলিত বিশ্বাস অনুসারে পদ্মের ওপর অধিষ্ঠিত, সঙ্গে তাঁর বাহন সিংহ। দুই পাশে জয়া ও বিজয়া। তবে চারটির বদলে জগদ্ধাত্রীর আটটি হাত। এমনকী চালচিত্রের আদলে রয়েছে একাধিক ইউরোপীয় মোটিফ। চালচিত্রের গড়ন ব্রিটিশ কলকাতার সরু স্তম্ভ ও খিলানবিশিষ্ট বাড়িগুলির সম্মুখভাগের মতো। একেবারে ওপর রয়েছে দু’টি সিংহ ও একটি ঘড়ি এবং তার দু’পাশে বাঁশি হাতে ডানাওয়ালা দুই দেবশিশু, ‘চেরাবস্’। এমনকী, জয়া ও বিজয়ার মতো লৌকিক চরিত্রকেও ইউরোপীয় নারীদের মতো গাউন পরানো হয়েছে, হাতে চার্চে ব্যবহৃত গ্লাস-ক্যান্ডেল। অর্থাৎ, বিষয়বস্তু বাংলার লোকায়ত পরিসর থেকে নেওয়া হলেও সমকালীন কলকাতার ফ্যাশন ও বৃহত্তর ইউরোপীয় সংস্কৃতির প্রতি টান সহজেই এই প্রিন্টগুলিতে লক্ষ করা যায়। বাণিজ্যিক উদ্দেশ্যে প্রিন্টিং প্রেসগুলি তাই ছাপছিল, যা সে-সময় লোকে কিনবে। ফলত, উনিশ শতকের কলকাতার তৈলচিত্র, পট কিংবা প্রিন্টের জগদ্ধাত্রী ছবি, কেবল ছবি নয়, বরং ধর্মীয় বিশ্বাস ও কলকাতার সমকালীন সামাজিক চিন্তাধারার শৈল্পিক উপস্থাপনা।

ছবি ঋণ: দ্য মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট, ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম, ওয়েলকাম কালেকশন, ডিএজি এবং বনহ্যামস্।

Anandamath Bankim Chandra Chattopadhyay Bengal Art and Culture Bengal Heritage Bengali Culture Bengali Traditions Indian Art Ishwar Chandra Vidyasagar Jagaddhatri Jagaddhatri Puja Kalighat Patachitra Religious Art Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Traditional Craftsmanship Traditional Festivals

Share this article on