Ashok Mitra: The Economist Who Became a Prolific Writer | Robbar
Robbar
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • শনিবার
  • ২১ নভেম্বর ২০২৬

অশোকলিপি

দে’জ পাবলিশিং থেকে অশোক মিত্রর প্রথম বই প্রকাশিত হয়েছে ১৯৮২ সালের বইমেলার সময়⎯ ‘সংকটের স্বরূপ ও অন্যান্য প্রবন্ধ’। বইটির প্রচ্ছদ করেছিলেন তখনকার তরুণ শিল্পী দেবব্রত ঘোষ। এই বইয়ের প্রবন্ধগুলি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং বইটি যখন প্রকাশিত হয়, তখন তিনি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী। দে’জ থেকে অশোকবাবুর শেষ প্রবন্ধের বই ‘আত্মসমালোচনা’ প্রকাশিত হয়েছিল ২০০৭-এর বইমেলায়।

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২৬, ২০:৫৫   
Facebook WhatsApp Messenger

৮৯.

অশোক মিত্র আসলে কে? কীভাবে তাঁর পরিচয় দেওয়া যায়– এই সব ভাবতে ভাবতে নজরে এল ‘কলকাতা’ পত্রিকার সম্পাদক জ্যোতিদার (জ্যোতির্ময় দত্ত) আত্মজীবনী ‘আমার নাই বা হল পারে যাওয়া’র এক জায়গায় অশোক মিত্রের উল্লেখ।

তখন সদ্য প্রকাশিত হয়েছে ‘কলকাতা’ পত্রিকা। জ্যোতিদা চিরকালই ছিলেন মনেপ্রাণে বিদ্রোহী। ‘কলকাতা’ পত্রিকার প্রথম সংখ্যায় তিনি স্বয়ং বুদ্ধদেব বসুর লেখা চাইবেন না, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু পত্রিকা প্রকাশের পরে বুদ্ধদেবের পছন্দ আদৌ গোপন থাকেনি। তবে সবচেয়ে চমৎকার প্রতিক্রিয়া ছিল সুনীলদার (সুনীল গঙ্গোপাধ্যায়)। তিনি বিনা আমন্ত্রণেই ‘কলকাতা’র জন্য নিজের ‘মহাপৃথিবী’ গল্পটির পাণ্ডুলিপি সঙ্গে করে পত্রিকা প্রকাশের দ্বিতীয় দিন সকালেই চলে গিয়েছিলেন জ্যোতিদার বাড়ি। কথাবার্তার পর পকেট থেকে দু’টি ১০০ টাকার নোট বের করে জ্যোতিদার হাতে দিয়ে তিনি বলেছিলেন এই ২০০ টাকা তাঁর ‘কলকাতা’ পত্রিকার আজীবন গ্রাহক চাঁদা। আসলে সুনীলদা বুঝতেন অবাণিজ্যিক পত্রিকা চালানো কতটা কঠিন। তিনি নিজেও তো দীর্ঘদিন হাড়ভাঙা পরিশ্রম করে ‘কৃত্তিবাস’ পত্রিকা চালিয়েছেন। তবে জ্যোতিদা তাঁর আত্মজীবনীতে অশোক মিত্র সম্পর্কে লিখেছেন⎯ “সুনীলের সমর্থন যেমন, অশোক মিত্রের সরোষ তিরস্কারও তেমন। শুধু মিষ্টিতে হয়? শুক্তোও চাই। অশোক মিত্র আমাদের তিরস্কৃত নয়, অতি সম্মানিত করেছিলেন হাতে পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে, তাঁর দাঁড়ি-কমাহীন রুদ্ধশ্বাস প্রতিবাদপত্র লিখে। চিঠি নয়, একটি স্বতন্ত্র প্রবন্ধের আকারে ছাপা হল তৃতীয় সংখ্যায়। ‘কবিতা থেকে মিছিলে’ শিরোনামে। লেখাটি প্রমাণ যে, অশোক মিত্র যদিও একজন আন্তর্জাতিক খ্যাতিমান অর্থনীতিবিদ⎯ একদা ইন্দিরা গান্ধির অর্থনৈতিক শলাকার এবং জ্যোতি বসুর অর্থমন্ত্রী⎯ তিনি আসলে অর্থনীতির খোলসে অবরুদ্ধ এক কবি। যুক্তি কি তথ্য নয়, অশোক মিত্র ভেসে গিয়েছিলেন আবেগে। ‘কবিতা থেকে মিছিলে’ নিজেই একটি কবিতা।”

আমার মনে হয়, জ্যোতিদার এই কয়েকটি লাইনে অশোক মিত্রকে স্পষ্ট ধরা যায়। প্রসঙ্গত বলে রাখি, ‘কবিতা থেকে মিছিলে’ প্রবন্ধটি অশোক মিত্রের দ্বিতীয় গদ্যবই ‘কবিতা থেকে মিছিলে ও অন্যান্য প্রবন্ধ’-র ভরকেন্দ্র। ‘কবিতা থেকে মিছিলে ও অন্যান্য প্রবন্ধ’ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৭৮ সালের অক্টোবরে, অজয়দার (অজয় গুপ্ত) অয়ন প্রকাশনী থেকে। পরে সে-বই প্যাপিরাস থেকে প্রকাশিত হয়। ২০০৫ সালে বইটি আনন্দ পাবলিশার্স প্রকাশ করেছে। অয়ন সংস্করণে এই বইটির সঙ্গে সুবীরদা (সুবীর ভট্টাচার্য) ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন।

zoom
‘কবিতা থেকে মিছিলে’ বইয়ের প্রচ্ছদ

দে’জ পাবলিশিং থেকে অশোক মিত্রর প্রথম বই প্রকাশিত হয়েছে ১৯৮২ সালের বইমেলার সময়⎯ ‘সংকটের স্বরূপ ও অন্যান্য প্রবন্ধ’। বইটির প্রচ্ছদ করেছিলেন তখনকার তরুণ শিল্পী দেবব্রত ঘোষ। এই বইয়ের প্রবন্ধগুলি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং বইটি যখন প্রকাশিত হয়, তখন তিনি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী। ১৯৭৭ সালে বামফ্রন্ট প্রথমবার সরকার গঠন করার পর অশোক মিত্র অর্থমন্ত্রী হয়েছিলেন। টানা পাঁচ বছর অর্থমন্ত্রী থাকার পর তিনি ১৯৮২-র নির্বাচনে পরাজিত হন। কিন্তু ১৯৮৩ সালে যাদবপুরের উপনির্বাচনে জয়ী হয়ে তিনি ফের রাজ্যের অর্থমন্ত্রী হন। ১৯৮৭ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন।

আমার সঙ্গে অশোক মিত্রের পরিচয় কোনও একজন ব্যক্তির মাধ্যমে হয়নি। একদিকে যেমন ছিলেন স্বনামধন্য প্রশাসক রথীন সেনগুপ্ত, তেমনই অন্যদিকে ছিলেন সুবীর ভট্টাচার্যও। ‘কবিতা থেকে মিছিলে’ বইটার সময় থেকেই সুবীরদার ওপর তিনি অনেকটা নির্ভর করতেন। রথীন সেনগুপ্ত অত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলালেও ভীষণ পড়ুয়া মানুষ ছিলেন। আমাদের দোকানে প্রায়ই আসতেন বইপত্র দেখতে। বই কিনতেন, কোনওদিন হয়তো একটু চা খেয়ে, খানিক গল্পগুজব করে আবার কাজের জগতে ফিরে যেতেন। কখনও হঠাৎ কোনও বই প্রয়োজন হলে বা অন্য কোনও কারণেও গোলপার্কের সরকারি আবাসনে রথীনদার ফ্ল্যাটে আমি গিয়েছি। রথীনদার মাধ্যমেই আমার পরিচয় হয়েছিল সুজিত পোদ্দারের সঙ্গে। সুজিতদা পরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আপ্ত-সহায়ক হিসেবে পরিচিত হলেও প্রথম জীবনে কিন্তু ছিলেন অর্থমন্ত্রী অশোক মিত্রের আপ্ত-সহায়ক। সুজিতদার সঙ্গে অশোকবাবুর যোগাযোগ ১৯৭৭ সালে, তাঁর নির্বাচনী যুদ্ধের অন্যতম সৈনিক মলয় চট্টোপাধ্যায়ের মাধ্যমে। অশোক মিত্র তাঁর অসামান্য আত্মজীবনী ‘আপিলা চাপিলা’য় লিখেছেন⎯ “শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েকদিন বাদে অতি-সুদর্শন, বছর তিরিশের এক যুবককে নিয়ে রাইটার্স বিল্ডিঙে আমার ঘরে ঢুকে মলয়ের উক্তি। ‘ছেলেটিকে দেখুন, আপনার আপ্ত সহায়করূপে কাজ করবে।’ পাঁচ মিনিট কথা বলেই বুঝলাম, যুবকটি যেমন বুদ্ধিমান, তেমনই ঠাণ্ডা মাথার, আমার মতো সর্বদা-মাথা-গরম-করতে-থাকা মানুষের যথোপযুক্ত দাওয়াই, নাম সুজিত পোদ্দার। সুজিত গত পঁচিশ বছর সুখে-দুঃখে-হরিষে-বিষাদে আমার ছায়াসঙ্গী হয়ে আছে। ঘরের মানুষ হয়ে গেছে সে, তার স্ত্রী-সন্তানরাও আমার এবং আমার স্ত্রীর আত্মীয়তম।”

দে’জ থেকে প্রকাশিত অশোক মিত্রের ‘সংকটের স্বরূপ ও অন্যান্য প্রবন্ধ’ বইটি তিনি আমাদের রাজ্যের আরেক প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের সঙ্গে সুজিত পোদ্দারকেও উৎসর্গ করেছিলেন। অশোক মিত্রের বই করার ইচ্ছে নিয়ে আমি রাইটার্সে রথীনদার কাছে গেলে, তিনি আমার সঙ্গে সুজিতদার পরিচয় করিয়ে দেন। তারপর থেকে বিভিন্ন সময়ে অশোকবাবুর সঙ্গে যোগাযোগ করতে, কখনও প্রুফ দেওয়া-নেওয়া করতে সুজিতদা আমাকে অনেক সাহায্য করেছেন।

zoom
‘সংকটের স্বরূপ ও অন্যান্য প্রবন্ধ’ বইয়ের প্রচ্ছদ

দে’জ পাবলিশিং থেকে অশোকবাবুর পরের বইটি ‘অচেনাকে চিনে চিনে’। ১৯৮৬-র বইমেলায় প্রকাশিত এই বইয়ের প্রচ্ছদ করেছিলেন খালেদ চৌধুরী। ‘অচেনাকে চিনে চিনে’র উৎসর্গের পাতায় অশোকবাবু লিখেছিলেন⎯ “জন্মদিনে নবনীতাকে/ ‘চেনা অচেনার দ্বন্দ্ব ঘুচুক জন্মদিনে’”। প্রসঙ্গত উল্লেখ করি, নবনীতাদির জন্মদিন ১৩ জানুয়ারি। আর সঙ্গের কবিতার লাইনটি বুদ্ধদেব বসুর ‘দ্রৌপদীর শাড়ি’ বইয়ের ‘কোনো বন্ধুর জন্মদিনে’ কবিতার প্রথম লাইন। এই বইয়ের ভূমিকার নিচে অশোকবাবু সই করে নবনীতাদির জন্মতারিখটাই লিখেছিলেন। মজার ব্যাপার হল, ২০১৫ সালের ১০ এপ্রিল, অশোক মিত্রের জন্মদিনে নবনীতাদিও লিখেছিলেন, ‘শুভ জন্মদিন অশোকদা’। সে-লেখা নবনীতা দেবসেনের ‘স্বজনসকাশে’ বইতে সংকলিত হয়েছে (পরে দে’জ পাবলিশিং থেকে প্রকাশিত নবনীতাদির রচনাবলির দ্বিতীয় খণ্ডে লেখাটি সংকলিত হয়েছে)। নবনীতাদি লিখেছিলেন গল্প করতে করতে একদিন না কি অশোকবাবু বলেছিলেন⎯ “সেই কবে, ১৯৪৬-এ ঢাকা থেকে কলকাতায় আসি। কনফিডেন্স নেই, মফস্‌সলের ছেলে। অরুণ সরকারের কবিতার একটা লাইন আছে, ‘ঢাকার অশোক মিত্র’। এত কাল কেটে গেল, আমি এখনও রয়ে গিয়েছি সেই মফস্‌সলের ছেলেই, সেই ঢাকার অশোক মিত্র।” ওই লেখাতেই নবনীতাদি জানিয়েছেন⎯ “অশোক মিত্র, অরুণ সরকার, নরেশ গুহ⎯ এঁদের মধ্যে বুদ্ধদেব বসু-প্রতিভা বসুর ‘কবিতাভবন’-এর সাহিত্য আসরের একটি উজ্জ্বল যোগসূত্র ছিল। অরুণ সরকার এবং নরেশ গুহকে আমি প্রথম দেখেছিলুম ‘কবিতাভবনে’ই, পঞ্চাশের দশকে। অশোকদাকেও গৌরীদি সমেত ওই বাড়িতেই দেখি। ঝকঝকে, তীক্ষ্ণ, শ্যামবর্ণ পুরুষ, একটু কী উদ্ধত? না কি লাজুক? কোনটা প্রথমবার মনে নেই, আরেক বার দেখেছিলুম, ওই পঞ্চাশের দশকে, ‘ভালো-বাসায়’ দু-মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বজনশ্রদ্ধেয় অর্থনীতির অধ্যাপক, অমিয় দাশগুপ্তের মেয়ে অলকনন্দা (বিবি) প্রেসিডেন্সিতে আমাদের সতীর্থ ছিল। অমিয় দাশগুপ্ত তখন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন।”

zoom
‘অচেনাকে চিনে চিনে’ বইয়ের প্রচ্ছদ

অশোক মিত্র ঢাকার আর্মেনিটোলা স্কুল থেকে এন্ট্রাস পরীক্ষা পাশ করে জগন্নাথ কলেজে আইএ পড়েন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক। যদিও তাঁর ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্য পড়ার। বিএ পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না-পেরে তিনি চলে যান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। সেখানে তখন অমিয় দাশগুপ্ত অধ্যাপনা করছেন। তাঁর নিবিড় সান্নিধ্যেই অশোকবাবুর অর্থনীতির জটিল তত্ত্বে গভীর অনুরাগ জন্মায়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এমএ পরীক্ষায় তাঁর একটি পত্রের পরীক্ষক ছিলেন ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়। ধূর্জটিপ্রসাদ অশোকবাবুর খাতা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, তাঁকে তিনি লখনউ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়ানোর জন্য আমন্ত্রণ জানান। ‘আপিলা চাপিলা’য় লখনউ-তে থাকাকালীন ধূর্জটিপ্রসাদের সঙ্গে তাঁর নিকট সম্পর্কের কথা বলেছেন অশোক মিত্র⎯ 

“ধূর্জটিপ্রসাদের বাড়ির আড্ডাই লখনউতে পরমতম আকর্ষণ। ধূর্জটিবাবুর বাকচাতুর্যের তুলনা নেই। ইংরেজিতে বলছেন, বিশুদ্ধ হিন্দুস্থানিতে বলছেন, শান্তিপুরি সুসংস্কৃত বাংলায় বলছেন। খেয়ালি মানুষ, বিষয় থেকে বিষয়ান্তরে যাচ্ছেন, অর্থনীতি থেকে দর্শনে, দর্শন থেকে ইতিহাসে, ইতিহাস থেকে সমাজতত্ত্বে, সমাজতত্ত্ব থেকে ব্যাকরণতত্ত্বে, পাণিনি বিশ্লেষণে, অতঃপর উদয়শঙ্কর প্রসঙ্গ উঠতে নৃত্যচর্চা, পরমুহূর্তে শিশির ভাদুড়ীতে পৌঁছে গেছেন। আবর্তের মতো ঘুরে-ঘুরে আসতো কথার তোড়, গল্পের তোড়, চিমটি কাটার তোড়। আমাদের প্রায় সমবয়সী, রাম আদবানি নামে একটি ছেলে, হজরতগঞ্জে একটি সুশোভন বইয়ের দোকান খুলেছিল। কফি হাউসে ঢোকবার আগে বা পরে আমরা প্রত্যেকেই ওর দোকানে ঢুঁ মারতাম, বিদেশ-থেকে-আসা টাটকা বইয়ের সম্ভার, যথাসাধ্য কিনতাম। ধূর্জটিবাবুর বাড়িতে রাম টাঙ্গা বোঝাই করে বই পাঠিয়ে দিত ওঁর বাছাইয়ের জন্য। ধূর্জটিবাবু প্রতি সপ্তাহে টাইমস লিটারারি সাপ্লিমেন্ট ও এডুকেশনাল সাপ্লিমেন্ট রাখতেন; যে কোনও হালের বইয়ের কথা তাঁর ঠোঁটের ডগায়, সিগারেট যেমন।

zoom
ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়

অনেকের সম্পর্কে অনেক গল্প শুনিয়েছেন তিনি, নিদর্শন হিশেবে মাত্র দু’টির উল্লেখ করবো। ঘোর ব্রাহ্ম হেরম্ব মৈত্র, কলেজ স্ট্রিট থেকে পড়ন্ত বিকেলে বাড়ি ফিরবেন, বাসের জন্য দাঁড়িয়ে আছেন। কোনও বাসই তাঁর পছন্দ হয় না: কোনও বাসের নাম শিব, কারও দুর্গা, কারও সরস্বতী, অন্য কারও বা পার্বতী। অবশেষে রাত যখন ন’টা ছুঁই-ছুঁই, একটি বাস এলো, ‘সত্যনারায়ণ’। হেরম্ববাবু উঠে চালকের পাশে গিয়ে বসলেন, সত্য রক্ষা হলো। অপর এক গল্প। লখনউবাসী এক বাঙালি ব্যারিস্টার, ঘোর সাহেবিভাপাপন্ন, নাম এইচ. কে. ঘোষ, লোকেরা জনান্তিকে বলতো হেঁচকি ঘোষ। অতুলপ্রসাদ সেনের প্রয়াণ দিবস, শোকে-মুহ্যমান হেঁচকি ঘোষ হাঁক পাড়লেন, ‘বেয়ারা, মেরা রোনেকা কুর্তা লাও।’

ধূর্জটিপ্রসাদের বাড়িতে যখন আড্ডা বসতো, ছায়ামাসি প্রতি আধঘণ্টা অন্তর কফি সন্দেশ-সহ পাঠাতেন, নিজের হাতে বানানো সন্দেশ। ধূর্জটিবাবুর আড্ডায় আমরা এমন কি দোহার গাইবারও ঠিক সুযোগ পেতাম না, তিনি একাই একশো। কফি হাউসে যাঁরা যেতেন, তাঁদের মধ্যে অনেকে ধূর্জটিপ্রসাদের বাড়িতেও উপস্থিত। আড্ডার নেশা, কিংবা ধূর্জটিপ্রসাদের কণ্ঠবৈভবের মায়ামুগ্ধতা, কিছুতেই ছাড়বার নয়।… ধূর্জটিপ্রসাদ ও ছায়ামাসি স্নেহ উজাড় করে দিয়েছিলেন আমার উপর।”

zoom
অশোক মিত্রের লেখা চিঠি

১৯৮৬-র বইমেলার আগে ১৪ জানুয়ারি, অশোকবাবুর লেখা একটা চিঠি পাচ্ছি, যেখানে উনি লিখছেন⎯

“শ্রী সুধাংশুশেখর দে

এই সঙ্গে 

১। ‘অচেনাকে চিনে-চিনে’র ‘মুখবন্ধ’ ও উৎসর্গপত্র যাচ্ছে। প্রুফ পাঠাতে হবে।

২। তাছাড়া ধূর্জটিপ্রসাদের পুস্তক সমালোচনার xerox copy গুলি ও আমার সংশোধিত ভূমিকাও যাচ্ছে।”

প্রসঙ্গত বলে রাখি, ১৯৮৭-র বইমেলায় প্রকাশিত ‘ধূর্জটিপ্রসাদ রচনাবলী’র ৩য় খণ্ডের দ্বিতীয় সম্ভারের ভূমিকা লিখেছিলেন অশোক মিত্র। এই অংশে ছিল ধূর্জটিপ্রসাদের ‘মনে এলো’, ‘ঝিলিমিলি’ এবং অনেকগুলি পুস্তক সমালোচনা (মূলত ‘পরিচয়’ পত্রিকায় প্রকাশিত)। 

এই চিঠির আগে, অশোক মিত্রের কাছে ১৯৮৫-র ৩১ অগাস্ট আমার পাঠানো চিঠিতে লিখেছিলাম⎯

“ডক্টর অশোক মিত্র সমীপে,

শ্রদ্ধাভাজনেষু,

সুজিতবাবুর কাছে খবর পেয়েছি, আপনি ৩০শে অগাস্ট ৮৫ কোলকাতায় ফিরছেন। ইতিমধ্যে আমি সুজিতবাবুর সংগে [য.] যোগাযোগ করেছি। ধূর্জটিপ্রসাদ রচনাবলীর জন্য সস্তা দামে কাগজের কথাও তাঁকে জানিয়েছি।

‘উত্তরসূরি’তে প্রকাশিত ‘স্থবিরতা, কবে তুমি আসিবে বলো তো’ প্রবন্ধটি এখনও সংগ্রহ করতে পারিনি। প্রয়াত কবির স্ত্রীকে একটি কপির জন্য চিঠি দিয়েছি। 

এখনো কোন উত্তর পাইনি। এছাড়া ‘অপরাজিতা’, ‘পরিপ্রশ্ন’র সমালোচনা নিবন্ধ ও আতোয়ার রহমানের ওপর লেখাটি সংগ্রহ করেছি। আতোয়ার রহমানের ওপর লেখাটি সুজিতবাবুর কাছে দিয়ে এসেছি।

আপনার নতুন প্রবন্ধ বই-এর জন্য চুক্তিপত্র তৈরি করে পাঠাবো। বইয়ের নাম কি ঠিক হয়েছে? ধূর্জটিপ্রসাদ রচনাবলীর ‘মনে এলো’ এবং ‘ঝিলিমিলি’র ছাপার কাজ প্রায় শেষ হয়েছে। তিন ফর্মা ছাপা বাকি। আপনার ভূমিকাটি লেখা হয়েছে?

‘সমন্বয়’-এ ‘সংকটের স্বরূপ’ প্রবন্ধটির সমালোচনাটি এই চিঠির সংগে [য.] পাঠালাম।

আশা করি, আপনি এখন শারীরিক কুশলে আছেন। আপনার সময়মত একদিন দেখা করতে চাই। কবে সময় হবে জানালে বাধিত হব।…”

zoom
অশোক মিত্রের কাছে ১৯৮৫-র ৩১ অগাস্ট পাঠানো চিঠি

এই চিঠিটা পড়লে স্পষ্ট হয় অশোকবাবু ধূর্জটিপ্রসাদের রচনাবলি প্রকাশের সঙ্গে কতটা নিবিড়ভাবে জড়িয়ে ছিলেন। তবে অশোকবাবুর সবচেয়ে পুরনো যে-চিঠিটি পাচ্ছি, সেটি ১৯৮৪ সালের ৩১ অক্টোবর লেখা। ১৯৮৫-র বইমেলার আগেই ‘ধূর্জটিপ্রসাদ রচনাবলী’র ১ম খণ্ড উদ্বোধনের অনুষ্ঠানে আমি তাঁকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছিলাম। প্রত্যুত্তরে তিনি জানান⎯ 

“সবিনয় নিবেদন,

আপনাদের ২৪ অক্টোবর তারিখের চিঠির জন্য ধন্যবাদ জানাই।

৫ ডিসেম্বর আপনাদের অনুষ্ঠানের জন্য আমি সময় আলাদা ক’রে রাখবো; কিন্তু শোভন হয় যদি প্রথম কপি শ্রীযুক্তা ছায়া দেবীর হাতে তুলে দেওয়া হয়। আপনি যদি আগামী রবিবার আসেন, তাহলে এ-ব্যাপারে কথা হ’তে পারে।

নমস্কারান্তে

অশোক মিত্র”

zoom
অশোক মিত্রের লেখা চিঠি

৫ ডিসেম্বর ধূর্জটিপ্রসাদের প্রয়াণ দিবস। সম্ভবত সেকথা মাথায় রেখেই ওইদিন বইটির কোনও উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ভাবা হয়েছিল। তবে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত ওই দিনে হয়েছিল কি না, আমার এখন আর মনে পড়ছে না। বইতে দেখছি লেখা আছে প্রথম প্রকাশ: ‘বইমেলা, ফেব্রুয়ারি ১৯৮৫’। 

zoom
‘প্রতিদিনের কথা’ বইয়ের প্রচ্ছদ

দে’জ থেকে অশোক মিত্রের পরের বই ‘প্রতিদিনের কথা’। ১৯৮৯-র বাংলা নববর্ষে প্রকাশিত এই বইটির লেখকের নিবেদনে তিনি লিখেছেন⎯ “বিগত বছর দেড়েক ধ’রে ‘গণশক্তি’ পত্রিকায় প্রকাশিত বিভিন্ন রচনা থেকে বাছাই ক’রে ‘প্রতিদিনের কথা’ সংকলিত হলো। রাজনীতির আষ্টেপৃষ্ঠে মোড়া আমাদের দৈনন্দিন জীবনযাপন, এই লেখাগুলির মধ্যে বার-বার ঘুরে-ফিরে সেই রাজনীতির প্রসঙ্গ তাই এসেছে। বাচন-ভঙ্গির তীক্ষ্ণতা হয়তো কারো-কারো অস্বাচ্ছ্যন্দের উদ্রেক করবে, কিন্তু, আমার বিবেচনায়, দেশের যে-হাল, ঘুরিয়ে-পেঁচিয়ে বক্তব্যপ্রকাশের ঋতু শেষ হয়ে এসেছে, যা বলার, তা স্পষ্ট ক’রে বলাই ভালো; কোনো-কোনো মুহূর্তে রূঢ়তারও তো সামাজিক উপযোগিতা আছে।…”

এই বইটির উৎসর্গটিও অন্যরকমের। সেখানে লেখা হয়েছে⎯ “গ্রামে-গঞ্জে শহরে-শহরতলিতে যে-বন্ধুরা সপ্তাহের পর সপ্তাহ ধ’রে এই লেখাগুলি পড়েছেন, নিজেদের মধ্যে আলোচনা করেছেন, কখনো হয়তো বা চিঠি দিয়ে অতিরিক্ত প্রশ্ন রেখেছেন আমার কাছে, পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁদের জন্য।” প্রসঙ্গত জানাই, ‘প্রতিদিনের কথা’ বইটির প্রচ্ছদ এঁকেছিলেন আমার অত্যন্ত প্রিয় লেখক অমলেন্দু চক্রবর্তী। ‘প্রতিদিনের কথা’ বইতেই আছে অশোক মিত্রের বিখ্যাত প্রবন্ধ ‘কমরেড বাচ্চা মুন্সীর ভূগোলের বই’।

এই সময়েই অশোকবাবুর সঙ্গে সমর সেনের লেখাপত্র নিয়ে বই করার ব্যাপারে আমার মাঝে-মাঝে কথা হত। ১৯৮৮ সালে ‘অনুষ্টুপ’ পত্রিকা পুলক চন্দের সম্পাদনায় সমর সেন বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল। আমি চাইছিলাম যদি সমর সেনের কবিতার কোনও সংগ্রহ দে’জ থেকে প্রকাশ করা যায়। সমর সেনের সঙ্গে অশোক মিত্রের যোগাযোগের কথা সুবিদিত। একসময় ‘ফ্রন্টিয়ার’ পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। তবে ‘ফ্রন্টিয়ার’ পত্রিকার সঙ্গে তাঁর সম্পর্ক-ছেদের ব্যাপারে ‘আপিলা চাপিলা’য় তিনি লিখছেন⎯

zoom
অশোক মিত্র

“…কয়েক মাস গত হলে ‘ফ্রন্টিয়ার’-এ আমার লেখা বন্ধ হয়ে গেল। সমরবাবুর উগ্রতর সুহৃদরা নালিশ জানাতে শুরু করলেন, অশোক মিত্রের লেখাগুলি বড়ো বেশি মার্কসবাদী কমিউনিস্ট পার্টি-ঘেঁষা, পত্রিকার পবিত্রতা নষ্ট করছে। মত-কষাকষি চরমে উঠলো উনসত্তর সালে বিধানসভা নির্বাচনের পর থেকে। দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়েছে, অজয় মুখোপাধ্যায় পুনর্বার মুখ্যমন্ত্রী, বিধানসভায় সি পি আই (এম) সর্ববৃহৎ দল হওয়া সত্ত্বেও জ্যোতিবাবু ফের উপমুখ্যমন্ত্রী, অবশ্য এবার তিনি অর্থ দপ্তর নয়, স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে। প্রায় গোড়া থেকেই বাংলা কংগ্রেসের সঙ্গে জ্যোতিবাবুদের বিসংবাদ শুরু, অনেক নাটক-যাত্রা হলো, ইন্দিরা গান্ধি ইতিমধ্যে প্রচুর অঙ্ক কষেছেন, সত্তর সালের শুরুতে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার ফের ভাঙলো। বাংলা কংগ্রেসের সুপারিশে তৎকালীন রাজ্যপাল আর-এক দফা পশ্চিমবঙ্গের মন্ত্রিসভাকে বরখাস্ত করলেন। আট-দশ মাস বাদে, লোকসভা নির্বাচনের পাশাপাশি, রাজ্য বিধানসভার পুনরায় নির্বাচন, চার বছরের মধ্যে তৃতীয় বার। সি পি আই (এম)-এর সঙ্গে কয়েকটি বামপন্থী দল রইলো, অন্যদিকে সি পি আই ও ফরোয়ার্ড ব্লক বাংলা কংগ্রেসের সঙ্গে। বরানগর কেন্দ্রে কংগ্রেস, বাংলা কংগ্রেস, সি পি আই, ফরোয়ার্ড ব্লক এবং নকশালপন্থীদের সর্বসম্মত একক প্রার্থী অজয় মুখোপাধ্যায় জ্যোতি বসুর বিরুদ্ধে। ‘ফ্রন্টিয়ার’-এ সম্পাদকীয় বেরোলো অজয় মুখোপাধ্যায়কে সমর্থন জানিয়ে; আমি তা পড়ে বিমূঢ়। জ্যোতি বসু অবশ্য অনেক ভোটে এবারও জিতেছিলেন। একটি ঘটনা ঘটলো, এখন হাসির উদ্রেক করে। আমার বহুদিনের বন্ধু হিতেন ও অ্যাঞ্জেলা ভায়া তখন কলকাতায়, হিতেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অধ্যক্ষ পদে সমাসীন, আলিপুরের নিউ রোডে ওদের বাড়িতে আমাদের, সমরবাবুদের এবং আরও কয়েকজনকে খেতে বলা হয়েছিল এক সন্ধ্যায়, বরানগরের নির্বাচনী ফল যেদিন বেরোবার কথা। সমরবাবুর অনুরোধে রেডিও খোলা হলো, আমরা সংবাদ শুনলাম, অজয়বাবু ভীষণভাবে হেরে গেছেন। সমরবাবুর মেজাজ সহসা খিঁচড়ে গেল। বরাবরই দেখেছি, সামান্য জলপথে বিহার করলে ওঁর মুখ থেকে নিখাদ খাঁটি কথা বেরোয়। জ্যোতিবাবুর জয় ও অজয় মুখোপাধ্যায়ের পরাজয় নিয়ে ওই সন্ধ্যায় আমাদের দু’জনের মধ্যে প্রথমে ব্যঙ্গ-বিদ্রূপ, পরে রীতিমতো কড়া বাক্যাবলীর বিনিময়। সমরবাবু থেমে-থেমে, গভীর তিক্ততার সঙ্গে জানালেন, আমি পর-পর তাঁর দুটো পত্রিকারই⎯ ‘নাউ’ এবং ‘ফ্রন্টিয়ার’-এর⎯ সর্বনাশ করেছি, সি পি আই (এম)-এর প্রতি আমার ধারাবাহিক পক্ষপাতিত্ব প্রদর্শন দ্বারা, তাঁর, ও পত্রিকাদ্বয়ের, বদনাম হয়েছে। এর পর সমরবাবুর কাগজে আমার পক্ষে লেখা চালিয়ে যাওয়া সত্যিই অসমীচীন হতো। সুধীন্দ্রনাথ দত্তের ইংরেজি প্রবন্ধসংকলনের একটি আলোচনা সমরবাবুর কাছে ইতিমধ্যে গচ্ছিত ছিল, আর ফেরত চাইনি, ওটা ছাপা হয়ে গেল। তবে আর কোনওদিন ‘ফ্রন্টিয়ার’-এ লিখিনি, যদিও সমরবাবুর সঙ্গে ব্যক্তিগত সৌহার্দ্যসম্পর্কে আদৌ চিড় ধরেনি, আমাদের মেলামেশা অব্যাহত থেকেছে, সমরবাবু যতদিন বেঁচে ছিলেন, শেষ পর্যন্ত।” 

zoom
সমর সেন

সমর সেনের কাব্যসংগ্রহ প্রকাশের ইচ্ছে জানিয়ে আমি তাঁকে একটি চিঠিও লিখেছিলাম। কেননা অন্য কোনও প্রকাশনের সঙ্গে এ-ব্যাপারে কোনও চুক্তি ততদিনে হয়েছিল কি না⎯ তা আমার অজানা ছিল। এর উত্তরে অন্য একটা চিঠিতে তিনি আমাকে জানিয়েছিলেন⎯ ‘শ্রীযুক্তা সুলেখা সেনের দিক থেকে চুক্তি সই করতে অসুবিধা হবে না। তবে আইনজ্ঞেরা কী পরামর্শ দিয়েছেন তা একবার ওঁকে দেখিয়ে নেওয়া ভালো।’ কিন্তু দে’জ থেকে সমর সেনের কাব্যসংগ্রহ প্রকাশ করা সম্ভব হয়নি। অনেক পরে পুলকদার সম্পাদনায় ‘পাণ্ডুলিপির কবিতা’ প্রকাশিত হয়েছে। আবার, পুলকদার সম্পাদনায় সমর সেনের ডায়েরি প্রকাশের সময় অশোকবাবু রাজি হচ্ছিলেন না। সম্ভবত ইংরেজি ডায়েরির কিছু অংশ দেখে, তিনি সমর সেনের উত্তরসূরিদের বলেছিলেন, তা প্রকাশ না-করতে। যদিও সেটি আমরা যথাসময়েই প্রকাশ করেছি।

zoom
অশোক মিত্রের তিনটি প্রবন্ধের বই

১৯৯২ থেকে ১৯৯৪⎯ এই তিন বছরে আমরা তাঁর তিনটি প্রবন্ধের বই প্রকাশ করেছি⎯ ‘পটভূমি’, ‘অকথা-কুকথা’ এবং ‘তাল-বেতাল’। ১৯৯৬ সালে অশোক মিত্রের ‘তাল-বেতাল’ সাহিত্য অকাদেমি পুরস্কার পায়। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে উৎসর্গ করা এই বইয়ের ভূমিকায় তিনি লিখেছিলেন⎯ 

“১৪০০ সালের বর্ষারম্ভ থেকে শুরু ক’রে প্রতি সপ্তাহে বেশ কয়েক মাস ধ’রে ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকায় এই লেখাগুলি প্রকাশিত হয়েছিল। লেখক আষ্টেপৃষ্ঠে রাজনীতিসর্বস্ব মানুষ, দেশের-কালের সমসাময়িক নানা ঘটনাবলী জড়িয়ে লেখাগুলি। যে-যে ঘটনা উপলক্ষ্য ক’রে এ-সব রচনা, তাদের স্মৃতি ইতিমধ্যেই হয়তো অনেকেরই স্মৃতিতে ফিকে হয়ে এসেছে। তবে যেহেতু আমার বিশ্বাস ঘটনা পাল্টায়, ঘটনার পটভূমি পাল্টায় না, সমস্যার আকরগুলি আমাদের দ্বন্দ্ব-অধ্যুষিত সমাজব্যবস্থায় অপরিবর্তিত থেকে যেতে চায়। লেখাগুলি বইয়ের আকারে জড়ো করার তাই একটা তাগিদ অনুভব করছিলাম: কে জানে ভবিষ্যতে কেউ যদি দেশের-সমাজের একটি বিশেষ অস্থির-অশান্ত সময়ের ইতিহাস লিপিবদ্ধ করতে প্রয়াসী হন, ‘তাল-বেতাল’ যৎসামান্যভাবে হ’লেও দলিলের কাজ করবে। সমসাময়িক ঘটনাবলীর উপর মন্তব্য বলেই বিভিন্ন প্রবন্ধে, আমার সন্দেহ, কিছু-কিছু পুনঃপৌনিকতাদোষ অনুপ্রবেশ করেছে; পাঠককুলের কাছে আমি ক্ষমাপ্রার্থী।…”

zoom
‘প্রবন্ধ সংকলন’ বইয়ের প্রচ্ছদ

১৯৯৭-এর জানুয়ারিতে বইমেলার আগে আমি প্রকাশ করেছি অশোক মিত্রের ‘প্রবন্ধ সংকলন’। ৪০ বছর ধরে লেখা দুটি পর্যায়ে বিন্যস্ত এই বইয়ে মোট ৪২টি প্রবন্ধ আছে। লেখকের ইচ্ছানুসারে প্রবন্ধগুলি কালানুক্রমে না-সাজিয়ে বিষয়ের ধারাবাহিকতা মেনে সাজানো হয়েছিল। ২০০১ এবং ২০০২ সালে দে’জ থেকে বেরয় তাঁর আরও দুটি প্রবন্ধের বই⎯ ‘প্রশ্ন উত্তর উত্তরহীনতা’ এবং ‘অনাবাসী পাখিরা ও অন্যান্য’। ২০০৪-এ আমি প্রকাশ করি– ‘কুড়িয়ে-বাড়িয়ে’। দে’জ থেকে অশোকবাবুর শেষ প্রবন্ধের বই ‘আত্মসমালোচনা’ প্রকাশিত হয়েছিল ২০০৭-এর বইমেলায়।

zoom
অশোক মিত্রের লেখা চিঠি

নিজের লেখা প্রবন্ধের বইগুলি ছাড়া আমাদের প্রকাশনা সংস্থার একটি অত্যন্ত জরুরি বই অশোক মিত্র সম্পাদনা করেছিলেন⎯ তিন খণ্ডে ‘চতুরঙ্গ থেকে’। তাঁকে এই সম্পাদনার কাজে যোগ্য সংগত করেছিলেন সুবিমল লাহিড়ী, এই বইয়ের মলাটও সুবিমলদার করা। ‘চতুরঙ্গ’ পত্রিকার সঙ্গে অশোকবাবুর সম্পর্ক বহুকালের। তাই এই কাজের দায়িত্ব নিতে তিনি অস্বীকার করেননি। তিনি প্রতি খণ্ডে কোন কোন লেখা যাবে, তার তালিকা তৈরি করে দিয়ে একটি করে ভূমিকা লিখতেন, বাকি কাজ সুবিমলদার অভিভাবকত্বে অরিজিৎ কুমারের প্রেসে হত। 

zoom
‘চতুরঙ্গ থেকে’ বইয়ের প্রচ্ছদ

‘চতুরঙ্গ থেকে’ প্রথম খণ্ডের ‘সম্পাদকীয় নিবেদন’-এ তিনি লিখেছিলেন⎯ “১৩৪৫ সালের বৈশাখ মাসে প্রকাশিত ‘চতুরঙ্গ’ পত্রিকার উন্মেষ সংখ্যায় দুই সম্পাদকের নাম উল্লিখিত। হুমায়ুন কবির ও বুদ্ধদেব বসু। অথচ আমার মতো মাত্র একজন-দুজনই এখন এটা মনে করতে পারবেন প্রায় গোড়া থেকেই ‘চতুরঙ্গে’র প্রধান আয়োজক তথা তত্ত্বাবধায়ক আতাউর রহমান। যে-ঠিকানা থেকে ‘চতুরঙ্গ’ প্রকাশিত হ’তে লাগল, পি-১৩ গণেশচন্দ্র অ্যাভিনিউ, কয়েক বছর বাদে তা ৫৪ গণেশচন্দ্র অ্যাভিনিউতে রূপান্তরিত, দপ্তরের সেই ঠিকানা এখনো অব্যাহত। ঠিকানাটি আসলে একটি ঘরোয়া ফ্ল্যাটের, আতাউর রহমানের নিজস্ব ডেরা। পাতা ঝরে যায়, বছর ঝরে যায়, মানুষগুলি ঝরে যায়, হাতে-গোনা যায় এমন মাত্র কয়েকজনই এখন আছেন যাঁরা হুমায়ুন কবিরের অতি প্রসাদভাজন, অতি-সুদর্শন, তারুণ্যউচ্ছল, সু-সদালাপী, তিরিশের দশকের-উপান্তসময়ে কলেজ-পড়ুয়া আতাউর রহমানের স্মৃতি ধরে রাখতে পেরেছেন। তখন পর্যন্ত রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে হুমায়ুন কবিরের সঙ্গে আতাউর রহমানের দুস্তর ব্যবধান, যেমন ব্যবধান বুদ্ধদেব বসুর শৈল্পিক-সাহিত্যিক আদর্শের সঙ্গে। তবে উৎকর্ষের সঙ্গে পরিশীলতার সাযুজ্য স্থাপনের অঙ্গীকার তাঁদের মনে হয় নৈকট্যে নিয়ে এসেছিল। প্রথম বছর অতিক্রান্ত হ’লে বুদ্ধদেব বসু যুগ্ম সম্পাদকের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন। তারপর হুমায়ুন কবির আমৃত্যু ‘চতুরঙ্গে’র সম্পাদক থেকেছেন, তাঁর মৃত্যুর পর কিছুদিন দিলীপকুমার গুপ্তের নাম সম্পাদক হিশেবে ছাপা হয়েছে, তবে আমার মতো মান্ধাতা আমলের কয়েকজন সাক্ষ্য দেবেন, বছরগুলি যতই গড়ালো, হুমায়ুন কবির রাজনীতি নিয়ে ব্যস্ত, ব্যস্ততর, ব্যস্ততম, সাহিত্যচর্চা তথা সম্পাদনার জন্য সরিয়ে-রাখা সময় তাঁর ক্রমশ সংকুচিত। স্বাধীনতার অব্যবহিত পরে তিনি কলকাতা থেকেই নিজেকে সরিয়ে নিলেন। অন্তত প্রথম কয়েক বছর তিনি ‘চতুরঙ্গে’র খানিকটা পরিচর্যা করতেন, বিভিন্ন লেখকের সঙ্গে সংযোগ রক্ষা করতেন, তাঁর সুহৃদ তথা পরিচিতের পরিধি বিশাল, সেই ব্যাপ্তির মধ্য থেকে পত্রিকার জন্য নতুন-নতুন লেখক ঠিকরে বেরিয়ে আসতেন। কিন্তু খুবই সংক্ষিপ্ত অধ্যায় সেটা। তার পর একটু-একটু করে ‘চতুরঙ্গ’ ক্রমশ আতাউর রহমানের সাহিত্যানুরাগ তথা প্রকাশনারুচির প্রমান উপস্থাপন করল।

zoom

পাঠকবৃন্দের গোচরে না পড়ে উপায় নেই, বাংলা সাহিত্য তখনো সেভাবে শিবির-বিভক্ত হয়নি, হয়তো রাজনীতি চর্চাই তখন পর্যন্ত চেতনার অস্পষ্টতার মধ্যে অবস্থিত বলেই। সে যা-ই হোক, অন্তত ‘চতুরঙ্গ’ পত্রিকার লক্ষ্য ছিল বিভিন্ন শিবিরের সবাইকে একবার করে তিন মাসের ব্যবধানে জড়ো করা। খোদ প্রথম বর্ষের প্রথম সংখ্যা শুরু সুশোভন সরকারের প্রবন্ধ ‘সাম্যবাদের উৎপত্তি ও পরিণতি’ দিয়ে; ওই একই সংখ্যায়, কয়েক পৃষ্ঠা অতিক্রম করে এলে, পরমনাস্তিক সুধীন্দ্রনাথ দত্তের বিখ্যাত প্রবন্ধ ‘প্রগতি ও পরিবর্তন’। প্রথম বছর, এবং পরবর্তী বছরগুলিতেও, যাঁদের কবিতা প্রকাশিত, সেই তালিকায় অবশ্যই রবীন্দ্রনাথ স্বয়ং, তা ছাড়া নজরুল ইসলাম, তাঁকে পেরিয়ে, সেই মুহূর্তে যাঁরা ‘কবিতা’ পত্রিকায় এবং অন্যত্র কাব্যের গোত্রান্তর ঘটাচ্ছেন, তাঁরা সবাই: বিষ্ণু দে, জীবনানন্দ দাশ, অজিত দত্ত, জ্যোতিরিন্দ্র মৈত্র, সমর সেন, কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র মুখোপাধ্যায় (তখনও তিনি চন্দ্রহীন হননি)। গল্পলেখকদের মধ্যে আছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তথা মাণিক (তখনো ‘মানিক’ নন, ‘মাণিক’) বন্দ্যোপাধ্যায় তথা প্রেমেন্দ্র মিত্র তথা অচিন্ত্যকুমার সেনগুপ্ত তথা সুবোধ ঘোষের সে যুগের প্রতিটি বিখ্যাত জনের রচনা, সেইসঙ্গে যাঁরা কয়েক বছর বাদে বিখ্যাত হবেন, তাঁদের। যেহেতু প্রথম নয় বছরে অনুপ্রবেশ ঘটেনি, উপন্যাসের প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু, কী করে এটা উল্লেখ না করে পারি, সুবোধ ঘোষের ‘শতভিষা’ কিংবা অমিয়ভূষণ মজুমদারের ‘নয়নতারা’ সংখ্যার পর সংখ্যা জুড়ে প্রথম ‘চতুরঙ্গে’ই প্রকাশিত। কী করে বা এটাই অনুল্লিখিত থাকবে, কমলকুমার মজুমদারের একাধিক বুকে-চমক-দেওয়া গল্পের এই ত্রৈমাসিকে প্রথম আত্মপ্রকাশ।…”

‘চতুরঙ্গ থেকে’র প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৯৯৬-এর বইমেলায়, দ্বিতীয় খণ্ড ১৯৯৯-এর বইমেলায়। কিন্তু তৃতীয় খণ্ডটি প্রকাশিত হয়েছে অশোকবাবুর প্রয়াণের পর, ২০২১-এর বইমেলায়। দ্বিতীয় আর তৃতীয় খণ্ডের মধ্যে এই দীর্ঘ বিরতির একটা কারণ আছে। তৃতীয় খণ্ডের কাজ কিন্তু অনেকদিন আগেই হয়ে গিয়েছিল। বই ছাপাও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অশোকবাবুর মনে হয়, বইয়ে কয়েকটা লেখা আছে, যা তাঁর দেওয়া তালিকায় ছিল না। ঘটনাটা কীভাবে ঘটল, তা কোনওভাবেই বোঝা সম্ভব হয়নি। সুবিমলদাও জানালেন, অশোকবাবুর তালিকা অনুযায়ীই বই তৈরি হয়েছে। কিন্তু অশোকবাবু কিছুতেই রাজি হলেন না, সেই বই প্রকাশ করতে দিতে। ২০১৮-র ১ মে অশোকবাবুর প্রয়াণের পর, শঙ্খদা এবং নীহার চক্রবর্তীর সঙ্গে আলোচনা করে অপু তৃতীয় খণ্ডটি প্রকাশ করেছে।

zoom
লেখক এবং প্রকাশকের চিঠি

অশোক মিত্র নামটা শুনলেই যে রাশভারী মানুষটার কথা মনে আসে, সব সময় তিনি কিন্তু তেমন আচরণ করতেন না। আমার মনে আছে, অনেক দিন আগে⎯ আটের দশকে, তিনি একবার আমাদের দোকানে এসেছিলেন। দোকানে ঢুকে তিনি আমাকে বলেছিলেন⎯ ‘আচ্ছা, আপনি কোথায় চুল কাটান বলুন তো?’ প্রশ্ন শুনে আমি তো হতবাক! আমি চিরকাল আমাদের বাড়ির পাশেই, আমহার্স্ট স্ট্রিট ক্রসিং-এর কাছে ‘স্টার সেলুন’-এ চুল কাটাতে যাই। এখনও সে-অভ্যেস বজায় আছে। সেদিন অশোকবাবুকে স্টার সেলুনের কথা বলতে তিনি বললেন⎯ ‘চলুন তো, চুলটা কাটিয়ে আসি।’

আমি তাঁকে সঙ্গে করে সেখানে নিয়ে গেলাম। তিনিও অম্লানবদনে সেই সাধারণ সেলুনে চুল কেটে ফের আমাদের বাড়ি এসে নিজের বইয়ের কিছু কাজকর্ম সেরে ফিরে গেলেন। পরে একদিন স্টার সেলুনে গিয়ে সেলুনের তখনকার মালিককে জিগ্যেস করেছিলাম⎯ সেদিন কাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম জানেন? ভদ্রলোক আদৌ বুঝতে পারেননি, কার চুল কেটেছেন! তখন আমি জানালাম উনি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী ড. অশোক মিত্র।

…… ইতি কলেজ স্ট্রিট-এর অন্যান্য পর্ব ……

পর্ব ৮৮। সিনেমার বই, বইয়ের সিনেমা

পর্ব ৮৭। গুলজার ও বাংলার সিনে-সাহিত্য

পর্ব ৮৬। শচীন ভৌমিকের চিত্রনাট্য মানেই ফিল্ম হিট!

পর্ব ৮৫। উত্তম নিশ্চিন্তে চললেন অধমের সাথে

পর্ব ৮৪। বই সম্পাদনা: নেপথ্যের সংলাপ

পর্ব ৮৩। বই-চিত্রের বৈচিত্র

পর্ব ৮২। পূর্ণ ইন্দু পরকাশে

পর্ব ৮১। পাঠকদের উন্মাদ দাবি: চাই কথোপকথনের নতুন খণ্ড!

পর্ব ৮০। কলকাতা: পূর্ণেন্দু সংস্করণ

পর্ব ৭৯। নানা রঙের নবনীতা

পর্ব ৭৮। প্রথম বইয়ের প্রচ্ছদ নিজেই এঁকেছিলেন নবনীতা দেবসেন

পর্ব ৭৭। অপরাজিতা দেবীকে ছদ্মনামে পুরুষ কবি ভেবেছিলেন পাঠক

পর্ব ৭৬। বিদেশেও সমাদৃত হয়েছিল স্বর্ণকুমারী দেবীর উপন্যাস

পর্ব ৭৫। নারীকলম: দিনগুলি রাতগুলি

পর্ব ৭৪। বই-মানবী

পর্ব ৭৩। প্রেসের কাজে গাফিলতি দেখলে কড়া চিঠি লিখতেন সুবীরদা

পর্ব ৭২। করোগেটেড কাগজের অভাবে আটকে ছিল সুধীন্দ্রনাথ দত্তের কাব্যসংগ্রহ

পর্ব ৭১। অমিয় চক্রবর্তীর ‘কবিতাসংগ্রহ’ ছিল নরেশ গুহ-র গুরুদক্ষিণা

পর্ব ৭০। এক মুখে কবিতা, অন্য মুখে মিছিলের স্লোগান

পর্ব ৬৯। সুভাষিত অনুবাদ

পর্ব ৬৮। শঙ্খদাই চেয়েছিলেন, সুভাষদার কবিতাসংগ্রহ সুবীর রায়চৌধুরী সম্পাদনা করুন

পর্ব ৬৭। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা দিয়েই শুরু হয়েছিল দে’জের ‘শ্রেষ্ঠ কবিতা’ সিরিজ

পর্ব ৬৬। প্রেমেনদার উৎসর্গ করা বই বেচে দিয়েছিলেন বন্ধু ‘শিব্রাম’!

পর্ব ৬৫। প্যাঁচানো লোহার সিঁড়ি দিয়ে উঠলেই প্রেমেন্দ্র মিত্রর অবারিত দ্বার!

পর্ব ৬৪। মুজিব হত্যার পর অন্নদাশঙ্করের শোকলিপি ছাপা হয়নি সরকারি নিষেধাজ্ঞায়

পর্ব ৬৩। ভাবনার ভাস্কর্যের দিনগুলি রাতগুলি

পর্ব ৬২। কাদের লিটল ম্যাগাজিন বলা যাবে না, তার তালিকা তৈরি করেছিলেন শিবনারায়ণ রায়

পর্ব ৬১। গৌরদা বিশ্বাস করতেন, কলমের স্বাধীনতা হরণ মাতৃবিয়োগের চেয়ে কম কিছু নয়

পর্ব ৬০। সমরেশ বসু যখন ‘বিশ্বাসঘাতক’!

পর্ব ৫৯। সারাজীবন নিজেকে জানার জন্যেই লিখে গিয়েছেন সমরেশ বসু

পর্ব ৫৮। নবারুণ চেয়েছিলেন শ্রেষ্ঠ কবিতার সিরিজে তিনিও থাকুন, কিন্তু হল না

পর্ব ৫৭। সত্যজিৎ-মৃণাল-ঋত্বিক ত্রয়ীর মধ্যে ঋত্বিকের লেখাই আমরা প্রথম ছেপেছিলাম

পর্ব ৫৬। অজয় গুপ্তর নিরন্তর শ্রম আর খুঁতখুঁতে সম্পাদনা ছাড়া মহাশ্বেতা দেবীর রচনাসমগ্র হত না

পর্ব ৫৫। দলকল্যাণের জন্য রাজনীতি সমাজকে নরকে পরিণত করবে, বিশ্বাস করতেন মহাশ্বেতা দেবী

পর্ব ৫৪। যা লিখেছেন, না লিখে পারেননি বলেই লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

পর্ব ৫৩। ‘অলীক মানুষ’ তাঁকে দিয়ে কেউ লিখিয়ে নিয়েছে, মনে করতেন সিরাজদা

পর্ব ৫২। নিজের লেখা শহরের গল্পকে লেখা বলে মনে করতেন না সিরাজদা

পর্ব ৫১। কর্নেল পড়ে সিরাজদাকে চিঠি লিখেছিলেন অভিভূত সত্যজিৎ রায়

পর্ব ৫০। সাম্প্রদায়িক হাঙ্গামা থেকে বাঁচতে দিব্যেন্দুদার জীবনের দ্বিতীয় গল্পই বদলাতে হয়েছিল

পর্ব ৪৯। রবিশংকর বলের মতো উর্দু সাহিত্যের এত নিবিষ্ট পাঠক খুব কমই দেখেছি

পর্ব ৪৮। দেবেশ রায়ের যেমন ‘বৃত্তান্ত’, আফসার আমেদের তেমন ‘কিস্‌সা’

পর্ব ৪৭। বই বাঁধানো সম্পূর্ণ হয়নি, তাই ‘মহাভুল’ শুধরে নিয়েছিলেন দেবেশ রায়

পর্ব ৪৬। গান্ধীনগরে রাত্রির কবিই প্রথম বিদ্রুপাত্মক তেতো হাসি এনেছিলেন বাংলা কবিতায়

পর্ব ৪৫। নাটকের মহলা পছন্দ হলে তবেই তিস্তাপারের বৃত্তান্তর অনুমতি দেবেন, বলেছিলেন দেবেশ রায় 

পর্ব ৪৪। নিজের বইপত্র বিক্রির বিবরণ দেখে হতাশ হয়েছিলেন দেবেশ রায়

পর্ব ৪৩। থ্রিলার, রহস্য-রোমাঞ্চ কিংবা ক্রাইম স্টোরি অনেক দিন ধরেই বইপাড়ায় ‘সুপারহিট’

পর্ব ৪২। অলংকরণ বা প্রচ্ছদশিল্পীদের জন্য পুরস্কারের ব্যবস্থা নেই, সখেদে চিঠি লিখেছিলেন নারায়ণ সান্যাল

পর্ব ৪১। রাস্কেল, পাষণ্ড পণ্ডিত, প্রবঞ্চক, বিশ্বাসঘাতক– নারায়ণ সান্যালের বইয়ের নাম নিয়ে প্রবল আপত্তি ছিল আমার!

পর্ব ৪০। সিগারেট ঠোঁটে রথীন্দ্রনাথের ছবি প্রচ্ছদে যাওয়া নিয়ে উঠেছিল প্রবল আপত্তি!

পর্ব ৩৯। শান্তিনিকেতন থেকে কলেজ স্ট্রিট, প্রুফ আদান-প্রদানে সহায়ক ছিলেন বই ব্যবসায়ীরাই

পর্ব ৩৮। পাণ্ডুলিপি জমা দিয়ে সোমেনদা বলেছিলেন, রামকিঙ্করকে নিয়ে এ জাতীয় বই আগে লেখা হয়নি

পর্ব ৩৭। ‘কীর্তির্যস্য’র নাম বদলাতে চেয়েছিলেন ভবতোষ দত্ত

পর্ব ৩৬। কবি-দার্শনিকের বাইরে আরেক রবীন্দ্রনাথকে খুঁড়ে বের করেছিলেন অমিতাভ চৌধুরী

পর্ব ৩৫। ‘শাহজাদা দারাশুকো’ আরও বিস্তারিত লেখার ইচ্ছে ছিল শ্যামল গঙ্গোপাধ্যায়ের

পর্ব ৩৪। একজন লেখক হিসেবে আমি কি তোমার মনোযোগের যোগ্য নই, অভিমান ভরা চিঠি লিখেছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায়

পর্ব ৩৩। আমাকে ভাবায়, তারাপদ রায়

পর্ব ৩২। নববর্ষের শ্রেষ্ঠ আকর্ষণ: লেখকদের মন্তব্যের খাতা!

পর্ব ৩১। পরিব্রাজক সন্ন্যাসী তারাপ্রণব ব্রহ্মচারী ভাগ্যিস থিতু হয়েছিলেন সাহিত্যে!

পর্ব ৩০। সুনীল গঙ্গোপাধ্যায় কোনও বই আমাকে চাপিয়ে দেননি, লিখেছেন: বিবেচনা করে দেখো

পর্ব ২৯। কবিতাকে শক্তিদা বলতেন ‘জলজ দর্পণ’, তাঁর বেঁচে থাকার অবলম্বন

পর্ব ২৮। পিঁপড়ে কালিতে চুবিয়ে সাদা পাতায় ছাড়া হয়েছে, এমন পাণ্ডুলিপি ছিল বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের!

পর্ব ২৭। নিজস্ব ঈশ্বরভাবনা থাকলেও শঙ্কু মহারাজের লেখার মূল বিষয় ছিল মানুষের আলো-আঁধারি জীবন

পর্ব ২৬। বাংলাদেশে পশ্চিমবঙ্গের লেখকদের ঈর্ষণীয় জনপ্রিয়তা সত্ত্বেও একুশে বইমেলায় কখনও স্টল পাইনি

পর্ব ২৫। মুক্তিযুদ্ধের প্রতি মুহূর্তের রক্ত-ঘাম-হাসি-কান্নার এক জীবন্ত দলিলচিত্র ছেপেছিলাম

পর্ব ২৪। রাখাল ছেলে যেমন বাঁশি বাজায়, আমিও তেমন নিজের খুশিতে লিখি, বলেছিলেন যাযাবর

পর্ব ২৩। রয়্যালটি-মুক্ত বইয়ের ওপর প্রকাশকদের ঝোঁক চোখে পড়ছে বইমেলাতেও

পর্ব ২২: শেষমেশ রেগে গিয়ে আমাকে চিঠিই লিখে ফেলেছিলেন শঙ্খ ঘোষ!

পর্ব ২১: ৩০০০ কপি বিক্রির মতো জীবিত বা মৃত লেখক আর হয়তো নেই

পর্ব ২০: কম বয়সে আমাদের রোববারের আড্ডা ছিল ২৮ নম্বর প্রতাপাদিত্য রোড, আশুদার বাড়িতে

পর্ব ১৯: ‘লেখা বড় হচ্ছে’ অভিযোগ আসায় খুদে হাতের লেখায় পাণ্ডুলিপি দিতেন প্রবোধবন্ধু অধিকারী

পর্ব ১৮: দু’বছরের মধ্যে সংস্করণ না ফুরলে অন্য জায়গায় বই ছাপার চুক্তি ছিল শরদিন্দুর চিঠিতে

পর্ব ১৭: পূর্ণেন্দু পত্রীর বাদ পড়া প্রচ্ছদ ও দিনেশ দাসের কবিতার শ্রেষ্ঠ দিনগুলি

পর্ব ১৬: সব প্রকাশনার যাবতীয় বইয়ের হদিশ পাওয়া যেত ‘সম্মিলিত গ্রন্থপঞ্জী’তে

পর্ব ১৫: নিছকই একটা পত্রিকা নয়, ‘কলেজ স্ট্রীট’ আমাদের আবেগ

পর্ব ১৪: খুদে পাঠকদের জন্য মিনিবই তৈরির কথা প্রথম ভেবেছিলেন অভয়দা

পর্ব ১৩: কয়েকটি প্রেসের গল্প

পর্ব ১২: দীর্ঘায়ু বই ও আইয়ুব পরিবার

পর্ব ১১: প্রেমের নয়, অপ্রেমের গল্প সংকলনের সম্পাদনা করেছিলেন সুনীল জানা

পর্ব ১০: ছোট্ট অপুকে দেখেই রঙিন ছবিতে ভরা টানটান গল্পের বই করার ইচ্ছে জেগেছিল

পর্ব ৯: চানঘরে গান-এ সত্যজিৎ রায়ের চিঠি থাকায় ব্যাপারটা গড়িয়েছিল কোর্ট কেস পর্যন্ত

পর্ব ৮: প্রকাশক-লেখকের কেজো সম্পর্কে বুদ্ধদেব গুহর বিশ্বাস ছিল না

পর্ব ৭: পুজো সংখ্যায় না-বেরনো উপন্যাস বই আকারে সুপারহিট

পর্ব ৬: মানবদার বিপুল অনুবাদের কাজ দেখেই শিশির দাশ তাঁর নাম দিয়েছিলেন– ‘অনুবাদেন্দ্র’

পর্ব ৫: সাতবার প্রুফ দেখার পর বুদ্ধদেব বসু রাজি হয়েছিলেন বই ছাপানোয়!

পর্ব ৪: লেখকদের বেঁচে থাকার জন্য অনেক কিছুই লিখতে হয়, প্রফুল্ল রায়কে বলেছিলেন প্রেমেন্দ্র মিত্র

পর্ব ৩: পয়লা বৈশাখের খাতায় শ্যামল গঙ্গোপাধ্যায় মজাচ্ছলে লিখেছিলেন, ‘সুধাংশুরা রাজা হোক’

পর্ব ২: বাংলা মাসের সাত তারিখকে বলা হত ‘গ্রন্থতিথি’, বিজ্ঞাপনেও বিখ্যাত ছিল ‘৭-ই’

পর্ব ১: সত্তরের উথাল-পাথাল রাজনৈতিক আবহাওয়ায় আমি প্রকাশনার স্বপ্ন দেখছিলাম

Ajoy Gupta Articles Ashok Mitra Atulprasad Sen Buddhadeb Bose Frontier Jyotirmoy Datta samar sen Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Sunil Gangopadhyay

Share this article on