Saibal Mitra: The Literary World of a Prolific Writer | Robbar
Robbar
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩
  • শনিবার
  • ২৮ নভেম্বর ২০২৬

ধর্মযুদ্ধের গোরা

শৈবাল মিত্রের শেষ যে-বইটি আমরা প্রকাশ করেছি সেটি তাঁর জীবনের সবচেয়ে বড় ও একেবারে অন্য ধরনের উপন্যাস ‘গোরা’। এই উপন্যাসটি তিনি দীর্ঘদিন ধরে ‘মাতৃশক্তি’ পত্রিকায় ধারাবাহিকভাবে লিখেছিলেন। অবশ্য বই প্রকাশের আগেই, ২০১১-র ২৭ নভেম্বর শৈবালদা প্রয়াত হন। দে’জ থেকে ‘গোরা’ প্রকাশিত হয় ২০১২-র সেপ্টেম্বরে। বইটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে ২০১২-র ১৭ সেপ্টেম্বর নেহরু চিলড্রেন্স মিউজিয়মের প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৬, ২১:২৩   
Facebook WhatsApp Messenger

পর্ব: ৯০

অশোক মিত্রর কথা থেকেই আরেকজন লেখকের কথায় যাই⎯ যিনি প্রথম জীবনে বাংলার বাম ছাত্র রাজনীতির প্রবাদপ্রতিম নেতা হয়ে উঠেছিলেন, পরে লেখক পরিচিতিতেও অনন্য হয়ে ওঠেন। আমি যখন কলকাতায় এসে প্রকাশনার স্বপ্ন দেখেছিলাম, তখন এখানকার রাজনৈতিক পরিবেশ অগ্নিগর্ভ ছিল⎯ সেকথা আর নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। তবে সেই সময়ের ছাত্ররাজনীতির উজ্জ্বল মুখ শৈবাল মিত্র যে শেষ পর্যন্ত লেখক হয়ে উঠবেন এবং আমি হব তাঁর অন্যতম প্রধান প্রকাশক⎯ আজ এটা ভাবতেই কীরকম বিস্ময়কর লাগছে। অশোক মিত্র ‘আমার দেখা শৈবাল মিত্র’ লেখাটির শুরুতে লিখেছেন⎯  

zoom
শৈবাল মিত্র

‘আমি ১৯৬৩ সালে কোলকাতায় স্থিত হয়ে বসবাস শুরু করি। সেই সময়ে প্রথম উঠতি ছাত্রনেতা হিসেবে শৈবাল মিত্রর নাম শুনি। প্রথাগত মূল বামপন্থী-দলটির সঙ্গে বোঝাপড়া করে থাকলে শৈবাল মিত্র অচিরে হয়তো একটি মন্ত্রী সন্ত্রী হতে পারতেন। কিন্তু তার সমস্ত প্রতিভা ও দক্ষতা নিয়ে যথেষ্ট ভেবেচিন্তে অন্যচারী হলেন। হৃদযন্ত্রের অবস্থা তার কোনোকালে ভাল ছিল না। ১৯৬০-৭০ দশকে নানা অস্থিরতার সঙ্গে পুলিশি উৎপীড়ন যুক্ত হয়ে তার সার্বিক স্বাস্থ্যের আরো অবনতি ঘটায়। প্রথম বাম সরকার গঠিত হলে কংগ্রেস আমলের নির্যাতিত কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে সরকারি আনুকূল্যে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়। শৈবাল মিত্রর নামও সেই তালিকায় ছিল এবং সেই সূত্রেই একদিন মহাকরণে আমার সঙ্গে প্রথম আলাপ। অর্থমন্ত্রী হিসেবে যে ঘরে বসতাম, সেখানেই বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, ওর বক্তব্যের ঋজুতা আকর্ষণ করে আমাকে। তারপর যতদিন সরকারি বৃত্তিতে ছিলাম, শৈবাল মিত্রর সঙ্গে বিশেষ দেখা হয়নি। যেটা চমৎকৃত করেছিল, ওর একটি বিশেষ সিদ্ধান্ত। সক্রিয় রাজনীতির সঙ্গে নিজের আদর্শের সাযুজ্য না ঘটাতে পারলেও অনেকে রাজনীতি চর্চায় নিজেকে বহাল রাখেন, ওটা নেশার মতো হয়ে যায়। শৈবাল মিত্র অন্য সিদ্ধান্ত নিলেন, সাহিত্যচর্চায় নিজেকে সঁপে দিলেন, ৩০, ৪০ বছর। সেই সিদ্ধান্ত থেকে সরে আসেননি, গল্প, উপন্যাস লিখে প্রতিষ্ঠা পেলেন, পাঠক সমাজে সমাদর পেলেন, নিজ স্বভাবের স্বভাববিনয় থেকে বিচ্যুত হননি।’ 

zoom
অশোক মিত্র

অশোকবাবুর এই কথাটা⎯ ‘সক্রিয় রাজনীতির সঙ্গে নিজের আদর্শের সাযুজ্য না ঘটাতে পারলেও অনেকে রাজনীতি চর্চায় নিজেকে বহাল রাখেন, ওটা নেশার মতো হয়ে যায়’⎯ শৈবালদা প্রসঙ্গে একেবারে যাকে বলে সুপ্রযুক্ত। রাজনীতির নেশা তিনি করেননি। কিন্তু বালিতে মুখ গুঁজেও বসে থাকেননি কোনওদিন। বিভিন্ন সময়ে নানা রাজনৈতিক ও সামাজিক সংকটে স্পষ্ট ভাষায় নিজের মত শুধু ব্যক্তই করেননি, যতদূর সম্ভব প্রতিরোধ আন্দোলনের অংশীদার হয়েছেন। তবে শৈবালদাকে নিয়ে সবচেয়ে চমকপ্রদ মন্তব্যটা করেছিলেন সমরেশ মজুমদার। একটি লেখায় সমরেশদা বলেছেন, ‘উত্তরাধিকার’ উপন্যাসের পর “পাঠকরা দাবি করলেন, উপন্যাস ওখানে শেষ হতে পারে না। সম্পাদক দ্বিতীয় পর্ব লিখতে বললেন। স্বীকার করছি, উনিশশো ষাট থেকে গোটা পাঁচেক [বছর?] বাদ দিয়ে ‘কালবেলা’ শুরু করেছিলাম। অনিমেষ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে সরে এসে নকশাল আন্দোলনে যোগ দিয়েছিল। সেই সময় অনেক মেধাবী ছেলে নিজের কেরিয়ারের কথা না ভেবে ভারতবর্ষে মুক্তি আনার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। এক দল ছিল পিছনে, যারা আন্দোলন সংগঠিত করত, অন্য দল অ্যাকশনে নামত। আমার সহপাঠী শৈবাল মিত্র প্রথম দলে ছিল। আজ স্বীকার করছি, ‘কালবেলা’-র অনিমেষের চরিত্রে শৈবালের কিছুটা ছায়া পড়েছিল।” সমরেশদা তাঁর লেখা ‘কী সম্পর্ক ছিল আমাদের?’ নামে একটি গদ্যে শৈবালদার সঙ্গে তাঁর বন্ধুত্বের ইতিবৃত্ত বর্ণনা করতে গিয়ে লিখেছেন, 

