

শুরু হল রোববার.ইন-এর নতুন ধারাবাহিক ‘আমার রোববার’। পরান বন্দ্যোপাধ্যায় জানালেন, পুরনো কিছু রোববারের কথা। আনন্দ-বিষাদ ভরা রঙিন মুহূর্তগুলো। জীবনের নানারকম রোববার বজায় থাক। ভালো থাকুক আপনার রোববারও।
রোববারের সঙ্গে আমার লং ডিস্টেনস সম্পর্ক। চিরকাল দূরেরই রয়ে গেল হপ্তার এই এক সেলেব্রিটি দিন। কিছুতেই কাছের করে পাইনি আর। ব্যস্ততার ছুতোয় নয়, ছোটবেলা থেকেই এমনটা। কেরানির চাকরি করেন যাঁরা, সপ্তাহভর অফিস, ডেইলি প্যাসেঞ্জারি, তাঁরা অপেক্ষা করে থাকেন রোববারের। রোববারে তাঁদের ‘প্ল্যানিং’ থাকে। টুকিটাকি স্বপ্নের ফর্দ থাকে। শনিবার অনেকেরই হাফ ছুটি। তখন থেকেই যেন একটু একটু করে রোববার শুরু হয়ে যায়। এদিন একটু বেলা করে খাওয়া আর জমিয়ে কষা মাংস– এমন একটা ব্যাপার থাকে। সারা সপ্তাহে একখানা মাত্র ছুটির দিন, দু’-একদিন আগে থেকেই হয়তো মনের মধ্যে তোলপাড় ওঠে। কোনও রোববার শান্তির ঘুম, আর কোনও কোনও রোববার দশরকম কাজ– এই দুইয়ে ব্যালেন্স করেই কেটে যায় বাঙালির রবিবাসরীয় চিন্তাটিন্তা।
কিন্তু আমার ছাই রোববার নিয়ে কোনও দিনই ছটফটানি ছিল না। স্কুলে যখন পড়তাম তখন প্রতি শনিবারই মনে হত, আগামী কাল ছুটি! বাপরে বাপ! এইটুকু মাত্রই মনে হওয়া। রোববারকে আলাদাভাবে উপভোগ করার মতো জোর ছিল না আমার। কেন? সেকথা বরং থাক।

স্কুল গেল, কলেজ শেষ করে ঢুকলাম চাকরিতে। সরকারি চাকরি, ‘পিডব্লিউডি রোডস’-এ। আমি একটু ফাঁকিবাজই ছিলাম। অফিসেও প্রচুর ফাঁকি মেরেছি! থিয়েটারও করছি সেই সময়। ‘আইপিটিএ’ করতাম, তিনদিন-চারদিনের জন্য বাইরে চলে যেতে হত। থিয়েটারের কাজেকম্মে রবি-শনি বলে কিছু ছিল না। ফলে সপ্তাহে কোন দিনটার গুরুত্ব কতখানি, তা নির্ভর করত– কোন দিন আমি কতখানি ব্যস্ত থাকব, তার ওপর।
বলা চলে, ‘মোস্ট আনওয়েলকামড এমপ্লয়ি ইন দ্য ডিপার্টমেন্ট’ ছিলাম আমি। তবে হ্যাঁ, যেটুকু কাজ দেওয়া হত, ফেলে রাখতাম না কখনওই। এটা কোনও বাহাদুরির কথা নয়। পরে যখন একটু যশ হল, অফিসের লোকজনদের প্রিয় হলাম, এমনকী, অফিসারেরও, তখন আনন্দ হত বটে। কিন্তু তখনও কই রোববার তো আমার কাছে আলাদা করে কোনও গুরুত্ব পেল না! বাকি সক্কলের কাছে রোববারের আলাদা একটা স্বাদ ছিল বলেই জানতাম, অথচ সেই স্বাদে আমি বিচ্যুত। বরং রোববারও আমাকে রিহার্সালে যেতে হত, বাইরে বাইরেই কেটে যেত সারাদিন। ফলে আমার রোববার, বুধ-বৃহস্পতি-মঙ্গলের মতোই, বেরঙিন কিংবা রঙিন।
শৈশব-কৈশোর-যৌবন জুড়ে রোববার রয়ে গিয়েছে তফাতেই। ছাত্রজীবন, চাকরিজীবন, বা পরবর্তীকালের অভিনয় জীবন– সবসময়ই। স্কুল ছুটি থাকলে বড়জোর, কালকে আর স্কুল যেতে হবে না– এরকম একটা স্বস্তির শ্বাস ফেলতাম। তবে বেলা গড়ালেই পাড়ার বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে গাদি খেলতাম, গুলি খেলতাম। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম না, আগ্রহও ছিল কম। সেইজন্য বন্ধুবান্ধবরা একটু দেরি করে বেরত, আমি বেরিয়ে পড়তাম আগেই। বেরিয়ে দেখতাম যে কেউ নেই, আসেনি তখনও।

পরবর্তীকালে দেখেছি যে ওই দিন বাইরের কাজ না থাকলে একটু লেখালেখি করা বা একটু বই পড়ার সুযোগ মেলে। খানিক বাড়তি কাজ করার সুবিধা আছে, যেটা অন্যান্য উইকডেজে হয়তো পাওয়া যায় না।
যৌবনের আগে, সদ্য কৈশোর-উত্তীর্ণ হয়েছি তখন, এরকম অবস্থায় একবার এক ফিস্টে গিয়েছিলাম। বেশিরভাগ ফিস্ট, বনভোজন, পিকনিক, যাই হোক না কেন, রোববার দেখেই হয়। সেবার সম্ভবত বারুইপুরে। চমৎকার দিন কেটে যাচ্ছিল। খাওয়া শেষে কলাপাতা-ভাঁড় ইত্যাদি ফেলে দিয়েছি। গ্রামের কুকুরগুলো এসে দেখি সেসব চাটছে। এরই মধ্যে উদয় হল দু’-একজন শিশু। এই গ্রামেরই হয়তো। হাত ঢুকিয়ে খাবার খুঁজছে তারা, ওই আবর্জনার মধ্য থেকেই! আমি স্তব্ধ হয়ে গেলাম। জল ভরে উঠল দু’চোখে। ওই শেষ। আর কোনও দিন ফিস্টে যেতে পারিনি। হয়তো এ কারণেও রোববারের কথা ভাবতে ভালো লাগে না আমার।
………………………………
খাওয়া শেষে কলাপাতা-ভাঁড় ইত্যাদি ফেলে দিয়েছি। গ্রামের কুকুরগুলো এসে দেখি সেসব চাটছে। এরই মধ্যে উদয় হল দু’-একজন শিশু। এই গ্রামেরই হয়তো। হাত ঢুকিয়ে খাবার খুঁজছে তারা, ওই আবর্জনার মধ্য থেকেই! আমি স্তব্ধ হয়ে গেলাম। জল ভরে উঠল দু’চোখে। ওই শেষ। আর কোনও দিন ফিস্টে যেতে পারিনি। হয়তো এ কারণেও রোববারের কথা ভাবতে ভালো লাগে না আমার।
………………………………
কিন্তু রোববার নিশ্চয়ই নিজেকে ‘কিং অফ দ্য উইক’ ভাবে। যেন সবাইকে ডাকছে, আসুন, আজকে আমার এই শামিয়ানার নিচে এসে দাঁড়ান! উদযাপন করুন দিনটাকে! সত্যি, সারা জীবনে কখনওই মানুষ তো আর আলাদা করে ভাবে না যে, রোববার কেমন কাটাচ্ছি! শৈশব-কৈশোরে দিন কেটে যায় কোনও এক রকমে। বয়সকালে মানুষ এসব গুনতে বসে।
রোববারের যে এই একটাই রং, তা নয়। মনে পড়ে, অনেক দূরের কয়েকটা দুপুর।
এক কিশোর, এক কিশোরী। কিশোরের মা চলে যেত দিদির বাড়িতে। সেই সুযোগে কিশোরী, চলে আসত কিশোরের বাড়ি। একা একাই। গল্পগুজব করত দু’জনে। থাকত কাছাকাছি। কবিতা পড়ে শোনাত কিশোর। নিজেরই লেখা কাঁচা হাতের কবিতা। কিশোরী শুনত হাঁ করে। কিচ্ছুটি বলত না। শুধু জিজ্ঞেস করলে বলত, ‘হ্যাঁ, খুব ভালো হয়েছে। ধুর!’ প্রতিবারই ‘ভালো হয়েছে’-র শেষে কেন যে এসে বসত ওই ‘ধুর’, কে জানে!
সেই কিশোর আমি, সেই কিশোরীর সঙ্গে ৫৬ বছরের সম্পর্ক আমার।
রোববার দিন, আস্ত একখানা ছুটির দিন, কোথায় হাত ধরে ইডেন গার্ডেনে হাঁটবে দু’জনে, লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যাবে, তা নয়! টালির চালের ঘরে মুখোমুখি বসে কবিতা বলছে একজন, শুনছে আরেকজন! রোববারের কি আভিজাত্য এতটুকুও ক্ষুণ্ণ হয়েছে তাতে? না-ই বোধহয়। বরং, হারানো রোববারগুলোই হয়তো আমার দিকে তাকিয়ে এখন মুচকি মুচকি হাসছে।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved