Keyboard in Tagore Songs: Changing Musical Aesthetics | Robbar
Robbar
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • রবিবার
  • ২২ নভেম্বর ২০২৬

রবীন্দ্রগানের দোকানদারি

সেকালে ছোট শহরে আটের দশক পর্যন্ত যন্ত্রীদের পারিশ্রমিক দেওয়ার চল ছিল না, তার একটা কারণ– মিউজিক ইন্ডাস্ট্রির ভালোমন্দ কোনওকিছুই এইসব জনপদে আলোছায়া ফেলেনি। নয়ের দশকের যাঁরা তবলিয়া, তাঁরা অনেকেই জীবিকা হিসেবেই নিয়েছিলেন তবলা সঙ্গতকে। তার একটা কারণ, গানের ইস্কুল আর গানের ডিপ্লোমা পাশের জন্য তবলার সঙ্গে রবীন্দ্রনাথের গান (সব গানই) গাওয়া ছিল দস্তুর।

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২৬, ১৮:০৯   
Facebook WhatsApp Messenger

১৪.

এই মারী-উত্তর সময়কালে, ২০২২ সালে ইবেন গ্রেভস একটা বই লিখলেন, নাম দিলেন ‘দ্য পলিটিক্স অফ মিউজিক্যাল টাইমস’। সেই বইতে নানা সমীক্ষা আর বিশ্লেষণের মধ্যে দিয়ে চলতে চলতে তিনি দেখালেন, আমাদের বাংলার পদাবলি কীর্তন কীভাবে আধ্যাত্মিক পরিসরের বাইরে বাণিজ্য ও বিনোদনের নানাবিধ শর্তে বদলে নিয়েছে তার পরিবেশনশৈলী, আর অর্থনীতির সঙ্গে কীভাবে বদলে যাচ্ছে পারফরম্যান্সের রাজনীতি, পরিবেশনের সময়কাল, গায়কি, যন্ত্র-অনুষঙ্গ ও প্রদর্শনকলার নানা দৃশ্য ও শ্রাব্য রূপ। গ্রেভস-এর এই বই পড়তে পড়তে সমান্তরালে মনে আসে রবীন্দ্রগানের কথা। জীবনের উপান্তে এসে, ১৯৪০ সালের ৩০ জুন, ‘গীতালি’তে বলা তাঁর অভিভাষণে বলছেন রবীন্দ্রনাথ–

‘আজ বাংলাদেশে গানে একটা খেলো ভাব এসে পড়েছে। কারণ গান নিয়ে দোকানদারি প্রবল হয়ে পড়েছে। আমি তো ভীত হয়ে পড়েছি। দোকানের মাপেতে দর অনুসারে বাঁকাচোরা করে তার রস-টস চেপেচুপে চলছে আমারই গান।’ রবীন্দ্রসংগীতের স্রষ্টা এই কথাটি বলছেন আজ থেকে ৮৬ বছর আগে, ‘রবীন্দ্রসংগীত’ শব্দটি জন্ম নেওয়ারও অনেককাল আগে। এই ভাষণেই কয়েকটি বাক্য পার করে তিনি বলছেন যে, তাঁর ‘গান ঘরের মধ্যে মাধুরী পাবার জন্য, বাইরের মধ্যে হাততালি পাবার জন্য নয়’। এখানে ‘ঘর’ আর ‘বাইরে’র মধ্যে বিরোধ কতটা। আমরা তো জানি সভায় সমিতিতে, এমনকী উস্তাদ এনায়েত খাঁ-র সম্মানে আয়োজিত জনাকীর্ণ সভাতেও গান গেয়েছেন রবীন্দ্রনাথ, পকেট থেকে নোটবুক বের করে ঘরের বাইরে অ-ঘরোয়া নানা আসরে গান গেয়ে শ্রোতার তারিফ পাচ্ছেন গাইয়ে রবীন্দ্রনাথ। আর এই অভিভাষণেরও ৩৫ বছর আগে বঙ্গভঙ্গের প্রতিবাদে গান কণ্ঠে নিয়েই পথে হেঁটেছেন; তাঁর উত্তরকালের উপন্যাসের বিমলার মতোই ঘর থেকে এসেছেন বাইরে। তাহলে ‘বাইরে’র হাততালি বলতে কী বোঝাতে চাইছেন রবীন্দ্রসংগীতের রচনাকার? রসিক শ্রোতার নিবিড় সমঝদারির বাইরে বহু জনতার সশব্দ ‘হাততালি’, যে শব্দ কবির নিতান্ত না-পসন্দ! যে শব্দে চুরমার হয়ে যায় তাঁর গানের ভাবরসের পাত্রখানি?

zoom
ইবেন গ্রেভসের লেখা সংগীত বিষয়ক আকরগ্রন্থ

রবীন্দ্রনাথ কি তবে শ্রোতার সংখ্যার বদলে গুণমানকেই নির্দেশ করছেন? না কি সরাসরি বলতে চাইছেন বাজারের কথা? তিনের দশকেই পেশাদার শিল্পীরা রবিবাবুর গান রেকর্ড করছেন। গানের সুরের অনেক বদল ঘটিয়ে, অনেক কারদানি দেখিয়ে গান গেয়েছেন কে মল্লিক, কৃষ্ণভামিনী দাসী। ‘গোরা’ ছবির জন্য রেকর্ড করা গান ‘রোদনভরা এ বসন্ত’ শুনে রবীন্দ্রনাথ-নিযুক্ত বিচারক শৈলজারঞ্জন গান অনুমোদন করেননি। কিন্তু সতু সেন, কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের কাছে ছুটে এসে হাতে-পায়ে ধরে সে গানে অনুমোদনের সই করিয়ে নিয়ে গিয়েছেন, এই তথ্য আমরা পাচ্ছি শৈলজারঞ্জনের লেখায় (যাত্রাপথের আনন্দগান)। বাঙালিকে তাঁর গান গাইতেই হবে, তাঁর এই প্রত্যয়ের সঙ্গে লগ্ন হয়ে থাকে যে প্রত্যাশা, পারফরম্যান্সের প্রত্যাশা, বাঙালি সেই প্রত্যাশা পূরণ করতে কতটা সক্ষম, সেই সংশয় হয়তো জন্ম নিচ্ছে কবির মনে। তিনিই চেয়েছেন, উৎসাহ দিয়েছেন, প্রতীক্ষা করেছেন তাঁর গান কণ্ঠে নিক বাঙালি, কারণ হিসেবে তিনি মনে করেছেন তাঁর গান উস্তাদি গানের তুলনায় ‘হালকা’ ও ‘সহজ সুর’-এর গান (অভিভাষণ, গীতালি)। কিন্তু বাংলা গানে ‘লঘুসঙ্গীত’ বলতে যে ধরনের গানকে বোঝানো হয়, রবীন্দ্রনাথের গান তো সেই অর্থে ‘হালকা’ নয় কোনওভাবেই, আর রবীন্দ্র-দিনেন্দ্র-অমলা-অমিতা-অমিয়ার গানে যে রেওয়াজি কারুকলা, তাতে সুরের দীক্ষাটি ছাড়া এই গান গাওয়া সহজ তো নয়!  

zoom
রবীন্দ্রনাথ ও ভীমরাও শাস্ত্রী

অথচ এটাও নির্দ্বিধায় মেনে নিতে হবে তাঁর গানের মধ্যেই যে আবেদন আর মনোহরণ আতিথ্য নিহিত আছে, সেই গুণেই এই গানের প্রবল বাণিজ্য অনিবার্য ছিল। এবং আজও পেশাদার গাইয়েদের কাছে রবীন্দ্রসংগীত একটি নিরাপদ পণ্য, এর বাণিজ্যে লক্ষ্মীর বাস। তিনের দশকের মাঝামাঝি সময় থেকে কণ্ঠকলাশিল্পের জগতে পারফরম্যান্সের প্রযুক্তিগত পুনর্নির্মাণ বিনোদনের দুনিয়ায় ছড়িয়ে পড়তে থাকে, এবং বিশ্বজুড়ে জন্ম নেয় মিউজিক ইন্ডাস্ট্রি। যে কোনও ইন্ডাস্ট্রির মতোই এখানে পুঁজি, বিনিয়োগ, চাহিদা, যোগান, মুনাফা আর বাজার তৈরি হয়, রবীন্দ্রনাথের গানও হয়ে উঠতে থাকে এই বাজারের একটি উৎকৃষ্ট পণ্য। “…‘কাননবালা’ এসেছিল রজনীগন্ধা হাতে নিয়ে, সে বলল, আমার গান সে ভালোবাসে, আমার গান সে করে, আরও কত কি গানের কথা হল! কিন্তু কেউ তো বললে না, আপনি একটা গান রেকর্ড করুন।… তা হলে কি বলতে চাও আমি গান করতেই পারিনে?” বলছেন রবীন্দ্রনাথ শৈলজারঞ্জনকে, গাঢ় অভিমান নিয়ে বলছেন যে, সেবার কলকাতা শহরে রেকর্ড কোম্পানি তাঁর কবিতা আবৃত্তি রেকর্ড করল, একবারও কেউ বললেন না গান রেকর্ড করার কথা (যাত্রাপথের আনন্দগান, শৈলজারঞ্জন মজুমদার)। 

zoom
কানন দেবীর গাওয়া রবীন্দ্রসংগীতের রেকর্ড-কভার

গাইয়ে রবীন্দ্রনাথ বুঝতে পারছেন কালের অমোঘ বদলে তাঁর গান চলে যাচ্ছে পুরোদস্তুর পেশাদার কণ্ঠে, পৌঁছে যাচ্ছে বহু মানুষের শ্রবণে, আর সেই বহু জনতার মাঝে তিনি হয়ে পড়ছেন একা এবং প্রায় একক। তিনি কি এ-ও ভাবতে পেরেছিলেন, তাঁর নিজের গায়কির সইসাবুদও প্রায় মুছে যাবে তাঁরই আশ্রম থেকে, উত্তরকালে? তাঁর শান্তিনিকেতনের বলয়েও পাশাপাশি তৈরি হবে আরেক ধরনের ইন্ডাস্ট্রি? গায়কির ব্র্যান্ডিং, লয় উচ্চারণ, সাজ, হাতে ধরা রঙিন খাতা, বিশ্ববিদ্যালয়ের নম্বর পাওয়ার উপযোগী ঢালাও সমান্তরাল প্রাইভেট টিউশন, ঠিক যেমন কলকাতার নানা গানের ইশকুলের সমবেত গানের জন্য (হালফিলের শত/হাজার কণ্ঠের জমায়েতের জন্য) পাইকারি দরে ব্লক প্রিন্টের শাড়ি আর পাঞ্জাবির উৎপাদন আর বিপণন?

zoom
ছবিতে হাফ শার্ট পরে দাঁড়িয়ে অমর লাহা, কলকাতার প্রথম কি-বোর্ড শিল্পী; ঋণ: শুভাশিস মুখোপাধ্যায়

১৯৬৭ সালে কলকাতায় রবীন্দ্রসদন তৈরি হওয়ার বছর তিনেক আগে পিয়ানোবাদক অমর লাহা এবং চন্দন রায়চৌধুরী ভারতীয় যাদুকর হাকাসার সঙ্গী হয়ে জাপানে গিয়ে প্রথম নিয়ে এলেন কি-বোর্ড, এই লেখককে জানাচ্ছেন ৫০ বছরেরও বেশি সময় ধরে রবীন্দ্র-কলাশিল্পের জগতের অন্যতম অংশী পণ্ডিত বিপ্লব মণ্ডল। সেই কি-বোর্ড আমাদের আটের দশকের ক্যাসিও নামের যন্ত্রটির প্রাচীনতর রূপ। দেবব্রত বিশ্বাস রেকর্ডিং-এ ব্যবহার করলেন সেই যন্ত্র। গানের আসরে, বিপ্লব মণ্ডলের স্মরণ অনুযায়ী, ব্যবহার করলেন পূরবী মুখোপাধ্যায়। শান্তিনিকেতনের এবং শান্তিনিকেতনে শিক্ষিত কলকাতার গাইয়েরা কেউই সেকালে আসরে এই যন্ত্র নিতেন না। এইচএমভি-র স্টুডিওর নিজস্ব সাবেকি অর্গান বা কখনও পিয়ানো বেজেছে তাঁদের গানে, বাজিয়েছেন আন্তো ম্যাঞ্জেস, অমর লাহা, ভি বালসারা প্রমুখ পাশ্চাত্য সংগীতবিদ্যায় শিক্ষিত গুণী যন্ত্রীরা। ১৯৭৫ সালের ৯ অগস্ট কলকাতা দূরদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গাইলেন সাগর সেন ও সুমিত্রা সেন। সলিল মিত্রের (সূত্র: শ্রাবণী সেন) বেহালা এবং গিটার ছিল সহযোগী যন্ত্রে।

zoom
কণিকা বন্দ্যোপাধ্যায় ও দেবব্রত বিশ্বাসের সঙ্গে তবলায় শ্যাম মুখোপাধ্যায়; ছবি ঋণ: শুভাশিস মুখোপাধ্যায়

“কিন্তু মোহরদি, বাচ্চুদি (কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন) কলকাতা দূরদর্শনে গাইতে এলে সুরের যন্ত্র হিসেবে এসরাজ আর তানপুরা নিয়ে গাইতেন। আমার দূরদর্শন জীবনের প্রথম সঞ্চালনা বাচ্চুদির গানের। মনে আছে, সেই গানে সুভাষদা (চৌধুরী) এসরাজ বাজিয়েছিলেন। সুচিত্রাদি (মিত্র ), সুবিনয়দা (রায়) কখনও গিটার বা কী-বোর্ড নেননি। বেহালা বাজত হেমন্ত মুখোপাধ্যায়ের গানে, সুমিত্রাদি ও সাগরদার গানের সঙ্গে গিটার বেজেছে। দিলীপ রায় (বিখ্যাত বেহালাবাদক ও সংগীত আয়োজক) অনেক সময়ই বাজিয়েছেন অভিজিৎ বলে একটি ছেলে গিটার বাজাতো।” বলছেন কলকাতা দূরদর্শনের দীর্ঘ যাত্রার অন্যতম মুখ্য পথিক চৈতালি দাশগুপ্ত– “একমাত্র জর্জদা মুখে পাউডারের পাফটুকুও লাগাতে দিতেন না, আমাদের স্টাফ আর্টিস্টদের সঙ্গেই নিজে হারমোনিয়ামটি বাজিয়ে সব গাম্ভীর্য ভেঙে হেসে হেসে গেয়ে উঠতেন, ‘তুমি খুশি থাকো’…”

zoom
মঞ্চে যখন সুচিত্রা মিত্র

কিন্তু রেকর্ড, ক্যাসেট, রেডিও আর টেলিভিশন-এর যে শিল্পবলয়, তা নগর কলকাতাকে ঘিরে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর যেমন ঢাকা শহরকে ঘিরে। কিন্তু মফসসল, জেলাশহর, গ্রাম? এইবার যে কথাটি বলব, তাতে উন্মোচিত হবে সাংস্কৃতিক পুঁজিবাদের একটি স্পষ্ট শরীর। এই বাংলার জলপাইগুড়ি নামের একটি জনপদের কথা। হয়তো বা একরকম আরও অনেক ছোট গ্রাম-মফসসল শহরেরও কথা। জলপাইগুড়ির সুরসাধনার বিরল একটি ইতিহাস আছে। ছয়ের দশক থেকেই সুরঋদ্ধ বাদনে এই ছোট জনপদের গানকে সঙ্গ দিয়েছে বরুণ চৌধুরীর বাঁশি, প্রদোষ চৌধুরীর ম্যান্ডোলিন আর গিটার। এঁরা কেউ পেশাদার বাজিয়ে ছিলেন না। সেকালে ছোট শহরে আটের দশক পর্যন্ত যন্ত্রীদের পারিশ্রমিক দেওয়ার চল ছিল না। তার একটা কারণ– মিউজিক ইন্ডাস্ট্রির ভালো মন্দ কোনওকিছুই এইসব জনপদে আলোছায়া ফেলেনি। নয়ের দশকের যাঁরা তবলিয়া, তাঁরা অনেকেই জীবিকা হিসেবেই নিয়েছিলেন তবলা সঙ্গতকে। তার একটা কারণ, গানের ইশকুল আর গানের ডিপ্লোমা পাসের জন্য তবলার সঙ্গে রবীন্দ্রনাথের গান (সব গানই) গাওয়া ছিল দস্তুর। সেই রীতি আজও বিদ্যমান।

–বুঝলি, অমুকের গানের রিহার্সালে আমি ম্যান্ডোলিন আর গিটার নিয়ে গেছি। পৌঁছে অভ্যেস মতো বলেছি, হারমোনিয়াম এ স্কেলটা দাও দিকি, যন্ত্র বেঁধে নিই।

–না, মানে, প্রদোষদা, আমি তো আপনাকেই চেয়েছিলাম, কিন্তু সবাই, মানে গার্জিয়ানরা বলছে, একটা ওই সিন্থেসাইজার না-হলে ঠিক জমছে না। আসলে প্রোগ্রামে ঠিক কালার আসে না…

zoom
সুচিত্রা মিত্রের রবীন্দ্রসংগীতে কখনও গিটার বা কি-বোর্ড ব্যবহৃত হয়নি

কলকাতা শহরে সেকালের প্রায় সবাই, আর একালের বেশ কয়েকজন যথার্থ দীক্ষিত, অসামান্য গুণী কি-বোর্ড শিল্পী আছেন, যাঁরা এই যন্ত্রের ধীমান প্রয়োগে গানকে দিতে পারেন মেঘের গভীরতা। কিন্তু ছোট শহরে আজ আর বাঁশি, বেহালা, সেতার, ম্যান্ডোলিন, খাঁটি শ্রীখোল খুঁজে পাওয়া যাবে না রবিগানের আঙিনায়। এই সব জনপদে বাৎসরিক বর্ষামঙ্গলে যখন গানে শোনা যাবে, ‘আনো মৃদঙ্গ মুরজ মুরলি মধুরা/ বাজাও শঙ্খ হুলুরব কর বঁধু রা…’, তখন এই পঙ্‌ক্তির আশ্চর্য অনুপ্রাসকে অতিক্রম করে ঝনঝন শব্দে বেজে উঠবে অনেক পয়সা বিনিয়োগ করে কেনা সংগীতশূন্য কি-বোর্ডের মিছে কোলাহল…

…………………..

রোববার.ইন-এ পড়ুন ঠাকুরঘরানা-র অন্যান্য লেখা

…………………..

Debabarata Biswas Eben Graves Hemanta Mukhopadhyay Instruments Kanan Devi Keyboard Rabindranath Tagore rabindrasangeet Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Suchitra Mitra

Share this article on