“সেই ষাট সালে জলপাইগুড়ি থেকে একা কলকাতায় কলেজে পড়তে এসে স্কটিশ চার্চে ভর্তি হয়েছিলাম। উঠেছিলাম বাবার বন্ধুর মেসে। হোস্টেলে জায়গা পাওয়া যাবে মাস দেড়েক পরে। প্রথম দিনের ক্লাসে যে ছেলেটি আমার পাশে বসেছিল সে যখন জানল আমি মফস্‌সলের ছেলে, মেসে একজনের অতিথি হয়ে আছি তখন বলল, ‘ছুটির পরে আমার বাড়িতে চল’।

zoom
সমরেশ মজুমদার

হেদুয়া থেকে বিদ্যাসাগর স্ট্রিট আর কতদূর। ওর মা সব শুনে বললেন, ‘ওমা, মেসের খাবার তোমার সহ্য হবে কেন! তুমি আজই জিনিসপত্র নিয়ে এই বাড়িতে চলে এসো। ঝুনার [শৈবাল মিত্রের ডাকনাম] সঙ্গে একঘরে থাকবে।’ আমি অবাক। সম্পূর্ণ অপরিচিত একটি তরুণকে কেউ বাড়িতে আশ্রয় দেয়? তার চেয়ে চমকপ্রদ ব্যাপার হল, শৈবালের দাদারা এবং বাবা এমন ব্যবহার করতে লাগলেন যেন ওখানে থাকাটাই নির্ধারিত ছিল। শৈবালের দিদা বাড়িতে ঢুকলেই বলতেন, ‘এই ছেলে, মা বাবাকে খবর দিয়েছিস তো?’ অনাত্মীয় ও অচেনা এই শহরে নিজের বাড়িতে থাকার আনন্দ দিয়েছিল শৈবাল। প্রায় দেড়মাস ছিলাম বিদ্যাসাগর স্ট্রিটে। তারপর চলে গেলাম পাঁচ মিনিট দূরত্বের স্কটিশ চার্চ হোস্টেলে। তাই যাতায়াত থেকে গেল। ভালো রান্না হলেই ডাক পড়ত। যে [য.] শৈবাল ষাট সালের কবিতায় লিখেছিল, ‘আঁধার সাগর পার করে দাও ক্ষুদিরামের ভাই/ আলোক দেখায় বন্ধু স্ট্যালিন, চীনের চৌ এন লাই।’

zoom
‘মহৎ রাত্রির ভালবাসা’ বইয়ের প্রচ্ছদ

ক্ষুদিরাম, স্ট্যালিন, চৌ এন লাইকে এক জায়গায় বসিয়ে সে যে লাইনগুলো লিখেছিল তা তেপ্পান্ন বছর পরেও মনে থেকে গেছে। কিন্তু কলেজেই সে ছাত্র ফেডারেশনের বড় ভূমিকায় চলে গেল। দ্বিতীয় বছরেই ইউনিয়নের সম্পাদক নির্বাচিত হল। আমি সেই ছাত্র ফেডারেশনের সমর্থক কারণ কংগ্রেসবিরোধী। শৈবাল সক্রিয় রাজনীতি করতে লাগল, আমি দর্শক। তখনই তার হৃদযন্ত্রে সমস্যা শুরু হয়ে গেছে। একদিকে তার অপারেশন অন্যদিকে রাজনৈতিক কাজকর্ম সমানে চালিয়ে যেতে লাগল সে। দ্বিতীয় বর্ষে আমাকে হোস্টেল পালটাতে হয়েছিল। চলে গিয়েছিলাম হরি ঘোষ স্ট্রিটের হোস্টেলে। মাঝে মাঝে বিকেলে হাজির হত টিফিনের লুচি তরকারি খেয়ে শুয়ে থাকত কিছুক্ষণ। তারই ভেতর শৈবাল, আমি আর আমহার্স্ট স্ট্রিটের বুবু দার্জিলিং ঘুরে এলাম। মাত্র ষাট টাকা পকেটে নিয়ে গিয়েছিলাম। অতি অল্প পয়সায় অত্যন্ত আনন্দে থেকেছি। বিকেলের ঠাণ্ডায় পাঞ্জাবি পরে কোনো গরম চাদর না দিয়ে হাঁটা শৈবালকে দেখে সবাই অবাক হয়েছে। ভয় হয়েছিল, নিমোনিয়া [য.] না হয়ে যায়। পার্টি ভাগ হল। শৈবাল সিপিএমে। প্রমোদ দাশগুপ্তের কাছের মানুষ। তখন দেখা হত বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এসে। ওর প্রেমে পড়তে অনেক সহপাঠিনী তখন উন্মুখ কিন্তু ওকে ওসব ব্যাপারে খুব নিরাসক্ত দেখাত। তখন আমাদের বন্ধু উদয়ন ভট্টাচার্যের কাকার ছেলে বুদ্ধদেবের সঙ্গে ওর ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। সেটা সিপিএম থেকে বেরিয়ে নকশাল আন্দোলনের শুরুতেও থেকে গিয়েছিল যদিও বুদ্ধদেব দ্রুত ওই সম্পর্ক ত্যাগ করে তাঁর দলের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন। তারপর আর কোনো সম্পর্ক নেই। নকশাল আন্দোলনের তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত হয়ে গেল শৈবাল। গ্রেপ্তার হল এবং হাজতবাস।

বুকের চিকিৎসা চলেছে সমানে। জেল থেকে বেরিয়ে একটু বাড়াবাড়ি হয়েছিল বলে শুনেছি। আচমকা দেখা হয়ে গেলে বলেছিল, ‘দূর। তুই তো জানিস, এই নিয়েই আছি।’ ”

zoom
‘অগ্রবাহিনী’ বইয়ের প্রচ্ছদ

শুনেছি শৈবালদার হার্টের দু’টি ভালভ খারাপ ছিল। সাত বছর বয়সেই প্রথম অসুস্থ হওয়ার শুরু, কিন্তু অনেক পরে জানা যায় তাঁর হার্টের দু’-খানা ভালভ অবিলম্বে বদলানো দরকার। ছয়ের দশকের শেষের দিকে বিলেতেও হার্টের ভালভ বদলানোর অপারেশনে খুব বেশি সাফল্য পাওয়া যেত না। তবু সম্ভবত ১৯৬৮ সালে শৈবালদা বিলেতে গিয়ে হার্টের অপারেশন করিয়ে সুস্থ হয়ে দেশে ফেরেন। তারপর থেকে বেশ কয়েকবার তাঁকে অপারেশন করাতে হয়েছে। 

আমি যখন থেকে শৈবালদার বই করছি, তখন তিনি মৌলানা আজাদ কলেজে বাংলার অধ্যাপক এবং কফি হাউসের নিয়মিত আড্ডাধারী। দে’জ পাবলিশিং থেকে ১৯৯০-এর বইমেলায় শৈবাল মিত্রের প্রথম বই প্রকাশিত হয়⎯ ‘অগ্রবাহিনী’। ‘অগ্রবাহিনী’র পরিচিতিতে লেখা হয়েছিল, “ ‘অগ্রবাহিনী’ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৭৮-এ সাপ্তাহিক ‘অমৃত’ পত্রিকায়। গত এক যুগ ধরে পরিমার্জিত হয়ে প্রকাশিত হচ্ছে সত্তরের ‘অগ্রবাহিনী’। গ্রাম দিয়ে শহর ঘেরার পরিপ্রেক্ষিতে মধ্যবিত্ত দুই শহুরে যুবকের আত্মানুসন্ধান তথা কৃষি বিপ্লবের জন্য আত্মসমর্পিত বিপ্লবী অভিজ্ঞতার ফসল ‘অগ্রবাহিনী’।” 

ওই বছরেই পয়লা বৈশাখ দে’জ থেকে পূর্ণেন্দু পত্রীর প্রচ্ছদে তাঁর দ্বিতীয় উপন্যাসটি প্রকাশিত হয়⎯ ‘যৌবরাজ্য’। ‘যৌবরাজ্য’ দুই ভাগে লেখা উপন্যাস⎯ ‘অভিষেক’ আর ‘দিগ্বিজয়’।   

zoom
‘যৌবরাজ্য’ বইয়ের প্রচ্ছদ

শৈবালদার সবচেয়ে পুরনো যে চিঠিটা পাচ্ছি সেটা ১৯৯০-এর ১৭ নভেম্বর লেখা⎯

‘শ্রীসুধাংশু দে

দে’জ পাবলিশার্স [য.]

প্রীতিভাজনেষু, পত্রবাহী সত্যেন্দ্র আচার্যর সঙ্গে নিশ্চয় আপনার পরিচয় আছে। সত্যেন্দ্র আচার্য একজন গুরুত্বপূর্ণ লেখক। এ বছর শারদ বসুমতীতে সত্যেনদার একটা উপন্যাস প্রকাশিত হয়েছিল। ভালো উপন্যাস। যথোপযুক্ত ব্যবস্থা আপনি নেবেন, এই আশায়।

শুভার্থী
শৈবাল মিত্র’

zoom
ব্যতিক্রমী বইয়ের প্রচ্ছদ

সত্যেন্দ্র আচার্যর নাম আমি জানতাম। বিমল করের খুব কাছের মানুষ ছিলেন। তাঁর প্রথম লেখা বেরিয়েছিল ‘দেশ’ পত্রিকাতে। পাঠকের পছন্দও হয়েছিল গল্পটা। কিন্তু ‘তিন প্রধানের গল্প’ নামে সে-লেখাটা সত্যেন্দ্র আচার্যর নিজের নামেই অন্য একটি পত্রিকাতেও অচিরেই প্রকাশিত হয়। এই ঘটনা কোনও পত্রিকার পক্ষেই কাঙ্ক্ষিত নয়, লেখকের ক্ষেত্রেও নয়। তাই লেখা ভালো হলেও তাঁর সাহিত্যচর্চার শুরুতেই একটা বিপর্যয় নেমে আসে। পরে অবশ্য ফের তিনি লেখালিখিতে ফেরেন। বিমল কর তাঁর ‘আমি ও আমার তরুণ লেখক বন্ধুরা’ বইয়ে লিখেছেন⎯ 

“সত্যেনকে আমি প্রফেসন্যাল [য.] লেখক বলব না। সে আজ আঠাশ তিরিশ বছর ধরে লিখলেও এখনও শৌখিন লেখক। খুব কমই লেখে। আগে সে কবিতা লিখত… সত্যেনকে এমন এক শ্রেণীর লেখক বলা যায়, যারা একটু বেশি কল্পনাপ্রবণ। ভাষায় হোক অথবা মেজাজে⎯ সত্যেনের লেখা কল্পনা-ঘেঁষা, খানিকটা যেন মনগড়া পরিবেশ, চরিত্র। এমন কি বলার ধরন। তার মানে এই নয় যে, সত্যেন অক্ষম। এক-একজন লেখকের এক-একটা ধরন তাকে পেয়ে বসে। তার বাইরে সে পা বাড়াতে চায় না। সত্যেনের অনেকটা তাই। যে জগতে তার বাস সে জগতের চেয়েও তার টান, লেখার বেলায়, ঝাপসা এক কাল্পনিক জগতের দিকে। এর ফলে ওর লেখা সাদামাটা পাঠকের মনকে তুষ্ট করে না বেশির ভাগ সময়। অবশ্য এতে ক্ষতিই বা কোথায়? সত্যেন তো পেশাদারী লেখক নয়। তার কয়েকটা গল্পের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে। যেমন ‘পরমপুরুষ এবং স্বপ্নের রেলগাড়ি’ ‘প্রিয়জনোচিত’ ‘ক্রীতদাস’। ‘লীলা অভিনব’ নামে উপন্যাসও সে লিখেছে। কবিতা? তাও আছে।”

zoom
‘উড়োখই’ উপন্যাসের প্রচ্ছদ

তবে শৈবালদার এই অনুরোধ আমি রাখতে পারিনি। সত্যেন্দ্র আচার্যর কোনও বই-ই দে’জ থেকে প্রকাশিত হয়নি। তবে শৈবালদার সঙ্গে বিমল করের বেশ ঘনিষ্ঠতা হয়েছিল একসময়। বিশেষ করে পটুয়াটোলা লেনে যোগমায়া প্রকাশনীর গৌরাঙ্গপ্রসাদ ঘোষের সহযোগিতায় ‘গল্পপত্র’ প্রকাশের বছরগুলোয়। হয়তো সেইসূত্রেও সত্যেন্দ্র আচার্যের সঙ্গে শৈবালদার পরিচয় হয়ে থাকবে। তবে এটা আমার অনুমান মাত্র। শৈবাল মিত্রের সঙ্গে বিমল করের যোগাযোগ কিন্তু এর বেশ খানিকটা আগে। ‘উড়ো খই’-এর দ্বিতীয় খণ্ডে বিমল কর লিখেছেন⎯ 

‘শৈবালকেও আমি এই সময় দেখি। ওই পঁচাত্তর-ছিয়াত্তরে। শৈবাল মিত্রর সঙ্গে পরিচয় ঘটিয়ে দেয় সমরেশ মজুমদার। …শৈবালকে আমি যখন দেখি⎯ তখন সে সাহিত্যের জগতে এসে পড়েনি। হয়ত আগে সামান্য কিছু লেখালিখির চেষ্টা করেছিল, কিন্তু তার মন পড়েছিল রাজনীতিতে। ছাত্র থাকার সময় থেকেই সে হাফ-নেতা। পরে পুরোপুরি নেতা। নকশাল আন্দোলনের একজন পরিচিত ব্যক্তিত্ব ও কর্মী। নানা ঘটনার সঙ্গে যুক্ত, অনেক ঘটনার সাক্ষী। তার কপালে কম নির্যাতনও জোটেনি তখন। সবচেয়ে যেটা মারাত্মক তা হল, ওর হৃদ্‌রোগ সংক্রান্ত অসুস্থতা। যেটা রীতিমত জটিল। শৈবালকে আমি যখন প্রথম দেখি তখনই সে সুস্থ নয়।

কলেজে পড়াত শৈবাল। নতুন করে লেখালিখির কথা ভাবছে তখন। লেখক হিসেবেই আমরা শৈবালকে পেয়েছি আমাদের মধ্যে। তার রাজনীতির সহচর আমরা কেউ ছিলাম না। অজস্র বন্ধু, হাজার রকম ঝামেলা বায়নাক্কা, এর ওর অনুরোধ উপরোধ সামলে সে মাঝে মাঝে আমাদের আড্ডায় আসত।’ 

zoom
‘কলির শেষ’ উপন্যাসের প্রচ্ছদ

১৯৯১ থেকে ১৯৯৯ পর্যন্ত প্রতি বছর বইমেলায় শৈবালদার কোনও-না-কোনও বই আমি প্রকাশ করেছি। কোনও বছর একাধিক, যেমন⎯ ১৯৯৫ সালে প্রকাশিত হয়েছিল ‘কলির শেষ’ এবং ‘পুরনো আবাস ছেড়ে’। ‘কলির শেষ’ উপন্যাসের ভূমিকায় তিনি লিখেছিলেন,  

‘কলির শেষ উপন্যাসের দুটি অংশ, বরাহমিহির বৃত্তান্ত এবং ভবাপাগলা সমাচার। বরাহমিহির আর ভবাপাগলা, উপন্যাসের দুই গুরুত্বপূর্ণ চরিত্র হলেও মুখ্য চরিত্র হলো চয়ন এবং তার ছেলে বাপ্পা। তবে কে মুখ্য, কে গৌণ, সে বিচার পাঠকদের ওপর ছেড়ে দেওয়াই ভালো। সময়ের সুড়ঙ্গে ঢুকে পড়া এক বিশেষ কালের এই অবলোকনে ইতিহাস, ভূগোল, রহস্যময় মানুষ, তির্যক আলো অন্ধকারে একাকার হয়ে আছে। ১৯৯৩ এবং ১৯৯৪ এর আজকাল শারদসংখ্যায় দু’কিস্তিতে উপন্যাসটি প্রকাশিত হয়। প্রথম পর্বের নাম ছিল অবতারসম্ভব পালা, এবং দ্বিতীয় পর্ব, কলির শেষ।’

zoom
‘পুরনো আবাস ছেড়ে’ বইয়ের প্রচ্ছদ

১৯৯৬ সালের বইমেলাতেও প্রকাশিত হয় তাঁর দুটি উপন্যাস⎯ ‘উড়ান’ আর ‘যখন নৈঃশব্দ’। ১৯৯১ থেকে ১৯৯৯-এর মধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘অজ্ঞাতবাস’, ‘স্বদেশের খোঁজে শেষবার’, ‘মানবপুত্রী’র মতো বই। 

zoom
‘উড়ান’ আর ‘যখন নৈঃশব্দ’ বইয়ের প্রচ্ছদ

১৯৯৫ সালে দে’জ থেকে প্রকাশিত ‘কলির শেষ’ উপন্যাসটির প্রসঙ্গে ৯ জানুয়ারি লেখা একটা চিঠিতে শৈবালদা জানিয়েছিলেন,

‘কলির শেষ উপন্যাসের পাণ্ডুলিপি যতোটা দেখেছি, Copy সমেত পাঠালুম। শঙ্কর মণ্ডলের সঙ্গে ফোনে সেভাবেই কথা হয়েছে। বাকি অংশ দু’দিনে দেখে দেব। আজ সকালের ফ্লাইটে আগরতলা যাচ্ছি। ফিরবো বুধবার। Copy র কাজ শেষ করে আনবো। আজকালে ফোন করে দেবব্রত ঘোষকে পাইনি। পূর্ণেন্দু পত্রীকে বলেছি। ও রাজি আছে। আপনি কথা বলে নইলে কাজটা তাড়াতাড়ি হবে। বুধবার বিকেলে দেখা হবে।’ 

zoom
‘অজ্ঞাতবাস’ বইয়ের প্রচ্ছদ

এই চিঠির ‘শঙ্কর মণ্ডল’ নিশ্চয়ই আমার বন্ধুস্থানীয় প্রকাশক এবং দীপ প্রকাশনের কর্ণধার শংকর মণ্ডল। কারণ ‘কলির শেষ’ উপন্যাসের প্রিন্টার্স লাইনে কম্পোজ ইউনিটের যে ঠিকানা আছে, সেই ২০৯ এ বিধান সরণীই দীপ প্রকাশনেরও ঠিকানা। সেখান থেকেই কম্পোজ করিয়ে দে’জ অফসেটে বইটা ছাপা হয়েছিল। তবে মলাট দেবব্রত ঘোষ বা পূর্ণেন্দুদা কেউ করেননি। এই বইয়ের মলাট ছিল তপনকুমার বিশ্বাসের।  

zoom
‘মানবপুত্রী’ বইয়ের প্রচ্ছদ

সেবছরের ৭ সেপ্টেম্বর তিনি আমাকে আরও একটা চিঠিতে জানিয়েছিলেন, ‘প্রীতিভাজনেষু, বুকের মধ্যে ছোটখাটো ভূমিকম্পে কয়েকদিন হাসপাতালে থাকতে হলো। বাড়িতে আপনি ফোন করেছিলেন শুনে ভালো লাগলো। ডাক্তারের পরামর্শে আপাতত মাসখানেক বিছানাবন্দি থাকতে হবে। 

প্রতিদিনে প্রকাশিত ধারাবাহিক রহস্য উপন্যাসটি শেষ হতে দেরি নেই। আমি চাই, দে’জ থেকে ওটা প্রকাশিত হোক। আপনি জানালে পাণ্ডুলিপি পাঠাবো। আপনার কথামতো গল্পসমগ্রের পাণ্ডুলিপি তৈরি করছি।…’

zoom
‘শ্রেষ্ঠ গল্প’ বইয়ের প্রচ্ছদ

এই রহস্য উপন্যাসটি হল ১৯৯৬-এর বইমেলায় প্রকাশিত ‘যখন নৈঃশব্দ’। তবে গল্পসমগ্র নয়, দে’জ থেকে শৈবালদার ‘শ্রেষ্ঠ গল্প’ আমি করেছিলাম ১৯৯৯ সালের বইমেলায়। মোট ২৯টি গল্পের এই সংকলনের ভূমিকায় তিনি লিখেছিলেন, “শ্রেষ্ঠগল্প লেখা হয়ে গেলে, একজন লেখকের কী লেখার থাকে? কিছুই না। লেখালিখি থেকে তখন তাকে অবসর নিতে হয়। কিন্তু অবসর সে নেয় না। লেখকের জীবনে ‘রিটায়ারমেন্ট’ শব্দটা নেই। কেননা, শ্রেষ্ঠ গল্পটা যে শ্রেষ্ঠ হয়ে ওঠেনি, ইতিমধ্যে সে বুঝে যায়। শ্রেষ্ঠ গল্প লিখতে আরো অনেক কাঠখড় পোড়াতে হবে, অনুভব করে। শ্রেষ্ঠ গল্পটা এ জীবনে লেখা সম্ভব কিনা, এমন সন্দেহ মনে জাগে।

তবু কয়েকশো গল্প থেকে কিছু বেছে নিয়ে শ্রেষ্ঠগল্প প্রকাশের রেওয়াজ বজায় রাখতে বর্তমান সংকলনটি হাজির করা হলো। সব গল্পই কমবেশি ঘষামাজা করে সংকলনভুক্ত করা হয়েছে। প্রথম গল্পগ্রন্থ, ‘আতর আলির রাজসজ্জা’ (১৯৮৩), থেকে চারটি, ‘মা বলিয়া ডাক’ (১৯৮৭) থেকে সাতটি গল্প এখানে রাখা হলেও ১৯৯৭-এ প্রকাশিত ‘নির্বাচিত গল্প’-র একটা গল্পও এই সংকলনে নেই। বাকি গল্প, নানা সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হলেও এ পর্যন্ত গ্রন্থভুক্ত হয়নি। অগ্রন্থিত গল্পগুলির প্রকাশকাল যতোটা সম্ভব সঠিকভাবে, গল্পের শেষে দেওয়া হলো। গল্প ঝাড়াই বাছাই করতে তরুণ প্রাবন্ধিক শ্রী অলক মণ্ডল এবং শ্রীমতি [য.] মিতালি মুখোপাধ্যায় প্রভূত সাহায্য করেছেন। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।”   

zoom
শৈবাল মিত্রের আরও দু’টি উপন্যাস

২০০১ এবং ২০০২-এর বইমেলায় ‘নন্দনবাসিনী’ এবং ‘জেগে আছে একজন’ প্রকাশের পর ২০০৪-এর বাংলা নববর্ষে আমি প্রকাশ করেছিলাম শৈবালদার উপন্যাস ‘ভুলভুলাইয়া’। এরপরের বইটি ২০০৬-এর বইমেলায় প্রকাশিত ‘অগ্নির উপাখ্যান’⎯ যদিও বইটি নতুন নয়। দে’জ থেকে আমি ‘অগ্নির উপাখ্যান’ পুনর্মুদ্রণ করেছিলাম। উপন্যাসটির পরিচিতিতে লেখা হয়েছিল, “উপন্যাসের নায়ক অগ্নি, পুরো নাম অগ্নি রায়, অমীমাংসিত ইতিহাসের আগ্নেয়গিরির শিখরে তার অবস্থান। 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘কন্টেম্পোরারি’ একদা ‘ঠ্যাঙাড়ে’, পরবর্তী কালে ‘ভগবান’ বুনো রায় ছিল অগ্নির প্রপিতামহ। অগ্নির বাবার নাম শীতল রায়, ঠাকুরদা গ্যাঁড়া রায়। শীতল ব্যবসায়ী, গ্যাঁড়া রায় ভূস্বামী। 

সামন্ততান্ত্রিক গ্রামজীবন থেকে কলকাতায় এসে মহাসময় আর চরাচরব্যাপ্ত স্বপ্নপ্রকল্পের নির্মাণে স্থানকাল লণ্ডভণ্ডকারী উপকরণের খোঁজে অগ্নি পৌঁছে গেল রিভলভার আর প্রেমিকা, রুমার কাছে। তার অন্তরে বাইরে শুরু হল বিস্ফোরণ।

ইতিহাসের ছাইভস্ম মাড়িয়ে, রুমাকে আঁকড়ে ধরে, রক্তাক্ত শরীরে অগ্নি হেঁটে চলেছে আলোকবর্ষের পথে। প্রদীপ্ত চেতনার বন্দনা গান, ‘অগ্নির উপাখ্যান’।”

zoom
‘অগ্নির উপাখ্যান’ বইয়ের প্রচ্ছদ

উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ‘অমৃত’ পত্রিকার ১৯৮৪ সালের শারদ সংখ্যায়। ১৯৮৬-তে এটি প্রথমবার অল্পসংখ্যক মুদ্রিত হলেও আমাদের সংস্করণে ‘অগ্নির উপাখ্যান’ অনেকটা পরিমার্জিত হয়েছিল। শৈবালদা লিখেছিলেন, ‘নতুন উপন্যাস লেখার চেয়ে পুরোনো উপন্যাস মেরামত করা যে কঠিন, পাথরভাঙা মজদুরির চেয়ে বেশি শ্রমসাপেক্ষ, ভুক্তভোগীরা জানেন। গ্রিক উপকথার নক্ষত্রপ্রতিম চরিত্র, আগুন অপহরণকারী প্রমিথিউস-এর মতো এই উপন্যাসের নায়ক, শৃঙ্খলিত অগ্নির যৎসামান্য ঝাঁঝ পাঠকের মনে পৌঁছোলে, রচনাকারের শব্দব্যবচ্ছেদের মজুরি পুষিয়ে যাবে।’

২০০৮-এর মার্চ মাসে দে’জ থেকে প্রকাশিত হয় শৈবাল মিত্রের পাঁচটি উপন্যাসের সংকলন, ‘রসাতল’। এই সংকলনে ছিল ‘রসাতল’, ‘কানা ঈশ্বরের কাহিনী’, ‘গোল্লাছুট’, ‘রূপকথামালা’, ‘কাল কুসুমের বিয়ে’। লেখক এই উপন্যাস পঞ্চককে বলতে চেয়েছিলেন, ‘তিমিরাবৃত জটিল সময়ে পাঁচটি মায়াবী স্বভাবের উপন্যাস।’ 

zoom
বিভিন্ন সময়ে প্রকাশিত শৈবাল মিত্রের বইয়ের প্রচ্ছদ

‘রসাতল’-এর আগের আর পরের বছর বইমেলায় আমি প্রকাশ করেছি ‘ঘুমভাঙানি’ আর ‘জনৈক পাগলের হিজিবিজি’। ২০১১-র বইমেলায় আমি দে’জ থেকে ফের বের করলাম শৈবালদার পাঁচটি উপন্যাসের একটি সংকলন, এবার রয়্যাল সাইজে দেবব্রত ঘোষের সুদৃশ্য মলাটে। শৈবালদা বইটির নাম রেখেছিলেন ‘পাঁচটি বজ্রনির্ঘোষের উপন্যাস’। ‘পাঁচটি বজ্রনির্ঘোষের উপন্যাস’ সংকলনে আছে ‘যে আগুন খেয়েছিল’, ‘মুণ্ডহীন ধর’, ‘আস্ত মানুষ’, ‘পাগলা ঘণ্টি’ এবং ‘ধর্মযুদ্ধ’। বইটির পরিচিতির জন্য সম্ভবত শৈবাল মিত্রই লিখে দিয়েছিলেন, “বজ্রনির্ঘোষের পাঁচটি উপন্যাসে এমন এক সময় ধরা রয়েছে, যা হাজার বছর ধরে মানুষকে সভ্যতার পথে এগিয়ে নিয়ে চলেছে। তাকে বাঁচতে শিখিয়েছে, সহৃদয়, সামাজিক, সৃজনশীল হতে শিখিয়েছে, মানুষ যে অপরাজেয় এই মন্ত্র ঢুকিয়ে দিয়েছে তারা মাথাতে।

zoom
‘পাঁচটি বজ্রনির্ঘোষের উপন্যাস’ সংকলনের প্রচ্ছদ

‘যে আগুন খেয়েছিল’ উপন্যাসের নায়ক রূপক, আপাতদৃষ্টিতে খুনি হলেও ভালোবেসেছিল মানুষকে। ‘মুণ্ডহীন ধড়ে’র নায়কও তাই। মানুষের জন্যে একবুক ভালোবাসা নিয়ে সে তার তবলাজোড়ায় বাজাত বিপ্লবের বোল। ‘আস্ত মানুষ’ এর নায়ক, দেবু, তার বন্ধুকে বাঁচাতে বিষাক্ত কুয়োতে নেমে গেল। বন্ধু বাঁচল, দেবুর কি ঘটনা জানা গেল না। ‘পাগলাঘণ্টি’র নায়ক প্রজা, দেশের মানুষের প্রতি দরদে ইংল্যান্ডের চাকরি ছেড়ে ভারতে ফিরে এল। ফিরে রূপকের চক্রান্তে তার জায়গা হল জেলে, তবু তার ভালোবাসার ঘোর কাটল না। ‘ধর্মযুদ্ধ’ উপন্যাসের মাঝবয়সি নায়কও সেই ভালোবাসার টানে হাঁটুর বয়সি দুই ছেলেমেয়ের ডাকে দ্বিতীয়বার ঘর ছাড়ল।”  

zoom
‘গোরা’ উপন্যাসের প্রচ্ছদ; শিল্পী: যোগেন চৌধুরী

শৈবাল মিত্রের শেষ যে-বইটি আমরা প্রকাশ করেছি, সেটি তাঁর জীবনের সবচেয়ে বড় ও একেবারে অন্য ধরনের উপন্যাস ‘গোরা’। এই উপন্যাসটি তিনি দীর্ঘদিন ধরে ‘মাতৃশক্তি’ পত্রিকায় ধারাবাহিকভাবে লিখেছিলেন। অবশ্য বই প্রকাশের আগেই, ২০১১-র ২৭ নভেম্বর শৈবালদা প্রয়াত হন। দে’জ থেকে ‘গোরা’ প্রকাশিত হয় ২০১২-র সেপ্টেম্বরে। বইটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ২০১২-র ১৭ সেপ্টেম্বর নেহরু চিলড্রেন্স মিউজিয়মের প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল (১৯৪৩-এর ১৬ সেপ্টেম্বর শৈবালদার জন্ম⎯ যতদূর মনে পড়ছে, আমরা তাঁর মৃত্যুর পর প্রথম জন্মদিনেই উদ্বোধনী অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম⎯ কোনও অনিবার্য কারণে হয়তো জন্মদিনের পরের দিন অনুষ্ঠানটি হয়েছিল)। ‘গোরা’র উদ্বোধনে বহু বিশিষ্ট মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন অশোক মিত্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অলোক রায় এবং আলাপন বন্দ্যোপাধ্যায়। ‘গোরা’ উপন্যাসের মুখবন্ধে প্রখ্যাত সমাজতাত্ত্বিক পার্থ চট্টোপাধ্যায় শৈবালদার লেখালিখির দুটি প্রধান ধারা⎯ রাজনৈতিক ঘটনাবলি আর তার পারিপার্শ্বিক জীবনের অভিজ্ঞতা এবং ব্যক্তিচরিত্র আর পারিবারিক জীবনের অন্ধকার দিকের কথা উল্লেখ করে বলেছেন, ‘গোরা’র মতো উপন্যাস শৈবাল মিত্রের কলমে ‘অপ্রত্যাশিত’ ছিল। পার্থ চট্টোপাধ্যায় লিখছেন,

‘এর আগেও শৈবাল তার কোনো কোনো গল্পে ঐন্দ্রজালিক বাস্তবতার আখ্যানকৌশল ব্যবহার করেছে। কিন্তু গোরা-তে সে কৌশলের সঙ্গে অনেক চাতুর্য মিশেছে। জগন্নাথ মিশ্রের প্রতিভাধর পুত্র নিমাই পণ্ডিত যখন সন্ন্যাসী শ্রীকৃষ্ণচৈতন্য হয়ে অবর্তীর্ণ হলেন, তখন শৈবালের আখ্যান আর বিশ্বরূপের রহস্যাবৃত পুথিতে আটকে নেই। তখন তা হয়ে গেছে টেলিভিশন মেগাসিরিয়ালের ডজন ডজন পর্বে বিভক্ত চিত্রনাট্য, যা ইতিহাস নয়, ঐতিহ্যবাহী পুরাকাহিনি নয়, ধর্মকথা নয়, তা আধুনিক গণসংস্কৃতির পণ্যবাহী বিনোদন। সেই আধুনিক গণ-আখ্যানের যুক্তিতে প্রাধান্য পেয়েছে বাঙালির জাতীয় পরিচয় নির্মাণে চৈতন্যের ভূমিকা। যেমন, ধর্ম আলোচনায় সংস্কৃতের বদলে বাংলা ব্যবহার করা। কিংবা জাতিভেদ প্রথা অমান্য করা। কিংবা মুসলমান শাসকের নিষেধাজ্ঞা অমান্য করা সত্ত্বেও সাধারণ মুসলমানের শ্রদ্ধা-ভালোবাসা অর্জন করা। শ্রীচৈতন্য নিয়ে যদি কোনো আধুনিক কিংবদন্তি তৈরি হয়, তাহলে এই বিষয়গুলো তার অপরিহার্য উপাদান হবে।

zoom
‘গোরা’ উপন্যাসের প্রকাশ অনুষ্ঠানে অশোক মিত্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও অন্যান্য বিশিষ্টজন

উপন্যাসের শেষ অংশে কিংবদন্তি, ইতিহাস, তথ্য, কল্পকথা, সব একাকার হয়ে গেছে। চৈতন্যের বৃন্দাবন অথবা দাক্ষিণাত্য পরিব্রাজনে যেমন দেখি, ভক্তি আন্দোলনের প্রায় প্রতিটি সন্ত-সাধক তাঁর সহযাত্রী। কবীর, নানক, তুকারাম, মীরাবাই, উপন্যাসে সকলের সঙ্গেই তাঁর সাক্ষাৎ হয়। এমন কি দুর্ধর্ষ পোর্তুগিজ শাসক আলবুকের্ক-ও বাদ যান না। ইতিহাসের সাল-তারিখ মেলালে এঁদের অনেকের সঙ্গে শ্রীচৈতন্যের সাক্ষাৎ হওয়া সম্ভব ছিল না, তেমন কোনো বিশ্বাসযোগ্য বিবরণ কোনো সমসাময়িক দলিলেও হয়তো নেই। কিন্তু গণচেতনায় বিশ্বাসের জন্ম হয় কী থেকে? তার সূত্র কি ঐতিহাসিকের আবিষ্কৃত তথ্য? না কি জনমানসে লুকিয়ে থাকা কোনো তীব্র বাসনা যা জগতের ভালো চায়, মানুষের ভালো চায়, শান্তি চায়, সম্ভাবনা চায়, আর তাই বিশ্বাস করতে চায় যে ক্ষণজন্মা ভক্ত-সন্ত সকলে কোথাও না কোথাও একত্র হয়ে ভাব বিনিময় করছেন, একে অপরের কথা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করছেন। শৈবাল তার আখ্যানে যে প্রকরণ ব্যবহার করেছে, তাতে বাস্তবতার সীমা অতিক্রম করে যাওয়া গণচেতনার এই সত্যটিকে প্রকাশ করতে তার কোনো অসুবিধা হয়নি।’

প্রসঙ্গত বলে রাখি সদ্য প্রয়াত শিল্পী যোগেন চৌধুরীর মলাটে শৈবাল মিত্রের ‘গোরা’ উপন্যাসটি অত্যন্ত সমাদৃত হয়েছে। ২০২৩-এ বইটির চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়েছে।  

zoom
শৈবাল মিত্রকে নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের প্রচ্ছদ

২০১৪-র সেপ্টেম্বরে কবি সব্যসাচী দেবের (গদ্যলেখায় ইনিই ইরাবান বসুরায়) সম্পাদনায় দে’জ পাবলিশিং থেকে শৈবাল মিত্রকে নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে। এই বইটিতে সব্যসাচী দেবকে সম্পাদনায় সহযোগিতা করেছেন শৈবালদার মেয়ে শ্রেয়া মিত্র। এই স্মারকগ্রন্থের প্রথম কবিতাটিই শঙ্খদার এবং ‘বলত হয়তো শৈবাল’ নামের সে-কবিতাতেও অবধারিতভাবে ‘গোরা’র উল্লেখ আছে⎯

“বারে বারে হৃৎপিণ্ড খুঁড়ে তুলি কেন, তুমি জানো। 

জানো না কি ? মনে নেই সেইসব শপথের কথা ? 

কলেজ গেটের সামনে উতরোল সমাবেশে এসে 

মনে নেই সেইসব আবেগের দাহে জ্বলে যাওয়া ? 

জ্বলে যাওয়া, কিংবা ধরো জেলে যাওয়া মাথা উঁচু করে 

স্বপ্নের ভিতরে স্বপ্ন⎯ আরো স্বপ্ন জ্বালিয়ে জ্বালিয়ে 

মশালের মতো হাত আকাশের দিকে তুলে ধ’রে 

ভেবেছি এ মাটি থেকে উঠে আসবে মাটির মোচন।

তোমার বেদনা এই⎯ তোমার গর্বও শুধু এই⎯ 

বারে বারে হৃৎপিণ্ড খুঁড়ে আমি খুঁজেছি অমিয়।

কে বলেছে ব্যর্থ সব ? কে বলে সমস্ত প্রতিহত ? 

শতাব্দীর মধ্য দিয়ে শতাব্দী উজিয়ে যেতে যেতে 

খুঁজেছি আমার দেশ বারে বারে হৃৎপিণ্ড খুঁড়ে 

দেখেছি কী ইতিহাস ধরে রাখে অঢেল পসরা 

জেনেছি কী উৎসে ছিল আমাদের চৈতন্যবিকাশ 

গোরার ভিতর দিয়ে গোরা থেকে আমি আজ গোরা!”

কলেজ-ফেরত, কফি হাউসের আড্ডা-ফেরত শৈবালদা মাঝে-মাঝেই আসতেন আমাদের দপ্তরে। তাঁর স্নিগ্ধ, হাসিমাখা মুখটা আমি কোনওদিন ভুলব না।

লিখন: শ্রীকুমার চট্টোপাধ্যায়

…… ইতি কলেজ স্ট্রিট-এর অন্যান্য পর্ব ……

পর্ব ৮৮। সিনেমার বই, বইয়ের সিনেমা

পর্ব ৮৭। গুলজার ও বাংলার সিনে-সাহিত্য

পর্ব ৮৬। শচীন ভৌমিকের চিত্রনাট্য মানেই ফিল্ম হিট!

পর্ব ৮৫। উত্তম নিশ্চিন্তে চললেন অধমের সাথে

পর্ব ৮৪। বই সম্পাদনা: নেপথ্যের সংলাপ

পর্ব ৮৩। বই-চিত্রের বৈচিত্র

পর্ব ৮২। পূর্ণ ইন্দু পরকাশে

পর্ব ৮১। পাঠকদের উন্মাদ দাবি: চাই কথোপকথনের নতুন খণ্ড!

পর্ব ৮০। কলকাতা: পূর্ণেন্দু সংস্করণ

পর্ব ৭৯।নানা রঙের নবনীতা

পর্ব ৭৮। প্রথম বইয়ের প্রচ্ছদ নিজেই এঁকেছিলেন নবনীতা দেবসেন

পর্ব ৭৭। অপরাজিতা দেবীকে ছদ্মনামে পুরুষ কবি ভেবেছিলেন পাঠক

পর্ব ৭৬। বিদেশেও সমাদৃত হয়েছিল স্বর্ণকুমারী দেবীর উপন্যাস

পর্ব ৭৫। নারীকলম: দিনগুলি রাতগুলি

পর্ব ৭৪। বই-মানবী

পর্ব ৭৩। প্রেসের কাজে গাফিলতি দেখলে কড়া চিঠি লিখতেন সুবীরদা

পর্ব ৭২। করোগেটেড কাগজের অভাবে আটকে ছিল সুধীন্দ্রনাথ দত্তের কাব্যসংগ্রহ

পর্ব ৭১। অমিয় চক্রবর্তীর ‘কবিতাসংগ্রহ’ ছিল নরেশ গুহ-র গুরুদক্ষিণা

পর্ব ৭০। এক মুখে কবিতা, অন্য মুখে মিছিলের স্লোগান

পর্ব ৬৯। সুভাষিত অনুবাদ

পর্ব ৬৮। শঙ্খদাই চেয়েছিলেন, সুভাষদার কবিতাসংগ্রহ সুবীর রায়চৌধুরী সম্পাদনা করুন

পর্ব ৬৭। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা দিয়েই শুরু হয়েছিল দে’জের ‘শ্রেষ্ঠ কবিতা’ সিরিজ

পর্ব ৬৬। প্রেমেনদার উৎসর্গ করা বই বেচে দিয়েছিলেন বন্ধু ‘শিব্রাম’!

পর্ব ৬৫। প্যাঁচানো লোহার সিঁড়ি দিয়ে উঠলেই প্রেমেন্দ্র মিত্রর অবারিত দ্বার!

পর্ব ৬৪। মুজিব হত্যার পর অন্নদাশঙ্করের শোকলিপি ছাপা হয়নি সরকারি নিষেধাজ্ঞায়

পর্ব ৬৩। ভাবনার ভাস্কর্যের দিনগুলি রাতগুলি

পর্ব ৬২। কাদের লিটল ম্যাগাজিন বলা যাবে না, তার তালিকা তৈরি করেছিলেন শিবনারায়ণ রায়

পর্ব ৬১। গৌরদা বিশ্বাস করতেন, কলমের স্বাধীনতা হরণ মাতৃবিয়োগের চেয়ে কম কিছু নয়

পর্ব ৬০। সমরেশ বসু যখন ‘বিশ্বাসঘাতক’!

পর্ব ৫৯। সারাজীবন নিজেকে জানার জন্যেই লিখে গিয়েছেন সমরেশ বসু

পর্ব ৫৮। নবারুণ চেয়েছিলেন শ্রেষ্ঠ কবিতার সিরিজে তিনিও থাকুন, কিন্তু হল না

পর্ব ৫৭। সত্যজিৎ-মৃণাল-ঋত্বিক ত্রয়ীর মধ্যে ঋত্বিকের লেখাই আমরা প্রথম ছেপেছিলাম

পর্ব ৫৬। অজয় গুপ্তর নিরন্তর শ্রম আর খুঁতখুঁতে সম্পাদনা ছাড়া মহাশ্বেতা দেবীর রচনাসমগ্র হত না

পর্ব ৫৫। দলকল্যাণের জন্য রাজনীতি সমাজকে নরকে পরিণত করবে, বিশ্বাস করতেন মহাশ্বেতা দেবী

পর্ব ৫৪। যা লিখেছেন, না লিখে পারেননি বলেই লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

পর্ব ৫৩। ‘অলীক মানুষ’ তাঁকে দিয়ে কেউ লিখিয়ে নিয়েছে, মনে করতেন সিরাজদা

পর্ব ৫২। নিজের লেখা শহরের গল্পকে লেখা বলে মনে করতেন না সিরাজদা

পর্ব ৫১। কর্নেল পড়ে সিরাজদাকে চিঠি লিখেছিলেন অভিভূত সত্যজিৎ রায়

পর্ব ৫০। সাম্প্রদায়িক হাঙ্গামা থেকে বাঁচতে দিব্যেন্দুদার জীবনের দ্বিতীয় গল্পই বদলাতে হয়েছিল

পর্ব ৪৯। রবিশংকর বলের মতো উর্দু সাহিত্যের এত নিবিষ্ট পাঠক খুব কমই দেখেছি

পর্ব ৪৮। দেবেশ রায়ের যেমন ‘বৃত্তান্ত’, আফসার আমেদের তেমন ‘কিস্‌সা’

পর্ব ৪৭। বই বাঁধানো সম্পূর্ণ হয়নি, তাই ‘মহাভুল’ শুধরে নিয়েছিলেন দেবেশ রায়

পর্ব ৪৬। গান্ধীনগরে রাত্রির কবিই প্রথম বিদ্রুপাত্মক তেতো হাসি এনেছিলেন বাংলা কবিতায়

পর্ব ৪৫। নাটকের মহলা পছন্দ হলে তবেই তিস্তাপারের বৃত্তান্তর অনুমতি দেবেন, বলেছিলেন দেবেশ রায় 

পর্ব ৪৪। নিজের বইপত্র বিক্রির বিবরণ দেখে হতাশ হয়েছিলেন দেবেশ রায়

পর্ব ৪৩। থ্রিলার, রহস্য-রোমাঞ্চ কিংবা ক্রাইম স্টোরি অনেক দিন ধরেই বইপাড়ায় ‘সুপারহিট’

পর্ব ৪২। অলংকরণ বা প্রচ্ছদশিল্পীদের জন্য পুরস্কারের ব্যবস্থা নেই, সখেদে চিঠি লিখেছিলেন নারায়ণ সান্যাল

পর্ব ৪১। রাস্কেল, পাষণ্ড পণ্ডিত, প্রবঞ্চক, বিশ্বাসঘাতক– নারায়ণ সান্যালের বইয়ের নাম নিয়ে প্রবল আপত্তি ছিল আমার!

পর্ব ৪০। সিগারেট ঠোঁটে রথীন্দ্রনাথের ছবি প্রচ্ছদে যাওয়া নিয়ে উঠেছিল প্রবল আপত্তি!

পর্ব ৩৯। শান্তিনিকেতন থেকে কলেজ স্ট্রিট, প্রুফ আদান-প্রদানে সহায়ক ছিলেন বই ব্যবসায়ীরাই

পর্ব ৩৮। পাণ্ডুলিপি জমা দিয়ে সোমেনদা বলেছিলেন, রামকিঙ্করকে নিয়ে এ জাতীয় বই আগে লেখা হয়নি

পর্ব ৩৭। ‘কীর্তির্যস্য’র নাম বদলাতে চেয়েছিলেন ভবতোষ দত্ত

পর্ব ৩৬। কবি-দার্শনিকের বাইরে আরেক রবীন্দ্রনাথকে খুঁড়ে বের করেছিলেন অমিতাভ চৌধুরী

পর্ব ৩৫। ‘শাহজাদা দারাশুকো’ আরও বিস্তারিত লেখার ইচ্ছে ছিল শ্যামল গঙ্গোপাধ্যায়ের

পর্ব ৩৪। একজন লেখক হিসেবে আমি কি তোমার মনোযোগের যোগ্য নই, অভিমান ভরা চিঠি লিখেছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায়

পর্ব ৩৩। আমাকে ভাবায়, তারাপদ রায়

পর্ব ৩২। নববর্ষের শ্রেষ্ঠ আকর্ষণ: লেখকদের মন্তব্যের খাতা!

পর্ব ৩১। পরিব্রাজক সন্ন্যাসী তারাপ্রণব ব্রহ্মচারী ভাগ্যিস থিতু হয়েছিলেন সাহিত্যে!

পর্ব ৩০। সুনীল গঙ্গোপাধ্যায় কোনও বই আমাকে চাপিয়ে দেননি, লিখেছেন: বিবেচনা করে দেখো

পর্ব ২৯। কবিতাকে শক্তিদা বলতেন ‘জলজ দর্পণ’, তাঁর বেঁচে থাকার অবলম্বন

পর্ব ২৮। পিঁপড়ে কালিতে চুবিয়ে সাদা পাতায় ছাড়া হয়েছে, এমন পাণ্ডুলিপি ছিল বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের!

পর্ব ২৭। নিজস্ব ঈশ্বরভাবনা থাকলেও শঙ্কু মহারাজের লেখার মূল বিষয় ছিল মানুষের আলো-আঁধারি জীবন

পর্ব ২৬। বাংলাদেশে পশ্চিমবঙ্গের লেখকদের ঈর্ষণীয় জনপ্রিয়তা সত্ত্বেও একুশে বইমেলায় কখনও স্টল পাইনি

পর্ব ২৫। মুক্তিযুদ্ধের প্রতি মুহূর্তের রক্ত-ঘাম-হাসি-কান্নার এক জীবন্ত দলিলচিত্র ছেপেছিলাম

পর্ব ২৪। রাখাল ছেলে যেমন বাঁশি বাজায়, আমিও তেমন নিজের খুশিতে লিখি, বলেছিলেন যাযাবর

পর্ব ২৩। রয়্যালটি-মুক্ত বইয়ের ওপর প্রকাশকদের ঝোঁক চোখে পড়ছে বইমেলাতেও

পর্ব ২২: শেষমেশ রেগে গিয়ে আমাকে চিঠিই লিখে ফেলেছিলেন শঙ্খ ঘোষ!

পর্ব ২১: ৩০০০ কপি বিক্রির মতো জীবিত বা মৃত লেখক আর হয়তো নেই

পর্ব ২০: কম বয়সে আমাদের রোববারের আড্ডা ছিল ২৮ নম্বর প্রতাপাদিত্য রোড, আশুদার বাড়িতে

পর্ব ১৯: ‘লেখা বড় হচ্ছে’ অভিযোগ আসায় খুদে হাতের লেখায় পাণ্ডুলিপি দিতেন প্রবোধবন্ধু অধিকারী

পর্ব ১৮: দু’বছরের মধ্যে সংস্করণ না ফুরলে অন্য জায়গায় বই ছাপার চুক্তি ছিল শরদিন্দুর চিঠিতে

পর্ব ১৭: পূর্ণেন্দু পত্রীর বাদ পড়া প্রচ্ছদ ও দিনেশ দাসের কবিতার শ্রেষ্ঠ দিনগুলি

পর্ব ১৬: সব প্রকাশনার যাবতীয় বইয়ের হদিশ পাওয়া যেত ‘সম্মিলিত গ্রন্থপঞ্জী’তে

পর্ব ১৫: নিছকই একটা পত্রিকা নয়, ‘কলেজ স্ট্রীট’ আমাদের আবেগ

পর্ব ১৪: খুদে পাঠকদের জন্য মিনিবই তৈরির কথা প্রথম ভেবেছিলেন অভয়দা

পর্ব ১৩: কয়েকটি প্রেসের গল্প

পর্ব ১২: দীর্ঘায়ু বই ও আইয়ুব পরিবার

পর্ব ১১: প্রেমের নয়, অপ্রেমের গল্প সংকলনের সম্পাদনা করেছিলেন সুনীল জানা

পর্ব ১০: ছোট্ট অপুকে দেখেই রঙিন ছবিতে ভরা টানটান গল্পের বই করার ইচ্ছে জেগেছিল

পর্ব ৯: চানঘরে গান-এ সত্যজিৎ রায়ের চিঠি থাকায় ব্যাপারটা গড়িয়েছিল কোর্ট কেস পর্যন্ত

পর্ব ৮: প্রকাশক-লেখকের কেজো সম্পর্কে বুদ্ধদেব গুহর বিশ্বাস ছিল না

পর্ব ৭: পুজো সংখ্যায় না-বেরনো উপন্যাস বই আকারে সুপারহিট

পর্ব ৬: মানবদার বিপুল অনুবাদের কাজ দেখেই শিশির দাশ তাঁর নাম দিয়েছিলেন– ‘অনুবাদেন্দ্র’

পর্ব ৫: সাতবার প্রুফ দেখার পর বুদ্ধদেব বসু রাজি হয়েছিলেন বই ছাপানোয়!

পর্ব ৪: লেখকদের বেঁচে থাকার জন্য অনেক কিছুই লিখতে হয়, প্রফুল্ল রায়কে বলেছিলেন প্রেমেন্দ্র মিত্র

পর্ব ৩: পয়লা বৈশাখের খাতায় শ্যামল গঙ্গোপাধ্যায় মজাচ্ছলে লিখেছিলেন, ‘সুধাংশুরা রাজা হোক’

পর্ব ২: বাংলা মাসের সাত তারিখকে বলা হত ‘গ্রন্থতিথি’, বিজ্ঞাপনেও বিখ্যাত ছিল ‘৭-ই’

পর্ব ১: সত্তরের উথাল-পাথাল রাজনৈতিক আবহাওয়ায় আমি প্রকাশনার স্বপ্ন দেখছিলাম

Ashok Mitra bimal kar gora naxalbari movement Novel novelist Politics Saibal Mitra Samaresh Majumdar Sangbad Pratidin Sangbad Pratidin Robbar

Share this article on