a review about memoirs of painter chandana hore | Robbar
Robbar
  • ২৮ কার্তিক ১৪৩৩
  • রবিবার
  • ১৫ নভেম্বর ২০২৬

রং কি তোমার কোনও ব্যথা বোঝে?

এ সংলাপ কাল্পনিক। আলেক। মাটিপৃথিবীর সঙ্গে এর কোনও বাস্তবিক যাওয়াআসামেশাছোঁয়া নেই। দু’খানি আশ্চর্য বই গত কয়দিন ধরে বাঁচিয়ে রেখেছে। চন্দনা হোরের ছবি এখন আঁখির ধারাপাত। কখনও রাত্রির টান গোপনীয়তার চেয়ে গাঢ়তর হলে, অদৃশ্য হাত কলার খামচে ধরে শূন্যতায় ছুড়ে দেয়। তখন কিছুই আর করার থাকে না। লিখে যেতে হয়। সেইসব সংলাপ। যা কখনও দেশকালমাত্রার অধীনে মঞ্চস্থ হবে না আর। আগেও হয়নি।

প্রচ্ছদের ছবি: চন্দনা হোর

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২৬, ১৬:৪২   
Facebook WhatsApp Messenger

হেমন্তকাল এসে চলে গেল। কতকাল। কতকাল আমরা পুরনো নতুন চিঠি কুড়িয়ে পাইনি। দীর্ঘ বিরতিহীন পত্রমোচনের শব্দ আমাদের মৃত্যুর ভেতর থেকে জাগিয়ে তোলেনি কতকাল। এই হাঁটাপথ। ছায়া। মায়ায় আচ্ছন্ন গেহ। শিশুর দেয়ালা। ধানের বুক থেকে তুলে আনা দুধ। জীবন। এলোমেলো জীবন। দলবেঁধে জীবন। আবেশে। বন্ধনে। ছিন্নতায়। আনমনে, অসাবধানে হারিয়ে ফেলা একখানা রঙিন বোতাম। কিংবা সন্ধেরাতের পিদিম। ক্রমশ পুড়তে পুড়তে পূবালী আলোয় রাঙা। খুলে যাচ্ছে অলীক জানালা। ঢুকে পড়ছে কিশোরীবেলার রং। অভিসারিকার লাল, বেদনার ঘন নীল। রং কি তোমার কোনও ব্যথা বোঝে? রং কি তোমার কোনও হারানো বন্ধুতার চর্যাপদ?

zoom

–আমার কোনও বন্ধু নেই, বন্ধু নেই।

–ছবির মধ্যে বন্ধুত্ব খুঁজে নিতে হবে।

–মা, তুমি না থাকলে আমি কার কাছে যাব?

–প্রকৃতির মধ্যে একটা মা থাকে। তুমি প্রকৃতির কাছে যাবে।

zoom

থাকো। আরেকটু থাকো, হেমন্তকাল। শীত বিছিয়ে আসছে আমার শরীরে। মা-মরা কিশোরী। দু’ চোখ উজাড় করে বসে রয়েছে মা দেখবে বলে। থাকো। আরেকটু থাকো। অন্ধকার নেমে আসছে। ছুরির ফলার নিচে সাবলীল অন্ধকার। ভয়ার্ত পায়রার ঝটাপটি। অনন্ত স্মৃতির প্রেত। থইথই রক্তে ভেসে যাচ্ছে উঠোন। ভেসে যাচ্ছে মায়ের শাড়ি। ঝুমকোজবার গাছ। ধারালো চটচটে রক্ত লতানে গাছের মতো বেয়ে উঠছে ক্যানভাসময়। ভয় করে। হাত ছুঁয়ে থাকো। মা-মরা কিশোরী। দু’ গালে আঁচড়। অসংখ্য। যেন জীবন, নখ দিয়ে ফালাফালা করে রেখে গিয়েছে। কিংবা অতিসূক্ষ্ম জেলখানা। খাঁচার বাইরে থেকে আমরা দেখছি ওই নারীমুখ। কঠিন ব্রোঞ্জের গায়ে জমাট অশ্রুর মতো মা এঁকেছে। জীবনবন্ধনে। 

zoom

ওই যে পাতা উড়ছে, বসন্ত পেরিয়ে চৈত্র এল, পাতাগুলো উড়ে উড়ে গোল আকার নিচ্ছে– শুকনো পাতাকে আলিঙ্গন করলে আমি কি মায়ের কাছে যেতে পারব? আমার চিত্রভাষা তৈরি হতে শুরু করল। আমি এই প্রথম ভাস্কর্য করতে শুরু করলাম। সেইসব ভাস্কর্য– একটা শুকনো পাতা, শিরা ওঠা হাত, বলিরেখা পড়া মুখ…

zoom

রেসের মাঠে এক সন্ধে। ফুলের বাগানে আরেক। এমন কত মত্ততা ও বিলাসঋতু কাটিয়ে এখন মনে মনে গান। সেই গান ভেঙে যাচ্ছে আরও অন্য অন্য গানে। গায়কির খণ্ড বক্রতায়। যেমন ভাঙছে মুখ। মুখচ্ছবি। চিবুকের মৌন আদল। পরিচিত মুখ থেকে ক্রমাগত আরও দূরে। বন্ধুমুখ। আশ্রয়মুখ। যে মুখ দেখার জন্য আকুতির ঘন নীল, মায়াবী সবুজ। মুখের নেশায় সেই যে অমূল্য ছেলেটি চলে যেতে যেতে– হঠাৎ সুতীব্র হাওয়া, ব্যাকুল হলুদ। তেমন নিঃসঙ্গ মুখ কখনও কি ছবিতে এসেছে আর? পুরাতন যত ফুল– অন্যত্র, বিজনে, ঝরে গেছে স্বাভাবিকতায়। এমন লবণ মাটি, এমন লবণ দুই হাত।

zoom

সব অপমান বুঝি এভাবেই ফুল হয়। কিশোরী কি পড়েছিল রিয়াংদের লোককথা? স্বর্গের বাগান থেকে ঝরে পড়ে অজস্র যুবতী। এমন কথিত আছে: ‘নেমেসিস’, পুরুষেরই হাতে লেখা হয়। তবু সেই বাগানের ঝরোখার সম্মুখে দাঁড়িয়ে, লোভ জাগে। সন্তানের লোভ। রক্ত কার, কার রক্ত, রক্ত রক্ত কার কার ধ্বনি। বিড়ালীর কান্নার মতো মায়ারাত্রে জেগে ওঠে জন্মের দাগ। ‘আমরা কি চলে যাব? কখনো দেব না ওকে পুরুষ-পরাগ?’

zoom

ব্যথা আমার বাড়ি। আমার জীবনে, আমার ছবিতে ব্যথার অস্তিত্ব যেন ধ্রুব। যখনই কোনো শারীরিক ব্যথা শুরু হয়, কোনো মানসিক আঘাত পাই, আমি বুঝতে পারি, আমি আমার বাড়িতে এসেছি। গত কয়েক বছরে ‘পেইন অফ দ্য সোল’ বলে কিছু কাজ করেছি। তার মধ্যে কিছু বিমূর্ততা এসেছে। সেই বিমূর্ততার ভেতর দিয়েই আমি বোঝার চেষ্টা করেছি, পৃথিবীর ঠিক কোন জায়গাটা মেয়েদের শরীর। সেই শরীরটা কীভাবে আছে! সেখানে কী কী কষ্ট হচ্ছে! আর, ওই কষ্টে আরও কী কী সংযুক্ত হয়ে যাচ্ছে!

zoom

কেন উপশম খোঁজো? খিদে অপ্রেম বন্ধুহীনতায় কেন খোঁজো বাড়ি? এই যে ব্যথার পূজা তোমাকে ক্রমশ মোমের গন্ধের কাছাকাছি ছুড়ে দিচ্ছে। তোমার শরীর জুড়ে লাইল্যাক জলছায়া ঘুঘুরং বুনে যাচ্ছে অপার্থিব ছবির পশম। জরায়ুকালীন ওম। ওমের পেটের মধ্যে এত সুন্দর, এত ক্ষতবিক্ষত কেন তোমার নরম মুখ? নিম্নাঙ্গে দহনচিহ্ন, আহত চামড়া কেন ক্রমশ তামাটে?

zoom

ধীরে ধীরে আমি যেন প্রকৃতির মধ্যে চলে যাচ্ছি। আমার মানসিক জগৎ যেন বিস্তার পেতে চাইছে। গাছপালা, পাতা, রক্তপাত, সব মিলিয়ে একটা বড় লাল জমি যেন তৈরি হচ্ছে আমার চিত্রপটে।

zoom

‘আই থট দ্যাট আই কুড নট বি হার্ট’।

এত কি সহজ প্রেম?

আমি পান্থ। গ্রহণ বুঝি না। বুঝি না পাখির ছায়া মাটিতে পড়ার আগে হাওয়ায় জারিত হয় কোন অভিজ্ঞানে। যে কোনও রকম শোকই অতিক্রম্য। এটুকুই শুধু? বীজমন্ত্র? তবে কেন আরক্তিম খেত? তোমার সবুজ কেন শস্যময় নয়? নির্জন নৌকার কাছে বারবার ফিরে যেতে যেতে তুমি কেন পিছুটান অগ্রাহ্য করোনি? অপাপবিদ্ধ জলে ধুয়ে নাওনি ক্ষত। যেন এই শোণিতেচ্ছা হৃদয়সম্মত। ‘ডেড হোয়াইট। দেন দ্যাট রেড প্লাশ।’ তবে কি এ রক্তপাত সুপ্ত ভ্রূণ, জরায়ুসংকেত? অনতিলোহিত দুঃখ, অব্যক্ত, সম্ভাবনাময়?

তবে কি এ রক্তপাত তোমার নির্জ্ঞান? 

না কি খেলা? দু’ হাতে মাটির মতো তাল তাল স্বীয় অস্থি মজ্জা নিয়ে নশ্বর শরীর নিয়ে নির্মম এতোলবেতোল?

zoom

মা-বাবা আমাকে এই শিক্ষাই দিতে চেয়েছিলেন, যে কোনো ব্যথা-যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ওই– খেলা।

তবে দাম্পত্যের কথা বলো। জড়িয়ে থাকার কথা। একজন নিরাসক্ত। অন্যজন পৃথিবীর জলবাতাস আলো। একজন পাতার মতো। অন্যজন ব্যস্ত বল্মীক। একজন কঠোর ভৈরব। অন্যজন সাঁওতাল পল্লির প্রাত্যহিক কর্মমুখরতা।

zoom

লালবাঁধ কিংবা অবনপল্লির বাড়িতে, প্রত্যেক গোধূলিবেলায় চায়ের কাপ হাতে নিয়ে, আকাশের দিকে তাকিয়ে ওরা দু’জন গল্প করে যেত। কী গল্প করত, আমার মনে নেই। সম্ভবত পুরনো দিনের কথাই বলত। এবং, এত কিছুর পরেও উভয়ের যে দীর্ঘ সখ্য, হয়তো তা নিয়েও আলোচনা হত। শারীরিক অস্তিত্বের বাইরেও দু’জনের এক গভীর আত্মিক বন্ধন ছিল। ওই বন্ধন না থাকলে, এমন সম্পূর্ণ বিপরীত মেরুতে বসবাস করেও, দু’জনের একসঙ্গে কাজ করা সম্ভব নয়।

zoom

আমি যে ছায়ার মতো মেয়েটিকে ভালোবেসেছিলাম– একবার, মাত্র একবারই, পনেরো বছরে– আমরা গিয়েছিলাম যৌথ ভ্রমণে। রতনপল্লির থেকে কোপাইয়ের দিকে যে পথ গিয়েছে সোজা– আয়ুরেখার মতো সেই পথ ধরে। একবার, মাত্র একবারই। দিন দুয়েকের একত্রবাস। এক শয্যা। প্রথম শরীর বিনিময়। আমাদের কথা হত। সারাদিন। পাখিদের মতো সেই অক্লান্ত কথোপকথনের যৌথতায় আমরা কি বিশ্বাস রাখিনি?

তবে কি দাঙ্গাহীন, দুর্ভিক্ষহীন পৃথিবীতে যৌথতার মানে বদলে যায়? অক্ষের গঠন আরও ক্ষীণ আরও ভঙ্গুর হতে হতে কমিউন ভেঙে পড়ে। আমাদের থেকে ক্রমে আমি আমি আমি আরও ছোট প্রায়বিন্দু দমবন্ধ উন্নাসিকতায় আমি-র শরীর। শুধু অধিকৃত বলে এই মৃত্তিকা ফলদা, শুধু অধিকৃত বলে এ বাতাস সুমঙ্গল, এই জল তৃষ্ণার মলম?

zoom

আমার সারাজীবনে সঙ্গী খোঁজার অসম্ভব একটা জায়গা আছে। তবে এই সঙ্গ কখনও মানুষের মধ্যে খুঁজে পাইনি।

যত ফুটে থাকা, তত ব্যথা। যত ব্যথা, তত বেশি বন্ধুবিহীনতা। 

ভাস্কর্য তোমার কান্না। পরাণভ্রমর। আমি সেই অশ্রুর স্মৃতি পাতিনার মতো ধাতব শরীর বেয়ে বয়ে যেতে দেখেছি অনেক। অথবা আবেগমূক শাদাকালো অশান্ত রেখায়। সেসব শুধুই খোঁজা। নিজের ভেতরে। চোরা পাপ, আলগা ঝুরোমাটি। আনন্দের দিক থেকে বিমূর্ত দুঃখময়তায়। আর রং, কী অসহনগ্রাহ্য রং! ইমপ্যাস্টো। কর্ষণের দাগ। শীতল কোবাল্ট ব্লু। করুণ জলের মতো নিস্তব্ধ নিথর। আত্মজৈবনিক। ফিকে হয়ে আসা নিঠুর ম্যাজেন্টা। আহত হলুদ। না-হওয়া বিবাহের রঙে রাঙা হয়ে আসে। রং কি তোমার প্রেম? হেমন্তের হারানো পোস্টম্যান? রং কি তোমার কোনও ব্যথা বোঝে, সত্যি বলো, চন্দনাপাখি?

zoom

পুনশ্চ: এ সংলাপ কাল্পনিক। আলেক। মাটিপৃথিবীর সঙ্গে এর কোনও বাস্তবিক যাওয়াআসামেশাছোঁয়া নেই। দু’খানি আশ্চর্য বই গত কয়দিন ধরে বাঁচিয়ে রেখেছে। চন্দনা হোরের ছবি এখন আঁখির ধারাপাত। কখনও রাত্রির টান গোপনীয়তার চেয়ে গাঢ়তর হলে, অদৃশ্য হাত কলার খামচে ধরে শূন্যতায় ছুড়ে দেয়। তখন কিছুই আর করার থাকে না। লিখে যেতে হয়। সেইসব সংলাপ। যা কখনও দেশকালমাত্রার অধীনে মঞ্চস্থ হবে না আর। আগেও হয়নি। একাধারে সত্য ও অলীক। তবু এ কথোপকথন যদি দু’-একটি অনিবার্য স্মৃতির নুনছাল কখনও উসকে দেয়, এবং পাঠক, উপেক্ষার নির্মোহ পথ অগ্রাহ্য করে, চন্দনার ছবির কাছে, ব্যথার বাড়িটির কাছে আশ্রয় পেতে ছুটে যান– তাতে অবশ্য কী যে হবে সে সমস্ত না জেনেই এ বাক্য লিখে বসে আছি। ক্ষমা করবেন। 

[ছবি কৃতজ্ঞতা: সিগাল ইন্ডিয়া এবং দেবভাষা]
[উদ্ধৃত কবিতাংশ: শক্তি চট্টোপাধ্যায়, মৃদুল দাশগুপ্ত, সিলভিয়া প্লাথ]

জীবনবন্ধনে, পরাণভ্রমর
চন্দনা হোর
দেবভাষা
৩০০/- (প্রতিটি)

Chandana Hore Indian Painter Memoir Painting Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Shantiniketan Somnath Hore

Share this article on