

রানের ফুলঝুরি ছুটছে বৈভব সূর্যবংশীর ব্যাটে। আইপিএলে ব্যাট হাতে চমকে দিয়েছেন। এখন ‘মেন ইন ব্লু’র হয়েও। কিন্তু এত চোখধাঁধানো পারফরম্যান্স সত্ত্বেও ভারতের সিনিয়র ক্রিকেট টিমে তিনি নিয়মিত নন। কোচ গম্ভীর কোন দ্বিধায় এখনও ভরসা করতে পারছেন না বৈভবের প্রতিভায়? কীভাবে পারবে বৈভব দ্বিধার পৃথিবী জয় করে নিজের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করতে? হয়তো অপেক্ষার বেঞ্চ তাকে পথ দেখাবে।
ক্লাস নাইনের ভরদুপুর। অন্য দিনের চরিত্রের সঙ্গে মিল খাচ্ছে না। উল্টে, টিফিন পিরিয়ড পেরনো দৌরাত্ম্যের জলছাপ নেই। অগোছালো ঢেউ নেই। এক বিরতিহীন নৈঃশব্দ্য ক্লাসরুম জুড়ে। কোন মায়াবলে উবে গেল ক্লাসভর্তি সব স্টুডেন্ট?
যায়নি। সারি বেঁধে তারা শ্রেণিকক্ষের বাইরে। নিল-ডাউন।
টিফিন-পিরিয়ডের আগে ভূগোল ক্লাস। স্যর অক্ষরেখা ধরে এগচ্ছিলেন পায়ে পায়ে। ক্লাসের শেষ সীমারেখার মুখগুলো তবু পথ ভুল করেছিল। হাতে ছিল এক রঙিন বই। খোলা-শরীরের মানচিত্র। আলগা শিকের জানলা গলে যৌবনের নীলচে আলো বুলিয়ে দিয়েছিল নরম থাবা। পথভ্রষ্টদের চিনতে দেরি হয়নি ভূগোল মাস্টারের। তারপর উত্তম অনুপান। মধ্যমে নিলডাউন। অন্তিমে গার্জেন-কল।

‘নিরাপরাধ’ যারা, রেহাই মেলেনি তাদেরও। ডুকরে ওঠা কান্নায় কোন উপশম খুঁজেছিল তারা? হারানো পথের সহযাত্রী না হওয়ার আক্ষেপ কি বুনছিল মনে মনে? না-বলা সে বাণীর আকুলতা আজও সযত্নে লুকিয়ে রেখেছে ক্লাসের সারি সারি বেঞ্চ; কোনও উচ্চাকাঙ্ক্ষা ছাড়াই। সংরক্ষণের বোধিবৃক্ষ যেন ওই চারপেয়েগুলো। গতজন্মে বুঝি একপেয়ে গাছ ছিল। এ জন্ম পেয়ে সে কখনও ভাবেনি– একদিন মাঠের মাঝখানে দাঁড়াবে, দর্শক চিৎকার করবে নাম ধরে, সোশাল মিডিয়ায় লাভ রিয়াক্ট পাবে, খবরের পাতায় তার ছবিটবি বেরবে।
বেঞ্চের ডাকনাম বেঞ্চি, আর স্মল সাইজ– স্বপ্ন। সে চায় কেউ এসে তার ওপর বসুক। বেশি কিংবা কম, একটু জিরিয়ে নিক। তারপর চলে যাক। এইটুকু! আসলে জীবনের সহজ গল্পগুলো মঞ্চে নয়, লেখা হয় বেঞ্চে। কিন্তু ব্যাপারখানা এতটাও জলবৎতরলং নয়।

বেঞ্চ আসলে এক ধরনের চুম্বক। যার দুটো বিপরীত মেরু আছে, লোহার মতো সে আকর্ষণ করে মানুষকে। মানুষের ভিতরে জমে থাকা জীবনের গল্পকে। ক্লাসরুমে সে ফার্স্টবয় আর লাস্টবয়ের মধ্যকার সেতু, কখনও প্রেমের যোগসূত্র। কিংবা ঘুমঘোর স্মৃতির দেয়ালা। জীবনের মতো বেঞ্চের গল্প মোটেই সরলরৈখিক নয়। অপরের স্বপ্ন বয়ে তার পায়াভারী। সেই সব স্বপ্নের মুখ বদলে যায়, চরিত্র নয়। সময়ের স্মৃতিচিহ্ন হয়ে শুধু বেঞ্চ অপেক্ষায় থাকে চিরকাল। কত অক্ষর, কত অসমাপ্ত নাম, কত গোপন অভিমান, কত না-বলা ভালোবাসার ডাকপিয়ন সে!
কৈশোরের দুরন্তপনা থেকে বন্ধুত্বের প্রতিশ্রুতি, পরীক্ষা হলে গাইডবুক থেকে পানকৌড়ি প্রেমের আঁচড়; বেঞ্চ এমন অজস্র অসংলগ্ন কাব্যের খসড়াখাতা। সময়ের সঙ্গে সঙ্গে সেসব লেখার রং ফিকে হয়, ধুলোর আস্তরণ পড়ে। তবু বেঞ্চের শরীর থেকে তা সম্পূর্ণ মুছে যায় না। বরং পুরনো লেখার পাশে নতুন কোনও অনভ্যস্ত হাত এঁকে দেয় আবার দিক্চিহ্ন। সেই শাখাপ্রশাখায় ভরে থাকে বেঞ্চের খোদাই করা শরীর, সময়কে ধারণ করে, অপেক্ষার প্রতীক হয়ে। সে অপেক্ষা করে পরবর্তী প্রজন্মের। নতুন কোনও প্রতিভার, নতুন গল্পের।

যে বেঞ্চে আজ ধুলোর চাদর, পর্ণমোচীর অন্তিমশয্যা, কাল হয়তো সেখানেই বসবে কোনও স্বপ্নকিশোর। অদম্য জেদ, সৃজনশীলতা আর প্রতিভাবলে গড়ে নেবে নিজের পৃথিবী। জীবনের অঙ্ক সকলের একখাতে বয়ে যায় না। ফার্স্ট বেঞ্চের একাগ্রতার নেপথ্যে ‘নেক্সট বেঞ্চ’-এর মুখকে প্রতীক্ষার প্রহর গুনতে হয়। অপেক্ষা করতে হয় সঠিক সময়ের, নিজেকে স্বীকৃতি ও সামর্থ্যকে মেলে ধরার জন্য। সম্ভাবনার সেই স্বপ্নকে গা-ঘেঁষাঘেঁষি করে মনের পাতায় বিছিয়ে দেয় বেঞ্চ।
বেঞ্চে বসেই স্বপ্ন দেখেছেন বৈভব। স্বপ্ন দেখাচ্ছেনও। ফের বেঞ্চে যেন বসতে না হয় তাঁকে।
…………………
রোববার.ইন-এ পড়ুন সুমন্ত চট্টোপাধ্যায়-এর অন্যান্য লেখা
…………………
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved