‘কুয়োতলা’ উপন্যাসে শক্তি চট্টোপাধ্যায়ের গদ্য আর পদ্যের মধ্যরেখা আবছা হয়ে আসে প্রায়ই। ‘কুয়োতলা’-র জন্য তিনি খুঁজে নিচ্ছিলেন বালকের ইন্দ্রিয়ময়তা প্রকাশের সেই গদ্যভাষা, যা আড়াল আর উন্মোচনের মাঝখানে কাজ করে যায় কবিতা-সুলভ উপমা-রূপকে, কোনওরকম ‘লিটেরারি স্টিরিওটাইপস’ ছাড়াই। তীব্র, ইমেজ-সমৃদ্ধ ওই গদ্য কোনও পরিকল্পিত নির্মাণের থেকে অনেক বেশি অন্তর্গত সৃষ্টির বিস্ফোরণ মনে হয়।
শক্তি চট্টোপাধ্যায়ের গদ্যের প্রথম বই ‘কুয়োতলা’ (রচনাকাল: ১৯৫৬-’৫৭, প্রকাশ: ১৯৬১) বালক নিরুপমের বয়ঃসন্ধির যে অভিজ্ঞতা ঘিরে, তার পরতে পরতে লগ্ন হয়ে থাকতে পারে তাঁর নিজেরই বাল্য। দক্ষিণ চব্বিশ পরগনার বহড়ু গ্রাম, যা এ কাহিনির পটভূমি– সেখানেই কেটেছে শক্তির ছেলেবেলা; প্রধান চরিত্র নিরুপমেরও। শক্তির কবিতার মতো তাঁর গদ্যেও একটা জটিল আত্মপ্রক্ষেপ থাকবে, সে-ও সত্যি। তবে আরও বেশি সত্যি সেই কথাটা– যা তিনি নিজে ‘কুয়োতলা’ সম্পর্কে বলছেন: ‘বিষয়টা ছিল কিম্বা কোনো প্রকৃত বিষয় ছিল না– একটা ছোট্ট পাকা ঝিঁকুর ছেলে আর তার পরিপার্শ্ব। তার দুটো ডাগর চোখ, যা কখনোই সরল বিভূতিভূষণের মতো শুদ্ধ ও সামগ্রিক নয়– বেশ তেড়াবেঁকা, একবগ্গা, নষ্ট আর পচধরা, যা ওর নিরুপম নামের সঙ্গে মেলে না…।’ (‘গদ্যের গার্হস্থ্যে’, গদ্যসংগ্রহ, প্রথম খণ্ড)। ওই একই বছরে প্রকাশিত তাঁর পদ্যেরও প্রথম বই ‘হে প্রেম হে নৈঃশব্দ্য’; প্রখর ইন্দ্রিয়তা, মৃত্যুচেতনা আর জীবনানন্দীয় ঘোর মিলিয়ে নিয়ে তাঁর কবিতা-ভাষা আলাদা করে চিনতে শুরু করেছে পাঠক। আশ্চর্য নয় যে, ‘কুয়োতলা’ উপন্যাসে তাঁর গদ্য আর পদ্যের মধ্যরেখা আবছা হয়ে আসে প্রায়ই।

বহড়ুর ঘর-দোর-উঠোন-বাগান, কুয়োতলা, পুকুর-ভরা ডেমরেল মাছ, লক্ষ্মীকান্তপুর আর শিয়ালদার মাঝখানের ‘ইস্টিশন’ ঘিরেই নিরুপমের বেড়ে ওঠা। তার দেহ-মনের জেগে ওঠা। ‘দুশ্চরিত্র’ বাবার থেকে দূরে রাখতে বালককে নিজের কাছে এনে রেখেছেন কবিরাজি চিকিৎসক মাতামহ, সঙ্গে ঘরসংসার সামলান বিধবা টাকুমাসি, বাকি নারী-পুরুষ চরিত্র কাছে-দূরে আসে যায়। নানা বয়সের নানা চরিত্রের আপাতবিরোধী বিচিত্র প্রবণতা নিরুপমের স্পর্শাতুর মনে জাগিয়ে দেয় দ্বিধা-সংশয়, কৌতূহল, অভিমান। চারপাশের বাস্তবতা তার ইন্দ্রিয় আর চেতনায় আঘাত করে। তার অসুখ তাকে করেছে নিঃসঙ্গ, অসুখ না-থাকলেও সে নিঃসঙ্গ। একটা প্রান্তিকতার বোধ আর আত্মগ্লানি নিয়ে তার মনোভুবন হয়ে উঠছে ত্রস্ত, গোপন, ছায়াময়। তার ছন্নছাড়া জীবন তাকে আলো-অন্ধকারে চলতে শিখিয়েছে, তাকে করেছে এক ‘বার্ধক্যপীড়িত বালক’, যে আত্মরতি আর আত্মকরুণার মাঝখানে দাঁড়িয়ে কেবলই নিজেকে খোঁজে। শুধু অপুর সঙ্গেই নয়, শঙ্খ ঘোষের ‘সুপুরিবনের সারি’ অথবা ‘সকালবেলার আলো’-র নীলুর সঙ্গেও তার এইখানে মেলে না।

২৩-২৪ বছরের তরুণ কবি শক্তির এই প্রথম আখ্যান যে গড়ে উঠবে বহড়ু ঘিরেই, এ-ও আশ্চর্য নয়– দুর্মর পিছুটান তাঁর সত্তায়। ওই সময়ে পদ্যের পাশাপাশি তিনি গদ্যও লিখছেন, ‘কৃত্তিবাস’ পত্রিকার জন্য যেমন, স্বেচ্ছায় বা ফরমাশে, স্বনামে বা ‘রূপচাঁদ পক্ষী’ ছদ্মনামে। ‘জনসেবক’ রবিবাসরীয়র জন্য তিনি লিখলেন ‘কলকাতা’, যার মধ্যে ‘কুয়োতলা’-র ‘পরবর্তী আখ্যান অল্পবিস্তর ছিল’, নিজেই বলেছেন, আর তাঁর গদ্যে ‘বিষয়গুলো প্রায় পদ্যের পড়শি, তাকে প্রয়োজনমতো গপ্পাকার দেওয়া’। খুবই স্বাভাবিক যে, ‘কুয়োতলা’-র জন্য তিনি খুঁজে নিচ্ছিলেন বালকের ইন্দ্রিয়ময়তা প্রকাশের সেই গদ্যভাষা, যা আড়াল আর উন্মোচনের মাঝখানে কাজ করে যায় কবিতা-সুলভ উপমা-রূপকে, দ্ব্যর্থকতায়, কোনওরকম ‘লিটেরারি স্টিরিওটাইপস’ ছাড়াই। তীব্র, ইমেজ-সমৃদ্ধ ওই গদ্য কোনও পরিকল্পিত নির্মাণের থেকে অনেক বেশি অন্তর্গত সৃষ্টির বিস্ফোরণ মনে হয়।
‘দোখনে’ পটভূমি নিয়ে এই যে বহড়ু গ্রামের পুনর্নির্মাণ, সে তো কেবল স্থানিক নয়, সমগ্রভাবেই একটা মানসিক পরিসর, যেখানে নিরুপমের পরিচয় হয় আপাত-বিসদৃশ অসংলগ্ন ‘বড়দের’ পৃথিবীর সঙ্গে। তার প্রতি মাতামহের স্নেহ তার দখলদারির মতো লাগে, বাবার প্রতিও তার বিতৃষ্ণা। পুরুষের সঙ্গ-ব্যাকুল মাসি তার কাছে অন্ধকার রহস্যময়, স্বামী-পরিত্যক্তা সবিতাদির ভালোবাসাও তাই, অথবা পায়ে কুষ্ঠ-চিহ্ন, কিশোরী শামলি তার ‘বন্ধু’ হয়েও আধো-চেনা যেন। দুমড়ে-যাওয়া শরীরের ‘হাদ্দা’ নিরুপমকে গাছগাছালি চেনায়, বুড়ো চাষি হৈদর তাকে শেখায় গাছে আঘাত করলে তার ‘বুকি লাগে’, অথবা ‘মরামরা একধরণের রূপসী বিবিজান– তাই দেইকে মরতি রানন্দই হয়!’ চরিত্রের পর চরিত্র, দৃশ্যের পর দৃশ্য, মৃত্যুও বহুরূপ– সাহেবদের মতো রং, কাঁটাওয়ালা জুতো পরে ফুটবল-খেলা গগ্নামামার মৃত্যু ‘একমত্তকে’, বিড়ালের কামড়ে সহপাঠী অনুতোষের। শক্তি নিরুপমের দৃষ্টিতেই যেন দেখে নিচ্ছিলেন দেহ-মন, ঘর-বাহির, প্রেম-অপ্রেমের দ্বৈধ চরাচর জুড়ে; অনন্ত দ্বন্দ্বময়তা তাঁর কবিতাকেও চিহ্নিত করছিল শুরু থেকেই।

নিরুপমের আত্মমগ্ন ভুবন, যেখানে নিজেরই সঙ্গে তার কথা অনর্গল, সে-ও তো স্পষ্ট-অস্পষ্টের মাঝখানে। কখনও দাদু/ মাসি/ শামলির সঙ্গে তার দ্বিরালাপও শোনায় যেন আত্মবিলাপ– বালকের বিকল্প সত্তাকেই কি নানা চরিত্রের মধ্যে ভাগ করে দেখছেন শক্তি? ‘আমি যত্নে বেড়ে উঠব না, অযত্নে-অপমান-অমর্যাদায় বেঁচে থাকব কেবলমাত্র… আমি নোংরা, মানহীন, পাপময় জায়গায় ফুটতে ফুটতে পরিণত হবো হয়তো, আমার ভাগ্যলিপিই তাই’– নিরুপম বলে তার মাসতুতো বোন মুকুটকে, হয়তো নিজেকেই! তার অসুখের বিবরণগুলিও আখ্যানে জুড়েছে; শক্তির কবিতা-সুলভ গাঢ় বিষাদময়তা, একটা আচ্ছন্নতার মুদ্রাও। ‘কুয়োতলা’ শক্তির ‘আত্মজীবন’ নয় সেই অর্থে, তবু নিরুপম কী দুর্মরভাবে অতীত-লগ্ন, অস্থির একটা সত্তাই হয়ে ওঠে তাঁর? বছর কয়েক পরেই তো তিনি ‘ঝাউয়ের ডাকে’ কবিতায় লিখবেন–
‘এখন নিথর রাত্রিবেলা
জলের ধারে কেবলি হয় জলের খেলা
অবর্তমান তোমার হাসি ঝাউয়ের ফাঁকে
আমায় গভীর রাত্রে, ডাকে
ও নিরুপম ও নিরুপম ও নিরুপম…’
শক্তি বলছেন, ‘গল্প আমি যখন যেমন যেমন-তেমন লিখতে পারি না। ব্যাপারটা আমার পদ্য লেখার মতন… সচরাচরকে ধুয়ে-মুছে ফেলে অলৌকিককে টেনে আনা।’ আদতে বিপুল এক বিমূর্ততাই ‘কুয়োতলা’ জুড়ে, প্রথম সংস্করণে পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়ের আঁকা প্রচ্ছদেও পরাবাস্তবতা। ‘ইটের রঙের নয়, গৃহস্থ রঙের বাড়ি’, ‘ছাতটার মৃত্যু হচ্ছে’, ‘সুপুরি বড়ো অনুপস্থিত গাছ’-এর মতো গূঢ় বাক্প্রতিমা, অথবা গাছ, শিকড়, অন্ধকার বা কুয়োর রূপক এই গদ্যকে পদ্যের ‘পড়শি’ করে তুলছে সারাক্ষণ, ‘সচরাচর’ হয়ে উঠছে ‘অলৌকিক’। ছোট, সংহত লাইনের মধ্যেই ঢুকে পড়ে ছন্দিত দীর্ঘ বাক্যবন্ধ, যেন অবধারিতভাবেই। ‘তার তৎপর, শিক্ষিত পা দুটি দৃঢ়ভাবে এই অমোঘ শোভার বুকের মাঝে বসে যাওয়ার ফলে, যে-শোভা একাকিনী, তার তৃষ্ণা বাঘের রক্তপানের মতো উদগ্র কামনায় ওর মাত্র পা দুটিকেই প্রিয়ের মতো আঁকড়ে ধরে রাখল।’ মনে পড়ছে তাঁর বহু-চর্চিত ‘বাঘ’ কবিতাটি, আর সমগ্রভাবেই, সেই ঘন ইন্দ্রিয়তা আর প্রাকৃতিকতা যা অন্তঃশীল তাঁর পদ্যেও।

চলতি শব্দের ফাঁকে-ফাঁকেই সাধু শব্দের যে দ্বিধাহীন প্রয়োগ, শুরুতে অনেকটাই জীবনানন্দের প্রভাবে, শক্তির কবিতাকে দিয়েছিল একটা প্রসন্ন ‘গুরুচণ্ডালী’, গদ্যেও ঘুরে-ঘুরে আসে। ‘এক গভীর রাত্তিরে (নিরুপম) মাসি-সমভিব্যাহার বাদামতলা পর্যন্ত গিয়েছিল’, ‘সূর্য ও সূর্যরশ্মি ক্রমে সংগ্রথিত হয় পশ্চিমদিকে’, ‘সহসা, পলকমাত্রে, কোদালে-মেঘে ভরে যায় আকাশ, ধীরে ধীরে পারিপার্শ্বিক উতল হয়’, অথবা ‘বিশ্ব-জাঙালের রুজুরুজু অসীম শূন্যতা’ কি পাঠককে কবি শক্তির দিকেই এগিয়ে দেয় না? একইসঙ্গে ‘নিনড়’, ‘ইল্লুতে’, ‘বেজগে’, ‘সেলপো’, ‘পেতেন’, ‘করুচকুনে’-র মতো অজস্র আঞ্চলিক শব্দ, কথ্যবুলি, আর আকন্দ-ধুতুরা-বাসকলতা-ঢোলকলমি মিলিয়ে নিয়ে এই লোকজ জীবনের পরিসর। যেন কবি শক্তি এখনই বলে উঠবেন–
‘চলো যাই, রোদ্দুর পা উঠিয়েছে, এখানে
লাঙলের ফালে উঠছে মাটি, এখানে
তেমন পরিপাটি মানুষ কেউ নেই, আদুল
গায়ে লোক চলছে-ফিরছে, আলো
বাতাসের মতো সহজ স্বাভাবিক…’ (‘এইটুকু তো জীবন’)
‘কুয়োতলা’ শেষ হয় আশ্চর্য আত্মদর্শন দিয়ে, যার বহুপাঠ সম্ভব। শুরু থেকেই ভালোবাসা, সম্পর্ক নিয়ে ‘পাকা ঝিঁকুর ছেলে’-র সংশয়, তবে ঘটনাচক্র/ নিয়তি ক্রমশ এই উপলব্ধির দিকে তাকে চালিত করে যে, সে যাকেই ভালোবাসবে, তারই হবে ক্ষতি, মৃত্যু এমনকী– সবিতাদি, হাদ্দা, শামলি। এর পরেই সেই ‘অপমানময় বিপর্যস্ততা’– পাটনায় বাবার আত্মহত্যার উপলক্ষে সে জেনে যায় আদৌ সে তাঁর সন্তান নয়! এখন আঘাতই খুলে দিচ্ছে তার করুণার উৎসমুখ– প্রয়াত বাবা, এমনকী মাতামহ, টাকুমাসির প্রতিও তার বিরাগ আবছা হয়ে আসে। একই সময়ে, প্রায় নিয়তির মতোই, মাতামহের মৃত্যু, মাসিরও বিদায়, আত্মহত্যার ইঙ্গিতে। ‘অনন্ত কুয়োর জলে চাঁদ পড়ে আছে’ দেখেছিলেন যে কবি, তাঁর কাহিনি কুয়োতলাতেই শেষ হল– বোধ, বেদনা, আক্ষেপ একাকার করে। টাকুমাসির দিয়ে-যাওয়া ‘রুমাল বাঁধা পুঁটলি’ কুয়োর গভীরে ফেলে দেয় নিরুপম– ‘নিরুর অন্তঃকরণে এক অপরিসীম শূন্যতা জাগে, সেই প্রিয়তম শূন্যতা বুকে করে সম্পর্কহীন, নষ্ট, নীচ, শয়তান, জন্মদুষ্ট নিরুপম নতজানু হয়ে বসে।’ অমোঘ, রহস্যময় জীবনের সামনেই কি এই জানু পেতে বসা?
কেবলই কোনও যাওয়ার কথায় ভরে থেকেছে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, শুরু থেকেই, আর যেতে-যেতে পিছন ফিরে তাঁর তাকানো–
‘সব দিকেই যাওয়া চলে
অন্তত যেদিকে গাঁ-গেরাম-গেরস্থালি
পানাপুকুর, শ্যাওলাদাম, হরিণমারির চর–’

শঙ্খ ঘোষ বলেছিলেন, ‘গ্রাম দিয়ে তাঁর কবিতা ভেঙে দিতে চেয়েছিল শহর। প্রাণ দিয়ে তা ভেঙে দিতে চেয়েছিল মৃত্যু। বাল্য দিয়ে, বালকবয়স দিয়ে, তা ভেঙে দিতে চেয়েছিল বুড়ো-হয়ে-যাওয়া জীবন।’ (‘এই শহরের রাখাল’, দেশ পত্রিকা, মে, ১৯৯৫) ‘কুয়োতলা’-র নিরুপমের আখ্যান ওই লাইনগুলিই ফিরিয়ে দেয় আমাদের। এর পরেও নিরুপমের কাহিনি এগিয়েছে– ‘আমি চলে যাচ্ছি’, ‘হৃদয়পুর’, ‘নিরুপম একাকী’ নামের গদ্যে। শক্তির বিপুল কবি-খ্যাতির কারণেই হয়তো ‘কুয়োতলা’ প্রায়-অলক্ষে ছিল সমকালে, তবে আলো-অন্ধকারের দ্বন্দ্বে, সংঘাতে, নিরুপম এই যেভাবে এগিয়ে যায় বয়ঃসন্ধির দিকে– তার অন্তহীন বিলাপ, বিচ্ছেদের আঘাত নিয়ে, তার অভিঘাত আজও তীব্র।
………………..
রোববার.ইন-এ পড়ুন উমা চট্টোপাধ্যায়-এর অন্যান্য লেখা
………………..
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved