

প্রাচীন তিরন্দাজ যাযাবর জাতিরা এদের তিরগুলি পচনশীল জীবদেহে ডুবিয়ে রেখে বিষাক্ত করত। শুধু তাই নয়– সাপের বিষ, মলমূত্রকেও তিরকে বিষাক্ত করে তুলতে ব্যবহার করত। দূষিত তিরে clostridium perfringens এবং clostridium tetani জীবাণুকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে এইভাবে ব্যবহার করা হত। তবে তা মোটেই বৈজ্ঞানিক যুক্তিনির্ভর ছিল না। শুধুমাত্র বিষের ব্যবহারিক প্রয়োগ এবং কাজ করার ক্ষমতার ওপর নির্ভর করে, সে যুগে মানুষ জীবাণুকে ব্যবহার করত নিজের অজান্তে!
মানবসভ্যতায় সংগঠিত যুদ্ধের ইতিহাস প্রায় ৫৫০০ বছরের। সময়ের দাবিকে মান্যতা দিয়ে, যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধাস্ত্র পরিবর্তিত হয়েছে। মানবসভ্যতার অন্যান্য ব্যবহারিক সামগ্রীর বিবর্তনের মতোই স্বাভাবিক নিয়মে এসেছে এই পরিবর্তন। তবে যুদ্ধের ইতিহাসে, জৈবযুদ্ধের শুরুটা কিন্তু ঘটেছিল প্রাগৈতিহাসিক যুগেই। আর্কিওলজিস্টদের মতে, প্রাচীন জনজাতি মৎস্যশিকার, পশুশিকারের জন্য বিষ বা টক্সিনকে ব্যবহার করত তাদের তির এবং বর্শার ফলায়। এই সমস্ত বিষের উৎস ছিল প্রাণিজ এবং উদ্ভিজ।
যুদ্ধের ইতিহাসে প্রথম নথিভুক্ত জৈবযুদ্ধের প্রমাণ পাওয়া যায় প্রাগৈতিহাসিক যুগে, মেলানেসিয়ান উপজাতির মধ্যে। তারা তাদের খোদাই করা হাড় ও কাঠের তিরের ফলাকে কাদামাখা কাঁকড়ার গর্তে ঢুকিয়ে রাখত। ভিজে স্যাঁতসেঁতে কাঁকড়ার গর্তে, অক্সিজেনের অনুপস্থিতিতে ‘clostridium tetani’ জীবাণু বৃদ্ধি পেত– যা ‘টিটেনি’ (Tetani) রোগের কারণ। তিরের আঘাতে ক্ষত তৈরি হত। ক্ষত থেকে ব্যাকটেরিয়ার স্পোর বা গুটি সরাসরি রক্তে প্রবেশ করত। আঘাতের বেশ কিছুদিন পর থেকেই আহত ব্যক্তির পেশিতে তীব্র খিঁচুনি, চোয়াল শক্ত হয়ে আসার মতো বিভিন্ন উপসর্গ দেখা দিত। সে যুগের যুদ্ধে, বিষ মাখানো তিরের সাহায্যে শত্রুপক্ষের মধ্যে রোগের জীবাণু ছড়িয়ে দেওয়ার কৌশল ছিল এটি। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, সাব-সাহারান আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতেও এই যুদ্ধকৌশল ছিল বহুল প্রচলিত।

সাইথিয়ানদের মধ্যেও বিষ-মাখানো তিরের ব্যবহার জানা যায়। এরা ছিল পূর্ব ইরানের প্রাচীন তিরন্দাজ যাযাবর জাতি। এরা এদের তিরগুলি পচনশীল জীবদেহে ডুবিয়ে রেখে বিষাক্ত করত। শুধু তাই নয়– সাপের বিষ, মলমূত্রও তিরকে বিষাক্ত করে তুলতে ব্যবহার করত। দূষিত তিরে ‘clostridium perfringens’ এবং ‘clostridium tetani’ জীবাণুকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে এইভাবে ব্যবহার করা হত। তবে তা মোটেই বৈজ্ঞানিক যুক্তিনির্ভর ছিল না। শুধুমাত্র বিষের ব্যবহারিক প্রয়োগ ও কাজ করার ক্ষমতার ওপর নির্ভর করে, সে যুগে মানুষ জীবাণুকে ব্যবহার করত নিজের অজান্তে।

রোগের সংক্রমণের ব্যাপারে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, মেসোপটেমিয়ার অধিবাসীরা একেবারেই অজ্ঞাত ছিল। রোগ এবং মহামারীকে দৈব অভিশাপ, ক্রোধ হিসেবেই ভাবা হত। এমনকী, ইউরোপও এমন ধারণারই বশবর্তী ছিল। ১৯ শতকের মাঝামাঝি, ১৮৬০-’৭০ নাগাদ, লুই পাস্তুর ও রবার্ট কখের ‘জার্মস থিওরি’র যুগান্তকারী আবিষ্কারের পর, রোগের সঙ্গে জীবাণুর সম্পর্কের ধারণা স্পষ্ট হয়েছিল। এর আগে ইউরোপেও অসুস্থতাকে ঈশ্বরের অভিশাপ, মানুষের পাপের ফল বা মানুষের অনৈতিক কাজের শাস্তি বলেই মনে করা হত।
তবে রোগ-মহামারীর কারণ ব্যখ্যায় ধর্মীয় ধারণার পাশাপাশি বৈজ্ঞানিক ধারণাও প্রচলিত ছিল। প্যারাসেলসাস, গ্যালেন-এর মতো সে যুগের চিকিৎসকেরা ‘হিউমোরাল থিওরি’ বা রসতত্ত্বের নিরিখে রোগকে ব্যাখ্যা করতেন। এই থিওরি অনুসারে, মানবদেহের চারটি উপাদান– কালো পিত্ত, হলুদ পিত্ত, শ্লেষ্মা ও রক্তের মধ্যে কোনও একটি উপাদানের ভারসাম্য নষ্ট হয়ে গেলে মানুষের মধ্যে অসুস্থতা দেখা দেয়। তৎকালীন চিকিৎসাবিজ্ঞানে দূষিত বায়ু বা ‘Miasma’-কে রোগ-মহামারীর জন্য দায়ী করা হত। সে যুগের চিকিৎসাশাস্ত্র মতে, এই দূষিত বায়ুর উৎস ছিল পচনশীল প্রাণিজ বস্তু– যা কলেরা, ম্যালেরিয়ার মতো মহামারী তৈরি করত। ১৮ শতক অবধি এমনই সব ধারণা প্রচলিত ছিল।

মহামারী এবং তার সঙ্গে জড়িয়ে থাকা জৈবযুদ্ধ এবং সন্ত্রাসের পটভূমিকায় যে ক’টি সংক্রামক ব্যাধির নাম আলোচিত হয়, তার মধ্যে ‘টুলারেমিয়া’ রোগটির নাম বিশেষ উল্লেখযোগ্য। এই রোগটির ব্যাকটেরিয়া ‘ফ্রান্সিসেলা টুলারেনসিস’ (Francisella tularensis) পোকার কামড়, আক্রান্ত পশুদের থেকে ছড়িয়ে পড়ে। রোগটি ‘খরগোশের জ্বর’ (‘Rabit fever’) বলেও পরিচিত। আধুনিক সময়ের তুরস্ক থেকে উত্তর সিরিয়া অঞ্চলে হিট্টাইট সাম্রাজ্যে এই রোগটির প্রাদুর্ভাব দেখা দেয়। টুলারেমিয়া রোগটি ২৫০০ খ্রিস্ট-পূর্বে বহু জায়গায় ছড়িয়ে পড়েছিল। এই রোগের জীবাণু কম উষ্ণতায় ভিজে মাটি, খড় বা পচনশীল মৃত জীবদেহে সহজেই বেঁচে থাকতে পারে। জ্বর এবং মৃত্যুর উপসর্গ নিয়ে এই মারণব্যাধির স্থায়িত্ব ছিল প্রায় ৪০ বছর। মানুষের মধ্যে মূলত জাহাজবাহিত ইঁদুরের থেকে জীবাণু ছড়িয়ে পড়ত। মহামারীর কারণ অনুসন্ধান করতে গেলে, আমাদের অনুসন্ধিৎসাকে আরওয়াদ-ইউফ্রেটিস নদীর বাণিজ্যপথে ভাসিয়ে নিয়ে যেতে হবে। আরওয়াদ ছিল পূর্ব ভূমধ্যসাগরের গুরুত্বপূর্ণ বন্দর। স্থলপথে এবং জলপথে সাইপ্রাস, সিরিয়ার সঙ্গে যুক্ত। এইসব পথে ধাতু, কাঠ, বস্ত্র ছাড়াও মানুষ, অর্থাৎ, সৈন্য-শ্রমিক থেকে শুরু করে পশুদের সরবারহ করা হত। বন্দর ও বাণিজ্যকেন্দ্র ঘিরে অসংখ্য মানুষ ও পশুর সমাগম রোগ বিস্তারের পক্ষে ছিল আদর্শ।

১৩২০-১৩১৮ খ্রিস্টপূর্বে আরজোওয়ান আর হিট্টাইটদের মধ্যে কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, যা দীর্ঘ সময় ধরে চলেছিল। আরজোওয়ানরা দুর্বল হয়ে পড়া হিট্টাইটদের পূর্বাঞ্চলে আঘাত হানার সুযোগ পেয়েছিল। কিন্তু হিট্টাইটদের জুনোটিক রোগের যে ধারণা ছিল, সে ব্যাপারে আরজোওয়ানরা একেবারেই ওয়াকিবহাল ছিল না। এই অজ্ঞানতা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। নথি থেকে জানা যায়, আরজোওয়ার রাস্তায় ভেড়াদের অবাধ বিচরণের কথা। ভেড়ার পরিচর্যা করা মহিলা ইচ্ছাকৃতভাবে আক্রান্ত ভেড়াদের রাস্তায় ছেড়ে দেয়। চড়তে থাকা ভেড়াদের আরজোওয়ানরা নির্ভাবনায় তাদের গ্রামে নিয়ে যায়। তারা জানতেই পারেনি যে, সেই টুলারেমিয়া রোগাক্রান্ত ভেড়ারা বহন করছে মৃত্যুর অদৃশ্য পরোয়ানা। তাদের জন্য অপেক্ষা করে আছে মর্মান্তিক এক পরিণতি। হিট্টাইটরা টুলারেমিয়া রোগটিকে পরিকল্পিতভাবে আরজোওয়ানদের মধ্যে ছড়িয়ে দেয়। খ্রিস্টপূর্ব ১৪ থেকে ১৩ শতকের ফলক থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য জানা যায়। আরজোওয়ানদের গ্রামে এভাবেই সংক্রামক ব্যাধির অনুপ্রবেশ ঘটে। হিট্টাইটদের এই রণকৌশলের মাধ্যমে জৈবযুদ্ধের সূচনা ঘটেছিল, যা আরজোওয়ানদের মধ্যে প্রাণঘাতী বিপর্যয় ডেকে এনেছিল।

খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সাম্রাজ্যের মহামতি পম্পেইয়ের সঙ্গে হেপ্টাকোমেটেসদের যুদ্ধ বাধে। হেপ্টাকোমেটেসরা ছিল পন্টাসের রাজা ষষ্ঠ মিথ্রিডেটিসের একটি মিত্র উপজাতি। পম্পেইয়ের সেনাবাহিনী ট্রেবিজন্ড গিরিপথে অগ্রসর হওয়ার সময় মধুর ভাণ্ডারের সম্মুখীন হয়। লুঠ এবং আক্রমণ ছিল তাদের মজ্জাগত। ফলে রসদ সংগ্রহের লোভে তারা মধুভাণ্ডারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সেই আকর্ষণ তাদের জন্য প্রাণঘাতী ঘটনায় রূপান্তরিত হয়েছিল। মধু খেয়ে সেনারা মারাত্মক খিঁচুনি, বমি, উদরাময়ের ফলে অসুস্থ হয়ে পড়ে। সেই সুযোগে হেপ্টাকোমেটেসরা অসুস্থ, দুর্বল পম্পেই সেনাদের ওপর আক্রমণ করে এবং খুব সহজেই তাদের কাবু করে ফেলে। অতর্কিত হামলায় প্রায় ১০০০ রোমান সেনাকে তারা হত্যা করে। আসলে এই মধুভাণ্ডার বিপক্ষের সেনাবাহিনীকে হতবুদ্ধি করার জন্য বিষাক্ত টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই মধু ‘পাগল মধুর ফাঁদ’ বলে পরিচিত। রডোডেনড্রন পন্টিকাম নামের পাহাড়ি ফুলের মিষ্টি রস থেকে মৌমাছিরা এই বিষাক্ত মধু সংগ্রহ করে। এই মধুতে ‘গ্রায়ানোটক্সিন’ নামক এক প্রকার নিউরোটক্সিন থাকে। মানুষের স্নায়ুতন্ত্রের ওপর এই টক্সিনটি মারাত্মক প্রভাব ফেলে।

‘মিট সিকিং মিসাইল’ হিসেবে মৌমাছিদের ব্যবহার করার অনেক উদাহরণ পাওয়া যায়। এশিয়া মাইনর অঞ্চলের মধুর ওপর রোমান রাজকোষ নির্ভরশীল ছিল। পাশাপাশি রোমানদের কাছে এখানকার মধু ছিল খুব সমাদৃত। এই অঞ্চল থেকে রোমানরা বলপূর্বক যে কর আদায় করত, তার কিছুটা অংশ মুদ্রার বিনিময়ে মধু সরবরাহের মাধ্যমে গৃহীত হত। আরোপিত কর ব্যবস্থাকে শিথিল এবং সংস্কারের মাধ্যমে রোমানরা শুধু যে মধুর জোগান পর্যাপ্ত রেখেছিল তাই নয়, এশিয়া মাইনরে শোষণব্যবস্থার বিরুদ্ধে যে বিদ্রোহের সূত্রপাত হয়েছিল, তাকেও নিয়ন্ত্রণ করতে পেরেছিল। উদ্ভাবনের ঐতিহ্যকে মাথায় রেখে রোমানদের পরিচালিত যুদ্ধে মৌমাছিকে কাজে লাগিয়েছিল। মৌমাছি এবং মৌচাককে রোমানরা হেপ্টাকোমেটেসদের মতো প্রতারণা বা ফাঁদ হিসেবে ব্যবহার করেনি। বিচক্ষণতার সঙ্গে তারা যুদ্ধক্ষেত্রে শত্রুশিবির এবং দুর্গের প্রাচীর লক্ষ্য করে সৈন্যদলের ওপর মৌচাক ছুড়ে মারত।

মধুকে কেন্দ্র করে জৈবযুদ্ধের পাশাপাশি জৈব সন্ত্রাসের রোমহর্ষক ঘটনাও ইতিহাসে ঘটেছে। ৯৪৫ খ্রিস্টাব্দে কিয়েভের ইগর ড্রেভলিয়ানদের হাতে নিহত হয়েছিলেন। বিধবা রানি ওল্গা রাজ্য শাসনের দায়িত্ব তুলে নিলেন। রানির বুকে প্রতিশোধের আগুন জ্বলতে লাগল। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি এক অভিনব পরিকল্পনা করেন। ড্রেভলিয়ানদের আমন্ত্রণ জানালেন স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায়। রানির নির্দেশে ড্রেভলিয়ানদের জন্য মধুমিশ্রিত মদ প্রস্তুত করা হয়েছিল। অনুষ্ঠানে সেই মদ পান করার পর শোকার্ত মদ্যপ ড্রেভলিয়ানরা অসুস্থ হয়ে পড়লে, রানির সেনারা তাদের আক্রমণ করে। এভাবেই প্রায় ৫০০০ ড্রেভলিয়ানকে নেশাগ্রস্থ অবস্থায় হত্যা করা হয়েছিল।
জৈবযুদ্ধ যে শুধু সে যুগে ঘটে যাওয়া ঘটনার মধ্যেই সীমাবদ্ধ ছিল, তা কিন্তু নয়। বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে অতিক্রম করে জৈবযুদ্ধ ‘আখ্যান’ হিসেবে লিখিত হয়েছে পুরাণে। উদাহরণ হিসেবে গ্রিক পুরাণের কথা বলতে গেলে, কবি হোমারের ‘ইলিয়াড’ মহাকাব্যের কথা বলতে হয়। হোমারের মহাকাব্যে যে ট্রোজান যুদ্ধের কথা আছে, সেখানে প্রাণঘাতী মহামারীর উল্লেখ পাওয়া যায়। সেই মহামারীর নেপথ্যে ছিল জৈবযুদ্ধ এবং জৈবসন্ত্রাস! মহাকাব্য়ের শুরুর পঙ্ক্তিতে ‘Sing, goddess, the anger of Achilles, son of Peleus…’ এই লাইনটির মাধ্যমে অ্যাকিলিসের অনমনীয় ক্রোধ প্রকাশিত হয়েছে।

গ্রিক সেনাপতি অ্যাগামেমনন অ্যাপোলোর পুরোহিত ক্রাইসিসের কন্যাকে বন্দি করেন এবং ফিরিয়ে দিতে অস্বীকার করেন। অপমানিত ক্রাইসিস ফিরে এসে, প্রতিশোধের জন্য ডেলফির দেবতা অ্যাপোলোর কাছে প্রার্থনা করেছিলেন। প্রার্থনায় সাড়া দিয়ে অ্যাপোলো এক দৈবযুদ্ধে অবতীর্ণ হলেন। এই যুদ্ধ দৈব এবং জৈব। মহাকব্যের আখ্যান অনুযায়ী, অ্যাপোলো গ্রিক সেনাদের ঘাঁটি লক্ষ্য করে তির নিক্ষেপ করেন। সেই তিরে বিদ্ধ হয় গাধা, ঘোড়া, খচ্চর এবং কুকুরের মতো প্রাণী। নয়দিনব্যাপী অ্যাপোলো-নিক্ষেপিত তিরের বৃষ্টিতে প্রাণীরা দ্রুত অসুস্থ হয়ে পড়তেই, তাদের শরীর থেকে রোগ গ্রিক শিবিরে ছড়িয়ে পড়ে, যা এক সময় মহামারীর আকার নেয়। পুরাণে কল্পিত এবং লিখিত এই মহামারী কিন্তু বাস্তবের জুনোটিক ডিসিসের প্রতিচ্ছবি। অ্যাপোলোর হাত থেকে ধেয়ে আসা তিরের আঘাতে যে ধ্বংসযজ্ঞ চলেছিল, তার নেপথ্যে কিন্তু জৈবযুদ্ধ ও সন্ত্রাসের পরিচিত ছবি। অ্যাপোলোর তির মহাকাব্যে রূপক অর্থে ব্যবহৃত হলেও, তা ছিল রোগ বিস্তারের প্রক্রিয়া।
বিষ এবং তিরের মধ্যে যে শব্দের উৎপত্তি ও ব্যবহারগত নিবিড় সম্পর্ক, তা খুবই গুরুত্বপূর্ণ। ‘টক্সিন’ শব্দটি এসেছে ‘arrow’-এর গ্রিক প্রতিশব্দ ‘toxon’ থেকে। এই শব্দটি প্রাচীন পারসি ‘taxa’ থেকে উদ্ভূত, যার অর্থ ‘তির’। ‘toxon’ শব্দটি আবার তির-ধনুক অর্থেও ব্যবহৃত হয়।

হোমারের কাব্যিক স্বাধীনতা ও অত্যুক্তিকে মেনে নিলেও, হেরোডেটাস, থুসিডাইডিস-এর মতো শ্রেষ্ঠ গ্রিক ঐতিহাসিকরা ট্রোজান যুদ্ধকে ঐতিহাসিক আখ্যান বলে মনে করেন। এঁরা বিশ্বাস করতেন, মহাকাব্যের এই যুদ্ধটি হয়েছিল খ্রিস্টপূর্ব ১২ শতকে, উত্তর-পশ্চিম তুরস্কের দার্দানেলিস প্রণালীর আশপাশে কোনও জায়গায়। তবে ট্রয় নগর আর এই যুদ্ধ কীভাবে পৌরাণিক কাহিনিতে পরিণত হয়েছিল, তা নিয়ে ১৯ শতকের মাঝামাঝি সময়ে সংশয় দানা বেঁধেছিল। মহাকাব্যে লিখিত ট্রয়ের মহামারী আর ট্রোজান যুদ্ধ মনগড়া গল্প নয়। মিথ হিসেবে বর্ণিত ঘটনা, বাস্তবের কোনও ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। বাস্তবে ঘটে যাওয়া ঘটনা, যেটি প্রমাণের অভাবে ঐতিহাসিকভাবে বর্ণনা করা সম্ভব ছিল না, সেটি মহাকাব্যের আঙ্গিকে লেখা হয়েছে। উদাহরণ হিসেবে, মহাকাব্যে ধারাবাহিক জৈবযুদ্ধের কথা বলা যায়, যার সূত্রপাত ঘটেছিল দেবতার হাতে। কাজেই এমন সম্ভাবনাকে অগ্রাহ্য করা যায় না যে, মহাকাব্যের এই জৈবযুদ্ধ আসলে বাস্তবে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা, যা মহামারীর আকার নিয়েছিল, এবং যার পিছনে ছিল কোনও নশ্বর মাধ্যম।
এথেন্সে মহামারীর সূত্রপাত ঘটেছিল ৪৩০ খ্রিস্টপূর্বে, পেলোপোনেসিয়ান যুদ্ধের মাধ্যমে। যুদ্ধের দ্বিতীয় বছরে, এথেন্স স্পার্টানদের দখলে চলে গিয়েছিল। সেই সঙ্গে ছিল মহামারীর প্রাদুর্ভাব। পরবর্তী তিন বছরে এথেন্সের জনসংখ্যা সংক্রামিত হয়ে পড়েছিল। সংক্রমণের সংখ্যা ছিল ৭৫ হাজার থেকে প্রায় ১ লাখের মতো। আক্রান্তদের মধ্যে ২৫ শতাংশ মানুষ মারা গিয়েছিল। মহামারীর প্রাদুর্ভাব ঘটেছিল মে, ৪৩০ খ্রিস্টপূর্বে। মহামারীর ঢেউ আঘাত হেনেছিল পরের গ্রীষ্ম ও শীতে। এই মহামারী প্রায় পাঁচ বছর ধরে চলেছিল। এথেন্সের এই মহামারীর কারণ প্রসঙ্গে হেরোডোটাস ও থুসিডাইডিসের মধ্যে মতপার্থক্য ছিল। হেরোডোটাস এই মহামারীকে ঐশ্বরিক প্রতিশোধ, দৈব অভিশাপ এবং দূষিত বায়ুর নিরিখে ব্যাখ্যা করেছিলেন। তিনি মানুষের প্রাণহানী আর দুর্ভোগকে মানুষের ‘পাপের শাস্তি’ বলে মনে করতেন। এথেন্সের ঐতিহাসিক দার্শনিক থুসিডাইডিস এই মহামারীর কারণ অনুসন্ধান করেন। তাঁর ‘হিস্ট্রি অফ দ্য় পেলোপনেসিয়ান ওয়ার’ বইটি উল্লেখযোগ্য কাজ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এই বইটি তাঁকে ‘ফাদার অফ সায়েন্টিফিক হিস্ট্রি’ বলে পরিচিতি দিয়েছিল। এর আগে, মহামারীর নেপথ্যে কারণ হিসেবে ঈশ্বরের হাত আছে বলে ধারণা ছিল। হেরোডোটাসের একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে থিসিডাইডিস তার পরিশ্রমী গবেষণা, যুক্তির স্বপক্ষে স্পষ্ট জোরালো প্রমাণ দেখিয়ে, সেই প্রচলিত ধারণাকে ভুল প্রমাণিত করেন। তাঁর ইতিহাস লিখন পদ্ধতি পরবর্তীকালে ঐতিহাসিকদের কাছে হয়ে উঠেছিল আদর্শ।

মিসিলস, টাইফাস, নাকি স্মলপক্স ঠিক কী ছিল এথেন্সের মহামারীর কারণ, তা নিয়ে অবশ্য চিকিৎসক, গবেষক এবং বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক আছে। রোগের যে লক্ষণ বা উপসর্গগুলি থুসিডাইডিসের বর্ণনায় পাওয়া যায়, তা থেকেই বিতর্কের সূত্রপাত। কারণ রোগের উপসর্গের বর্ণনায় ‘phlyktainai’ বলে যে শব্দ পাওয়া যায়, তার ইংরেজি অনুবাদ ‘blister’ বা ‘callouses’ জাতীয় কিছু। ২০১৫ সালে ‘দ্য় আটলান্টিক’ জার্নালে প্রকাশিত আর্টিকেলে ইবোলা ভাইরাসের সম্ভাবনার কথা প্রাথমিকভাবে উঠে এলেও, পরে সে কারণ নস্যাৎ হয়ে যায়। কারণ ১৯৭৬ সালের আগে মানুষের মধ্যে এই ভাইরাসটির অস্তিত্ব ছিল না। এথেন্সের এই মহামারীকে কেন্দ্র করে চিকিৎসক ও গবেষকদের মধ্যে ইবোলা, টাইফয়েড, স্মল পক্স, বুবনিক প্লেগের মতো রোগের নাম আলোচিত হয়ে এসেছে।
এথেন্সের এই ঘটনার প্রায় ২৫০০ বছর পর, ১৯৯৪ সালে, মৃতদের কবর খুঁড়ে দাঁতের ডিএনএ স্যাম্পেল নিয়ে পরীক্ষার পর, উঠে আসে ‘টাইফয়েড ফিভারে’র নাম। আধুনিক গবেষণা বলছে, এথেন্সের কুয়োর জল দূষিত হয়েছিল। এথেন্স জয়ের জন্য স্পার্টানরা ‘Salmonella enterica serover Typhi’ নামের জীবাণুকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। জলাধার এবং জলের যোগান নষ্ট করে দেওয়াই ছিল স্পার্টানদের রণনীতি। এভাবেই খুব সহজেই তারা এথেন্স দখল করে নিয়েছিল। পাঁচ বছরের এই মহামারীতে এথেন্সের ওপর যে আঘাত নেমে এসেছিল, তাতে জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তবু যুদ্ধ চলেছিল ১৭ বছর। কিন্তু এথেন্স শেষরক্ষা করতে পারেনি, কারণ ক্ষয়িষ্ণু এথেন্সের পরাজয় ছিল শুধু সময়ের অপেক্ষা। ক্ষমতার হস্তান্তরে রাজমুকুট উঠেছিল স্পার্টানের মাথায়।

ইতিহাসের পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এমন আরও অনেক যুদ্ধ, সন্ত্রাস বা প্রতিশোধের ঘটনা, যার ফলাফল ছিল প্রাণঘাতী। নানাভাবে, নানা সময়ে মানবসভ্যতাকে ধ্বংসের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। এই মৃত্যুযজ্ঞে হোতার ভূমিকা পালন করেছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের মতো অণুজীব কিংবা কোনও টক্সিন। সময়ের সঙ্গে বদলেছে জৈবযুদ্ধের ধরন। দিনে দিনে আরও বিজ্ঞানসম্মত হয়েছে জৈবযুদ্ধের হাতিয়ার, অর্থাৎ অণুজীবের ব্যবহার। বদলে যাওয়া যুদ্ধের সঙ্গে পাল্টেছে সন্ত্রাসের ছবিও।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved