‘পথের পাঁচালী’ ছবিতে দুর্গার বৃষ্টিতে স্নানের দৃশ্য দেখে আমরা প্রায় সবাই মনে করি, বৃষ্টির জলে ঠান্ডা লেগে দুর্গার নিউমোনিয়া হয়েছিল। দুর্গার অকালমৃত্যু হয়। দুর্গা আবার ফিরে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবার ও জন্মেছিল জাপানে। এবার ওর নাম হয়েছে সেৎসুকো। ওকে আমরা দেখেছি ‘গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ’ নামে একটি অ্যানিমেটেড সিনেমায়!
‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়ল কাঁটা…’ এই আশীর্বাদি ছোট্ট ছড়াটা অপু আট বছর বয়সের পর আর শোনেনি। কারণ, তার দিদি দুর্গা অকালেই চলে গিয়েছিল। আমরা জানি, ভাইফোঁটার এই আশীর্বাদি ছড়া ভাইয়ের মনে দিদির নিঃস্বার্থ ভালোবাসা, সুরক্ষার প্রত্যয় ও মৃত্যুভয় জয়ের সাহস জাগায়। যা তাকে আত্মবিশ্বাসী করে, দীর্ঘায়ু ও নিরাপদ জীবনের আশ্বাস দিয়ে থাকে।
‘পথের পাঁচালী’ ছবিতে দুর্গার বৃষ্টিতে স্নানের দৃশ্য দেখে আমরা প্রায় প্রত্য়েকে মনে করি, বৃষ্টিতে ঠান্ডা লেগে দুর্গার নিউমোনিয়া হয়েছিল। কিন্তু সেটা কি ঠিক? কারণ, নিউমোনিয়া হলে দুর্গার কাশি থাকত। কিন্তু দুর্গা তো একবারও কাশেনি। এছাড়াও দুর্গা গ্রামের মেয়ে। বৃষ্টিতে ভিজে ওর মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর আগে দুর্গা কি কখনও বৃষ্টিতে ভেজেনি? নিশ্চয়ই ভিজেছিল। তাহলে কী হয়েছিল দুর্গার?

তার মৃত্যুর সবচেয়ে যুক্তিগ্রাহ্য কারণটা ভেবে বের করতে গেলে আমাদের ফিরে ফিরে যেতে হবে তার জন্মসালে। কী করে বুঝব তার জন্মসাল? দুর্গার মৃত্যুর বছরই অপুদের পরিবার চিরদিনের মতো গ্রাম ছেড়ে কাশী চলে গিয়েছিল। ‘অপরাজিত’ ছবির শুরুতেই পর্দায় সাদা রঙের বিরাট অক্ষরে লেখা হয়েছিল– বারাণসী ১২২৭। অর্থাৎ, ১৯২০ সাল। দেখে যতদূর মনে হয়, দুর্গা মারা গিয়েছিল মাত্র ১২ বছর বয়সে। সুতরাং, তার জন্ম ১৯০৮ সালে। ও যখন ছ’-বছরের কচি খুকু, ঠিক তখনই শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। তার মানে, ১৯১৪ সালে। কোথায়, কতদূরে এই যুদ্ধ শুরু হল, দুর্গার মা-বাবা সে-বিষয়ে কিছুই জানতেন না।
কিন্তু অজানা এই যুদ্ধের জন্যই হঠাৎ কাজকর্ম চলে যেতে শুরু করল দুর্গার বাবার হাত থেকে। দ্রুত বাড়তে লাগল তাঁর টাকাপয়সার টানাটানি! কিন্তু কেন? অত দূরের এক যুদ্ধের ফলে দুর্গার বাবার পয়সা রাখার বাক্স খালি হবে কেন?

এই অনটনের কারণটাই লুকিয়ে আছে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে! কীভাবে? দুর্গার বাবা হরিহর রায়ের যজমানের সংখ্যা হু হু করে কমতে শুরু করল। যজমান কথাটার একটা বিশেষ মানে আছে। সেই মানেটা এখন অবশ্য অনেকেই ভুলে গিয়েছি। ‘হরিহর রায়ের যজমান’– এই শব্দবন্ধের মানে, যাঁরা পরিবার অথবা গ্রামের মঙ্গলের জন্য যজ্ঞের আয়োজন করেন, আর হরিহর রায়কে নিয়ম করে ডাকেন সেই যজ্ঞে পুরোহিত হওয়ার জন্য। দুর্গার যখন দু’বছর বয়স, ঠিক সেই সময় থেকেই যজমানদের বাড়িতেও হঠাৎ শুরু হল টাকার অভাব। কেন? কারণ যজমানদের অধিকাংশই ছিলেন সম্পন্ন কৃষক। ১৯১৪ সাল থেকে তাঁদের উপার্জন একেবারে তলানিতে এসে ঠেকল। তার কারণ, ১৯১৪ সালের ৫ আগস্ট, ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ একটা কড়া আদেশ জারি করলেন। তাতে বলা হল, তাঁর সাম্রাজ্যের অধীন কোনও দেশের কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তিমানুষ যদি জার্মানির ব্যবসা করে, তাহলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে! হঠাৎ এই রকম আদেশ জারি ছিল বিনা মেঘে বজ্রপাত! বিশেষ করে বাংলার কৃষকদের কাছে। কেন?

আদেশ জারি হল ১২২১ বঙ্গাব্দের ২০ শ্রাবণ। সেই সময় বাংলার নদী-নালা উপচে মাঠেঘাটে জল থইথই করছে। আর সেই জলে ডোবানো আছে পাট, যাকে বলে পাটে ‘জাগ দেওয়া’। পাট চাষ শুরু হয়েছিল ফাল্গুন থেকে বৈশাখের মধ্যে। ২০ শ্রাবণ সেই বিপুল পরিমাণ পাট জাগ দেওয়ার কাজ প্রায় শেষ। ঠিক এই সময় বাজ পড়ল। পঞ্চম জর্জের সেই আদেশ! কিন্তু এই আদেশের ফলে বাংলার চাষিদের অর্থের ভাঁড়ার শূন্যের কাছাকাছি নেমে আসবে কেন? কারণ, বাংলার উন্নতমানের এই পাটের সবচেয়ে বড় ক্রেতা ছিল জার্মানি। এখন সম্রাটের আকস্মিক আদেশে জার্মানিতে আর পাট রফতানি করা যাবে না। ফলে পাটের ফলন উপচে পড়ল। যাকে বলে ‘সারপ্লাস উৎপাদন’। পাটের পাহাড়-পর্বত তৈরি হয়ে গেল। অত পাট কিনবে কে? বা কারা? বিক্রি না-হওয়া পাটের পাহাড় পড়ে আছে সম্পন্ন চাষিদের হেফাজতে। এই সম্পন্ন চাষিরাই ছিলেন দুর্গার বাবা হরিহর রায়ের যজমান। এখন ওঁরাই হঠাৎ দরিদ্র হয়ে পড়লেন। ফলে যজ্ঞ আয়োজন করে গ্রামের সবাইকে ডেকে পেট ভরে খাওয়ানোর মতো উদ্বৃত্ত টাকা তাঁদের ভাঁড়ারে আর রইল না। ফলে হরিহর রায়ের আর ডাক আসবে কেন?

তারপর আর এক কাণ্ড! ‘ডানকান ব্রাদার্স’ বা ‘অ্যান্ড্রু ইউল কোম্পানি’র মতো ব্রিটিশ পাট ব্যবসায়ীরা জলের দরে বাংলার চাষিদের পাট কিনে নিলেন। কিন্তু সেই সস্তার পাট তাঁরা আদৌ জার্মানিতে রফতানি করলেন না। চড়া দামে বিক্রি করে দিলেন নিজেদেরই পিতৃভূমি ইংল্যান্ডের পররাষ্ট্র ও প্রতিরক্ষা দফতরে। কল্পনাতীত মুনাফা করল এই দুই ব্রিটিশ কোম্পানি। ব্রিটিশ সরকার সেই পাট দিয়ে কয়েক কোটি বস্তা তৈরি করল। শুধু চাল, গম আর বালি মজুত করার জন্য। অথচ এই বিপুল সংখ্যক পাটের বস্তা বাংলার কৃষকদেরই জার্মানিতে রফতানি করার কথা ছিল। তা হলে হরিহর রায়ের যজমানের সংখ্যা অনেক বেড়ে যেত। কারণ, প্রথম বিশ্বযুদ্ধের জার্মানিরও প্রয়োজন ছিল কয়েক কোটি পাটের বস্তা!

সুতরাং, প্রথম বিশ্বযুদ্ধে জারি করা পঞ্চম জর্জের সেই কঠোর নিষেধাজ্ঞা হরিহর রায়কে দরিদ্র করে দিল। ফলে, মাত্র দু’বছর বয়স থেকেই শুরু হল দুর্গার অপুষ্টি। বাংলার সমাজব্যবস্থায় মেয়েদের মূল্য কম– বহুকথিত এই ক্লিশে কিন্তু দুর্গার অপুষ্টির কারণ নয়। দুর্গার অপুষ্টির প্রধান ও একমাত্র কারণ পঞ্চম জর্জের সেই কঠোর আদেশ। অর্থাৎ, দুর্গা হয়ে গেল যুদ্ধের শিকার। দুর্গাকে ‘বাংলার সমাজব্যবস্থার শিকার’ বললে অতি সরলীকরণ করা হবে। এই কারণেই সে প্রতিবেশীর বাগান থেকে ফল কুড়িয়ে বেড়াত। বাড়ির ডাল-ভাতে দুর্গার খিদে মিটত না। তারপর টানা ছ’-বছরের (১৯১৪ থেকে ১৯২০) অপুষ্টির ফলে দুর্গার স্বাস্থ্য ছিল খুবই দুর্বল। তাই বৃষ্টিতে ভেজার ঠান্ডাও দুর্গা সইতে পারেনি। একদিনের ঠান্ডাতেই তার মরণ ঘনিয়ে এল!

দুর্গা আবার ফিরে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবার জন্মেছিল জাপানে। এবার ওর নাম হয়েছে সেৎসুকো। ওকে আমরা দেখেছি ‘গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ’ নামে একটি অ্যানিমেটেড সিনেমায়। জাপানি মেয়েটিকে আমরা দুর্গা বলছি কেন? কারণ দু’জনের মধ্যে অনেক মিল। দুর্গার মতোই সেৎসুকো মারা গিয়েছে একেবারে ছোট বয়সে। দু’জনেরই মৃত্যুর প্রধান কারণ দু’টি বিশ্বযুদ্ধ। জাপানের পার্ল হারবার আক্রমণের বছর সেৎসুকোর জন্ম। অর্থাৎ ১৯৪১ সালে। আমেরিকার অপারেশন স্টারভেশন-এর সময় ওর মৃত্যু। মাত্র চার বছরের ছোট্ট জীবনটাই ওর কেটে গিয়েছে যুদ্ধের চাপে। আগেই বলেছি, দুর্গার মৃত্যুর কারণ, প্রথম বিশ্বযুদ্ধের ফলে তৈরি একটানা ছ’বছরের অপুষ্টি।
সেৎসুকোর মৃত্যুর কারণ আরও ভয়ংকর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার তৈরি বিভীষিকাময় দুর্ভিক্ষ। জাপানে এই কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করতে আমেরিকার সময় লেগেছিল মাত্র দু’সপ্তাহ। জাপানের এই দুর্ভিক্ষের সঙ্গে বাংলায় তেতাল্লিশের দুর্ভিক্ষের কিন্তু আদৌ কোনও সাদৃশ্য নেই। যদিও বাংলার ব্যাপক ও হাড় হিম করা সেই দুর্ভিক্ষও হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই। তবে জাপানের দুর্ভিক্ষের মাত্র দু’বছর আগে। ১৯৪৩ সালে। এই দুর্ভিক্ষ নিয়েই ‘অশনি সংকেত’-এর মতো বিষাদময় ছবি সৃষ্টি করেছিলেন সত্যজিৎ রায়।
বাংলায় তেতাল্লিশের দুর্ভিক্ষ একাই পরিকল্পনা করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তার দু’বছর পর, ১৯৪৫ সালে জাপানের দুর্ভিক্ষের পরিকল্পনা কিন্তু জাপানের সম্রাট বা প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত নয়। এই বিভীষিকার ছক কষা হয়েছিল প্রশাসনিক সিঁড়ির আরও একটু নিচের দিকে।

জাপানের এই দুর্ভিক্ষের পরিকল্পনা করেছিলেন একজন বিজ্ঞানী। তাঁর নাম ডক্টর এলিস এ. জনসন। ওয়াশিংটনের কার্নেগি ইনস্টিটিউশনে তিনি গবেষণা করতেন ভূ-চুম্বকত্ব নিয়ে, যাকে বলে টেরিস্ট্রিয়াল ম্যাগনেটিজম। বোঝাই যাচ্ছে, যুদ্ধের আগে পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে তাঁর কোনও সম্পর্কই ছিল না। তবে যুদ্ধের ইতিহাস নিয়ে পড়াশোনা করা ছিল তাঁর শখ। এই খাপছাড়া শখটাই কয়েক লক্ষ জাপানি দুর্গার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল! কী করে? কিছুটা শখ মেটাতে আর কিছুটা অ্যাডভেঞ্চারের নেশায় ডক্টর জনসন বেরিয়ে এলেন কার্নেগি ইনস্টিটিউশনে তাঁর সাধের ল্যাবরেটরি থেকে। প্রভাব খাটিয়ে যোগ দিলেন আমেরিকার নৌ বাহিনীতে।
জাপানি বোমা ও আত্মঘাতী যুদ্ধবিমানের আঘাতে আমেরিকার নৌ-বন্দর পার্ল হারবার ধ্বংস হয়ে গিয়েছিল ১৯৪১ সালের ডিসেম্বরে। অথচ কিছুতেই জাপানের বিরুদ্ধে জুতসই প্রতিশোধ নেওয়া যাচ্ছিল না। আমেরিকার সেনা অধিকর্তারা দু’হাতে চুল ছিঁড়ছেন, ঠিক সেই সময় ডক্টর এলিস এ. জনসন আমেরিকার সামরিক অধিকর্তাদের পরামর্শ দিলেন, এই যুদ্ধবাজ সামুরাই জাতির সঙ্গে সোজাসুজি যুদ্ধ করার দরকার নেই। তাহলে কী করা যায়? ডক্টর জনসন বললেন, এই গোঁয়ার জাপানিদের না খাইয়ে মেরে ফেলুন। আতঙ্কে দিশাহারা হয়ে জাপান এমনিতেই আত্মসমর্পণ করবে। কিন্তু কীভাবে হবে সেই অসাধ্যসাধন?
ডক্টর জনসন বললেন, আকাশ থেকে হাজার হাজার মাইন বৃষ্টি করুন জাপানের উপকূলীয় নানা শহরে। তাতে হবেটা কী? খাদ্য বোঝাই কোনও বিদেশি জাহাজ জাপানের বন্দরে আর নোঙর ফেলতে পারবে না। তার আগেই ওগুলো মাইন বিস্ফোরণে উড়ে যাবে। এখানেই ছিল জাপানের অসহায়তা। জাপান খাদ্যে আত্মনির্ভর ছিল না। খাদ্য আমদানি করতে না-পারলে তারা ভয়াবহ সংকটে পড়ত! জাপানের বন্দরগুলোয় পৌঁছনোর পথে, জলের নিচে যে-ই হাজার হাজার মাইন ডুবিয়ে রাখা হল, তখন থেকেই জাপানে দেখা দিল খাদ্যের বিরাট ঘাটতি।

সেখানেই শেষ নয়। ১৯৪৫ সালের ২৩ জানুয়ারি, জেনারেল কার্টিজ লিমেই একটি লিখিত আদেশ জারি করলেন। তাতে বলা হল, আমেরিকার বিমানবাহিনী দু’মাসের মধ্যেই আকাশপথে জাপানের ভিতরে ঢুকে গ্রামে গ্রামে, মাঠে ঘাটে, খেতখামারে নতুন ধরনের একটা বোমাবর্ষণ করতে শুরু করবে। জাপানের সমস্ত শস্যখেত জ্বলেপুড়ে খাক হয়ে যাবে সেই বোমায়। কী সেই বোমা? তারই নাম ‘নাপাম বোম’। এই বোমা তৈরি করেছিলেন লুই ফিশার নামে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত একজন কেমিস্ট। বিজ্ঞানী নন, মূলত তিনি ছিলেন ম্যানুফ্যাকচারার।

তাঁর তৈরি নাপাম বোমা থেকে বেরিয়ে আসত বাদামি রঙের একটা থকথকে জেলি। এই জেলি পেট্রোলিয়াম থেকেই তৈরি। তবে আঠালো একটা রাসায়নিক পদার্থ মেশানোর ফলে এই জেলি খুব বেশি চটচটে হয়ে উঠল। প্লেন থেকে মাটিতে পড়ে কোথাও এই জেলি একবার সেঁটে গেলে, জেলির সেই তালকে আর একচুলও নড়ানো যেত না। কিন্তু তাতে অসুবিধেটা কোথায়? অসুবিধে একটাই। বিভীষিকাময় অসুবিধে। প্লেন থেকে জমিতে পড়ার সঙ্গে সঙ্গে বোমার খোলস ভেঙে, থকথক করে বেরিয়ে আসত এই জেলি। কিন্তু ততক্ষণে সেটায় আগুন ধরে গিয়েছে। লেলিহান তার শিখা। নাপাম জেলি উদ্বায়ী ছিল না। মানে পেট্রল বা কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে যেত না। একই জায়গায় অনড় হয়ে সেঁটে থেকে, গাছের মগডাল ছোঁয়া শিখায় জ্বলতেই থাকত দিনের পর দিন।

এই নাপাম জেলি জাপানের বিস্তীর্ণ অঞ্চলের ফসল জ্বালিয়ে পুড়িয়ে দিল। এই রাক্ষুসে জেলির খিদে সেখানেই মেটেনি। জমির ফাটল দিয়ে মাটির অনেক গভীরে ঢুকে গেল নাপাম জেলির জ্বলন্ত জিভ। ফলে উর্বর জমির নিচেও ধিকিধিকি আগুন জ্বলতে লাগল। চাষাবাদের ক্ষীণ আশাও আর রইল না। এই ভয়াবহ পরিকল্পনার নাম দেওয়া হয়েছিল ‘অনাহার অভিযান’। অফিশিয়াল নাম ছিল ‘অপারেশন স্টারভেশন’। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণের পাঁচ মাস আগেই, ডক্টর এলিস এ. জনসন-এর মস্তিষ্কপ্রসূত এই ‘অনাহার অভিযান’ জাপানিদের মেরুদণ্ড গুঁড়িয়ে দিয়েছিল। আমরা আবার ফিরে আসি আট বছরের ছোট্ট মেয়ে সেৎসুকো-র গল্পে। আদর আমরা তার নাম রেখেছি– ‘জাপানি দুর্গা’। শুরুতেই বলেছি, ‘জাপানি দুর্গা’ সেৎসুকো মারা গিয়েছিল অনাহারে।

জাপানের কোবে শহর, যেখানে সেৎসুকো তার দাদা সেইতা ও মায়ের সঙ্গে থাকত। আমেরিকার বিমান হামলায় তাদের বাড়ি ধ্বংস হয়, এবং মা’কে হারিয়ে দুই ভাইবোন আশ্রয়হীন হয়ে পড়ে। বাবা নৌবাহিনীতে কর্মরত থাকায় তাঁরও কোনও খোঁজ পাওয়া যায় না। প্রথমে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলেও অবহেলা ও অপমানের কারণে তারা একটি পরিত্যক্ত আশ্রয়স্থলে থাকতে শুরু করে। কিন্তু খাদ্যাভাব, অপুষ্টি এবং অসুস্থতা ক্রমশ তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। দাদা সেইতা আপ্রাণ চেষ্টা করেও বোনকে বাঁচাতে পারে না।

শেষ পর্যন্ত অপুষ্টিতে সেৎসুকোর মৃত্যু হয়। সেৎসুকো যখন না খেয়ে মারা যাচ্ছে, ঠিক সেই সময় জাপানের শস্যখেতে পেকে উঠেছে গম আর বার্লি। কিন্তু সেই সোনার ফসলের কোনও স্বাদ পেল না সেৎসুকো আর তার দাদা সেইতা। কারণ, ফসল কাটার আগেই, নাপামের আঠালো জিভের লোভী আগুন পুড়িয়ে দিয়েছে সমস্ত গম আর বার্লি। কাজেই, কী মর্মান্তিকভাবে শিশুরা যুদ্ধবাজদের হাতে নিষ্পেষিত হয়েছে! এবং হয়েই চলেছে। এই মুহূর্তে কত সহস্র দুর্গা ও সেৎসুকোর মৃত্যু হচ্ছে ইরান, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরাকে। যুদ্ধোন্মাদ রাষ্ট্রনায়কদের চোখে কি একফোঁটাও জল আসে ওদের কথা ভেবে?
…………………..
রোববার.ইন-এ পড়ুন সুদেষ্ণা গোস্বামী-র অন্যান্য লেখা
…………………..
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved