

অন্ধকার এমনই ফুলেফেঁপে উঠেছে যে, তার জামার বোতামগুলো ছিটকে গড়িয়ে এসে পড়েছে বর্তমানের অন্দরে। কলকাতা শুধু নয়, এই দেশ, এই পৃথিবী জুড়েই চলেছে বিকল করে দেওয়া অন্ধ বাতাসের ঝাপটানি। বহুকাল হল বের্টোল্ট ব্রেশট চির-দুঃসময়ের বিরুদ্ধে স্থির দাঁড়িয়ে রয়েছেন লেখালিখির ওয়াচ টাওয়ারে। চিন্ময় গুহ, অনুবাদ করলেন তাঁর কবিতা। দেখুন তো, এই সময়ের ছাপ, সেসবে রয়ে গিয়েছে কি না।
বিশ্বজুড়ে মানবজাতির এই দুঃসময়ে, যখন শঙ্খ ঘোষের ভাষায়, ‘আমরা প্রতিদিন রাতে ঘরে ফিরে জামা খুলে ঘুমিয়ে পড়েছি ইতিহাসে,’ বের্টোল্ট ব্রেশটের (১৮৯৮-১৯৫৬) কয়েকটি কবিতা অনুবাদের ইচ্ছে হল। এই অন্ধকার সময়ে গত শতকের এই মহান মানবতাবাদী জার্মান নাট্যভাবুক, নাট্যকার ও কবির লিখন যেন হঠাৎ শরচিহ্নের মতো জেগে উঠছে, হয়ে উঠছে তীব্রতরভাবে সময়োচিত। তাঁর রচনা থেকে এইসব সুক্তি শিখার মতো জ্বলছে:
‘যে লড়াই করে, সে হেরে যেতে পারে। যে লড়াই করে না, সে ইতিমধ্যেই হেরে বসে আছে।’
‘দুর্ভাগা সেই দেশ যার বীরের প্রয়োজন হয়।’
‘অপেশাদাররা ব্যাঙ্ক ডাকাতির উদ্যোগ নেয়, পেশাদাররা ব্যাঙ্ক বানানোর।’
‘এই সময়টা কেমন যখন গাছের সঙ্গে কথা বলাও অপরাধ?’
‘যখন কনুই পর্যন্ত কাদায় ডোবা, তখন আঙুলের নখ পরিষ্কার রাখার কী মানে হতে পারে?’
‘যেহেতু সবকিছু এইরকম, সেগুলো আর এইরকম থাকবে না।’
মনে হল, নাটকে তো বটেই, তাঁর কবিতায় আছে সেই ‘জীবন-গলানো খনিজ-টুকু’ (রবীন্দ্রনাথ), যা আমরা খুঁজছি।

গোর্কির এপিটাফ
এখানে শুয়ে আছেন বস্তির রাষ্ট্রদূত,
যিনি জনতার অত্যাচারীদের কথা বলেছিলেন,
এবং যাঁরা লড়াই করেছিল তাঁদের কথা,
যারা শিক্ষিত হয়েছিল রাস্তার বিশ্ববিদ্যালয়ে,
নিম্নশ্রেণির সেই মানুষটি,
যিনি উঁচু-নিচুর নিয়মকে বদলে দিতে সাহায্য করেছিলেন।
জনতার শিক্ষক,
যিনি শিখেছিলেন জনতার কাছে।

দেশত্যাগের দ্বিতীয় বছরে
দেশত্যাগের দ্বিতীয় বছরে
কোনও এক বিদেশি ভাষার কাগজে পড়েছিলাম
যে আমার নাগরিকত্ব খোয়া গেছে।
আমার মনখারাপ হয়নি, আবার আনন্দও হয়নি,
যখন ভালোমন্দ অনেক লোকের মধ্যে আমি
আমার নামটা দেখেছিলাম।
আসলে, যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের দুর্দশা
যারা থেকে গেছে
তাদের চেয়ে কম নয়।

ওপরতলার লোকেদের জন্য পরামর্শ
যখন সেই অজানা মৃত সৈনিককে
গান স্যালুট দিয়ে সমাধিস্থ করা হল,
সেই সময় লন্ডন থেকে সিঙ্গাপুরে
দুপুর বারোটা বেজে দুই থেকে বারোটা চারের ভেতর
পুরো দু’মিনিট সমস্ত কাজ বন্ধ ছিল
শুধুমাত্র সেই অজানা সৈনিককে
সম্মান জানানোর জন্যে।
কিন্তু যাই হোক,
এবার হয়তো নির্দেশ জারি করার সময় এসেছে
সেই অজানা শ্রমিককে সম্মান জানানোর,
বড় বড় শহর থেকে ভিড় গিজগিজ করা মহাদেশ পর্যন্ত।
যানজটের জট থেকে একটি লোক
যার মুখ কেউ দেখেনি
যার রহস্য কেউ লক্ষ করেনি,
যার নাম পর্যন্ত কেউ কোনও দিন স্পষ্ট করে শোনেনি,
এরকম একটি লোককে
বিশাল এক অনুষ্ঠানে আমাদের স্মরণ করা উচিত
রেডিওতে সম্প্রচার করে,
সেই অজানা শ্রমিককে,
যাতে এই গ্রহে সেদিন গোটা মানবজাতির কাজ থমকে যায়।

বিদায় গ্রহণ
আমরা একে অপরকে আলিঙ্গন করি।
আমার হাত স্পর্শ করে তোমার দামি কাপড়,
তোমার হাত আমার ছেঁড়া জামা।
অত্যন্ত দ্রুত এই আলিঙ্গন।
তুমি যাচ্ছ ভোজ খেতে,
আমার জন্য অপেক্ষা করছে জল্লাদ।
আমরা আবহাওয়া নিয়ে কথা বলি,
আর আমাদের আদ্যিকালের বন্ধুত্ব নিয়ে।
অন্য কিছু নিয়ে কথা বললে
সেটা তেতো লাগত।
হিংসা বিষয়ক
হুড়মুড় করে ঝরে পড়া জলপ্রপাতটিকে হিংস্র বলা হয়,
কিন্তু তাকে ধরে রাখা
নদীকে কেউ হিংস্র বলে না।
যে ঝড় বার্চ গাছগুলোকে বেঁকিয়ে দেয়,
তাকে হিংস্র বলা হয়,
কিন্তু সেই ঝড়কে কী বলা হবে
যেটি বেঁকিয়ে দেয় পথশ্রমিকদের পিঠ?

অনুর্বরতা বিষয়ক
যে গাছে ফল হয় না
তাকে অনুর্বর বলে। কিন্তু
সেই মাটিকে কি কেউ পরীক্ষা করে দেখেছে?
আমাদের বলা হয়েছে
যে-গাছের ডাল ভেঙে গেছে,
সেটি পচা,
কিন্তু সেই ডালে কি বরফ পড়েনি?

দেরিতে জন্ম
স্বীকার করছি যে, আমি
আর কোনও আশা রাখি না।
অন্ধেরা একটি বেরনোর রাস্তার কথা বলে।
আমি শুধু দেখি।
যখন আমাদের শেষ সঙ্গী ভুলত্রুটিগুলি
ব্যবহার করা শেষ,
আমাদের মুখোমুখি বসে থাকে
শূন্যতা।

যেহেতু আমি বিলক্ষণ জানি
যেহেতু আমি বিলক্ষণ জানি
স্বর্গ পেরিয়ে নরকের দিকে
অশুচি যাত্রায়
তাদের নিয়ে চলেছিল কয়েকটি শকট, স্বচ্ছ
তাদের বলা হয়েছিল
নীচে স্বর্গ।
আমি জানি সেকথা তাদের বলা হয়েছিল,
কারণ আমার ধারণা,
নতুবা অনেকেই সেটি চিনতে পারত না,
কারণ তারা ভেবেছিল
স্বর্গ আরও উজ্জ্বল।

রাতের জন্য একটি বিছানা
আমি শুনেছি নিউ ইয়র্কের
২৬ নম্বর রাস্তা আর ব্রডওয়ের কোনায়
একটি লোক ঠায় দাঁড়িয়ে থাকে শীতকালে প্রতিটি সন্ধ্যায়
আর গৃহহীনদের জন্য বিছানা জোগাড় করে
পথচারীদের কাছে মিনতি করে
এতে পৃথিবী বদলাবে না
মানুষে মানুষে সম্পর্ক ভালো হবে না
শোষণ কমবে না
শুধু কয়েকটি লোক পাবে রাতের বিছানা
এক রাতের জন্য হিমেল হাওয়া থেকে তারা বাঁচবে
তাদের জন্য ঝরা বরফ
ঝরে পড়বে রাস্তায়।
মশায়, দোহাই আপনার, এটুকু পড়েই বই বন্ধ করবেন না।
কয়েকটি লোক পাবে রাতের বিছানা
এক রাতের জন্য তারা বাঁচবে হিমেল হাওয়া থেকে
তাদের জন্য ঝরা বরফ ঝরবে রাস্তায়
যদিও তাতে পৃথিবী বদলাবে না
ভালো হবে না মানুষে মানুষে সম্পর্ক
শোষণ বহাল থাকবে।

যখন নেতারা শান্তির কথা বলে
যখন নেতারা শান্তির কথা বলে
সাধারণ মানুষ জানে
যুদ্ধ আসছে।
নেতারা যখন যুদ্ধকে অভিশাপ দেয়
সৈন্যসমাবেশের নির্দেশ লেখা হয়ে গিয়েছে।

চান্সেলারের সংযম
ওরা বলে চান্সেলার সাহেব পান করেন না
মাংস খান না, ধূমপান করেন না
ছোট্ট একটা বাড়িতে থাকেন।
কিন্তু ওরা আমায় আরও বলে যে
গরিবরা না খেয়ে মরছে।
কী ভালোই না হত যদি এমন রাষ্ট্র হত আমাদের,
যেখানে লোকে বলত:
চান্সেলার সাহেব ক্যাবিনেট মিটিংগুলোতে মাতাল হয়ে আসেন,
পাইপ থেকে ধোঁয়া ওড়া দেখতে দেখতে
কয়েকটি অশিক্ষিত লোক আইন বদলায়,
কোথাও কোনও গরিব লোক নেই।

অক্টোবর ঝড়ের কণ্ঠস্বর
লতাপাতার মধ্যে ওই ছোট বাড়িটি চারপাশে
অক্টোবর ঝড়ের কণ্ঠস্বর শুনে
হুবহু আমার কণ্ঠস্বর মনে পড়ে।
আমি আরাম করে শুয়ে শুয়ে শুনি
হ্রদের ওপর, শহরের ওপর
আমার কণ্ঠস্বর।
যে লোকটি আমায় আশ্রয় দিয়েছিল
যে লোকটি আমায় আশ্রয় দিয়েছিল
সে হারিয়েছে তার ঘর।
যে আমায় বাজনা শুনিয়েছিল
কেড়ে নেওয়া হয়েছে তার যন্ত্র।
সে কি বলতে চলেছে
আমি বেশি মারাত্মক,
না তারা
যারা তার সবকিছু কেড়ে নিয়েছে?

শয়তানের মুখোশ
আমার দেয়ালে খোদাই করা এক জাপানি ভাস্কর্য
একটি শয়তানের মুখোশ, সোনালি বার্নিশ করা।
আমি সস্নেহে লক্ষ করি
কপালের ফুলে ওঠা শিরা, যাতে বোঝা যায়
শয়তান হওয়া কতখানি মানসিক চাপ।
একটি সিংহের চিনা খোদাইয়ের ওপর
খারাপ লোকেরা তোমার থাবাকে ভয় পায়,
আর ভালোরা উপভোগ করে তোমার সৌন্দর্য।
এই কথাটাই
আমি শুনতে চাই
আমার কবিতা সম্পর্কে।
…………………..
রোববার.ইন-এ পড়ুন চিন্ময় গুহ-র অন্যান্য লেখা
…………………..
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved