towards the roots of culture of vagabonds or nomad life | Robbar
Robbar
  • ২৩ কার্তিক ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১০ নভেম্বর ২০২৬

সংস্কৃতির ভবঘুরে দর্শন

নতুন রাস্তা মানেই নবতর সম্ভাবনা। এবং বাঁচার লড়াই মানেই অনন্ত অশেষ পথচলা। যাযাবররাই তো পৃথিবীর প্রথম হস্তশিল্পী। তাই নোমাড জীবন মানেই ‘ভোজনং যত্রতত্র শয়নং হট্টমন্দিরে’। ভবঘুরে বা যাযাবর জীবন মানেই ‘পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা’!

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৬, ২১:১৬   
Facebook WhatsApp Messenger

মহারাজা এলেন, দেখলেন, ছিনিয়ে নিলেন এবং ভাগিয়ে দিলেন। তাই তো হবে! রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি– এ তো অনাদিকালের সত্য। 

এই কাহিনি আদ্যিকালের। সতেরো শতকের বিলেত। সেখানে তখন বংশপরম্পরায় ‘টুডোর’ রাজাদের রাজত্ব। তো তেমনই এক রাজার হঠাৎ শখ হল, দেশভ্রমণে যাবেন। অমনি হাতি সাজল, ঘোড়া সাজল। পাত্র পেয়াদা কোটাল অমাত্য নিয়ে রাজা চললেন সফরে। শহর পেরিয়ে গ্রামগঞ্জের চেহারা দেখে তো তাঁর চক্ষু চড়কগাছ। শহরে লোকের থাকার জায়গা নেই, অথচ এমন সব অজগাঁয়ে তামাদি হয়ে পড়ে আছে ধু ধু তেপান্তর! আর সেগুলোর মালিক হয়ে বসে আছে গরিবগুর্বো হাড়হাভাতের দল। আর এত আদিগন্ত শস্যক্ষেত্র দিয়েই বা কী হবে! বরং শহর নগর রাজধানী বাড়ুক বহরে। তবে না ধন্য রাজার ধন্য দেশ।

রাজা হুকুম দিলেন, গরিব হটাও। আর তাদের জমিজমাগুলো বাগিয়ে হাত-পা ছড়িয়ে শহর বাড়াও এবং সাজাও। অসহায় চাষাভুষোদের তো মাথায় হাত! তারা হামলে পড়ল রাজার শ্রীচরণে। কাকুতিমিনতি করল, রাজামশাই, আপনি হুজুর ধম্মের মা-বাপ! আপনি খেদালে আমরা থাকব কোথা, যাব কোথা, খাব কী? কিন্তু রাজা তো এককথার মানুষ। রাজা বিধান দিলেন, শোনো বাপু, জীব দিয়েছেন যিনি, অন্ন দেবেন তিনি। তোমরা যথা ইচ্ছা তথা যাও। ভ্যাগাবন্ড হয়ে যাও। ভবঘুরে। সেটা তো ভগবানেরই নিদান। বাইবেলেই তো আছে! 

আছে বটে! রাজনীতি আর ধর্ম তো হাত মিলিয়েই চলে। তবে ঈশ্বরের ওই বিচার তো ছিল খুনের সাজা হিসেবে। ‘জেনেসিস’ অনুযায়ী, আদম ও ইভের প্রথম সন্তান কেন হত্যা করেছিলেন সহোদর আবেলকে। তাই পৃথিবীর ‘প্রথম খুনি’ কেনকে ভগবান শাস্তি শোনালেন, বাকি জীবনটা পলাতক এবং ভবঘুরে হিসেবে কাটাতে হবে তোমাকে। কিন্তু টুডোর রাজার ওই দণ্ড তো অপরাধী জানিল না কী বা অপরাধ তার, বিচার হইয়া গেল! অবশ্য কেন-ও পেশায় ওই গ্রামবাসীদের মতো কৃষকই ছিল। তাছাড়া রাজার পারিষদ দলও ওই দরিদ্রদলকে বোঝাল, ঈশ্বরের পুত্র যিশুও তো ভবঘুরেই ছিলেন। গৃহসম্পদ স্বাচ্ছন্দ্য সম্ভোগ স্বেচ্ছায় ত্যাগ করে তিনি বেছে নিয়েছিলেন পথের জীবন। থাকব নাকো বন্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে!

zoom

আর কী করা! রাজা এবং ঈশ্বর নামান্তর মাত্র। তাঁর নির্দেশ অমান্য করলে অনিবার্য নরকবাস। তার চেয়ে তো ভবঘুরে হওয়াই ভালো। ব্যস! চোখের পলকে এক কাপড়ে ছিন্নমূল উদ্বাস্তু হয়ে গেল হাজার হাজার মানুষ। দেশান্তরী গৃহহীন মানুষের এই সহায় সম্বলহীন রাজাখেদানো অনিশ্চিত পরিযানই হল বিশ্বের সর্বপ্রথম ‘ভ্যাগাবন্ড কালচার’। আধুনিক মানবিক পৃথিবীতে যা হয়ে উঠেছিল একটা এক্সপেরিমেন্টাল আন্দোলন, একটা অ্যাডভেঞ্চারাস সংস্কৃতি, একটা স্বেচ্ছাপরিক্রমা, একটা জীবনদর্শন। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না স্থান। এমন জীবনবাদী ভবঘুরে সংস্কৃতির সেই অমানবিক ও মর্মান্তিক ইতিহাস লেখা আছে অস্কার জেনসেনের লেখা ‘ভ্যাগাবন্ডস’ বইয়ে।

ইতিহাসে আছে, ওই ভাগ্যহীন ভবঘুরেদের ছিল ‘উড়তে মানা আকাশেতে, বসতে মানা ডালে’ দশা। ‘পথে বসা’ ওই নারী শিশু বৃদ্ধরা গাছতলায় বসলে, রাজপেয়াদা তাদের তাড়িয়ে দিয়ে বলে, রাস্তাঘাট নোংরা করা চলবে না। পবিত্রতার দোহাই দিয়ে গির্জাও হটিয়ে দেয় তাদের। নিয়তি হিসেবে তারা নির্বিবাদে মেনে নেয়, পথেই জীবন, পথেই মরণ আমাদের। পরিণতি অবশ্য ভালো হয়নি। শোধ নিয়েছে ইতিহাস। মানববসতির ওই নির্মম উচ্ছেদের পরপরই ইংল্যান্ডের ‘রাজকীয়’ অর্থনীতি কার্যত মুখ থুবড়ে পড়ে। চাষবাসের অভাব এবং নির্বিচার নগরায়নের কারণে শুরু হয় খরা ও দুর্ভিক্ষ। এই ব্যাপক সামাজিক ও রাজনৈতিক অরাজকতার পরিণামে এক শতাব্দী পেরতে না পেরতেই নিশ্চিহ্ন হয়ে যায় অভিশপ্ত ‘টুডোর সাম্রাজ্য’।

কিন্তু ইতিহাসে তো শুধু কালো থাকে না, আলোও থাকে। ভবঘুরেদের সেই আলোর পথযাত্রার ইতিকথায় পরিব্রাজনের আগে খানিক আদিকালের দিকে পিছনো যাক। রোলফ পটসের লেখা বই ‘ভ্যাগাবন্ডিং’-এ আছে, ‘ভবঘুরে’ শব্দটার সর্বস্বত্ব সংরক্ষিত পুরাকালের লাতিন লোকভাষায়। ‘ভাগাবান্দাস’। অর্থ, অত্যাশ্চর্যের অনুসন্ধানে অনিশ্চিত অভিযান। চোদ্দ শতকে এই শব্দটা ঢুকে পড়ে ‘এলিট’ ফরাসি অভিধানে, ‘ভ্যাকাবন্ড’। অবশেষে পনেরো শতকের অভিজাত ব্রিটিশ ডিকশনারিতে দেখা মেলে ‘ভ্যাগাবন্ড’-এর। তারপর এই ভবঘুরে সংস্কৃতি জনপ্রিয় হয়ে ওঠে যথারীতি ধর্মের পরশগুণে, খানিক অন্যভাবে। ষোল শতকের শেষভাগে এক মুক্ত, উদার ও প্রগতিশীল খ্রিস্টদর্শনের ফিতে কাটেন রিচার্ড হুকার নামে এক পাদ্রি। ‘ফাদার অব রিজন’ বলে সুখ্যাত রিচার্ড যুক্তিবাদী এক ধর্মান্দোলনের ব্যাপক প্রসার ঘটান। এই দর্শনের ব্যাখ্যা অনুযায়ী, ভ্যাগাবন্ডগিরি আসলে একটা সুগভীর আধ্যাত্মিক পর্যটন। ঈশ্বর সেখানে বিমূর্ত, নিরাকার, অনারাধ্য। ভবঘুরেপনা আসলে একটা মুক্তি বা মোক্ষের মর্ম। একটা পরিত্রাণের পর্যটন। ভবঘুরে নামক দর্শনের মূল কথা হল, এই মনুষ্যজীবনে নিজের বলতে কিছু নেই, সবটাই পরার্থপর। খোলা আকাশ ঘর যে আমার, মাটি সুখের পালঙ্ক।

zoom

ইতিহাস সাক্ষী, বিশ্বের কোনও মানবান্দোলন মিথ্যা হয়নি। কারণ সেই আন্দোলনের সওয়ার হয়েই বিপ্লব বর্তে যায় উত্তরাধিকারের আঙিনায়। ভয়ংকর ‘আদিম’ ভবঘুরেদের ইতিহাসও মহাকালের নিয়মে হয়ে উঠেছিল এক বৈপ্লবিক সামাজিক আন্দোলন। পেরিয়ে গিয়েছিল দেশ জাতি সময়ের গণ্ডি। সে কৃতিত্ব উনিশ শতকের মার্কিন কবি, প্রকৃতিপ্রেমিক ও দার্শনিক হেনরি ডেভিড থোরের। তিনিই বিশ্বের অন্যতম সেরা ধ্রুপদি গ্রন্থ ‘ওয়ালডেন’-এর রচয়িতা, যার মূল কথা হল, ‘ছোট জীবন, বড় চিন্তা’। হেনরির দর্শন মোতাবেক, ভবঘুরেদের মহাযাত্রা আসলে ভোগবাদী সামন্ত্রতন্ত্র, জনবিমুখ প্রাতিষ্ঠানিকতা এবং ক্ষমতালিপ্সু রাষ্ট্রের বিরুদ্ধে সর্বহারা মানুষের সামাজিক অসহযোগিতা। এই বিষয়ে তাঁর লেখা বিদ্রোহী প্রবন্ধটির শিরোনাম ‘রেজিস্ট্যান্স অব সিভিল গভর্নমেন্ট’ কিংবা ‘সিভিল ডিজওবিডিয়েন্স’। বিপ্লব যে মৃত্যুহীন, ভবঘুরে অভিযানের ক্ষেত্রে সেই বিজ্ঞান আরও একবার প্রমাণ করেছিলেন ফরাসি কবি জিন নিকোলাস আর্থার।

zoom

জিনের সেই ভবঘুরে মতাদর্শ ও জীবনচর্চা নিয়েই গত শতকের শেষার্ধে তৈরি হয়েছিল ফরাসি চলচ্চিত্র ‘সান্স তয়েত নি লই’। ইংরেজিতে যার অর্থ ‘ছাদ নেই, নিয়ম নেই’। ভ্যাগাবন্ডদের নিয়ে অ্যাগনেস ভার্দার বানানো এই সিনেমাটির ছায়া অবলম্বনেই ২০০৭ সালে নির্মিত হয়েছিল সেই হলিউড ক্ল্যাসিক ‘ইনটু দ্য ওয়াইল্ড’। এই মুভির পরিচালক শন পেন নিজেও ছিলেন আগুপিছু না ভেবে, সব কিছু ছেড়েছুড়ে, স্রেফ টগবগিয়ে ফুটে এক জলজ্যান্ত ওলটপালট জীবনের ‘পুণ্যার্থী’। রাস্তার জীবনকে তীর্থযাত্রাই বলতেন জিন আর্থার। তিনি বলতেন, বিশুদ্ধ শিল্প যদি করতেই হয়, যদি প্রকৃত সৃষ্টিটাই লক্ষ্য হয়, তাহলে সব পিছুটান ছিঁড়ে স্বাধীন স্বেচ্ছাচারে মিশে যেতে মানুষের সঙ্গে। পদব্রজে পার হতে হবে দেশ-দেশান্তরের অজানা অচেনা রাস্তা। নিজের মতো করে অবাধে বাঁচাটাই তো শুদ্ধশিল্প, স্বতঃস্ফূর্ত সৃজন। কীর্তি, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা ও ক্ষমতাকে শুকনো ফুলের মালার মতো ছুড়ে ফেলে দিতে হবে ডাস্টবিনে। তবেই তো সেটা জীবন। এক আশ্চর্য, অলীক, অলৌকিক জীবন। বাধা আসবে। সংসারীরা ফেঁদে বসবে নানা বৈষয়িক যুক্তি এবং হিসেবনিকেশ। সেই ফাঁদে পা দিলেই অবরুদ্ধ জীবন। মনে রাখতে হবে, এ জীবন আসলে একটা সৃষ্টিছাড়া কল্পনা, অসম্ভব একটা স্বপ্ন। এটাই তো সুররিয়ালিজম, যা বিশ শতকের শুরুতেই দুনিয়ার কারুশিল্প সাহিত্য নৃত্য সংস্কৃতি নাটক চিত্রকলার অভিমুখ বদলে দিয়েছিল। অবশ্য কেবল সুররিয়ালিজমই নয়, ডাডাইজমের মূলেও তো রয়েছে সেই ভবঘুরে মন। বটেই তো! ডাডাইজমই তো বিশ্বের অন্যতম যুদ্ধবিরোধী জেহাদ, ভুবনজোড়া শিল্পীরা যা শুরু করেছিলেন প্রথম মহাযুদ্ধের পরেই। একটা অরাজক বিশৃঙ্খলা না থাকলে কোনও প্রতিবাদকেই জোটবদ্ধ করা যায় না। জিন বলতেন, ভ্যাগাবন্ডরা না থাকলে তো মাঠেই মারা যেত সুররিয়ালিজম বা ডাডাইজম। প্রসঙ্গত, জিন ছিলেন মনস্তাত্ত্বিক সিগমন্ড ফ্রয়েডের মনোজগতে অনুপ্রাণিত। ফ্রয়েড বলতেন, এই যে বাড়ি থেকে পালিয়ে বাইরেটাকেই ঘর করে নেওয়া, এই যে নিজেই নিজের থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া, এই যে দুর্গম দুর্লঙ্ঘ্য জেনেও মানবমনের চড়াই-উতরাই, এটাই নিরুদ্বেগ জীবনের অব্যর্থ চাবিকাঠি।

zoom
ভবঘুরেদের ক্যাম্প

এ পর্যন্ত এসে অবশ্যই মনে পড়বে ‘নোমাড’দের কথা। কারণ নোমাড বা যাযাবররাই পৃথিবীর প্রথম পরিযায়ী শিল্পীদল। খেয়েপরে বাঁচার জন্য শিকারসন্ধানের মধ্য দিয়েই এই গণসংস্কৃতির শুরুয়াত হয়েছিল প্রায় ১২,০০০ বছর আগে। কালে কালে ওই আদিম মানুষরাই পশুপাখির চামড়া হাড়গোড় দিয়ে নানারকম জিনিস তৈরি করতে শুরু করে। তারা বুঝতে পারে, নতুন রাস্তা মানেই নবতর সম্ভাবনা। এবং বাঁচার লড়াই মানেই অনন্ত অশেষ পথচলা। যাযাবররাই তো পৃথিবীর প্রথম হস্তশিল্পী। তাই ওই নোমাড জীবন নিয়েই সম্প্রতি একটি তথ্যভিত্তিক কাহিনিচিত্র বানিয়েছেন চোল ঝাও, নাম ‘নোমাডল্যান্ড’। ‘ভোজনং যত্রতত্র শয়নং হট্টমন্দিরে’ তো কথার কথা মাত্র। আসলে তো ভবঘুরে বা যাযাবর জীবন মানেই পথে ‘এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা’! 

সমার্থক হিসেবে এখানে অনিবার্য চলে আসবে দুনিয়া কাঁপানো সেই বিট জেনারেশনের কথা। আর প্রবাদপ্রতিম অ্যালেন গিন্সবার্গের সেই কবিবন্ধুর কীর্তি। জিন-লুইস লেব্রিস দে কেরোয়াক ওরফে জ্যাক। লেখাজোকার জগতে তিনিই হাত ধরে নিয়ে এসেছিলেন জ্যাজের অনুরণন। এই জ্যাককেই ‘গুরু’ মানতেন ‘বিটলস’ বাহিনী এবং বব ডিলান। কেন? জ্যাকই শিখিয়েছিলেন, জীবনকে ছাপিয়ে যাওয়াটাই সত্যিকারের জীবন। আরাম স্বস্তি স্বাচ্ছন্দ্য শান্তি বলে কিছু হয় না। আমাদের জীবনটাই আবিশ্বের সবচেয়ে সেরা বিনোদন। জীবন উপভোগ্য। গতকালটাকে ভুলে যাও, আগামিকালকে মাথা থেকে বের করে দাও। একমাত্র আজকের দিনটাই জীবন। বাকি কথা পরে হবে! 

zoom

একটামাত্র উপন্যাস লিখেই অবলীলায় মানুষের জীবনের সংজ্ঞাটা বদলে দিয়েছিলেন জ্যাক কেরোয়াক, ‘অন দি রোড’। যাযাবর একটা স্নিগ্ধ জীবনের নাম। ভবঘুরে একটা মুগ্ধ ভালোবাসার নাম। মাথার মধ্যে ক্ষোভ লালন করো। পেটে খিদে জমিয়ে রাখো। বুকে পালন করো কষ্ট। কোনও লক্ষ্যের জন্য রাস্তা নয়, রাস্তাটাই লক্ষ্য। এবং ‘রাস্তাই একমাত্র রাস্তা’! কড়া প্রশ্ন উঠেছিল, হঠাৎ রাস্তাই বা কেন? মাথার ওপরে আকাশঢাকা ছাদটা থাকলই বা। থাকুক না চার দেওয়ালে আবদ্ধ বৈঠকখানা কিংবা কোনও দমবন্ধ স্টুডিও। তা হলেও তো শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চাটা করাই যায়। সেটাই তো বরং আমাদের পরম নিশ্চিন্ত ও আকাঙ্ক্ষিত জীবন। রাস্তায় নেমে কী হবে? পথে নতুন আর পাবটা কী? ‘অন দ্য রোড’ নভেলে এই সব গতানুগতিক সওয়ালের মোক্ষম জবাব দিয়েছিলেন জ্যাক। লিখেছিলেন, ‘নাথিং বিহাইন্ড মি, এভ্রিথিং অ্যাহেড অব মি, অ্যাজ ইজ এভার সো অন দ্য রোড’!

………………..

রোববার.ইন-এ পড়ুন শুভঙ্কর মুখোপাধ্যায়-এর অন্যান্য লেখা

………………..

allen ginsberg Beat generation jack kerouac nomad nomads Sangbad Pratidin Sangbad Pratidin Robbar vagabonds ভবঘুরে যাযাবর

Share this article on