


দৃশ্যত কালীর ‘বিপরীত রতিতুরা’ জ্যামিতিকে পরিহার করে, কৃষ্ণানন্দ, কালীর এই ভার্টিকাল অবস্থানের মধ্য দিয়ে তন্ত্রের কুণ্ডলিনীযোগ ও মহাজাগতিক সৃষ্টিতত্ত্বটিকে ব্যখ্যা করার চেষ্টা করেন। দেবী এখানে উল্লম্বভাবে দণ্ডায়মান। কারণ তিনি সাধকের নিম্নগামী বিন্দুক্ষরণকে উল্টে দিয়ে শক্তিকে সহস্রার অভিমুখে চালিত করে পরম ঊর্ধ্বরেতা করে তোলেন।
৫৭.
‘কাল’ থেকেই কালী। একদিকে তিনি ধ্বংসের দেবতা ‘কাল’ অর্থাৎ রুদ্র-শিবের পত্নী, অন্য অর্থে সময়। সময়ে সব কিছু ধ্বংস হয়। আবার নতুন সৃষ্টি হয়। এই মহাজ্ঞানের অধিকারিণী কালের শক্তি সনাতনী কালী। এই কারণে কালিকাপুরাণে তাঁকে যেমন ‘মহামায়া বিদ্যা’ বলা হয়েছে, তেমনই দশমহাবিদ্যার আদি-বিদ্যা কালী।
দশমহাবিদ্যা গঠনে বৈষ্ণবদের দশাবতার মডেলের ভূমিকা থাকলে দার্শনিক ভিত গঠন করেছেন জৈনকালী। জৈনরা খ্রিস্টীয় ষষ্ঠ-সপ্তম শতাব্দী থেকে কালীকে তাঁদের ধর্মীয় পরিমণ্ডলে গ্রহণ করেছিলেন দু’ দিক থেকে। প্রথমত, তীর্থংকরদের শাসনদেবী হিসাবে। যেমন সপ্তম তীর্থংকর সুপার্শ্বনাথের যক্ষিণী ছিলেন দিগম্বর মতে কালী। পঞ্চম তীর্থংকর সুমতিনাথের শাসনদেবী মহাকালী।

দ্বিতীয়ত, জৈন পরিমণ্ডলে ষোলটি বিদ্যাদেবীর মধ্যে কালী ও মহাকালী উভয়ে স্থান পেয়েছিলেন। যক্ষিণীর সঙ্গে বিদ্যাদেবীর মূল পার্থক্য হল– বিদ্যাদেবী কারও অধীন নন। মূলত তান্ত্রিক ক্ষমতা, মন্ত্র ও আধ্যাত্মিক জ্ঞানের দেবী। দশমহাবিদ্যা জৈনদের বিদ্যাদেবী দ্বারা প্রভাবিত হয়েছিল, সন্দেহ নেই।
মূর্তিগত বিচারে জৈনকালী হিন্দুকালীর মত শববাহনা বা মুণ্ডমালিনী নন। তাঁর প্রধান বাহন হরিণ নর কিংবা বৃষ। হিন্দুকালীর মতো চতুর্ভুজা হলেও তাঁর চার হাতে থাকে খড়্গ, খেটক বা ঢাল, বরদমুদ্রা এবং পরম জ্ঞানের প্রতীক পদ্ম কিংবা পুস্তক। জৈন আত্মীকরণের ফলে কালী উগ্র-অপদেবী থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে দশমহাবিদ্যার আদিবিদ্যাতে পরিণত হয়েছিলেন। জৈন প্রভাব ছাড়াও কালী রূপান্তরে দুর্গার গূঢ় প্রভাব পড়েছিল।

করালবদনা কালী ‘দুর্গা-কালী’ বা ভদ্রকালীর প্রভাবে ‘মহাকালের মনমোহিনী’ যৌবনবতী, সুস্তনী, অপূর্ব সুন্দরী মাতৃপ্রতিমা হয়ে ওঠেন। বিষ্ণুধর্মোত্তর পুরাণের চিত্রসূত্র এবং দ্বিতীয় খণ্ডের ১৫৮ অধ্যায়ে বিষ্ণুর শক্তি হিসাবে সিংহবাহিনী লাবণ্যময়ী রূপে দেবীকে বর্ণনা করা হয়েছে। কালিকাপুরাণের পঞ্চম অধ্যায়ের ৫২ নম্বর শ্লোকের বিবরণ ও বিশেষ মূর্তিতত্ত্ব অনুসারে– সৃষ্টিতত্ত্বের আদিকারণ মনোহর রূপবতী, মুক্তকেশী এবং চতুর্ভুজা আদিশক্তি মহামায়া কালীর সিংহবাহিনী রূপের এক চমৎকার চিত্র-কথা বর্ণিত হয়েছে।
ইন্ডিয়ান মিউজিয়ামে সংরক্ষিত দশ-এগারো শতকের এক ভাস্কর্যে (MS 15/A25122) দেখা যায় দেবীর স্মিত হাস্যানন, চার হাতের তিন হাতে ধরে আছেন কপাল, খট্টাঙ্গ ও উলটো করে ঝোলানো শিশুর শবদেহ। দেবীর বাহন সিংহ। ঐতিহাসিক ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মূর্তিটিকে দুর্গা ও কালীর সমন্বয়ী ভাস্কর্য বলেছেন (শক্তির রূপ ভারতে ও মধ্য এশিয়ায়, পৃ: ৪৯)। এই ধরনের পাথুরে মূর্তি মিলেছে বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে। চামুণ্ডা নামে পরিচিত হলেও সে মূর্তি ভদ্রকালী বা দুর্গাকালীর সংস্করণ।

বাংলায় প্রাক-কৃষ্ণানন্দ আগমবাগীশের আমলেও যে ভদ্রকালী পূজিত হত, তার প্রমাণ পাওয়া যায় গ্রাম্যদেবী হিসাবে তাঁর পূজার ব্যাপকতায়। যেমন মুকুন্দের চণ্ডীমঙ্গলে উল্লিখিত মঙ্গলকোট থানার ‘বাকুলিয়া’ গ্রামের গ্রাম্যদেবী ভদ্রকালী। আজও অনেক স্থানে ভদ্রকালীর মৃণ্ময়ী মূর্তি দুর্গাজ্ঞানে পূজিত হয়।
আমেরিকার ডালাস মিউজিয়াম অফ আর্টে এগারো শতকের রাজস্থান শৈলীর বেলেপাথরের ভাস্কর্যে ভদ্রকালী বা দেবী দুর্গার রূপান্তর এক ‘তান্ত্রিক-কালী’ দেখা যায়। দেবী ত্রিনয়না। জটামুকুটধারিণী, দ্বাদশভুজা মহাযোগিনী। কালীর চিহ্ন হিসাবে ডান হাতে খড়্গ, বাম হাতে অসুরমুণ্ড। বামপদ প্রত্যালীঢ় ভঙ্গিমায় শায়িত শিবের পায়ের উপর ন্যস্ত। তিনি পূর্ণযৌবনা, লাবণ্যময়ী ও সুস্তনী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিশক্তির সমন্বয়ী ব্যতিক্রমী ভদ্রকালী।
প্রায় একই ঘরানার বিচিত্র দুর্গাকালীর মিশ্রিত দারুবিগ্রহ– কলকাতার সর্বমঙ্গলা চিত্তেশ্বর কালীমূর্তি। কালীর মতোই তিনি চতুর্ভুজা। একই ধরনের হস্তায়ুধ এবং মুদ্রা। অগ্নিবর্ণা। একজটাধারিণী। কিন্তু দুর্গার মতো সিংহবাহিনী। অসুর দলনের প্রতীক হিসাবে পদতলে রয়েছে কর্তিত অসুরের মুণ্ডটি। আরেক ধরনের সিংহবাহনা মৃণ্ময়ী কালী পূজিত হন নবদ্বীপের রাসে ‘মহানিশা’ নামে।
ধূসর আকাশি বর্ণের চতুর্ভুজা দেবীর বামপদ কালীর বুকে। ডানপদ সিংহপৃষ্ঠে। দেবীর হাতে পায়ে কোমরে গলায় নাগের আভরণ। পরনে বাঘছাল। মাথার চুলে তিনটি চূড়া। দু’ পাশে অর্ধচন্দ্র। লোলজিহ্বা। কস বেয়ে রক্তধারা। নরমুণ্ডমালিনী। দেবীর উপরের বাম হাতে খড়্গ, নিচের হাতে নরকপাল। উপরের ডান হাতে কর্তারী এবং নিচের হাতে নীলোৎপল। ত্রিনয়নী দেবী ভয়ংকরী।

রক্ষাকালী হিসাবে মহানিশা পূজিত হন। এই দেবী তারাকালীর প্রকারভেদ। কালিকাপুরাণে তীক্ষ্ণকান্তা নামে দেবী উগ্রতারার এক প্রকারভেদ। তাঁর সঙ্গে নবদ্বীপের মহানিশার মিল রয়েছে। প্রসঙ্গত মহানিশা হল নিশিরাত; কালীপুজোর তান্ত্রিক সময়।
কালীর খাড়া হয়ে দাঁড়ানোর উল্লম্ব বিন্যাসটি অনেকেই মনে করেন সতেরো শতকের নবদ্বীপের তান্ত্রিক স্কলার ও সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের আবিষ্কার। কিন্তু এর আদিমতম শাস্ত্রীয় বীজ প্রোথিত আছে বৃহদ্ধর্মপুরাণের ২৩ অধ্যায়ে। পুরাণে বলা হয়েছে, চতুর্ভুজা ঘোর কৃষ্ণবর্ণের মহাকালী শবরূপ শিবের বুকে দণ্ডায়মান। দক্ষিণ করদ্বয়ে অসি ও নরমুণ্ড। বামকরদ্বয়ে বরদ ও অভয়মুদ্রা। নগ্ন। বিবিধ বসনে ভূষিতা। কেশপাশ আলুলায়িত। স্তনদ্বয় স্থূল ও উন্নত। দেবীর ওষ্ঠের উভয় প্রান্ত থেকে নিরন্তর রক্তধারা প্রবাহিত। কালিকার চতুর্দিকে যোগিনীগণ আসব, মধু ও রক্ত পান করে নৃত্যরতা।

কৃষ্ণানন্দ আগমবাগীশের সবচেয়ে বড় অবদান বৃহৎতন্ত্রসারের সংকলন। এই গ্রন্থে কালী সম্পর্কে বিভিন্ন তন্ত্রগ্রন্থের সার সংকলন করে বর্তমান দক্ষিণাকালীর রূপটিকে স্থায়ী ও সামাজিক স্বীকৃতি দিয়েছিলেন কৃষ্ণানন্দ। তিনি বামাচারী তন্ত্রের উগ্রতাকে পরিহার করে কালীর মনোহর রূপময়ী রূপটিকে স্বীকৃতি দিয়েছিলেন এবং ব্রাত্য লোকায়ত চেতনার সঙ্গে ব্রাহ্মণ্যধারার সংশ্লেষ ঘটিয়ে শ্মাশানবাসিনী শ্যামাকে গৃহস্থের অন্তঃপুরে প্রতিষ্ঠা করেন। কালীর উল্লম্ব বিন্যাস তথা ডান পাটিকে আগে বাড়িয়ে কালীপূজাকে বাংলায় জনপ্রিয় করে তোলার মূলে কৃষ্ণানন্দ আগমবাগীশ।
দৃশ্যত কালীর ‘বিপরীত রতিতুরা’ জ্যামিতিকে পরিহার করে, কৃষ্ণানন্দ, কালীর এই ভার্টিকাল অবস্থানের মধ্য দিয়ে তন্ত্রের কুণ্ডলিনীযোগ ও মহাজাগতিক সৃষ্টিতত্ত্বটিকে ব্যখ্যা করার চেষ্টা করেন। দেবী এখানে উল্লম্বভাবে দণ্ডায়মান। কারণ তিনি সাধকের নিম্নগামী বিন্দুক্ষরণকে উল্টে দিয়ে শক্তিকে সহস্রার অভিমুখে চালিত করে পরম ঊর্ধ্বরেতা করে তোলেন।

সমান্তরালে অনুভূমিক আধারের শায়িত শিব বিপরীত শক্তির মন্থন। দেবীকালীর সমগ্র মূর্তিতত্ত্বের কল্পনাটি আসলে মানুষের ভিতরে সুপ্ত কুণ্ডলিনী শক্তির জাগরণ বা কামশক্তির রূপান্তর। সহস্রার চক্রে পরম প্রজ্ঞার মহাজাগতিক পদ্ম হয়ে ফুটে ওঠার জীবন্ত দৃশ্যমান রূপকল্প।
এমনই এক প্রাচীন কালী পূজিত হচ্ছেন কয়েক শতাব্দী ধরে পূর্ব বর্ধমানের নাসিগ্রামের বৈদিক পাড়ায়। লোকায়ত নাম ‘নেড়ি-মা’। দেবীর মাথায় চুল বা মুকুট থাকে না। তান্ত্রিক প্রতিমাটি শাক্ত মূর্তিতত্ত্বের মহাজাগতিক সৃষ্টিতত্ত্বের ভিজুয়াল দৃষ্টান্ত। দেবীর ঊরুদেশে, বাহুতে এবং নাভিতে যে প্রস্ফুটিত পদ্মফুলের অলংকরণ দেখা যায়– তা নান্দনিক সজ্জা নয়। মানুষের নিম্নগামী কামশক্তিকে সুষুম্না নাড়ির মধ্য দিয়ে সহস্রার চক্রে ওজঃশক্তিতে পদ্মের মতো ফুটে ওঠার চাক্ষুষ দৃশ্যায়ন।

বিগ্রহের নাসামূল থেকে ললাট পর্যন্ত যে অলংকরণটি দেখা যায়, তা সুষুম্না নাড়ির উল্লম্ব উত্থানের প্রতীক। ইড়া-পিঙ্গলার দ্বৈততাকে ভেঙে জাগ্রত কুণ্ডলিনী শক্তি আজ্ঞাচক্র ভেদ করে সহস্রারে উত্থিত হয়েছে। নেড়িমা প্রচলিত মুক্তকেশীর শাস্ত্রীয় বন্ধনকে অস্বীকার করেছে। এটিও আসলে কুণ্ডলিনী শক্তির পরম কোয়ান্টাম শূন্যতায় লীন হয়ে যাওয়ার রূপক।
ভাষাতত্ত্ব ও লোকায়ত সমাজতত্ত্বের বিচারে ‘তন্ত্র’ শব্দের আদিম অর্থটি নিহিত আছে তাঁত ও সুতোর বুনন প্রক্রিয়ার অভ্যন্তরে। তান্ত্রিক সাধক এমন এক ‘মহাজাগতিক তাঁতি’, যিনি মানুষের শরীরে এলোমেলো ও জটিল স্নায়ুতন্ত্রকে সাধন-বস্ত্র করে তোলেন। নেড়িমা ভাস্কর্য তার জীবন্ত প্রমাণ। এখানেই কৃষ্ণানন্দ আগমবাগীশের বৈপ্লবিক অবদান নিহিত।

তবে কৃষ্ণানন্দের নব্যতান্ত্রিক দক্ষিণাকালীর রূপকল্প পরিমার্জিত উল্লম্ব বিন্যাসটি লোকসমাজে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও, রাঢ় অঞ্চলের আদিম প্রথাবিরোধী বামাচারী কুলাচারের ধারাটি সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়নি। আগমবাগীশের আলীঢ় বিন্যাসের বিপরীতে প্রত্যালীঢ় বামাকালীর আরাধনায় বা বিপরীত রতিতুরার জীবন্ত রূপকল্পে ক্ষয়িত হয়েও টিকে আছে চিনাচার পুষ্ট পঞ্চ ম-কারের সাধনার স্মৃতি। যা স্বতন্ত্র আলোচনার দাবি রাখে।
…………. পড়ুন ঠাকুরদার ঝুলির অন্যান্য পর্ব ………….
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved