

বহু বছরের অবহেলা, সমন্বয়ের গাফিলতি ও আধুনিকীকরণের অভাব আমেরিকার আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে এভাবে ভঙ্গুর করে তুলেছে। প্রযুক্তি আধুনিকীকরণের যে সব চেষ্টা হয়েছে তা খাপছাড়া, অসম্পূর্ণ। প্রযুক্তিগত ভাবে মার্কিন সরকারি পরিকাঠামো এই যুগেও কতটা ঠুনকো এই সব ঘটনাই তার প্রমাণ। এই পরিস্থিতিতে মার্কিন বিমান ব্যবস্থার ওপর হাজার হাজার আমেরিকাবাসী চূড়ান্ত ক্ষুব্ধ। সেই অব্যবস্থা আর ক্ষোভের ছবিই আজ সারা দুনিয়া দেখছে।
শনিবার সকালে নিউ জার্সি থেকে বন্ধুর ফোন। চার দশকের ওপর মার্কিন প্রবাসী। রোজই প্রায় নানা বিষয়ে কথা হয়। এদিন রীতিমতো উদ্বেগের সঙ্গে বলল, আমেরিকায় প্লেনে চড়া আর নিরাপদ নয়। ততক্ষণে অবশ্য খবরে ছয়লাপ, মার্কিন সময় শুক্রবার বিকেল থেকে কয়েক ঘণ্টা ধরে দেশ জুড়ে উড়ান পুরোপুরি বিপর্যস্ত। কালান্তক সেই ৯/১১ এবং ২০২৩-এর জানুয়ারির পর এই নিয়ে তৃতীয়বার আমেরিকার বিভিন্ন শহরে বিমান চলাচল ব্যবস্থা এভাবে থমকে গেল। রাতের দিকে বিমান চলাচলে নিষেধাজ্ঞা উঠে গেলেও ‘Flight Aware’ বা ‘Flightradar24’ অ্যাভিয়েশন ট্র্যাকারের ডেটা অনুযায়ী, ততক্ষণে ১১ হাজারেরও বেশি উড়ান বিলম্বিত বা বাতিল। এর জেরে বিমান চলাচল স্বাভাবিক হতে কয়েকদিন লেগে যাবে। নানা বিমানবন্দরে আটকে-পড়া অসহায় যাত্রীর সংখ্যা ১৫ লাখ। মার্কিন পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, পুরনো প্রযুক্তিগত ত্রুটির জন্যই আকস্মিক বিপর্যয়! এমন ঘটনা আবারও ঘটতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। চলতি পরিস্থিতিকে তিনি একটি ‘জরুরি অবস্থা’ বলে বর্ণনা করেছেন। অবশ্য হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কওয়েন মুলিন প্রাথমিক তদন্তে অন্তর্ঘাত বা দুরভিসন্ধিমূলক কোনও সাইবার হানার শঙ্কা উড়িয়ে দিয়েছেন। তবে প্রচলিত প্রযুক্তির সঙ্গে তড়িঘড়ি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংযোগ ঘটাতে গিয়েই এমন বিভ্রাট, এমন অভিযোগও শোনা যাচ্ছে।
মাইক্রোসফটের বিশ্বব্যাপী আউটেজ এবং আমেরিকার বিমান চলাচল ব্যবস্থা সাময়িকভাবে ভেঙে পড়া– পরপর দু’দিনের মধ্যে বিরাট এই বিপর্যয়ের নেপথ্যে রয়েছে অতিরিক্ত চাপে ভেঙে পড়া প্রযুক্তিগত পরিকাঠামো। এ কি নিছকই কাকতালীয়, না কি সত্যিই অন্য আরও বড় কিছু বিপর্যয় ঘটার মহড়া?

কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকার হলটা কী? দীর্ঘকালের প্রবাসী বাঙালি আমেরিকায় বিমান-ভ্রমণে শঙ্কিত। ট্রাম্প প্রশাসনের স্বীকারোক্তি, পুরনো প্রযুক্তি। ভাবা যায়, প্রযুক্তির ‘শীর্ষে’ বলে বড়াই করা খোদ আমেরিকাতেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এতদিন ধরে ব্যবহার হয়ে আসছে ফাইবার অপটিকসের ডিজিটাল নেটওয়ার্কের বদলে তামার তার-নির্ভর পুরনো অ্যানালগ রাউটার, সুইচ ইত্যাদি। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা জানিয়েছে, শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে রাউটারের ত্রুটির রেশ ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে বিমান চলাচলের টেলিকমিউনিকেশন সিস্টেমে গুরুতর বিভ্রাট ঘটায়। ফলে ‘ন্যাশনাল গ্রাউন্ড স্টপ’ নিষেধাজ্ঞা জারি হয়। সেই মুহূর্তে আমেরিকার আকাশে ৩,৫০০ বিমান। ওই নির্দেশ অনুযায়ী, বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা কোনও বিমান উড়তে পারবে না। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এই ঘটনার পরেই শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউজ ব্রিফিংয়ে পরিবহন সচিব ডাফি ও হোমল্যান্ড সিকিউরিটি প্রধান মুলিন এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের খোলনলচে বদলিয়ে আধুনিক করার কাজে ৩০ বিলিয়ন ডলার মঞ্জুর করার জন্য মার্কিন কংগ্রেসের কাছে আর্জি জানিয়েছেন। তার আগে যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের জন্য গত বছর কংগ্রেস দিয়েছিল প্রায় ১৩ বিলিয়ন ডলার।

স্বাভাবিকভাবেই, ঠিক কী ভুল হয়েছিল, তা নিয়ে এখন নানা মহলে দ্রুত প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এর মাত্র দিন তিনেক আগেই অন্য একটি ঘটনা ঘটেছিল।
গত ১০ নভেম্বর, এফএএ দেশব্যাপী ‘স্মার্ট’ (SMART) নামের একটি নতুন এআই-সহায়ক সিস্টেম চালুর কথা ঘোষণা করে। তাতে খরচ ৮৭৫ মিলিয়ন ডলার। আকাশপথের ভিড় সামলাতে এবং আরও দক্ষতার সঙ্গে ফ্লাইটের রুট পরিবর্তন করতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাহায্য করার জন্য এটি তৈরি করেছে বস্টনের এয়ার স্পেস ইন্টেলিজেন্স নামে একটি সংস্থা। এই সিস্টেমটি আবহাওয়ার অবস্থা থেকে শুরু করে ফ্লাইটের গতিবিধি পর্যন্ত প্রায় ২০০টি উৎস থেকে তথ্য একত্রিত করে এবং এখন এফএএ-র ২২টি এন-রুট সেন্টারের অধীনে থাকা সব আকাশসীমা পরিচালনা করে। এফএএ-র মতে, ‘স্মার্ট’ কেবল পরামর্শ দেয়, এফএএ কর্মীরা তা পর্যালোচনা করেন এবং স্থানীয় কেন্দ্রের প্রধানরা তা গ্রহণ বা বাতিল করতে পারেন। সংস্থাটি এই সিস্টেমের প্রাথমিক সাফল্যের কথাও ফলাও করে প্রচার করছে। তারা বলছে, ‘স্মার্ট’ ১৮০টি ফ্লাইটের রুট পরিবর্তন করতে সাহায্য করেছে, যার ফলে প্রতিটি ফ্লাইটে গড়ে ১০ মিনিট সময় এবং প্রায় ৮০ গ্যালন জ্বালানি সাশ্রয় হয়েছে। তবে এই সাশ্রয় কীভাবে হিসেব করা হয়েছে, তা এফএএ প্রকাশ্যে ব্যাখ্যা করেনি।

বিমান চলাচলের পুরনো পরিকাঠামো আধুনিকীকরণ নিয়ে বিতর্ক না-থাকলেও গল্পটা এখান থেকেই জটিল হতে শুরু করে। গত ৯ অক্টোবর, ডেমোক্র্যাট প্রতিনিধি এপ্রিল ম্যাকক্লেইন ডেলানি, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং ডন বেয়ারের নেতৃত্বে ২৫ জন কংগ্রেস সদস্য ‘স্মার্ট’-এর নিরাপত্তা পরীক্ষা, তদারকি এবং বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁরা জানতে চেয়েছিলেন যে সঠিক মূল্যায়ন সম্পন্ন হয়েছে কি না, প্রচলিত নিরাপত্তা বিধিগুলি কাটছাঁট বা শিথিল করা হয়েছে কি না এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যথেষ্ট পরামর্শ করা হয়েছে কি না। বিষয়টি পর্যালোচনা করে তাঁরা সন্তুষ্ট হতে পারেননি এবং একে ‘স্বচ্ছতার চরম অভাব’ বলে উল্লেখ করেন।
এদিকে, তাঁদের এই প্রতিক্রিয়া এবং ‘পলিটিকো’-র প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন এলাকায় এই সিস্টেমটি চালুর বিষয়টিকে প্রাথমিকভাবে ৯০ দিনের একটি পরীক্ষামূলক মূল্যায়ন হিসেবে বর্ণনা করা হয়েছিল। সেই কার্যক্রম শুরু হয়েছিল ২১ সেপ্টেম্বর। অথচ এর মাত্র ৫০ দিন পরেই দেশব্যাপী এটির প্রসার ঘটানো হয়। যা মূল নির্ধারিত সময়ের ৪০ দিন আগেই করা হয়েছে। অথচ এটি ধাপে ধাপে চালু হওয়ার কথা ২০২৮ সালের মধ্যে। নতুন প্রযুক্তি চালু হল গত মঙ্গলবার। আর শুক্রবারেই পুরো আমেরিকায় সব বিমান চলাচল বন্ধ হয়ে গেল। প্রশাসন বলছে, এখনই এই প্রযুক্তির ওপর দোষারোপ করা ঠিক হবে না। যে কোম্পানি এটি বানিয়েছে, তারাও বলছে দোষটা তাদের নয়। এদিকে কন্ট্রোলারদের ইউনিয়ন বলছে, এটি পরীক্ষা করার আগে তাঁদের কেউ কিছুই জিজ্ঞাসা করেনি। জিনিসটা কত ‘স্মার্ট’, তা নিয়ে চারিদিকে প্রশ্ন উঠেছে যাত্রী ভোগান্তির মাঝেই।

অবশ্য এই শুক্রবার অর্থাৎ, ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’ই শুধু নয়, আমেরিকার বিমানবন্দরগুলিতে ভয়াবহ বিশৃঙ্খলা চলছে বেশ কিছুদিন ধরে। বছর শুরুর দিকে ফেব্রুয়ারি-মার্চে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) আংশিক সরকারি অচলাবস্থার (শাটডাউন) সময় ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মীরা কয়েক সপ্তাহ ধরে বেতন না-পাওয়ায় আটলান্টা, নিউ ইয়র্ক এবং হিউস্টনের মতো বড় বিমানবন্দরগুলিতে অসুস্থতার অজুহাতে অনুপস্থিতির (সিক-আউট) হার অনেক বেড়ে গিয়েছিল। ফলে সিকিউরিটি চেকে দীর্ঘ প্রতীক্ষা, যাত্রীদের হয়রানি এবং তার জেরে বিমান চলাচলেও বিরাট ব্যাঘাত ঘটে। খেয়াল রাখতে হবে, এবারেও প্রযুক্তিগত বিপর্যয় ঘটার আগেই কিন্তু সরকারি ব্যয় বরাদ্দ কংগ্রেসের অনুমোদন না-পাওয়ায় ১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত টানা ৪৩ দিন ফেডারেল সরকার ‘শাটডাউন’ ছিল। এর সবচেয়ে বড় ধাক্কা লেগেছিল আকাশপথের নিয়ন্ত্রণ ব্যবস্থায়। প্রায় ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার বেতন ছাড়াই কাজ করছিলেন। আকাশে কোন বিমান কখন উঠবে, কোন পথে যাবে, কোথায় নামবে– সবকিছু তাঁরাই নিয়ন্ত্রণ করেন। ক্লান্ত, অবসন্ন, অস্থির ও অনিশ্চিত অবস্থায় অনেক কর্মী কাজে আসছিলেন না। এই পরিস্থিতিতে পরিবহন সচিব ডাফি এবং এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড গত ৫ নভেম্বর এক জরুরি সিদ্ধান্তে দেশের সবচেয়ে ব্যস্ত ৪০টি বিমানবন্দরে ডোমেস্টিক ফ্লাইটের সংখ্যা কমিয়ে দেওয়ার নির্দেশ জারি করেন। কারণ, প্রশাসন বুঝেছিল, কম লোক দিয়ে আগের মতো সংখ্যক বিমান চালানো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। শাটডাউন উঠে যাওয়ার পর ঘোষণা করা হয়েছিল, সোমবার সকাল ৬টা থেকে বিমান সংস্থাগুলি স্বাভাবিক সময়সূচিতে ফিরতে পারবে। কিন্তু শাটডাউনের ধাক্কা সামলাতে না সামলাতেই এল আরও বড় প্রযুক্তিগত বিভ্রাটের এই ধাক্কা!

এফএএ-র ভাষ্য অনুযায়ী, সমস্যা হয়েছিল তাদের পুরনো নেটওয়ার্কে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য আদান-প্রদানকারী সুইচ ও রাউটারগুলি তথ্যের চাপে ওভারলোড হয়ে বন্ধ হয়ে যায়। তবে এই সমস্যা হঠাৎ আকাশ থেকে পড়েনি। আমেরিকার এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা বহু বছর ধরে পুরনো প্রযুক্তির ওপর চলছে। ২০২৪ সালের সরকারি হিসেবেই বলা হয়েছিল, অধিকাংশ এয়ার ট্রাফিক সিস্টেম প্রায় অকেজো অবস্থাতেই চলছে। এ-ও জানানো হয়েছে, এফ এ এ-র ৩০০-র বেশি কেন্দ্র যেন বিচ্ছিন্ন একেকটি দ্বীপের মতো কাজ করে। কোথাও কোথাও এখনও কয়েক দশকের পুরনো কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যবহৃত হয়, যেগুলি একে অপরের সঙ্গে সহজে তথ্য বিনিময় করতে পারে না। কোনও কোনও যন্ত্রের খুচরো যন্ত্রাংশ এখন অনলাইন নিলাম সাইট থেকে কিনতে হয়, বা থ্রি-ডি প্রিন্টিং করে বানাতে হয়। এই ধরনের দুর্বলতার দৃষ্টান্ত আগেও দেখা দিয়েছিল। গত সেপ্টেম্বরে ফিলাডেলফিয়ার একটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের টেলিকম লাইনে সমস্যা দেখা দিলে ব্যাকআপ ফাইবার লাইনের মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা হয়। কিন্তু নিউ জার্সিতে একটি ঠিকাদার সংস্থা ভুল করে সেই ব্যাকআপ লাইন কেটে ফেলে। সেদিন প্রায় ৯,৫০০ ফ্লাইট দেরি বা বাতিল হয়েছিল। বহু বছরের অবহেলা, সমন্বয়ের গাফিলতি ও আধুনিকীকরণের অভাব আমেরিকার আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে এভাবে ভঙ্গুর করে তুলেছে। প্রযুক্তি আধুনিকীকরণের যে সব চেষ্টা হয়েছে তা খাপছাড়া, অসম্পূর্ণ। প্রযুক্তিগত ভাবে মার্কিন সরকারি পরিকাঠামো এই যুগেও কতটা ঠুনকো এই সব ঘটনাই তার প্রমাণ। এই পরিস্থিতিতে মার্কিন বিমান-ব্যবস্থার ওপর হাজার হাজার আমেরিকাবাসী চূড়ান্ত ক্ষুব্ধ। সেই অব্যবস্থা আর ক্ষোভের ছবিই আজ সারা দুনিয়া দেখছে।

ভুক্তভোগী জনৈক মার্কিন নাগরিক সোশাল মিডিয়ায় ব্যক্তিগত ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের জনাকীর্ণ এক গেটের পাশে ঠান্ডা মেঝেতে বসে আছি। কানে বাজছে স্বয়ংক্রিয় ঘোষণার একঘেয়ে পুনরাবৃত্তি, আর চোখের সামনে ফ্লাইট বোর্ডে ফ্লাইটগুলি একে একে ‘বিলম্বিত’ থেকে ‘বাতিল’ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি যে কাউকে ভাবতে বাধ্য করবে যে, দেশের ব্যবস্থাটা ভিতর থেকে কতটা ধসে পড়েছে। দেওয়ালের প্রতিটা চার্জিং পয়েন্ট দখল হয়ে আছে, পরিবারের সঙ্গে যোগাযোগটুকু ধরে রাখতে মানুষ ফোনের ব্যাটারি বাঁচিয়ে চলছে, আর কাস্টমার সার্ভিস ডেস্কের লাইনগুলি করিডোরের মাঝামাঝি পর্যন্ত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শত শত ক্লান্ত ও আটকে পড়া যাত্রী চারিদিকে। সফর সূচি বাতিল হওয়ায় কেউ উপস্থিত হতে পারছেন না প্রিয়জনের শেষকৃত্যে কিংবা বিয়ের আনন্দ অনুষ্ঠানে। কেউ মিস করছেন চাকরির ইন্টারভিউ কিংবা ডাক্তারের জরুরি অ্যাপয়েন্টমেন্ট। হাতব্যাগের ফর্মুলা দুধ আর ডায়াপার শেষ হয়ে যাওয়ায়, অসহায় বাবা-মায়েরা কান্নারত শিশুদের সামলাতে হিমশিম খাচ্ছেন। বয়স্ক যাত্রীরা শক্ত প্লাস্টিকের চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ছেন, কারণ আশপাশের সব হোটেল হয় পুরোপুরি বুক হয়ে গিয়েছে, নয়তো রাত-প্রতি শত শত ডলার গলাকাটা ভাড়া হাঁকছে। কেউ জানে না তাঁরা আগামিকাল, আগামী সপ্তাহে বা ঠিক কবে আদৌ বাড়ি ফিরতে পারবেন। এদিকে এয়ারলাইনসগুলি সব দোষ সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে যাত্রীদের ছেড়ে দিচ্ছে নিজেদের ভাগ্যের ওপর। আর খাবারের নামে যে ভাউচার ধরিয়ে দিচ্ছে, তা দিয়ে ঠিকমতো এক বোতল জলও কেনা যায় না। এমন একটি দিন এফএএ এবং ট্রাম্প প্রশাসন– উভয়ের জন্যই সবচেয়ে বড় ও অমার্জনীয় ব্যর্থতাগুলির অন্যতম হয়ে থাকবে। বাজেট বরাদ্দ নিয়ে দড়ি টানাটানির জেরে সারা দেশে বিমান চলাচল স্তব্ধ করে দেওয়াটা মার্কিন জনগণের প্রতি চরম অবজ্ঞারই বহিঃপ্রকাশ। কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই প্রশাসন কীভাবে ইরানের যুদ্ধে হাজার হাজার কোটি ডলার অপচয় করছে, বেআইনি অভিবাসন রুখতে আইসিই (ICE)-এর পিছনে অঢেল ডলার ঢালছে, অথচ বিকল হয়ে পড়া এফএএ-র যন্ত্রপাতি সারানোর বেলায় হঠাৎ বলে বসে যে তহবিল শূন্য! আর সামান্য প্রযুক্তি ও পরিকাঠামোগত সংস্কার করতে কেন পুরো তিন বছর সময় লাগবে? যে যুগে বেসরকারি কোম্পানিগুলি মহাকাশে রকেট পাঠিয়ে আবার লঞ্চপ্যাডে ফিরিয়ে আনতে পারছে, সেই যুগে সরকারি বিমান ব্যবস্থা অচল হয়ে পড়ছে মান্ধাতার আমলের যন্ত্রপাতির কারণে, যা এক দশক আগেই বদলানো উচিত ছিল। অথচ কঠোর পরিশ্রমী করদাতারা আকাশছোঁয়া টিকিটের দাম আর ভুরিভুরি বিমান কর গুনে চলেছেন, আর রাজনৈতিক অচলাবস্থার বলি হচ্ছেন তাঁরাই।
যে দেশ সবসময় নিজেদের বিশ্বের সেরা ও সবচেয়ে উন্নত বলে বড়াই করে, সেই দেশের নড়বড়ে ব্যবস্থার কারণে লক্ষ লক্ষ নাগরিককে এভাবে পথে বসিয়ে রাখা চরম লজ্জার। এটা কোনও ‘আমেরিকা ফার্স্ট’ নীতি নয়; বরং এখানে রাজনৈতিক প্রহসন আর ব্যক্তিগত লুটের প্রবণতাই সবার আগে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপশাসনের বিরুদ্ধে সমুচিত জবাব দিয়েছে মার্কিন জনগণ। ইরানের যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, তেলের দাম ইত্যাদি নিয়ে আমেরিকার মানুষ এমনিতেই ক্ষুব্ধ। এবারে তার সঙ্গে যোগ হয়েছে বিমান সফর নিয়ে তিক্ত অভিজ্ঞতা। বিমানযাত্রার অচলাবস্থার জেরে অ্যামট্র্যাকের ওপর চাপ বেড়ে যাওয়ায় ট্রেনের বুকিং সিস্টেমও খাবি খেতে শুরু করেছিল।
লক্ষণীয় কয়েকটি ঘটনা ঘটে চলেছে পরপর। এআই সংস্থা ‘NVIDIA’-এর সিইও গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারির জেরে পদত্যাগ করলেন। ‘মাইক্রোসফট’ সারা বিশ্বে ক্র্যাশ করল। আমেরিকা জুড়ে সব ফ্লাইট বন্ধ হল কয়েক ঘণ্টার জন্য। অ্যামট্র্যাকেও বুকিং কার্যত অচল হল। আবার ওয়ালমার্ট, টার্গেট, চিপোটল ও স্কেচার্স সংস্থার কম্পিউটার সিস্টেমেও গোলযোগের খবর পাওয়া গিয়েছে। সাময়িকভাবে বন্ধ হয়েছিল টার্গেট কর্মীদের ওয়ার্কডে পোর্টাল। একই দিনে ওয়ালমার্ট ও টার্গেটের অ্যাপ বা ওয়েবসাইট নিয়ে ব্যবহারকারীরাও সমস্যায় পড়েন। সমস্যা দেখা গিয়েছিল অ্যামাজনেও। নভেম্বরের শুরুতেই কিন্তু বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া এবং ফিনল্যান্ডে সুপারমার্কেটে সাইবার হানায় রেফ্রিজারেটর এবং ফ্রিজার বিকল হয়ে যাওয়ায় বিপুল পরিমাণ খাবার নষ্ট হয়েছে। ‘ইন্টারনেট অব থিংস’ (আইওটি)-র এই যুগে সব তো পরস্পরের সঙ্গে সংযুক্ত। এর পাশাপাশি ফ্রান্সেও ঘটেছে একই রকম নাশকতার ঘটনা। সেখানকার জাতীয় ব্লাড ব্যাঙ্কের কন্ট্রোল সিস্টেমে সাইবার হানার মাধ্যমে হ্যাকাররা তিনটি হিমাগারের তাপমাত্রা তিন গুণ বাড়িয়ে দিয়েছিল। তবে তাদের অ্যালার্ম সিস্টেম সক্রিয় থাকায় সংরক্ষিত রক্তের উপাদান নষ্ট হওয়ার আগেই কারিগরি কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছিল। হয়তো এগুলি বিচ্ছিন্ন ঘটনা। তবে প্রযুক্তি-নির্ভরতা মানুষকে কতটা বিপন্ন করে দিতে পারে এগুলি তারই দৃষ্টান্ত।

কিন্তু এই সব ঘটনার নেপথ্যে বিধ্বংসী কোনও ষড়যন্ত্র চলছে না তো? কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন, সুপরিকল্পিতভাবে আমেরিকার গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলি পরখ করে দেখা হচ্ছে। মাইক্রোসফট ও বিমান চলাচল ব্যবস্থা যদি কেবল সূচনা হয়, তাহলে আসন্ন উৎসব ও শীতের মরশুমে আঘাত আসতে পারে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে। বিপর্যস্ত হয়ে পড়তে পারে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা। ইউরোপের মতো আমেরিকাতেও সুপারমার্কেটে সাইবার হানা ঘটতে পারে। পানীয় জল সরবরাহ, পণ্য পরিবহন, বন্দর ও রেলপথ কিংবা হাসপাতালের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হলে মার্কিন জীবনযাত্রা কী ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হবে, তা কল্পনা করা কঠিন নয়। মার্কিন সংকটের রেশ তখন ছড়াবে দুনিয়া-জুড়ে। আগামিদিনে হয়তো দেখা যাবে প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য চিরাচরিত যুদ্ধের আর দরকার নেই। টেকনোক্র্যাসি-নিয়ন্ত্রিত বিশ্বে সবকিছুর ওপরেই থাকবে অ্যালগরিদমের মাধ্যমে নজরদারি। নিরাপত্তার বিনিময়ে মানবসমাজকে তার স্বাধীনতা বিসর্জন দিতে বাধ্য করার যুদ্ধই হয়ে উঠবে তখন নতুন বিশ্ব-রীতি।

আর এই প্রেক্ষিতেই মনে পড়ে প্রযুক্তির দাসত্ব মেনে না নেওয়া আমেরিকার অ্যামিশ (Amish) সম্প্রদায়ের প্রকৃতি-বান্ধব জীবনচর্যার কথাও। আধুনিক মার্কিন সমাজে বসবাস করেও অ্যামিশ সম্প্রদায় যেভাবে প্রযুক্তি-নির্ভরতা ছাড়াই জীবনযাপন করে, তার নেপথ্যে রয়েছে এক গভীর দর্শন। প্রকৃতপক্ষে, অ্যামিশরা আধুনিক প্রযুক্তিকে পুরোপুরি বর্জন করেন না; বরং তারা প্রতিটি প্রযুক্তিকে একটি বিশেষ মানদণ্ডে বিচার করেন। কোনও নতুন যন্ত্র বা প্রযুক্তি গ্রহণের আগে তারা নিজেদের একটিই প্রশ্ন করেন– এই প্রযুক্তি কি তাঁদের পরিবার, বিশ্বাস এবং সমাজের বন্ধনকে আরও দৃঢ় করবে, না কি তাঁদের পরস্পরের কাছ থেকে দূরে সরিয়ে বাইরের জগতের প্রতি নির্ভরশীল করে তুলবে? তাঁরা মনে করেন, অনিয়ন্ত্রিত প্রযুক্তি মানুষের মধ্যে অহংকার, ব্যক্তিস্বাতন্ত্র্য এবং অপ্রয়োজনীয় আসক্তি তৈরি করে, যা একটি গোষ্ঠীবদ্ধ সমাজের জন্য ক্ষতিকর। তাঁদের এই জীবনধারার মূল ভিত্তি হল ‘অর্ডনুং’ (Ordnung)– যা প্রতিটি স্থানীয় অ্যামিশ সমাজের নিজস্ব এবং অলিখিত নিয়মকানুনের সমষ্টি। দৈনন্দিন জীবনে প্রচলিত আধুনিক প্রযুক্তি ছাড়া চলার জন্য তারা নিজস্ব কিছু বিকল্প ব্যবস্থা গড়ে তুলেছেন। যেমন, বাইরের জগতের সঙ্গে সরাসরি ও প্রতীকী সংযোগ এড়াতে বেশিরভাগ ‘ওল্ড অর্ডার’ অ্যামিশরা সরকারি বিদ্যুৎ গ্রিডের সংযোগ নেন না। এর বদলে তাঁরা আলো জ্বালাতে বা যন্ত্রপাতি চালাতে প্রোপেন গ্যাস, কম্প্রেসড এয়ার, সৌরশক্তি এবং বায়ুশক্তি ব্যবহার করেন। যাতায়াতের ক্ষেত্রে তাঁরা ব্যক্তিগত গাড়ি বর্জন করেন, কারণ গাড়ি মানুষকে খুব দ্রুত অনেক দূরে নিয়ে যায়, যা স্থানীয় সমাজের পারস্পরিক সম্পর্ককে দুর্বল করে দেয়। তাই তাঁরা মূলত ঘোড়ার গাড়ি (বাগি) বা সাইকেল ব্যবহার করেন। যোগাযোগের ক্ষেত্রেও তাঁদের নিয়ম বেশ কড়া। বাড়ির ভিতরে ফোনের ব্যবহার পর্যন্ত সাধারণত নিষিদ্ধ, যাতে মানুষ ফোনে গল্প করে সময় নষ্ট না করে একে অপরের সঙ্গে মুখোমুখি বসে কথা বলে। জরুরি প্রয়োজনের জন্য অনেক এলাকায় বাড়ির মূল সীমানার বাইরে ছোট কোনও ছাউনিতে একটি সাধারণ ফোন রাখা থাকে, যা এলাকার সবাই মিলে ব্যবহার করেন। কৃষিকাজ ও গৃহস্থালির কাজে তাঁরা বিদ্যুতের বদলে গ্যাসচালিত বা ঘোড়ায় টানা যন্ত্রপাতি, বাতাসের চাপে চলা (নিউম্যাটিক) যন্ত্র এবং প্রোপেনচালিত ফ্রিজ ব্যবহার করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে অ্যামিশরা কেবল কৃষিকাজের ওপর নির্ভরশীল না থেকে ক্ষুদ্র ব্যবসার দিকেও ঝুঁকেছেন এবং বর্তমানে আমেরিকায় তাঁদের ১০,০০০-এরও বেশি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসার প্রয়োজনে তাঁরা সীমিত প্রযুক্তির আশ্রয় নেন– যেমন ইন্টারনেট সংযোগহীন সাধারণ কম্পিউটার, যা কেবল অফিসের কাজেই ব্যবহৃত হয় এবং কখনওই বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এভাবেই প্রযুক্তির নিয়ন্ত্রিত ব্যবহার ও নিজস্ব মূল্যবোধকে আঁকড়ে ধরে অ্যামিশরা আধুনিক যুগেও তাঁদের স্বতন্ত্র জীবনধারা টিকিয়ে রেখেছে। প্রযুক্তি যখন মানুষকে গিলে খাচ্ছে তখন অবিশ্বাস্য হলেও অ্যামিশদের এই দর্শন ও জীবনধারার দিকে একবার ফিরে তাকানো নিশ্চয়ই অসঙ্গত হবে না।
……………………..
রোববার.ইন-এ পড়ুন দীপঙ্কর দাশগুপ্ত-র অন্যান্য লেখা
……………………..
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved