


বাঙালি-বাংলা-বাংলাদেশের পরিষ্কার কোনও ধারণা, লিখতে-পড়তে জানা লোকেদেরও নেই। বাংলাদেশের সাহিত্য বলে এদিকের ইউনিভার্সিটিতে যা পড়ানো হয়, তাতে পূর্ব-পাকিস্তানের বেশ কিছু লেখা ঢুকে বসে থাকে। যেমন মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক। ইতিহাস, ভূগোল– দুটোই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাষায়, গোলগাপ্পার মতো গিলে খেয়ে বাঙালির কেস পুরো ঘাঁটা!
কতগুলো প্রশ্ন মনে ঘুরতে থাকে। উত্তর মেলে না। বাঙালির সংস্কৃতি হল এরকমই এক চির-প্রশ্ন। এখানে আগে একটা কথা বলে নেওয়া দরকার। বাঙালি কে? আমি জানি না। নৃতাত্ত্বিক পরিচয় নিতে গেলে ঘেঁটে-গুলিয়ে বিশাল গোলমেলে ব্যাপার হবে। ভাষাতাত্ত্বিক ভাবেও, কোনও এক খাঁচায় বাঙালিকে ভরা যায় না। কেন? সে-ও খুব বড়সড় আলোচনার বিষয়। ক’দিন আগে বেরিয়েছে পেগি মোহনের লেখা ‘ফাদার টাং মাদার ল্যান্ড’, নতুন লেখাপত্তরের সঙ্গে মিশিয়ে বইটা পড়লে, ভাষার বিবর্তনের চলতি মডেল নিয়ে সুখী থাকা মুশকিল। নতুন ভাষাতাত্ত্বিকরা সাউথ এশিয়ায় ভাষার ইতিহাস পড়তে গিয়ে, ক্রেওল বা পিজিন–কে আদি ভাষার ধারণা থেকে ঢের বেশি গুরুত্ব দিতে চাইছেন। ফলে পুরনো ছাঁচ ভাঙছে।

আর ভৌগোলিক বাঙালির কিস্সা গেছোদাদার মতো। স্থান, কাল আর পাত্রে মন্টু মিলতে পারে না। কানাডা থেকে ইকবাল হাসনু প্রায় বছর ২৫, না কি আরও বেশি, ‘বাংলা জার্নাল’ নামে একটি কাগজ বের করে থাকেন। ওদিকে আবার শিলচরের বাঙালিরা উত্তর পূর্বাঞ্চলের কবিতা-গল্প আলাদা করে পড়ার যথার্থ দাবি করেন। ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ পাঁচ খণ্ড লেখার পরে সুকুমার সেন মশাই ‘ইসলামি বাংলা সাহিত্য’-এর ইতিহাস কেন প্রণয়ন করেছিলেন, তার কোনও উত্তর ভালো মানুষের মতো মুখ করে দেওয়া মুশকিল। বাকি পাঁচ খণ্ড কি তবে হিন্দু বাংলা সাহিত্য? কেরেস্তানিটা তবে লেখা হল না কেন?
বাংলা সাহিত্যের এই অপূর্ব ধারাবাহিক ইতিহাসে পশ্চিমবঙ্গের দিকটাই থাকে, স্বাধীনতার আগে কোনটা যে পুব আর কোনটা পশ্চিম– বলার দরকার হয় না। আর সেই তোড়েই স্বাধীনতা-পরবর্তী বাংলা সাহিত্য নিশ্চিন্তে হয়ে দাঁড়ায়– পশ্চিমবাংলার লেখাপত্রের ইতিহাস। তাতে ত্রিপুরা বা শিলচরের ঠাঁই নাই। এটা বোঝা যায়, বাঙালি-বাংলা-বাংলাদেশের পরিষ্কার কোনও ধারণা, এমনকী, লিখতে-পড়তে জানা লোকেদেরও নেই। বাংলাদেশের সাহিত্য বলে এদিকের ইউনিভার্সিটিতে যা পড়ানো হয়, তাতে পূর্ব-পাকিস্তানের বেশ কিছু লেখা ঢুকে বসে থাকে। যেমন, মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক। ইতিহাস, ভূগোল– দুটোই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাষায়, গোলগাপ্পার মতো গিলে খেয়ে বাঙালির কেস পুরো ঘাঁটা!

অথচ যে কোনও খবরের কাগজের বুদ্ধিজীবী, ভাষা থেকে রাজনীতি নিয়ে অক্লেশে ‘বাঙালি’ বলে কোনও এক হোমোজিনিয়াস ক্যাটেগরির উদ্দেশে দেদার বচন লেখেন। পুজো এলে বাঙালির খাওয়া থেকে পিন্ধন-বাস পর্যন্ত সাজিয়ে দেওয়ার রেওয়াজ আছে, কিন্তু এপারে ‘খুশির ইদে’ সেরকম কোনও নির্দেশিকা চোখে পড়ে না। মানে, এ বাঙালি সে বাঙালি না! ওপারের কথা বিশদে জানি না, তাই কমু না।
তা বলে কি বাঙালি নাই? ‘আমি তবে কেউ না’! আছে, তবে যা আছে সেটা একটি মাঝবরাবর শ্রেণি, সবার হয়ে আছে। অর্থনৈতিকভাবে মধ্যবিত্ত। ধর্মে এপার বাংলায়, বর্ণ হিন্দু। ওপারে মুসলমান। খানিক দূর পর্যন্ত পুরুষ প্রধান। উদ্ধব মণ্ডলের যে ছবি ‘সহজ পাঠ’-এ আছে, সেটা পাল্টেছে। তবে পুরোটা নয়। বিয়ের বিজ্ঞাপন রোজ পড়লেই তা বোঝা যায়। মোটের ওপর হিন্দু বা ধর্মবিশ্বাসহীন সদর–মফস্সলের মধ্যবিত্ত শ্রেণিটিই, এপার বাংলায় সর্বজনীন বাজারচলতি ‘বাঙালি’ শব্দের রিপ্রেসেন্টেটিভ। ভিতরে নানা ফাঁকফোঁকর থাকলেও এইখানে কথাটা আলগা করে ধরে নিলে, সংস্কৃতির প্রসঙ্গে যাওয়া যায়।
এখনও পর্যন্ত এই মাঝবরাবর সবার হয়ে এগিয়ে আসা জাতি–শ্রেণির সংস্কৃতিই ‘বাঙালির সংস্কৃতি’ বলে সবাইকে জপানো হয়ে থাকে। এখন কথা হল, এই সংস্কৃতির আইকন বা প্রতীক যেমন নানাক্ষেত্রে তৈরি হয়, ভাঙে গড়ে, তেমনই নির্দিষ্ট কতগুলো সাফল্য-ব্যর্থতা-ভালোবাসা-হেলাছেদ্দার ইতিহাস গড়ে তোলে নিজস্ব সাংস্কৃতিক ক্ষেত্রে। এই জায়গাগুলো চিরকালীন নয়। বরং নড়বড়ে। যেমন আটের দশকের গোড়ায় যদি ফিরে যাই, সে–সময় বাঙালির সঙ্গে জড়িয়ে ছিল ফুটবল। মান্না দে-র গলায় ১৬ আগস্টের বিষাদমাখা ‘খেলা, ফুটবল খেলা’ গানটা যেমন ছিল, তেমনই ছিল ‘সব খেলার সেরা বাঙালির খেলা ফুটবল’। এইখানেই বোধহয় মোহনবাগান, ইস্টবেঙ্গলের সঙ্গে মিশেছিল মহামেডান। যদিও শেষ ক্লাবটির কতজন কর্মকর্তা বাঙালি ছিলেন, জানি না। তবে যতদূর মনে পড়ছে, প্রাথমিক ফেলিওরের পর ১৯৮৭ সালে রুড গুলিটের মতো হেয়ার স্টাইল নিয়ে এমেকা এজুগো আবার কলকাতায় ফিরে আসেন এবং সেই সিজনে মহামেডানের হয়ে ফাটাফাটি খেলেন। পরের বছর এমেকা চলে যান ঢাকা মহামেডান স্পোর্টিংয়ে।

এরপরের ঘটনাটি আসল বলার কথা। ১৯৮৯-’৯০-এর নেহরু শতবার্ষিকী কাপে, মহামেডান সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায় এমেকার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে। সেখানে নানা বিদেশি দল, যেমন রাশিয়ার খারকিভ, জাম্বিয়ার জাতীয় দল, প্যারাগুয়ের প্রথম শ্রেণির ক্লাব ‘অলিম্পিয়া’– প্রত্যেকে হাজির হয়েছিল। কলকাতার বাকি দুটো বড় দল আগেই হেরে যাওয়ায়, আমরা মহামেডানকে সাপোর্ট করেছিলাম। মাত্র ১ গোলে কলকাতার মহামেডান স্পোর্টিং হেরে যায় প্যারাগুয়ের কাছে, এমেকা ‘ফুটবলার অফ দ্য টুর্নামেন্ট’। বাংলার মহামেডান আমাদের হল, নাইজিরিয়ার ছেলে হল বাঙালি। আমরা স্থানিক জাতীয়তাবোধে চেগে উঠে ক’দিন এমেকা হয়ে, রুড গুলিটের মতো ছোটাছুটি করার চেষ্টা করলাম। পরে এমেকা নাইজিরিয়ার হয়ে যখন বিশ্বকাপ টিমে চান্স পায়, মনে মনে অনেকেই ‘বিশ্বকাপে বাঙালি’– এই স্বপ্নে তা দিয়েছিলাম।
ধান ভানতে শিবের নয়, এ প্রায় বন্দে মাতরম্ পুরোটা তিন-চার রকম সুরে গাওয়া হয়ে গেল!
যেটা বলতে চাইছি– কাকে বলে বাঙালি আর তার নানাখানা জাতীয়তাবোধ এত গোলমেলে, ভারতের অন্য কোনও প্রদেশের সঙ্গে বিষয়টা মিলিয়ে দেখা খুব শক্ত। ওপার বাংলার বাঙালির কথা যদি ভাবি, মাত্র ৩০ বছরের ব্যবধানে তাকে তিন–তিনবার বাসস্থানভিত্তিক আত্মপরিচয় বদলাতে হয়। ১৯৪০ সালে সে ভারতীয়, ১৯৪৭ সালের ১৪ আগস্টে সে হয়ে যায় পাকিস্তানি, ১৯৭১-এ বাংলাদেশি! গড়ে প্রতি দশ বছর অন্তর যদি ‘তুমি কে’– এই সাধারণ প্রশ্নের উত্তর বদলাতে থাকে ইতিহাসের চাপে, তবে কোনও এক মাপের বিবরণে বাঙালি ডাল-ভাত-আলুপোস্ত খেয়ে চিরকালের অবয়ব পায় কী করে? আর আত্মপরিচয় তৈরির কথা যদি বলেন, তা দাগিয়ে নেওয়ার পদ্ধতিও দুটো আলাদা অক্ষে পাল্টে যায়। একবার ধর্ম আর একবার ভাষা। অন্তত ঘোষিতভাবে তাই-ই। এই বিপদ বা ছেঁড়াফাটা-তালিমারা আত্মপরিচয়ের সংকট ভারতের খুব বেশি প্রদেশের মানুষের নেই। অন্তত নেই বর্ণ হিন্দু মধ্যশ্রেণির। দলিত এবং মুসলমানের আছে। কিন্তু তা আছে অন্তঃপাতী হয়ে। বাংলা ভাষাভাষী মানুষের মতো, সর্বসমক্ষে থেকেও গায়েব হয়ে আছে, এমন নয়।
‘বাঙ্গালীর ইতিহাস’ লিখতে গিয়ে নিহাররঞ্জন ‘আদি–পর্বে’র পরে আর এগতে পারেননি। তারপর, ওই মাপের কাজ আর কেউ করেছেন বলে জানি না। ‘হাজার বছরের সংস্কৃতি’, ‘মধ্যযুগের বাংলা ও বাঙালী’ বা এই ধরণের বই হাজার রকম ছিদ্রে ভরা। আনিসুজ্জামান বাংলাদেশের বাংলা একাডেমী থেকে যে দু’টি খণ্ড ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ সম্পাদনা করে বের করেছেন, সেইটেই এখনও অবধি সেরা কাজ। কিন্তু তার মেয়াদ মধ্যকালের প্রথম পর্দায় থমকে গিয়েছে। আমাদের এ-পারে গাদা ইউনিভার্সিটি, একটি সাহিত্য পরিষৎ, বাংলা একাডেমি, আরও কত অসংখ্য প্রতিষ্ঠান মিলেও একটা নতুন ইতিহাস লিখতে পারেননি এতদিনে। এ বড় গৌরবের ব্যাপার!
এখানেই এ প্রসঙ্গের ইতি টানি। ভাবার কথাটা বলি। ছোটবেলা থেকে পড়ে-শুনে-লিখে এই এতটা বয়সে এসে বুঝলাম, বাঙালির নামে যা ভজানো হয়, আদ্যন্ত মিথ্যে। কারণ বাঙালি নামক জাতিসত্তাটির কোনও বলার মতো আত্মপরিচয় নেই। থাকলেও সেটা পরিষ্কার নয়। ‘চর্যাগীতিকোষ’ নিয়ে যে হাইজ্যাকিং বাঙালি বুদ্ধিজীবী করেছিলেন, সেটা তো নিজেদের একটা সম্পূর্ণ ন্যারেটিভ-এর খোঁজে। অথচ দেখা যায়, কাজের বেলা লোকগুলোকে দলে টানার বদলে ল্যাং মারার চেষ্টা করা হল প্রাণপণে। ‘নগর বাহিরি রে ডোম্বি তোঁহরি কুঁড়িঅ’– তা চর্যা যদি বাংলা হয়, বলি ডোমনিও তো বাঙালি! ডোমও তাই। আমাদের ছোটবেলাতেও ডোমদের ছেলেমেয়েরা বিশাল-বপু হতেন। কেউ চট করে লাগতে যেত না। শ্মশানে আড্ডা মারলে, বন্ধু হয়ে যেত অনেকেই। মারামারি লাগলে সুবিধে হত! এখন অবশ্য হাসপাতালে-মর্গে পোস্টের নামই হয়ে গিয়েছে ‘ডোম’, এবং বছর কয়েক আগে সেই পোস্টে এমএ পাশ বর্ণ হিন্দু অ্যাপ্লাই করে, খবরের কাগজের প্রথম পাতায় ঠাঁই পান! ‘আগডুম বাগডুম ঘোড়াডুম’ যে আসলে লড়াইয়ের সময় আগে বাগে ও ঘোড়ায় চড়া ডোম, সে এখন সবাই জানে। কিন্তু তাদের ‘বাঙালি’ বলে, মারামারিতে বাঙালি প্রতিভাবান– এমন কথা কেউ বলে না কেন?

ফুটবল থেকে ক্রিকেটে বাঙালির স্থানান্তর সবাই দেখেছে। ফুটবলকে এখন বাঙালির খেলা বলতে গেলে, সম্পূর্ণ নর্থ ইস্ট, সিকিম, পূর্ব ইউরোপের বৃদ্ধাবাস আর আফ্রিকা থেকে পড়তে আসা ছাত্রসাধারণের পারমিশন নিতে হবে। বাঙালি কবি, কবিতা নিয়ে তার হদ্দমুদ্দ, এ-ও যে বাজে কথা, সেটা সামনের সংখ্যায় লিখব। বাঙালি বিজ্ঞানী, অসাম্প্রদায়িক, লিবেরাল, সেকু– এও ফালতু কথা। এই উদাহরণটা নিয়েও ভাবা দরকার। বলার বিষয় অল্পই, এই বাঙালি যে আদতে কী, সে কি সুকুমার রায়ের ‘কিম্ভূত’? ব্যাপারটা স্পষ্ট করে নিলে তাও কিছু করার থাকে। আগে থেকেই আমরা পিতৃপুরুষের উইল মোতাবেক অমুক-তমুক হয়ে জন্মালে, কপালে জুতোর বাড়ি ছাড়া কিছুই জুটবে না।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved